একসময় আমাদের আশপাশের নদী-নালায় প্রচুর মাছ এবং ধানের গোলা ছিল প্রতি ঘরে ঘরে। তাই হয়তো বাঙালি পরিচিত হয়ে ওঠে মাছে ভাতে বাঙালি নামে। কিন্তু বর্তমানে আমরা মাছে ভাতে বাঙালি- একথা বলা কতটা যৌক্তিক! দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এখন মাছ আর ভাত দুটোর দামই আকাশ ছুঁই ছুঁই। আগে যেই মাছ ভাত আমাদের জন্য সবচেয়ে সহজলভ্য ছিল সেই খাদ্যই এখন নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য দামী খাবারে পরিণত হয়েছে। মাছে ভাতে বাঙালি প্রবাদে মাছ বলতে মূলত আমাদের দেশীয় মাছকে বোঝানো হয়েছে, যা আমাদের আশপাশে সহজেই নদী-নালাতে পাওয়া যেত। আমাদের দেশের ঐতিহ্যের সঙ্গে মাছ জড়িত। দেশীয় মাছগুলো আমাদের সংস্কৃতির বাহক। কিন্তু আফসোসের বিষয় আমাদের দেশে দেশীয় মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, এটি কী আমাদের জন্য হুমকি নয়?
দেশীয় মাছ বলতে মূলত ছোট ও মাঝারি বিভিন্ন মাছকে বোঝায়। যেমন- সরপুঁটি, চান্দা, টেংরা, পাবদা, শিং, মাগুর, চাপিলা, মলা, ঢেলা, কাচকি, আইড়, বোয়াল, গুলশা, শোল, টাকি ইত্যাদি মাছ। কিন্তু বর্তমান জেনারেশন হয়তো এই মাছের নাম বইয়েই শুনে এসেছে, কখনও দেখেই-নি। সরকারি পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রায় ২৬০-৩০০টি স্বাদুপানির দেশীয় মাছ রয়েছে। যাদের মধ্যে ৬৪টি প্রজাতির মাছ বিপন্ন শ্রেণিতে রয়েছে এবং প্রায় ১০০টিরও বেশি প্রজাতির দেশীয় মাছ প্রায় বিলুপ্তির পথে রয়েছে।\r\nকিন্তু মাছ তো আর নদী থেকে নিজে নিজে গায়েব হয়ে যায়নি। এর পেছনে রয়েছে ভয়ংকর কিছু কারন।
যেমন- \r\nমাছের আবাসস্থল ধ্বংস: বর্তমানে কিছু অসাধু লোক নদী, বিল, হাওড় ইত্যাদি প্রাকৃতিক জলাশয় দখল করা নিচ্ছে,পাশাপাশি বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা নির্মাণের ফলে মাছের আবাসস্থল কম যাচ্ছে। তাই মাছের প্রজাতি বিলুপ্ত হচ্ছে, বিপন্ন হচ্ছে। ব্যাপারটা এমন যে অন্যের ঘরে ভেঙে নিজের স্বার্থ রক্ষা করা।\r\nনদী দূষণ: আমাদের দেশে নদীর আশপাশেই কিন্তু গড়ে ওঠে কৃষিজমি, কল কারখানা, ফলে কৃষি জমিতে যখন সার ও কীটনাশক প্রয়োগ করা হয় এবং বৃষ্টির পানিতে ওই সার নদীতে গিয়ে পতিত হয় আবার কলকারখানা থেকে বর্জ্য নদী-নালায় ফেলা হয় তখন মাছের শরীরে বিষক্রিয়া ঘটে, মাছের খাদ্যসংকট দেখা দেয়, প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয়।\r\nজলবায়ু পরিবর্তন : বিশ্বজুড়ে মানবসৃষ্ট বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে।
পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, নদীনালা শুকিয়ে যাচ্ছে। বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের পরিবর্তন ঘটছে, ফলে অনেক প্রজাতির মাছ টিকে থাকতে পারছে না। এক্ষেত্রে মাছ বিলুপ্তির পেছনে পরোক্ষভাবে মানুষই দায়ী।\r\nজলপ্রবাহে বাধা তৈরি ও নাব্য হ্রাস: বর্তমানে উজানে বাঁধ নির্মাণ ও কালভার্ট তৈরি এবং পলি জমার কারণে নদী-জলাশয়ের গভীরতা বা নাব্য কমে যাচ্ছে, যা মাছের জীবনকে সংকটে ফেলছে। \r\nনির্বিচারে মাছ শিকার: দেশের কিছু অসাধু ব্যবসায়ী প্রজনন মৌসুমে (ডিম ছাড়ার আগে) মা মাছকে ধরে ফেলে। ফলে পরবর্তীতে ওই প্রজাতির মাছের সংকট দেখা দেয়। আবার কারেন্ট জাল এবং অন্যান্য অবৈধ সরঞ্জামের ব্যবহার করে মাছের পোনাও ধরা পড়ে।\r\nবিদেশি/রাক্ষুসে মাছের চাষ: এই অসাধু ব্যবসায়ীরাই দেশীয় জলাশয়ে দ্রুত বংশবিস্তারকারী এবং দেশীয় মাছের পোনা খেয়ে ফেলে এমন বিদেশি রাক্ষুসে মাছের চাষ করে নিজের লাভের জন্য ফলে দেশীয় মাছ বিলুপ্তি হতে থাকে। উদাহরণ স্বরূপ- বর্তমানে বুড়িগঙ্গা নদীতে বিদেশি সাকার ফিশ বা চগবগে মাছ দেখা যাচ্ছে, যা স্থানীয় প্রজাতির মাছের জন্য হুমকি সৃষ্টি করেছে। ফলে দেশি অনেক মাছ এখন আর সেখানে দেখা যায় না।
