১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলো। লাল সবুজের পতাকা উড়িয়ে দীর্ঘ নয় মাসের উৎকন্ঠা শেষে পুরো বাঙালি জাতি মেতে উঠল স্বাধীনতার উল্লাসে। যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশে শুরু হলো পুর্নগঠনের কাজ। আস্তে আস্তে দেশবাসী কাজে-কর্মে ফিরতে লাগলেন। অনেক মুক্তিযোদ্ধা আমাদের বাড়িতে আসতেন কৃতজ্ঞতা প্রকাশের জন্য। আমাদের সঙ্গে সাক্ষাৎ করে অনুভূতি জানাতেন। সেগুলো ছিল আবেগঘন এক অভূতপূর্ব মিলন মেলা। হাসি কান্নার বাঁধ ভাঙ্গা উল্লাস সে কথা বলে শেষ করা যাবে না। \r\nতারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কৃতজ্ঞতা জানাতেন, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সহানুভূতি প্রকাশ করেতেন।
আমাদের বাড়িতে এসে টুলু ও রতন মামা আমাকে ও বড় বোন সাজেদা বেগমকে (স্নেহা) বললেন, খালাম্মা, আপনারা ঘরে বসে মুক্তিযোদ্ধাদের যে সাহায্য করেছেন তা শহরের মধ্যে জানাজানি হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশের বিভিন্ন জেলার ঘটনাবলি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রচার শুরু করেছে। আপনাদের নিয়েও একটা অনুষ্ঠান হবে। আপনারা তাতে অংশগ্রহণ করবেন। কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন তা দেশবাসীর সামনে তুলে ধরবেন। শেষ পর্যন্ত বিটিভি থেকে ডাকা হলো আমাদের। অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য রতন মামা, টুলু, স্নেহা আপা এবং আমাকে (তাহেরা রহমান) উক্ত টিভি অনুষ্ঠানের জন্য নির্বাচিত করা হলো। ১৯৭২ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ টেলিভিশনে আমাদের নিয়ে একটি অনুষ্ঠান হয়।
তখন টেলিভিশন সম্প্রচার কেন্দ্র ছিল ঢাকার ডিআইটি ভবনে। তোলারাম কলেজের বাংলার অধ্যাপক কাজী শাহাদাত হোসেন স্যার অনুষ্ঠানটি করেন আমাদের নিয়ে। \r\nশাহাদাত স্যারের উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয়। আমাদের অনুষ্ঠান প্রযোজনা করেছিলেন বিটিভির তৎকালীন প্রযোজক কাজী জাফর। নাম ঘোষনা করেছিলেন তখনকার অনুষ্ঠান ঘোষক মাসুমা খাতুন। \r\nঅধ্যাপক শাহাদাত প্রথম প্রশ্নে এস এম আমানুল্লা রতন-এর কাছে জানতে চান, তুমি কোন কোন জায়গায় অপারেশনে অংশগ্রহণ করেছো সে সম্পর্কে আমাদের জন্য কিছু বল? \r\nউত্তরে রতন জানান, মুক্তিযুদ্ধের সময় তিনি দেশের বহু স্থানে সহযোদ্ধাদের সঙ্গে এবং কোন কোন স্থানে এককভাবে যুদ্ধ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি মন্ডলপাড়া মেইন রোডের পাশের্^র একটি বড় ট্রান্সফরমার বোমা মেরে উড়িয়ে দিয়েছি।
ফলে শহরের একটি বিরাট অংশ অন্ধকার হয়ে যায়। এছাড়া একটি ব্রিজ ধ্বংস করেছি। কয়েক স্থানে পাক বাহিনীকে লক্ষ্য করে ফলস (ভধষংব) হ্যান্ড গ্রেনেড ছুঁড়েছি। ফলে তারা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আমি ও আমার সহযোদ্ধারা পাক বাহিনীর চলাচলের পথে ওঁৎ পেতে বসে থাকতাম এবং তারা আমাদের নাগালের মধ্যে আসামাত্র-ই অতর্কিত হামলা করতাম। \r\nএরপর অধ্যাপক শাহাদাত এরপর জয়নাল আবেদীন (টুলু)-এর মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। \r\nউত্তরে টুলু বলেন, সাধারণত: আমি আমার সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে যুদ্ধ করেছি। কোন কোন স্থানে এককভাবে আবার দলগতভাবে যুদ্ধ করেছি। আমি রায়পুরা ও শিবপুর হতে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য সুলতান উদ্দীন মোক্তারকে জামতলা, ঢাকা-নারায়ণগঞ্জের রাস্তা অতিক্রম করার সময় গুলি করে হত্যা করি।
একই দিনে একই স্থানে অপর এক নেতা আমীর আলীকেও একইভাবে হত্যা করি। এই সংবাদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বিবিসি, ভয়েস অব এমেরিকা, আকাশবাণী থেকে প্রচার করা হয়। \r\nতাছাড়া, আমি ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের সোনারগাঁ ও নারায়ণগঞ্জে বহুদিন মুক্তিযুদ্ধ করেছি। এখানে আমার সহযোদ্ধারা একদিন পাকিস্তান বাহিনীর সাঁজোয়া বহরে অতির্কিতভাবে আক্রমণ করে। এই সংঘর্ষে ৩ জন পাকসেনা মৃত্যুবরণ করে। তিনি জানান, অনেক সময় পুকুর, খাল বা ডোবার ধারে পাক বাহিনী উপস্থিতি চোখে পড়তো। তখন আমি ও আমার সহযোদ্ধারা স্বল্প আলো বা অন্ধকারে ওঁৎ পেতে ইট-পাথর নিয়ে বসে থাকতাম। পাক বাহিনীর লোক পুকুর, খাল বা ডোবার ধারে আসা মাত্রই সজোরে ইট-পাথর ফেলে দিতাম। সেটকে আমাদের ঝাঁপিয়ে পড়া ভেবে পাক বাহিনী অনবরত পানিতে গোলাগুলি করত। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের সবচাইতে অনুকূল অবস্থা ছিল, অপারেশন স্থলের আশপাশে যে কোনো বাড়িতে আমরা আশ্রয় নিতে পারতাম এবং প্রায় ক্ষেত্রেই তাঁরা আমাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতেন। এসব বাড়িতে বসবাসকারীগণ আমাদের পাহারা দিয়ে রাখতেন এবং আমাদের পাক বাহিনীর চলাচলের খবরা খবর দিতেন। \r\nতৃতীয় প্রশ্নে অধ্যাপক শাহাদাত আমার কাছে জানতে চান, তাহেরা তোমরা তো জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য সহযোগিতা করেছো। মুক্তিযোদ্ধাদের সাহায্য-সহযোগিতা ও আশ্রয়দানের সেই শ্বাসরুদ্ধকর ঘটনাগুলো একটু শুনতে চাই? \r\nউত্তরে আমি বলি, আমাদের বাড়িতে গোপনে বহু মুক্তিযোদ্ধা আসতেন। আমরা তাদেরকে খাবার-দাবার, নগদ টাকা এবং কাপড়-চোপড় দিতাম। আমার বড় বোন সাজেদা বেগম দেওভোগ সমাজ উন্নয়ন সংসদ -১ এর সেলাই ও সূচী প্রশিক্ষণ কেন্দ্র -এর বুনন মেশিন দিয়ে উলের জামা-কাপড় মোজা তৈরি করে তাদের মধ্যে বিতরণ করতেন।
