সারাদেশে মোটরযানের তেলের জন্য হাহাকার চলছে। মাইলের পর মাইল লাইন দিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই চাহিদা যা-ই থাক; সরকার নির্ধারিত পরিমাণ তেলও পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর মানুষ জানতে পেরেছে– পাম্পের তেল শেষ; এমন ঘটনাও বিস্তর। তেল-গ্যাসের অভাবে অনেক শিল্প, সার কারখানা একেবারে বন্ধ। সাগরে মাছ ধরা ব্যাহত হচ্ছে বলে সংবাদমাধ্যমে জানা যাচ্ছে।
ইরানে আমেরিকা-ইসরায়েলের আগ্রাসন ও হত্যাযজ্ঞ শুরু হওয়ার মাত্র ৫ দিনের মাথায় দেশে জ্বালানি তেলের সংকট দৃশ্যমান। কিন্তু সরকার এ সংকট স্বীকার করছে না। ২৪ মার্চ জ্বালানিমন্ত্রী বলেছেন, দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। অথচ ২৫ মার্চ দৈনিক কালের কণ্ঠ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বরাতে খবর দিয়েছে, ডিজেল আছে ১৪ দিনের, অকটেন ৯ দিনের, পেট্রোল ১১ দিনের। সাধারণ অবস্থায় ২০-২৫ দিনের মজুতকে আমাদের দেশে নিরাপদ মনে করা হয়। এখন স্বাভাবিক সময় নয়। জ্বালানি তেলের প্রধান উৎস পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে। কিন্তু সাধারণ অবস্থায় যা থাকা দরকার তাতেই তো ঘাটতি।
কভিড১৯-এর সময়ে সারা দুনিয়ার স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল মাসের পর মাস। অন্য সবকিছুর সঙ্গে বন্ধ ছিল তেল-গ্যাসের উৎপাদন ও বিতরণ। সে রকম ভয়াবহ সময়েও জ্বালানি সংকট দেখা দেয়নি বাংলাদেশে। এখন সারা দুনিয়াই চলছে। চলছে না শুধু হরমুজ প্রণালি। একেবারে চলছে না, তাও বলা যাচ্ছে না। ভারত, চীনসহ ইরানের বন্ধু রাষ্ট্রগুলোর তেল-গ্যাসভর্তি জাহাজ হরমুজ প্রণালি পার হচ্ছে। ওই তালিকায় বাংলাদেশও আছে। তা ছাড়া হরমুজ থেকে সারা পৃথিবীর মোট তেল সরবরাহের মাত্র ২০ শতাংশ চলাচল করে। বাকি ৮০ শতাংশ তেল ছড়িয়ে আছে সারাজাহানে। রাশিয়া থেকে এখন বিনা বাধায় তেল কিনছে ভারত। ভারত নিজেদের প্রয়োজন মিটিয়ে আমাদের জন্যও রাশিয়া থেকে তেল কিনতে পারে। তাদের কাছ থেকে পাইপলাইনের মাধ্যমে হাজার হাজার টন নয়, লাখ লাখ টন তেল আনা সম্ভব। ঠিকমতো যোগাযোগ আর চুক্তি করতে হবে।
আমাদের তেলের একটা বড় অংশ আসে সৌদি আরব থেকে। সৌদি তেল লোহিত সাগর দিয়ে নির্বিঘ্নে প্রবাহিত হচ্ছে ইউরোপের দেশে দেশে। আমাদের এখানে আসতে অসুবিধা কী? পরিবহন খরচ কিছু বেশি হবে, এই যা। সংকট বৃদ্ধির পর ইউরোপ আগের চেয়ে বেশি তেল-গ্যাস কিনছে আমেরিকা থেকে। যুদ্ধের খরচ বাড়তি তেল বিক্রি থেকে পাওয়া ডলার দিয়ে উঠে যাচ্ছে। তদুপরি তাদের তেল-গ্যাস কোম্পানিগুলো এখন আঙুল ফুলে কলাগাছ। খরচ একটু বেশি হলেও আমরা ইউরোপ থেকে তেল সংগ্রহ করতে পারি।
গ্যাসের জন্য আমরা কাতারের ওপর বেশি নির্ভর করতাম। কাতার পৃথিবীর তৃতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক (১৮.৮%)। আমেরিকা প্রথম (২১.৫%), অস্ট্রেলিয়া দ্বিতীয় (১৯.৭%)। হরমুজ সমস্যার কারণে কাতার থেকে সরাসরি গ্যাস পাওয়া এখন কঠিন। তবে তাদের গ্যাস পাইপলাইন আছে ওমানে। সেখান থেকে কাতারের গ্যাস সংগ্রহ করা যায় কিনা, জানতে হবে। আমেরিকা থেকে গ্যাস আনার কী হলো? সরকারের স্মার্টনেসে ঘাটতি পড়েছে? অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন করে চুক্তি করে গ্যাস আনা যেতে পারে। তা ছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওমান, ব্রুনেই অনেক গ্যাস বিক্রি করে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে আমরা পরিশোধিত তেল আমদানি করি। তাদের কাছ থেকে গ্যাস আনারও ব্যবস্থা করা যায়।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কেউ বলতে পারে না। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের জন্য ইরানের সঙ্গে গোপন আলোচনার কথা বলে বেড়াচ্ছেন, অন্যদিকে তিনি পারস্য উপসাগরে সৈন্যসহ রণতরী পাঠাচ্ছেন। ইরান বলছে, তারা শেষটা দেখে নিতে চায়। যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে ইসরায়েলও। ইরানে বোমা হামলার পাশাপাশি তারা দখল করে নিচ্ছে লেবাননের দক্ষিণাঞ্চল। আগেই সিরিয়ার অনেকটা দখলে নিয়ে রেখেছে। পশ্চিম তীর ছাড়া প্যালেস্টাইনের আর তেমন কিছু দখলের বাকি নেই। এরপর কোন অজুহাতে জর্ডান আক্রমণ করবে ইসরায়েল! নিজেদের সঙ্গে জর্ডান, লেবানন, প্যালেস্টাইন আর সিরিয়া যোগ করতে পারলে তাদের পাওয়া হবে প্রাচীন ‘লেভান্ত’, যা নিজেদের বলে অনেক বছর ধরে দাবি করে আসছে ইসরায়েল। যুদ্ধ যত দীর্ঘ হবে ইসরায়েল তত বেশি জমি দখল করে নেওয়ার সুযোগ পাবে। তাই তারা যুদ্ধ চালিয়ে যেতে চায়।
বিবিসির উত্তর আমেরিকার সংবাদদাতা ডেভিড উইলিস লিখেছেন, আমেরিকা-ইরান যুদ্ধ বন্ধের সংলাপ কোথায় এবং কোন অবস্থায় আছে তা জানা খুবই কঠিন। এমন পরিস্থিতিতে বোঝার উপায় নেই– যুদ্ধ কবে শেষ হবে। পশ্চিম এশিয়ার যুদ্ধ স্বল্প কিংবা দীর্ঘকালীন যা-ই হোক না কেন, জ্বালানি নিরাপত্তা আমাদের লাগবে। এর বিকল্প নেই।
এখন জ্বালানির দাম বেশি না কম– ভাবার সময় নয়। জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে না পারলে দেশ আরও বড় সংকটে পড়বে। এমনকি অচল হয়ে যেতে পারে। দেশ অচল করে ফেলার মূল্যের তুলনায় বেশি দামের তেলের মূল্য নিশ্চয় বেশি নয়। যুদ্ধ শিগগিরই বন্ধ না হলে যে পরিস্থিতি সৃষ্টি হতে পারে তা এখনই বুঝে নেওয়া দরকার। সে রকম পরিস্থিতির উদ্ভব হলে তা সামলানোর পরিকল্পনা এবং ব্যবস্থা এখনই করতে হবে।
দেশে এখন যে পরিস্থিতি চলছে সেটা সৃষ্টি হওয়ার কথা ছিল না। একটু দূরদৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগের যোগ্যতা ও দক্ষতা কাজে লাগালে সময় থাকতে সংকট এড়ানো যেত। অনেক দেরি হয়ে গেলেও সুযোগ শেষ হয়ে যায়নি। সময় গেলে সাধন হবে না।
সাব্বির আহমেদ: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কলাম লেখক
