বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থা মূলত ভারতের অন্ধ্রের উপকূলে আঘাত হানলেও বাংলাদেশে দুর্বল হয়ে প্রবেশ করে ঝরিয়েছে প্রচুর অকালবৃষ্টি। ফলে রাজধানী ঢাকাসহ বড় বড় শহর ও নগরে সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হলেও প্রধানত ক্ষতির কবলে পড়েছে দেশের কৃষি ও কৃষক। এই বৃষ্টি যেন কৃষি ও কৃষকের কান্না হয়ে ঝরে পড়েছে প্রায় সারা দেশে। ফলে আমনসহ জলমগ্ন হয়েছে আলু ও শাকসজবির ক্ষেত। মাইলের পর মাইল আধাপাকা ধান ক্ষেত, যা প্রায় কাটার উপযোগী, ভেসে গেছে। টানা তিন দিনের বৃষ্টিতে প্রধানত আমন ধান এবং আগাম শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে।
কোথাও কোথাও দেখা গেছে হাঁটু সমান পানিতে সদ্যবোনা আলুর বীজ তুলে নিচ্ছেন কৃষক। কোথাও বা বৃষ্টির পানিতে আমনের ক্ষেত প্রায় নিমজ্জিত। আবার কোথাও কর্তনের উপযোগী পাকা ধান প্রবল বৃষ্টি ও বাতাসে নুয়ে পড়েছে মাঠে। আগাম জাতের ফুলকপি, আলু, বাঁধাকপি, শসা, টমেটো, বেগুন ও মুলার ক্ষেত বৃষ্টির পানিতে প্রায় পচে যাওয়ার উপক্রম। অন্যদিকে অতিবৃষ্টিতে শুঁটকির চাতালে কাঁচা শুঁটকি এবং শুঁটকির জন্য তৈরি মজুত মাছ গেছে পচে। ফলে শুঁটকি ব্যবসায়ীদের মাথায় হাত।
অকালবৃষ্টিতে আমন ধান, আলু ও শাকসবজি এবং শুঁটকির ক্ষতি হয়েছে ব্যাপক। এর অনিবার্য প্রভাব পড়বে কৃষি ও কৃষি অর্থনীতিতে। এমন অবস্থায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আবারও লঘু চাপের আশঙ্কা দেখা দিয়েছে পূর্ব-বঙ্গোপসাগরে। এর প্রভাবে আগামীতে টানা বৃষ্টি হতে পারে প্রায় ৫ দিন। ফলে অনিবার্য বাড়বে ডেঙ্গু রোগের ঝুঁকিও। ঘন ঘন লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের উৎপাতসহ অসময়ে বেশি বৃষ্টিপাত সম্পর্কে আবহাওয়া বিশেষজ্ঞদের বক্তব্য হলো, বাংলাদেশে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রকোপ অস্বাভাবিক নয়। নভেম্বরে ঘূর্ণিঝড় বেশি দেখা গেলেও সাম্প্রতিক বছরগুলোতে অক্টোবরেও ঘূর্ণিঝড়ের ব্যাপকতা বেড়েছে। এর অন্যতম কারণ হতে পারে, সেপ্টেম্বরের ২৩ তারিখে দিবারাত্রি সমান হয় এবং এরপর সূর্যের আলো তির্যকভাবে বঙ্গোপসাগরের বুকে পড়তে শুরু করে। ফলে, সাগরের পানি হয়ে ওঠে অতি উষ্ণ। পানির তাপমাত্রা বৃদ্ধির ফলে বাষ্পায়নের গতি অনেক বেড়ে যায় এবং বৃষ্টিপাতের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। এটি হতে পারে প্রধানত জলবায়ু পরিবর্তনের কারণে। উল্লেখ্য, এ বছর বাংলাদেশে প্রায় বছরব্যাপী অতি উষ্ণ তাপপ্রবাহ বয়ে যেতে দেখা গেছে, যা স্বাভাবিক জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিজনিত কারণসহ আন্তঃমহাসাগরীয় উষ্ণস্রোত এল নিনোর প্রভাবেও হতে পারে। যেটি মূলত বিশ্বের বিভিন্ন দেশে স্বাভাবিক আবহাওয়াকে অস্থির করে তুলেছে। যে কারণে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগসহ বিপর্যয়ের প্রবণতা বেড়েছে সাম্প্রতিকালে।
