মহানগরীতে বিনোদনের স্থান এমনিতেই সীমিত। রাজধানীর বুকে রমনা পার্ক সন্ধ্যার পর হয়ে ওঠে অসামাজিক কার্যকলাপ ও মাদক বেচাকেনার হাট। ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যান বিভিন্ন স্থাপনায় জর্জরিত এবং প্রধানত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আড্ডা ও জামায়েতের আসর। দুটোতেই নিরাপত্তার ঝুঁকিও রয়েছে। পরিবার-পরিজন নিয়ে সহজে সেসব স্থানে কেউ যেতে চান না। ঢাকার সিনেমা হলগুলো পালাক্রমে বন্ধ হয়ে গেছে একে একে। পরিবার নিয়ে দেখার মতো ভালো চলচ্চিত্রও নেই। শিল্পকলা একাডেমি ব্যতিরেকে বেইলিরোডের নাট্যাঙ্গনও বর্তমানে প্রায় নীরব, নিস্তব্ধ। বাকি রইল মিরপুর চিড়িয়াখানায় ও বোটানিক্যাল গার্ডেন এবং আরও একটু দূরে পূর্বাচলে বেড়ানো। তবে পরিবার-পরিজন নিয়ে সেসব স্থানে পরিবহন সমস্যাসহ নিরাপত্তা ঝুঁকি রয়েছে।
সেক্ষেত্রে মিরপুর চিড়িয়াখানায় এবং বোটানিক্যাল গার্ডেনই শেষ ভরসা। তবে শিশু-কিশোরদের প্রধান আকর্ষণ চিড়িয়াখানা। তবে নিরাপত্তার দিক থেকে চিড়িয়াখানায়ও কি নিরাপদ, বিশেষ করে শিশু-কিশোর ও নারীর জন্য। চিড়িয়াখানার প্রতি সর্বস্তরের মানুষের আকর্ষণ দুর্নিবার। পশু-পাখিকে সবাই ভালোবাসে, বিশেষ করে বনজঙ্গলে মাংসাশী যেসব হিংস্র জীবজন্তুর বসবাস, সেসব চিড়িয়াখানার খাঁচায় থাকা বন্দি ও নিরাপদ। শিশু-কিশোরদের কাছে এসব বিশেষ আকর্ষণীয়, কেননা বন্য জীবজন্তুর রয়েছে একই সঙ্গে সৌন্দর্য ও হিংস্রতা, যা তাদের মনে কৌতূহল ও ভীতির উদ্রেক করে। তবে সেই চিড়িয়াখানাই যদি ভীতি ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, তখন প্রশ্ন ওঠে, আসলে নিরাপত্তা কোথায়?
\r\nশুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বিধায় স্বভাবতই অত্যাধিক ভিড় পরিলক্ষিত হয়ে থাকে মিরপুর চিড়িয়াখানায়। গত শুক্রবারও এর ব্যতিক্রম ঘটেনি। তবে দুর্ভাগ্যজনকভাবে একটি খাঁচা থেকে জনারণ্যে বেরিয়ে আসে একটি সিংহ। খাঁচা থেকে বেরিয়ে পড়া মানে চিড়িয়াখানা কর্তৃপক্ষের দায়িত্বের প্রতি চরম অবহেলা। কেননা ডেইজি নামের সিংহিটি তো আর খাঁচা ভেঙে বেরিয়ে আসেনি। চিড়িয়াখানার পরিচালক অবশ্য বলেছেন। বরং অপেক্ষা করছিল আশপাশেই এবং হরিণের খাঁচার সামনে বসেছিল, ভালো ব্যাখ্যা। মাংসাশী জীবজন্তু হরিণের দিকেই যাবে, মানুষের প্রতি নয়। যদি তাই হয়, তাহলে নিরাপত্তার অজুহাতে দর্শাণার্থীদের চিড়িয়াখানা থেকে বের করে দেওয়া হলো কেন। দর্শনার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বলেই তো! সর্বোপরি আড়াই ঘণ্টা পর চেতনানাশক দিয়ে অচেতন করে সিংহিটিকে খাঁচায় ভরা হলো কেন। জেলখানার বন্দিদের মতো চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের ডেকে ডেকে খাঁচায় ঢোকাতে পারতেন, যা হোক শেষ পর্যন্ত কোনো বিপদ ও হতাহতের ঘটনা ঘটেনি, তাই রক্ষা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মান বেঁচেছে কোনো মতে। তবে সুস্পষ্ট হয়ে উঠেছে তাদের দায়িত্বহীনতা। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দায়িত্ব পালনে অবহেলা, দুর্নীতি, বিভিন্ন সময়ে একাধিক পশু-পাখির অপমৃত্যু, সর্বোপরি পশুর খাদ্য নিয়ে দুর্নীতি নতুন নয়। প্রায় সব ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। সেগুলোর ফল মেলেনি। এবারও যথারীতি গঠিত হয়েছে দুই সদস্যের তদন্ত কমিটি, যাদের তিন দিনের মধ্যে রিপোর্ট দেওয়া কথা। তাই বলে সার্বিক পরিস্থিতির উন্নতি হবে, এমনটি আশা করা বাতুলতা।
