সরকারের উন্নয়ন দর্শন সবার আগে বাংলাদেশ হলেও এলডিসি থেকে উত্তরণে কেন এত সংশয়? স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন করেছে বাংলাদেশ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই আনুষ্ঠানিকভাবে এ আবেদন করা হয়েছে, যেখানে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) চেয়ারম্যানের কাছে এ সম্পর্কিত চিঠি পাঠিয়েছেন। এর কারণ হিসেবে বলা হয়, ব্যবসায়ী মহল অনেকদিন ধরেই এলডিসি থেকে উত্তরণের সময়সীমা আরও অন্তত তিন বছর বাড়ানোর দাবি জানিয়ে আসছে।
ব্যবসায়ী সংগঠনগুলোর আশঙ্কা, এলডিসির জন্য থাকা সুবিধা উঠে গেলে রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধশিল্প চাপের মুখে পড়তে পারে।\r\nচিঠিতে বলা হয় ১. বাংলাদেশ উত্তরণের তিনটি মানদণ্ড পূরণ করেছে। কিন্তু ধারাবাহিক বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সমস্যায় প্রস্তুতি প্রচণ্ডভাবে ব্যাহত হয়েছে। এ প্রসঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে কোভিড-১৯-এর দীর্ঘমেয়াদি প্রভাব ও ধীরগতির অর্থনৈতিক পুনরুদ্ধার, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও তার প্রভাবে জ্বালানি ও খাদ্যের বিশ্ববাজারে অস্থিরতা, বৈশ্বিক আর্থিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্য ও লোহিত সাগর অঞ্চলে সংঘাত, বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় অনিশ্চয়তা বাড়ার কথা উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপটে বিগত সময়ে আর্থিক খাতে অনিয়ম ও গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের প্রভাব, রোহিঙ্গা প্রত্যাবাসন অনিষ্পন্ন থাকা ও এজন্য জাতীয় বাজেট থেকে উল্লেখযোগ্য বরাদ্দ দেওয়ার কথাও বলা হয়েছে। ২. বৈশ্বিক ও অভ্যন্তরীণ এসব কারণে সামষ্টিক অর্থনীতিতে অস্থিরতা, জিডিপি প্রবৃদ্ধি হ্রাস, উচ্চ মূল্যস্ফীতি এবং বেসরকারি-সরকারি বিনিয়োগ ও কর-জিডিপি অনুপাতে নিম্ন্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। এ ছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ, মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি ও বিনিয়োগ কমে যাওয়ায় নতুন কর্মসংস্থান সৃষ্টিতে নেতিবাচক প্রভাব পড়েছে। ব্যাংক খাত ও পুঁজিবাজারও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৩. এই দীর্ঘস্থায়ী সংকট ও আর্থিক খাতের ভঙ্গুরতা দারিদ্র্য হ্রাসের প্রবণতাকে উল্টো দিকে ঠেলে দিয়েছে।
ফলে নীতিগত মনোযোগ স্বল্পমেয়াদি স্থিতিশীলতা ও সংকট ব্যবস্থাপনায় কেন্দ্রীভূত করতে হয়েছে। এটি মসৃণ এলডিসি-উত্তরণ কৌশলের (এসটিএস) অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন সীমিত করেছে। কাঠামোবদ্ধ প্রস্তুতির জন্য পাঁচ বছরের যে সময় নির্ধারিত ছিল, তা মূলত ব্যয় হয়েছে সংকট মোকাবিলা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও টিকে থাকার সংগ্রামে। ৪. এলডিসি-পরবর্তী বাণিজ্য ও বাজার-সুবিধাসংক্রান্ত অনিশ্চয়তাও বেড়েছে। তৈরি পোশাক খাতে ইউরোপীয় ইউনিয়নে জিএসপি প্লাস সুবিধা পাওয়া নিয়ে সম্ভাব্য জটিলতা, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ ইত্যাদি কারণে এ অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমান সময়সূচি অনুযায়ী এলডিসি থেকে উত্তরণ এগিয়ে নিলে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, রপ্তানি, কর্মসংস্থান ও দারিদ্র্য হ্রাসে ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছে সরকার।
এ অবস্থায় চলমান অর্থনৈতিক সমস্যা কাটিয়ে ওঠা ও সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল করতে উল্লেখযোগ্য সময় ও প্রচেষ্টা প্রয়োজন। \r\nচলতি বছরের নভেম্বরে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় নির্ধারিত রয়েছে। বাংলাদেশ ২০১৮ ও ২০২১ সালে সিডিপির ত্রিবার্ষিক মূল্যায়নে তিনটি সূচকেই উত্তীর্ণ হয়। সূচকগুলো হচ্ছে মাথাপিছু মোট জাতীয় আয়, মানবসম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা। ২০২১ সালে দেওয়া সিডিপির সুপারিশ অনুসারে ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হওয়ার কথা। তবে অতিমারি করোনার কারণে উত্তরণ দুই বছর পেছানো হয়। গতবছর মার্চেই সিদ্ধান্ত নেয় নির্ধারিত সময়েই এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশের। এলডিসি থেকে কোন দেশ বের হবে, সে বিষয়ে সুপারিশ করে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীন একটি কমিটি।
এর নাম কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সিডিপির বার্ষিক প্লেনারি সভা শুরু হয়েছে ২৩ ফেব্রুয়ারি, যা শেষ হয়েছে ২৭ ফেব্রুয়ারি। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ পেছাতে সরকারের আবেদন নিয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটিতে আলোচনা হয়েছে। কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) এনহান্সড মনিটরিং মেকানিজম (ইএমএম) ফ্রেমওয়ার্কের আওতায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক বৈঠক হয়। এখানে উল্লেখ্য, সিডিপির সদস্য ও ইএমএম চেয়ার বাংলাদেশের অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য নিউইয়র্ক থেকে চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছিলেন, সরকারের উত্থাপিত বিষয়গুলো মূল্যায়নের জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হবে, তা জানানো হবে। সিডিপির সিদ্ধান্ত পেতে কয়েক সপ্তাহ লাগতে পারে।
এরপর বিষয়টি অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে যাবে এবং পরবর্তীতে সাধারণ পরিষদে উপস্থাপন করা হবে। ড. দেবপ্রিয় বলেন, আবেদন পর্যালোচনা প্রক্রিয়া শেষ হওয়ার পরই কেবল এ বিষয়ে কিছু বলা যেতে পারে।\r\n২০১৮ সাল থেকে সিডিপির সদস্য গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজির আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। জাতিসংঘ মহাসচিবের মাধ্যমে তিন বছর করে তিন দফায় নিয়োগ পাওয়া এই সদস্যের বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর। এলডিসি থেকে উত্তরণ বিলম্বিত করার বিষয়ে নতুন বাণিজ্যমন্ত্রী যে উদ্যোগের কথা বলেছেন, প্রথম আলোর পক্ষ থেকে তা অবহিত করা হয় দেবপ্রিয় ভট্টাচার্যকে। তিনি বলেন, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের একার বিষয় নয়, বরং গোটা সরকারের বিষয়।
এলডিসি থেকে উত্তরণের জন্য বাংলাদেশ নির্ধারিত সূচকের অনেক ওপরে আছে। পেছাতে গেলে সবার আগে সরকারের সিদ্ধান্ত বদলাতে হবে। দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, উপদেষ্টা পরিষদ গতবছরের মার্চে উত্তরণের যে সিদ্ধান্ত নিয়েছে, তা পাল্টিয়ে এখন নতুন করে বলতে হবে যে, দেশে অভাবিত ঘটনা ঘটেছে, যা ছিল নিয়ন্ত্রণের বাইরে। এ ছাড়া সিডিপিতে পাঠানো বাংলাদেশের প্রতিবেদন প্রত্যাহার করতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯২টি দেশের মধ্যে ভোটাভুটির জন্যও আবেদন পাঠানোর প্রয়োজন হতে পারে।\r\nঅনেকে মনে করেন, যত দ্রুত আমরা এলডিসি থেকে গ্র্যাজুয়েট করব, তত বেশি উন্নয়ন সক্ষমতা সৃষ্টি করতে পারব। নিঃসন্দেহে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের বিশ্ববাজারে প্রতিযোগিতা করার ক্ষমতা বাড়বে।
এর অর্থ হচ্ছে, আমাদের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে অর্থনীতি, সমাজনীতি, সৃজনশীলতা ইত্যাদি সব ক্ষেত্রেই সক্ষমতা বাড়াতে হবে। সক্ষমতা বাড়ানো গেলে প্রতিযোগিতায় টিকে থাকার মতো একটা অবস্থান তৈরি হবে। আবার যদি গ্র্যাজুয়েশন দুই-তিন বছর পেছানো যায় তখন আমাদের তিন বছর পর হলেও সক্ষমতা কিন্তু বাড়াতে হবে। কাজেই যেক্ষেত্রে আমাদের এগিয়ে যেতে হবে, সেক্ষেত্রে এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দিয়ে তেমন কোনো লাভ হবে না। একটি গোষ্ঠী বাংলাদেশের গ্র্যাজুয়েশন পিছিয়ে দেওয়ার দাবি তুলেছে। কিন্তু আমাদের মতো বেশ কয়েকটা দেশ গ্র্যাজুয়েশন করে যদি প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, তখন আমরা কেন প্রতিযোগিতায় টিকে থাকতে পারব না? প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদের উৎপাদন সক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়াতে হবে।
আমাদের যে ধরনের সক্ষমতা বাড়ানো দরকার, তার জন্য পদক্ষেপ নিতে হবে। প্রযুক্তিগত উন্নয়ন করতে হবে। স্বল্পোন্নত দেশ হিসেবে যেসব সুযোগ-সুবিধা বর্তমানে পাই, এলডিসি গ্র্যাজুয়েশনের পর সেগুলো না পেলেও আমাদের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই, যদি আমরা উন্নয়নের পথে অগ্রসর হতে চাই। কাজেই এ প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য যত শীঘ্র আমরা প্রচেষ্টা নেব, তত তাড়াতাড়ি দেশের অর্থনৈতিক চেহারা পরিবর্তনে সক্ষম হব। সে অনুযায়ী কার্যপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা দরকার। দেশি ও বিদেশি সহায়তায় কার্যপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির দিকে নজর দিতে হবে। যাতে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে পারে বাংলাদেশ। এখন আমাদের জন্য একটা সুযোগ আছে। কারণ, বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্কের একটি অসম প্রতিযোগিতা ছিল। আমরা সে অবস্থান থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছি। এ সুযোগে যদি দক্ষতা বৃদ্ধি করা যায়, তাহলে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বরং আমরা যত দ্রুত এক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার চেষ্টা করব, তত দ্রুত এর সফলতা লাভ করতে পারব। এগিয়ে যেতে পারব সামনের দিকে। এসব মাথায় রেখেই কার্যপরিকল্পনা নির্ধারণ ও বাস্তবায়নের দিকে নজর দেওয়া উচিত।\r\nলেখক : গবেষক, অর্থনৈতিক বিশ্লেষক, অধ্যাপক ও সাবেক ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ, সিটি বিশ্ববিদ্যালয়, ঢাকা
