১৯৭০-এর দশকের গোড়ার দিকে মাও সে তুং-এর একটি খণ্ডিত উক্তি চীনপন্থি বামপন্থিদের বেশ উদ্বুদ্ধ করেছিল। তারা সেটির ব্যাপক প্রচারও করেছিল। দেয়ালে দেয়ালে লিখে রাখত– ‘বন্দুকের নলই সমস্ত ক্ষমতার উৎস’। উক্তিটি তাদের গোপন রাজনীতিতে উদ্বুদ্ধ করেছিল, গণআন্দোলন গড়ে তোলার কষ্টকর পথ এড়িয়ে সন্ত্রাসী কায়দায় তথাকথিত শ্রেণিশত্রু খতম করাই ছিল ওই রাজনীতির কাজ। তবে শেষ পর্যন্ত শ্রমিক শ্রেণির বিপ্লব তো দূরের কথা, বৈষম্যমূলক রাষ্ট্রের গায়ে সামান্য আঁচড় কাটাও তাদের পক্ষে সম্ভব হয়নি। বরং শ্রেণিশত্রু খতমের ওই ধারা বিশেষ করে বাংলাদেশের বাম আন্দোলনের ব্যাপক ক্ষতি করেছিল।
স্বাধীনতার পরপর বাংলাদেশে ওই গোপন রাজনীতির বেশ রমরমা অবস্থা ছিল। ওই উক্তির অসারতা প্রমাণে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব তাই পাল্টা এক উক্তি করেছিলেন, ‘বন্দুকের নল নয়, জনগণই সকল ক্ষমতার উৎস’। তাঁর এ উক্তিও ব্যাপক প্রচার করা হতো তখন। গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় তাঁর উক্তিটি নিশ্চয় নির্ভুল ছিল, কিন্তু পঁচাত্তরের মধ্য আগস্টে পরিবারের অধিকাংশ সদস্যসহ তাঁর নৃশংস হত্যাকাণ্ড বন্দুকের ক্ষমতা তুলে ধরেছিল। সেদিন তাঁর খুনিরা ক্ষমতাও দখলে নিয়েছিল বন্দুকের নলের সাহায্যেই। পরে রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানও বলেছিলেন, ‘জনগণই সকল ক্ষমতার উৎস’। তাঁকেও প্রাণ দিতে হয়েছিল বন্দুকধারী উচ্ছৃঙ্খল সেনাসদস্যের হাতে। তাঁর মৃত্যুর পর তাঁর দল বিএনপিও ক্ষমতা হারিয়েছিল বন্দুকধারী সেনাপতির কাছে।
আমার জীবদ্দশায় এ পর্যন্ত তিনটি গণঅভ্যুত্থান দেখলাম–১৯৬৯, ১৯৯০ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থান। প্রতিটিতেই জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল। তবে এসব ক্ষেত্রেও বন্দুকের শক্তি কম ভূমিকা রাখেনি। না, জনগণ অস্ত্র হাতে নেয়নি। তবে সামরিক বাহিনীর সহযোগিতা পেয়েছে। যেমন–উনসত্তরের গণঅভ্যুত্থান নিশ্চয় আমাদের স্বাধিকার আন্দোলনের মাইলফলক। ওই অভ্যুত্থানের পরিস্থিতিতেই লৌহমানব আইয়ুব খানকে ক্ষমতা ছাড়তে হয়েছিল। সেটি জনগণের আন্দোলনে তো বটেই, কিন্তু তার থেকে অধিক বাস্তবতা ছিল পাকিস্তানি সেনাবাহিনী আইয়ুব খানের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছিল। তদুপরি জেনারেল আইয়ুবের স্থলে ক্ষমতায় অপর সামরিক জান্তা ইয়াহিয়া খানের আগমন ঘটে। উনসত্তরের অভ্যুত্থানে জনতার যে ঢেউ দেখা গিয়েছিল, তা স্তিমিত হয়ে পড়ে নির্বাচনের ঘোষণার পরপরই।
অন্যদিকে সত্তরের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও নির্বাচিতদের কাছে ক্ষমতা অর্পণ করা হয়নি। গভীর চক্রান্তের অংশ হিসেবে কৌশলে সময়ক্ষেপণ করে পরিকল্পিতভাবে পাকিস্তানি শাসকরা শুরু করেছিল ২৫ মার্চের নৃশংস গণহত্যা। ওই গণহত্যাই কার্যত পাকিস্তান রাষ্ট্র ভাঙার ক্ষেত্র প্রস্তুত করেছিল। নিরস্ত্র প্রস্তুতিবিহীন বাঙালি সশস্ত্র সেনা, ইপিআর, পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় প্রতিরোধ গড়ে তোলে সশস্ত্র পন্থায়। পাকিস্তানি হানাদারদের ভারী অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের হালকা অস্ত্র দিয়ে রোখা প্রায় অসম্ভব ছিল। তবুও সশস্ত্র ওই প্রতিরোধ যুদ্ধ জয়লাভ করে।
নব্বইয়ের গণঅভ্যুত্থানেও জেনারেল এরশাদের ওপর থেকে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করার পরই এরশাদকে ক্ষমতা ছাড়তে হয়েছিল। ২০২৪-এর অভ্যুত্থানের ক্ষেত্রেও আমরা দেখি এই অভ্যুত্থান সফল হয় সেনাবাহিনী সরকারপ্রধানের নির্দেশ অমান্য করে জনতার কাতারে আসায়। সেনাবাহিনী আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ না করার ফলেই সরকারের পতন ঘটেছিল, আইয়ুব ও এরশাদের ধারাবাহিকতায়।
একথা ঠিক, তিনটি গণঅভ্যুত্থানেই শিক্ষার্থী-জনতার মিলিত সংগ্রাম সেই পরিস্থিতি সৃষ্টি করতে পেরেছিল বলেই রাষ্ট্রশক্তি অবস্থান বদলে বাধ্য হয়েছিল। পাশাপাশি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে নিরস্ত্র জনগণের অভ্যুত্থানের বিজয় অর্জনের দৃষ্টান্তও বিশ্বজুড়ে রয়েছে। অর্থাৎ বন্দুকের নল ক্ষমতার উৎস হলেও প্রকৃত ক্ষমতা থাকে জনতার হাতে। ১৯৪৭ সালের স্বাধীনতা এসেছিল গোলটেবিল আলোচনায়, তবে তার পেছনে ছিল নানা বিদ্রোহ ও সশস্ত্র আন্দোলনের পাশাপাশি নিরস্ত্র গণআন্দোলনের মাধ্যমে তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের ওপর সৃষ্ট সীমাহীন চাপ। বোম্বের নৌ-বিদ্রোহ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ইংরেজ সৈন্যরা নিজ দেশে ফিরে যাওয়ার প্রবল চাপের ফলে সেনাবিদ্রোহের সম্ভাবনা উঁকি দিচ্ছিল। অবস্থা বেগতিক দেখে ১৯৪৬ সালে নির্বাচন দিয়ে ভারতবাসীকে সামাল দিয়েছিল চতুর ইংরেজ সরকার। ব্রিটিশদের কবল থেকে মুক্তি পেলেও পাকিস্তানের কাঠামোয় আমাদের স্বাধীনতা ও মুক্তি নিশ্চিত হয়নি। বরং পাকিস্তানি উপনিবেশের ফাঁদে আটকে পড়েছিল পূর্ববঙ্গ; যার বিরুদ্ধে ২৩ বছরের দীর্ঘ সংগ্রাম, ত্যাগ-আত্মত্যাগ এবং চূড়ান্তে সশস্ত্র মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাভূত করে স্বাধীনতা লাভ করেছিলাম। কিন্তু একাত্তরের রক্তক্ষয়ী স্বাধীনতাও সমগ্র জনগণের জন্য মুক্তি আনেনি। তাই লড়াইয়ের কোনো বিকল্প নেই। মুক্তির সংগ্রাম চলছে, চলবে–সরবে এবং নীরবে।
মযহারুল ইসলাম বাবলা: নির্বাহী সম্পাদক, নতুন দিগন্ত
