নভেম্বর শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য খুশির বার্তা দিয়ে। দলটি প্রতীক ও নিবন্ধন পেয়েছে। দেরি না করে তারা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সামনে রেখে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে। যেখানে তারা নিজেদের ‘নতুন রাজনীতি’র বাহক হিসেবে তুলে ধরছে এবং রাজনীতি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে, সেই জায়গাটায় ভাষা দিতে চাচ্ছে। তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক ভিডিও বার্তায় নিবন্ধন পাওয়ার আনন্দ প্রকাশ করেছেন; তাদের দলের মাধ্যমে সংসদ সদস্য প্রার্থী হওয়ার আহ্বান করেছেন এবং শাপলা কলি মার্কা নিয়ে তাদের যাত্রা শুরু করার ঘোষণা দিয়েছেন।

৬ নভেম্বরের ‘মিট দ্য প্রেস’-এ এনসিপি ‘দেশ বদলাবে নতুন নেতৃত্বে’ স্লোগান সামনে আনে। সেখানে তারা দাবি করে, রাজনীতি এতদিন গুটিকয়েক মানুষের হাতে বন্দি ছিল। তারা ‘গডফাদার-ধনী-চাঁদাবাজ’কেন্দ্রিক নির্বাচন ব্যবস্থা ভাঙার পাশাপাশি জনগণের সেবায় আগ্রহী সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষদের প্রার্থী করতে চান। ৯ নভেম্বর জাতীয় সংসদ ভবনকে পেছনে রেখে ১২ মিনিটের ভিডিও বক্তব্যে নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, তারা ৩০০ আসনেই ‘সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও নৈতিক চরিত্রসম্পন্ন’ নাগরিককে মনোনয়ন দিতে চান। রাজনীতি থেকে মানুষ দূরে থাকার কয়েকটি কারণ যেমন: রাজনীতিকে ভয়, রাজনীতি ধনীদের বিষয়, রাজনীতি লোকবলওয়ালাদের বিষয় উল্লেখ করে তিনি এসব ভ্রান্ত ধারণা ভেঙে রাজনীতিকে নাগরিক জীবনের অধিকার হিসেবে আপন করে নেওয়ার আহ্বান জানান।

তাঁর বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল, অতীতে যারা লুটেরা ব্যবসায়ীদের টাকায় সংসদে গিয়ে চাঁদাবাজি ও দুর্নীতিতে যুক্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। তিনি স্পষ্ট বলেন, এই চক্র ভাঙতে হলে নিষ্ঠা, সততা ও দেশপ্রেম থাকা মানুষদের সংসদে আনতে হবে। সব মিলিয়ে নাহিদ ইসলামের কথাগুলো আকর্ষণীয়, আবেগঘন এবং নতুন রাজনীতির প্রতিশ্রুতির মতো শোনায়। কিন্তু প্রশ্ন হলো, এই প্রতিশ্রুতি কি শুধু ভিডিওর জন্য, নাকি দলটি সত্যিই নিজেদের ভেতরে নৈতিকতার মানদণ্ড প্রতিষ্ঠা করেছে? এখানেই এনসিপির সবচেয়ে বড় দুর্বলতা চোখে পড়ে। এনসিপি দল গঠনের পর থেকেই তাদের কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে সততার ঘাটতি ও নৈতিকতার অবক্ষয়ের অভিযোগ ওঠে। সচিবালয়ে তদবির, চাঁদাবাজি করতে গিয়ে আটক ও বহিষ্কারের কিছু ঘটনা তো সংবাদমাধ্যমেই এসেছিল। এ ছাড়া নারী নির্যাতনের অভিযোগও উঠেছিল কারও কারও বিরুদ্ধে। এ ধরনের ঘটনা আমাদের দেশে রাজনৈতিক দলগুলোতে বিরল নয়। আমাদের রাজনৈতিক দলগুলোতে এ ধরনের অঘটনকে ‘অমার্জনীয় অপরাধ’ হিসেবেও দেখা হয় না। এগুলো যে কোনো দলের ঘোষিত নৈতিক বিবেক ও সিদ্ধান্ত প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে বৈ কি। নৈতিকতা প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে রাজনীতিতে নামা এনসিপির জন্য সেটা আরও সত্য।

আরও অনেক ঘটনার কথাই বলা যাবে। তবে এই একটি ঘটনা থেকেই স্পষ্ট– এনসিপি যেসব মানুষের কথা বলছে, তাদের মতো মানুষ দিয়ে নিজেদের প্রতিনিধি দলও সাজাতে পারেনি। যে দল নিজের ঘরে নৈতিকতা রক্ষা করতে পারে না, তারা দেশকে নৈতিক রাজনীতি উপহার দেবে– এই দাবি বিশ্বাস করা কষ্টসাধ্য।

বিশ্বের ইতিহাসও একই শিক্ষা দেয়। দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা প্রথমে নিজ দলের ভেতরে নৈতিকতা প্রতিষ্ঠা করেছিলেন, তারপর জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ভারতের আম আদমি পার্টি দুর্নীতিবিরোধী আন্দোলন থেকে ক্ষমতায় এলেও নিজের সংগঠনে নৈতিকতা ধরে রাখতে ব্যর্থ হওয়ায় তারা পরে তীব্র সমালোচনার মুখোমুখি হয়। আন্তর্জাতিক অভিজ্ঞতা বলে– নৈতিকতার ভাষা আর নৈতিকতার চর্চা, দুটোর ফারাকই একটি দলের পরিণতি নির্ধারণ করে।

বাংলাদেশের অভিজ্ঞতাও কি এর বাইরে? বাংলাদেশের প্রতিষ্ঠিত দল বিএনপি ও আওয়ামী লীগ দুটো দলই ইতিহাসের কোনো এক পর্যায়ে ‘স্বচ্ছতা, নৈতিকতা ও গণতন্ত্র’-এর অঙ্গীকার করেছিল। কিন্তু তারা কি হোঁচট খায়নি নিজেদের সংগঠনে সেই নৈতিকতা প্রতিষ্ঠা করতে গিয়ে? তাই নতুন দল হিসেবে এনসিপি নৈতিকতার কথা বললেই সেটা জনগণ শুনবে ও তাদেরকে গ্রহণ করবে– সেটা কি হবে? জনগণ তখনই তাদের গ্রহণ করবে যখন তাদের আচরণে নিজেদের বলা কথার প্রমাণ দেখবে।

নাহিদ ইসলামের কথা শুনলে মনে হয়, তারা সত্যিই সৎ, বিনয়ী, সংযত, দায়িত্ববান মানুষদের রাজনীতিতে আনতে চান। প্রশ্ন হলো, তাঁর নিজের দলের নেতারা কি সত্যিই নাহিদের ঘোষিত মানদণ্ডে উত্তীর্ণ? কারণ নৈতিকতা বক্তৃতায় জন্মায় না; নৈতিকতা জন্মায় নিজের দলে ‘না’ বলার ক্ষমতায়। বিতর্কিত ব্যক্তিকে সরিয়ে রাখা, যোগ্যকে প্রাধান্য দেওয়া, ব্যক্তিগত পরিচিতি নয় চরিত্র দেখে দায়িত্ব দেওয়া– এগুলোই নৈতিকতার বাস্তব পরীক্ষা।

জনগণ দেখতে চাইবে নাহিদ ইসলামের কথার সঙ্গে এনসিপির আচরণের মিল। কারণ রাজনৈতিক সত্যটি খুবই সহজ– যা প্রচার করো, আগে নিজেরাই তা পালন করো। এনসিপি যদি সত্যিই নতুন রাজনীতির পথ দেখাতে চায়, তবে নৈতিকতার পরীক্ষায় প্রথম উত্তীর্ণ হতে হবে তাদের নিজেদের দলের ভেতরেই। নাহিদ ইসলাম ১০ বছরের মধ্যে দলকে প্রতিষ্ঠিত করতে চান; সেটা অসম্ভব নয়। কিন্তু কোনো দল নৈতিকতার ভিত ছাড়া প্রতিষ্ঠিত হয় না– এ কথাও তাঁকে মনে রাখতে হবে।

বাংলাদেশের সমাজ অনেকটাই বদলে গেছে বিগত ৫৪ বছরে। এখনকার মানুষ কথার চেয়ে আচরণের দিকে বেশি নজর রাখে। কথার সঙ্গে আচরণ মেলাতে চায়। এনসিপিকে তাই প্রমাণ করতে হবে– তারা শুধু নতুন রাজনীতির কথা বলে না; নিজেদের আচরণে সেই নতুন রাজনীতির চর্চাও করে। নতুবা খুব দ্রুতই তারা হারিয়ে যাবে।

মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন