মানবসভ্যতার ইতিহাসে চিকিৎসাবিজ্ঞানের বিকাশের অনেক আগেই মানুষ বুঝতে শুরু করেছিল যে, সুস্থ থাকার সঙ্গে খাদ্যের একটি গভীর সম্পর্ক রয়েছে। প্রাচীন গ্রিসের চিকিৎসাবিদ হিপোক্রেটিসের একটি বিখ্যাত উক্তি আজও বিশ্বজুড়ে আলোচিত, Let food be thy medicine and medicine be thy food। তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞান এই ধারণাকে নতুনভাবে ব্যাখ্যা করছে। আজকের Food is Medicine আন্দোলনের অর্থ এই নয় যে খাদ্য ওষুধের বিকল্প, কিংবা শুধু ভালো খাবার খেলেই সব রোগ সেরে যাবে। বরং এর মূল দর্শন হলো, সঠিক খাদ্যকে চিকিৎসার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যবহার করা। অর্থাৎ রোগ প্রতিরোধ, রোগ নিয়ন্ত্রণ এবং রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য চিকিৎসক, পুষ্টিবিদ এবং স্বাস্থ্যব্যবস্থা একসঙ্গে পরিকল্পিতভাবে খাদ্যকে ব্যবহার করবে। বিশ্বের উন্নত দেশগুলোতে এই ধারণা এখন আর শুধু গবেষণাগারের বিষয় নয়; এটি ধীরে ধীরে জাতীয় স্বাস্থ্যনীতির অংশ হয়ে উঠছে।
গত দুই দশকে বিশ্বজুড়ে এক নতুন ধরনের স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে। সংক্রামক রোগের পাশাপাশি এখন সবচেয়ে বেশি মানুষ ভুগছেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ, স্থূলতা, ফ্যাটি লিভার, কিডনি রোগ এবং বিভিন্ন ধরনের ক্যানসারে। এসব রোগের একটি বড় অংশের সঙ্গে খাদ্যাভ্যাসের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, পৃথিবীতে প্রতি বছর কোটি কোটি মানুষ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে সৃষ্ট অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন। শুধু ওষুধ দিয়ে এসব রোগ দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ করা কঠিন। কারণ, একজন মানুষ যদি প্রতিদিন অতিরিক্ত চিনি, লবণ, ট্রান্স ফ্যাট এবং অতিপ্রক্রিয়াজাত খাদ্য গ্রহণ করেন, তাহলে ওষুধ সাময়িকভাবে উপকার দিলেও রোগের মূল কারণ থেকে যায়। এই বাস্তবতা থেকেই Food is Medicine ধারণার জন্ম হয়েছে।
অনেকেই মনে করেন, এটি একটি নতুন ধারণা। বাস্তবে বিষয়টি তা নয়। তবে অতীতে খাদ্য এবং চিকিৎসা ছিল দুটি আলাদা ক্ষেত্র। একজন চিকিৎসক ওষুধ লিখে দিতেন, আর একজন পুষ্টিবিদ খাদ্যতালিকা তৈরি করতেন। বর্তমানে এই বিভাজন ধীরে ধীরে কমছে। এখন চিকিৎসকের প্রেসক্রিপশনে শুধু ওষুধ নয়, নির্দিষ্ট খাদ্য পরিকল্পনাও যুক্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে রোগীকে নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ধরনের খাবার, শাকসবজি, ফল, সম্পূর্ণ শস্য, মাছ কিংবা চিকিৎসাগতভাবে পরিকল্পিত খাবার সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ খাদ্য আর শুধু পেট ভরানোর উপায় নয়; এটি চিকিৎসার একটি কার্যকর উপাদান।
বর্তমানে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ, কৃষি বিভাগ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, অলাভজনক প্রতিষ্ঠান এবং বেসরকারি স্বাস্থ্যবীমা কোম্পানিগুলো একসঙ্গে কাজ করছে। তাদের লক্ষ্য হলো, রোগীকে এমন খাদ্য সরবরাহ করা, যা তার রোগের অবস্থা অনুযায়ী বৈজ্ঞানিকভাবে পরিকল্পিত। উদাহরণ হিসেবে ধরা যাক, একজন ডায়াবেটিস রোগী- অতীতে তাকে শুধু ওষুধ এবং সাধারণ খাদ্য পরামর্শ দেওয়া হতো। এখন অনেক হাসপাতালে রোগীকে নির্দিষ্ট পুষ্টিমানসম্পন্ন খাদ্য, স্বাস্থ্যকর বাজার করার জন্য আর্থিক সহায়তা অথবা ফল ও শাকসবজি কেনার বিশেষ ভাউচার দেওয়া হচ্ছে। এসব কর্মসূচিকে বলা হয় Produce Prescription বা ‘খাদ্য প্রেসক্রিপশন’। অর্থাৎ চিকিৎসক প্রেসক্রিপশনে ওষুধের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যও লিখে দিচ্ছেন।
আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো Medically Tailored Meals। এতে নিবন্ধিত পুষ্টিবিদ এবং চিকিৎসকের তত্ত্বাবধানে রোগীর জন্য এমন খাবার প্রস্তুত করা হয়, যা তার রোগ, বয়স, ওজন, কিডনির কার্যকারিতা, রক্তে শর্করার মাত্রা কিংবা হৃদ্রোগের ঝুঁকি বিবেচনা করে তৈরি করা হয়। উদাহরণস্বরূপ, কিডনি রোগীর খাবারে প্রোটিন, সোডিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের পরিমাণ নিয়ন্ত্রিত থাকে। আবার হৃদ্রোগীর খাবারে স্যাচুরেটেড ফ্যাট কম এবং আঁশ বেশি থাকে। ক্যানসার রোগীর জন্য উচ্চমানের প্রোটিন ও শক্তিসমৃদ্ধ বিশেষ খাবার প্রস্তুত করা হয়। এসব খাবার শুধু হাসপাতালেই নয়, অনেক ক্ষেত্রে রোগীর বাড়িতেও পৌঁছে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এ ধরনের পরিকল্পিত খাদ্য কর্মসূচিতে অংশগ্রহণকারী রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার হার কমেছে, জরুরি বিভাগে যাওয়ার প্রয়োজন কমেছে এবং অনেক ক্ষেত্রে চিকিৎসা ব্যয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে উন্নতি হয়েছে, উচ্চ রক্তচাপের রোগীদের রক্তচাপ কমেছে এবং হৃদ্রোগের ঝুঁকিও হ্রাস পেয়েছে। অর্থাৎ স্বাস্থ্যকর খাদ্যে বিনিয়োগ করলে শুধু মানুষের স্বাস্থ্যই উন্নত হয় না, বরং পুরো স্বাস্থ্যব্যবস্থার অর্থনৈতিক চাপও কমে।
শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্যেও খাদ্যকে চিকিৎসার অংশ হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) দীর্ঘদিন ধরেই খাদ্য ও পুষ্টিকে রোগ প্রতিরোধের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করে। ডায়াবেটিস, স্থূলতা, হৃদ্রোগ, কিডনি রোগ এবং ক্যানসারের মতো দীর্ঘমেয়াদি রোগে বিশেষজ্ঞ ডায়েটিশিয়ানরা চিকিৎসক দলের সঙ্গে কাজ করেন। রোগ নির্ণয়ের পর রোগীকে শুধু ওষুধ দেওয়া হয় না; তার খাদ্যাভ্যাস, জীবনযাপন, শারীরিক কার্যকলাপ এবং মানসিক স্বাস্থ্যেরও মূল্যায়ন করা হয়। অনেক এলাকায় Social Prescribing কর্মসূচির মাধ্যমে চিকিৎসক রোগীকে কমিউনিটি গার্ডেন, স্বাস্থ্যকর রান্নার প্রশিক্ষণ, পুষ্টি শিক্ষা কিংবা খাদ্য সহায়তা কর্মসূচির সঙ্গে যুক্ত করে দেন। উদ্দেশ্য একটাই- মানুষ যেন সুস্থ জীবনযাপনের মাধ্যমে দীর্ঘমেয়াদে ওষুধের ওপর নির্ভরশীলতা কমাতে পারে।
যুক্তরাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, খাদ্য শিল্প, বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্যখাতের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা। অক্সফোর্ড, কেমব্রিজ, কিংস কলেজ লন্ডন এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে খাদ্য, অন্ত্রের মাইক্রোবায়োম, মানসিক স্বাস্থ্য এবং দীর্ঘস্থায়ী রোগের সম্পর্ক নিয়ে ব্যাপক গবেষণা চলছে। একই সঙ্গে বিভিন্ন খাদ্য কোম্পানি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপাদান ব্যবহার করে ফাংশনাল ফুড, বিশেষ চিকিৎসাগত উদ্দেশ্যে তৈরি খাদ্য (Foods for Special Medical Purposes) এবং ব্যক্তিকেন্দ্রিক পুষ্টি (Personalised Nutrition) উন্নয়নে বিনিয়োগ করছে। এর ফলে চিকিৎসা ও খাদ্যবিজ্ঞানের মধ্যে যে দূরত্ব একসময় ছিল, তা দ্রুত কমে আসছে।
এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এর সুফল শুধু রোগী বা স্বাস্থ্যখাতেই সীমাবদ্ধ থাকে না; উপকৃত হয় কৃষক, খাদ্য উৎপাদক এবং পুরো খাদ্যশিল্পও। যখন সরকার, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চিকিৎসার অংশ হিসেবে স্বাস্থ্যকর খাদ্যের ব্যবহার বাড়ায়, তখন স্থানীয়ভাবে উৎপাদিত ফল, শাকসবজি, ডাল, মাছ, দুধ, সম্পূর্ণ শস্য এবং অন্যান্য পুষ্টিকর কৃষিপণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এর ফলে কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায়, দেশীয় কৃষি আরও শক্তিশালী হয় এবং জনগণ সহজেই নিরাপদ, তাজা ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণের সুযোগ পায়। অর্থাৎ Food is Medicine কেবল একটি স্বাস্থ্য ধারণা নয়; এটি এমন একটি সমন্বিত উন্নয়ন মডেল, যেখানে জনস্বাস্থ্য, কৃষি, খাদ্যশিল্প, গবেষণা এবং অর্থনীতি একে অপরকে শক্তিশালী করে। এ কারণেই বিশ্বের অনেক দেশ এই ধারণাকে ভবিষ্যতের স্বাস্থ্যনীতির অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছে।
এখানে আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অভিজ্ঞতার আলোকে দেখেছি, কীভাবে Food is Medicine ধারণা ধীরে ধীরে আধুনিক স্বাস্থ্যব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হচ্ছে। তবে এই পরিবর্তন শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। আয়ারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশও এখন প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দুতে খাদ্য ও পুষ্টিকে স্থান দিচ্ছে। কারণ, নীতিনির্ধারকেরা উপলব্ধি করেছেন, মানুষ অসুস্থ হওয়ার পর ব্যয়বহুল চিকিৎসা দেওয়ার চেয়ে সুষম ও স্বাস্থ্যকর খাদ্যের মাধ্যমে মানুষকে দীর্ঘদিন সুস্থ রাখা অনেক বেশি কার্যকর, মানবিক এবং অর্থনৈতিকভাবে লাভজনক। এই উপলব্ধি থেকেই ইউরোপের বিভিন্ন দেশে চিকিৎসাব্যবস্থা, পুষ্টিবিজ্ঞান, কৃষি এবং খাদ্যশিল্পকে সমন্বিত করে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
আয়ারল্যান্ডে Sláintecare (স্লন্চা-কেয়ার) স্বাস্থ্য সংস্কার কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো হাসপাতালনির্ভর চিকিৎসা কমিয়ে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা জোরদার করা। এই কর্মসূচির আওতায় কমিউনিটি ডায়েটিশিয়ান, জেনারেল প্র্যাকটিশনার (জিপি), নার্স, ফার্মাসিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা একসঙ্গে কাজ করেন, যাতে ডায়াবেটিস, স্থূলতা, হৃদ্রোগ কিংবা অপুষ্টির ঝুঁকিতে থাকা মানুষ প্রাথমিক পর্যায়েই সঠিক খাদ্য পরামর্শ পায়। বিশেষ করে শিশু, গর্ভবতী মা, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষের জন্য পুষ্টিভিত্তিক চিকিৎসা পরিকল্পনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে রোগের জটিলতা কমছে এবং হাসপাতালের ওপর চাপও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
ইউরোপের অন্যান্য দেশেও একই ধরনের পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। ইতালিতে বহু বছর ধরেই মেডিটেরেনিয়ান ডায়েটকে সুস্থ জীবনের অন্যতম ভিত্তি হিসেবে প্রচার করা হচ্ছে। জলপাই তেল, মাছ, শাকসবজি, ফল, ডাল, বাদাম এবং সম্পূর্ণ শস্যভিত্তিক এই খাদ্যাভ্যাস হৃদ্রোগ, টাইপ-২ ডায়াবেটিস এবং কিছু ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক বলে বহু গবেষণায় প্রমাণিত হয়েছে। স্পেনেও হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠানগুলো রোগ প্রতিরোধে খাদ্যভিত্তিক জীবনযাত্রার ওপর গুরুত্ব দিচ্ছে। নেদারল্যান্ডস, সুইডেন, ডেনমার্ক এবং ফিনল্যান্ডে স্কুল পুষ্টি কর্মসূচি, বয়স্কদের পুষ্টি সেবা এবং কমিউনিটি স্বাস্থ্য উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যকর খাদ্যকে জনস্বাস্থ্যের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে।
ইউরোপের অনেক হাসপাতালে রোগীকে ভর্তি করার পর শুধু ওষুধের তালিকা নয়, তার পুষ্টিগত অবস্থাও মূল্যায়ন করা হয়। যদি কোনো রোগী অপুষ্টিতে ভোগেন, অস্ত্রোপচারের জন্য প্রস্তুতি নেন অথবা ক্যানসারের চিকিৎসা গ্রহণ করেন, তাহলে তার জন্য বিশেষ পুষ্টি পরিকল্পনা তৈরি করা হয়। অনেক ক্ষেত্রে বিশেষ চিকিৎসাগত খাদ্য, উচ্চ-প্রোটিন পানীয় বা বিশেষ পুষ্টি সম্পূরক দেওয়া হয়, যাতে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। অর্থাৎ চিকিৎসা শুধু অস্ত্রোপচার বা ওষুধের মধ্যেই সীমাবদ্ধ নয়; সঠিক পুষ্টিও চিকিৎসার একটি অপরিহার্য অংশ।
লেখক: খাদ্যবিজ্ঞানী, যুক্তরাজ্য প্রবাসী
