২০২৪ সালের ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হন এবং রাশিয়ায় পালিয়ে যান। ফলে সিরিয়ায় বাসার আল আসাদের ২৪ বছরের শাসনের অবসান হয়। ইতোমধ্যেই আসাদের পতনের এক বছর পূর্ণ হয়েছে। বাসার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ ১৯৭১ সাল থেকে ২০০০ সালে মৃত্যুর আগ পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। হাফিজ আল আসাদের মৃত্যুর পর পুত্র বাসার আল আসাদ ২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। বাশার আল আসাদের পতনের ফলে সিরিয়ায় আসাদ পরিবারের একটানা ৫৩ বছরের শাসনের অবসান হয়। তার পতনে জনগণ আনন্দ এবং সিরিয়াকে মুক্ত ঘোষণা করে। কিন্তু আসাদের পতনের পরপরই ইসরাইল সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, বিজ্ঞান গবেষণাগার, সেনা-বিমান-নৌ ঘাঁটিসহ কৌশলগত অবকাঠামোয় অবিরাম বিমান হামলা চালায়। গোলান মালভূমির বাফার জোনে ইসরাইল সেনা ও ট্যাংক মোতায়েন করে, যা বিগত ৫০ বছরে প্রথম। এখনো ইসরাইল ধারাবাহিকভাবে সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলের এই হামলা সিরিয়ার স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি। সিরিয়ায় ইসরাইলের এই হামলা সময়ের ব্যবধানে ইসরাইলের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসবে। সিরিয়ার জনগণ ইসরাইলী আগ্রাসন মানবে না।

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সিরিয়া বরাবরই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। হাফিজ আল আসাদ এবং বাশার আল আসাদের শাসনামলে সিরিয়া ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাবিরোধী ছিল। অপরদিকে চীন, রাশিয়া, ইরান, হামাস, হিজবুল্লাহর সাথে সিরিয়ার ভালো স¤পর্ক ছিল। ২০১১ সালে সিরিয়ার জনগণ সরকার বিরোধী বিক্ষোভ শুরু করলে আসাদ তা দমনে শক্তি প্রয়োগ করে। ফলে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। ইরান, রাশিয়া, হিজবুল্লাহ আসাদের পক্ষ নিয়ে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করে। অপরদিকে তুরস্ক, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব আসাদকে ক্ষমতাচ্যুত করতে আসাদ বিরোধী শক্তিকে সাহায্য করে। গৃহযুদ্ধে সিরিয়ার ৫ লাখ মানুষ মারা যায় এবং ৬০ লাখ মানুষ উদ্বাস্তু হয়। সিরিয়ার শাসনব্যবস্থা বহু খ-ে বিভক্ত হয় এবং একেক গ্রুপ একেক অঞ্চল শাসন করতে থাকে। ইরান, রাশিয়া, হিজবুল্লাহর সমর্থনে দামেস্ক, আলেপ্পোসহ গুরুত্বপূর্ণ কিছু এলাকায় শাসন টিকিয়ে রেখে আসাদ সিরিয়ার শাসন ক্ষমতায় বহাল থাকে। ২০২৪ সালের ২৭ নভেম্বর হায়াত-আল তাহরি-আল শাম (এইচটিএস) নামের একটি দলের নেতৃত্বে বিদ্রোহীরা আসাদকে ক্ষমতাচ্যুত করতে অভিযান শুরু করে। তারা ঝড়ের বেগে আলেপ্পোসহ বিভিন্ন এলাকা দখল করে দামেস্ক অভিমুখী অভিযান শুরু করে। বিদ্রোহীরা ৮ ডিসেম্বর দামেস্ক দখল করে এবং আসাদ পালিয়ে রাশিয়ায় চলে যায়।

সিরিয়ার ক্ষমতা থেকে আসাদের পতনে মধ্যপ্রাচ্যের রাজনীতির হিসাব পাল্টে গেছে। এখানে ইরান, রাশিয়া, হিজবুল্লাহ পরাজিত এবং তুরস্ক, ইসরাইল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা বিজয়ী হয়েছে। এখন সিরিয়া হয়ে ইরানের সাথে হিজবুল্লাহ এবং হামাসের যোগাযোগ বন্ধ। এ কারণে হামাস-হিজবুল্লাহ দুর্বল হয়েছে। তবে এ অবস্থার দ্রুত পরিবর্তন হবে। আসাদ ছিল ইসরাইল বিরোধী এবং হামাস হিজবুল্লাহর সমর্থক। আসাদের পতনে আপাতত ইসরাইল সবচেয়ে বেশি লাভবান হয়েছে। তবে ইসরাইল এখন বেশ চিন্তায় পড়েছে। কারণ, সিরিয়ায় ইসলামপন্থীদের উত্থানের সম্ভাবনা এবং সুযোগ সৃষ্টি হয়েছে। আসাদের বিরুদ্ধে লড়াইকারীরা প্রায় সবাই ইসলামপন্থী। আসাদ পরবর্তী সিরিয়ার রাজনৈতিক শূন্যতা নিশ্চিতভাবে ইসলামপন্থীরাই পূরণ করবে। সিরিয়ার জনগণ আরো বেশি ইসরাইল বিরোধী হবে। ভবিষ্যতে সিরিয়ায় ইসলামপন্থীদের উত্থান হবে, যারা ইসরাইলের আনুগত্য করবে না এবং অবৈধ দখলদারিত্ব মানবে না। সময়ের ব্যবধানে তারা ইসরাইল বিরোধী ভূমিকায় অবতীর্ণ হবে এবং হামাস, হিজবুল্লাহ ও ইরানের প্রতি সহানুভূতিশীল হবে। তখন পুরো সিরিয়ার জনগণই ইসরাইল এবং পশ্চিমাবিরোধী হয়ে উঠবে। ইসরাইল এই বিষয়টি ভালোভাবে অনুধাবন করছে। তাই আসাদ পরবর্তী সময়ে অবিরাম বিমান হামলা চালিয়ে সিরিয়ার সামরিক শক্তিকে ধ্বংস করে দিয়েছে, যাতে ভবিষ্যতে ইসলামপন্থীরা ক্ষমতায় আসার পর সিরিয়া সামরিকভাবে দ্রুত শক্তিশালী হতে না পারে এবং ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়।

আসাদের পতনের পর পরই সিরিয়া জুড়ে অবস্থিত সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীর ঘাঁটিসহ বিভিন্ন সামরিক যান, বিমান বিধ্বংসী অস্ত্র, অস্ত্রাগার, অস্ত্র উৎপাদন কারখানা, বিজ্ঞান গবেষণাগারসহ বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরাইল ৫০০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে। এসব হামলার মাধ্যমে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, ট্যাংক, সাজোয়া যান, ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ সব ধরনের অস্ত্রকে ধ্বংস করে দেয়া হয়। ইসরাইল বিমান হামলা চালিয়ে লাকাতিয়া বন্দরে নোঙ্গর করা ১৫টি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেয়। ইসরাইলের লাগাতার বিমান হামলায় সিরিয়ার সামরিক ক্ষমতার ৮০ ভাগই ধ্বংস হয়ে যায়।

ইসরাইলের ভাষ্যমতে, আসাদ সরকারের সামরিক সরঞ্জাম যেন জিহাদিদের হাতে না যায় এবং সেই অস্ত্র যেন ইসরাইলের জন্য হুমকি সৃষ্টি করতে না পারে তার জন্যই ইসরাইল বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করাই নাকি এই বিমান হামলার প্রধান উদ্দেশ্য। এত কিছুর পরেও ইসরাইলের স্বপ্ন কখনো পূরণ হবে না। স্বাধীন-সার্বভৌম সিরিয়ার বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন সময়ের ব্যবধানে বুমেরাং হয়েই ফিরে আসবে। আসাদের সময়ে সিরিয়া যুক্তরাষ্ট্রের শত্রু হলেও, আসাদ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র সিরিয়ার সাথে বন্ধুত্ব করতে চায়। এজন্য সিরিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র তুলে নিয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শারা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং ১০ নভেম্বর হোয়াইট হাইজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্র বরাবরই ইসরাইলের স্বার্থে কাজ করায় সিরিয়ার জনগণ যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব গ্রহণ করবে না। সিরিয়া ঐতিহ্যবাহী মুসলিম দেশ। রাজধানী দামেস্ক প্রায় ছয় হাজার বছরের পুরানো শহর এবং সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। অসংখ্য নবী-রাসুল সিরিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানে কবরস্থ আছেন। হযরত মুহাম্মদ (সা.) দামেস্ক সফর করেছেন। হাজারো সাহাবি, তাবেঈন, তাবে তাবেঈন, পীর-মাশায়েখ, আলেম-দরবেশ সিরিয়ার মাটিতে শুয়ে আছেন। সিরিয়ার কথা পবিত্র কোরান এবং হাদিসে বর্ণিত আছে। দামেস্ক উমাইয়া খিলাফতের রাজধানী ছিল। এসব কারণে দামেস্ককে পবিত্র শহরও বলা হয়।

পুরো সিরিয়াই ইসলামী ঐতিহ্যের সুতিকাগার। এখানকার মুসলমানদের মাঝে ইসলামের প্রভাব অনেক গভীরে এবং তাদের মন মানসিকতা থেকে ইসলামকে মুছে ফেলা কিছুতেই সম্ভব নয়। সময়ের ব্যবধানে সেখানে ইসলামের পুনর্জাগরণ ঘটবেই, যা নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের বিপক্ষে যাবে। সিরিয়ার সরকার এবং রাজনৈতিক দলসমূহ যদি ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ না নেয় এবং ইসরাইলের সাথে সুস¤পর্ক বজায় রাখে তাহলে রাজনৈতিক দলসমূহ দ্রুতই জনগণের আস্থা এবং সমর্থন হারাবে। এ অবস্থায় সেখানে ইসরাইল বিরোধী শক্তির উত্থান ঘটবে, যারা জাতীয়তাবাদী এবং ইসলামপন্থী হবে। একটি দেশ বিদেশি আগ্রাসনের শিকার হলে, তা দেশের মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলে এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে। বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শক্তির পাশেই জনগণ দাঁড়ায় এবং তারাই রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হয়। সিরিয়ার জনগণ আসাদের শাসন থেকে মুক্তি পেয়ে ইসরাইলের আনুগত্য করার জন্য লড়াই করেনি এবং তারা ইসরাইলের আনুগত্য কিছুতেই মানবে না। এটা রাজনীতির চিরন্তন সত্য এবং বাস্তবতা। যুক্তরাষ্ট্রের আগ্রাসন ইরাক-আফগানিস্তানের মানুষকে ঐক্যবদ্ধ এবং যুক্তরাষ্ট্র বিরোধী করেছে। ভারতের অন্যায় আচরণ বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ এবং ভারতবিরোধী করেছে। একইভাবে ইসরাইলের আগ্রাসন সিরিয়ার মানুষকে ঐক্যবদ্ধ এবং ইসরাইল বিরোধী করে তুলবে।

লেখক: প্রকৌশলী এবং রাষ্ট্র চিন্তক। omar_ctg123@yahoo.com