ইরান যুদ্ধে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা ২৬ মার্চের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল না। গুরুত্বপূর্ণ বিষয় হলো–পাকিস্তান ওয়াশিংটনকে অনুরোধ করেছে, যেন দেশটি ইসরায়েলকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে হত্যা করা থেকে বিরত রাখে, যেন আলোচনার জন্য অন্তত কেউ বেঁচে থাকেন। এই তথ্য যদি সত্য হয়, তবে এর তাৎপর্য গভীর। এটি আর এমন কোনো যুদ্ধ নয়, যেখানে কূটনীতি পাশাপাশি চলছে। বরং যুদ্ধ কীভাবে শেষ হবে, সেই লড়াই ইতোমধ্যে যুদ্ধ পরিচালনার ধরন ঠিক করছে।
ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে সরাসরি শান্তির দিকে এগোচ্ছেন না। বরং তিনি বৃহত্তর যুদ্ধের হুমকি ব্যবহার করে পরিস্থিতি ওয়াশিংটনের পক্ষে রাখতে সীমিত ও নিয়ন্ত্রিত উত্তেজনা চাইছেন। অন্যদিকে ইরান সরাসরি ‘না’ বলছে না। তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং এমন একটি জবাব তৈরি করছে, যা তাদের প্রতিরোধক্ষমতা ও আঞ্চলিক অবস্থান দুটোই রক্ষা করবে। তেহরানের অস্বীকার মানে এই নয় যে, কূটনীতি নেই। বরং এটি কূটনীতিকে রাজনৈতিকভাবে টেকসই করে তোলার একটি কৌশল। আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনা হয়নি। তবে তিনি এটাও স্বীকার করেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হচ্ছে। এটি কোনো দ্বন্দ্ব নয়, বরং একটি পদ্ধতি।
এই পদ্ধতির একটি নির্দিষ্ট ভাষা আছে। ইরান অতীতে অস্বীকার করে বলেছে: কোনো আলোচনা হয়নি, কোনো সংলাপ হয়নি। কিন্তু তারা বলেনি, আমরা আলোচনা করব না বা আলোচনা নিষিদ্ধ। এটি এমন এক অস্বীকার, যা আগের কথা বলেছে; কিন্তু ভবিষ্যতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। আগামী দিনে যদি সরাসরি আলোচনা হয়, তবুও তেহরান বলতে পারবে অস্বীকারের সময় পর্যন্ত এমন কোনো আলোচনা হয়নি। এটি কেবল ভাষার কৌশল নয়; এটি রাষ্ট্রগুলোর নিজেদের অবস্থান পরিবর্তনের আগের একটি উপায়।
ট্রাম্প নিজেও এক অর্থে এই দ্বৈত অবস্থার কথাই বলেছেন। তিনি বলেছেন, ইরানি নেতারা চুক্তি করতে চান; কিন্তু তা প্রকাশ্যে বলতে ভয় পান। তিনি এটিকে ব্যঙ্গ করে বলেছেন; কিন্তু এটি আসলে একটি ‘গঠনমূলক অস্পষ্টতা’র বর্ণনা। ব্যক্তিগতভাবে অগ্রগতি, প্রকাশ্যে অস্বীকার এবং উভয়পক্ষের রাজনৈতিক কারণে এই দুই অবস্থাকে আলাদা করে দেখানো।
ইরানের রাষ্ট্রনীতি আগে থেকেই এমন। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক মিত্রদের প্রতি সমর্থন এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব পরে ক্যারোলিন লিভিট যদিও বলেন, কিছু তথ্য সঠিক নয়, তবে তিনি প্রস্তাবের অস্তিত্ব বা তা নিয়ে পরোক্ষ আলোচনা চলছে–এটা অস্বীকার করেননি। এতে একটি বিষয় পরিষ্কার, ওয়াশিংটন এখন সমাধান নিয়ে দরকষাকষির দিকে গেছে। ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা কয়েক দিনের জন্য বন্ধ রাখার ট্রাম্পের সিদ্ধান্ত কোনো যুদ্ধবিরতি ছিল না। বরং এটি ছিল সংযম। একদিকে চাপ বজায় রাখা, অন্যদিকে বড় ধরনের উত্তেজনা এড়ানো।
ইরান শুধু সময়ক্ষেপণ করছে না; তারা শর্ত নির্ধারণ করছে। তারা জানিয়েছে, যে কোনো যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অভিযান একই কাঠামোর মধ্যে আনতে হবে। একই সঙ্গে তারা নিরাপত্তা নিশ্চয়তা ও হরমুজ প্রণালি-সংক্রান্ত শর্তও তুলেছে। এতে বোঝা যায়, ইরান এই যুদ্ধকে শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সমস্যা হিসেবে দেখছে না; বরং তারা তাদের আঞ্চলিক প্রভাব অক্ষুণ্ন রাখতে চায়।
পাকিস্তান এখানে শুধু একটি স্থান নয়; বরং একটি রাজনৈতিক মুখোশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে এবং ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করা কয়েকটি দেশের মধ্যে একটি হওয়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ। মিসর ও তুরস্কও বিভিন্নভাবে মধ্যস্থতা করছে। তবে পাকিস্তান তেহরানের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য মিত্র। ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন, ট্রাম্প যুদ্ধ শেষ করতে আগ্রহী। তবে তারা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের আলোচনার ফলে ইসরায়েলের ভবিষ্যৎ পদক্ষেপ সীমিত হতে পারে। এই পরিস্থিতিকে কোনো শান্তিপূর্ণ প্রক্রিয়া ভাবা উচিত নয়। ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে– ইরান যদি নিজেদের সামরিক পরাজয় স্বীকার না করে, তবে আরও কঠোর হামলা হতে পারে। এটি শক্তির চূড়া থেকে আলোচনা করার ভাষা।
সবচেয়ে সম্ভাব্য ফলাফল কোনো বড় চুক্তি নয়; বরং সীমিত ও অস্বস্তিকর সমঝোতা; যেখানে কেউই এটিকে আনুষ্ঠানিক সমাধান বলতে চাইবে না। যুক্তরাষ্ট্র বলবে চাপ ফল দিয়েছে, আর ইরান বলবে প্রতিরোধের জয় হয়েছে।
ড. মুজতবা তুইসেরকানি: আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ; মিডল ইস্ট মনিটর থেকে সংক্ষেপিত ভাষান্তর মাহফুজুর রহমান মানিক
