২০২৬ সালের ৩ জানুয়ারি ভোরে কারাকাসের আকাশ যখন মার্কিন ডেল্টা ফোর্সের হেলিকপ্টারের গর্জনে প্রকম্পিত হচ্ছিল, তখন বিশ্ব রাজনীতি এক অন্ধকারাচ্ছন্ন ও অনিশ্চিত অধ্যায়ে প্রবেশ করে। সাংবিধানিক রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে তাঁর নিজ ভূমি থেকে অপহরণ করার এই ঘটনাটি কেবল একটি রাষ্ট্রপ্রধানের বন্দিত্ব নয়, বরং এটি আধুনিক যুগে আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ধারণাকে একপ্রকার মৃত বলে ঘোষণা করার শামিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ হিসেবে অভিহিত করে একে মাদক পাচারবিরোধী একটি পদক্ষেপ হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরলেও তাঁর নিজের বক্তব্যেই প্রকাশ পেয়েছে এই আগ্রাসনের প্রকৃত রূপÑভেনিজুয়েলার বিশাল তেল সম্পদের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।
এই আক্রমণটি মূলত ১৮২৩ সালের পুরানো ‘মনরো মতবাদ’-এর একবিংশ শতাব্দীর অত্যন্ত হিংস্র ও সরাসরি সংস্করণ, যাকে রাজনৈতিক বিশ্লেষকরা বিদ্রƒপ করে ‘ডনরো মতবাদ’ বলে ডাকছেন। এই মতবাদ অনুযায়ী পশ্চিম গোলার্ধ হবে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের অধীন এবং সেখানে চীন, রাশিয়া বা ইরানের মতো কোনো বিদেশি শক্তির উপস্থিতি ও প্রভাব কোনোভাবেই বরদাশত করা হবে না। এই নব-সাম্রাজ্যবাদী আকাক্সক্ষা আজ ভেনিজুয়েলাকে এক চরম মানবিক ও রাজনৈতিক সংকটের মুখে ঠেলে দিয়েছে, যা কেবল লাতিন আমেরিকা নয়, বরং গ্লোবাল সাউথ বা তৃতীয় বিশ্বের প্রতিটি দেশের জন্য এক অশনিসংকেত হিসেবে দেখা দিচ্ছে, যেখানে সার্বভৌমত্ব এখন আর কোনো অলঙ্ঘনীয় অধিকার নয়, বরং মার্কিন স্বার্থের প্রতি আনুগত্যের শর্তসাপেক্ষ।
ট্রাম্প শাসনামলের এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের হিংসাত্মক কা-টি বোলিভারীয় বিপ্লবকে দমন করার লক্ষ্যে গত দুই দশক ধরে চলমান হাইব্রিড যুদ্ধেরই অব্যাহত ধারা, যার আভাস ২০ বছর আগেই দিয়েছিলেন বলিভিয়ার বিপ্লবী নেতা হুগো শাভেজ। ২০০৬ সালে তিনি তাঁর অন্যতম প্রতীকী ভাষণে বলেছিলেনÑ ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার শান্তি চায় না। এটি যুদ্ধের মাধ্যমে তার শোষণ, লুণ্ঠন ও আধিপত্যের ব্যবস্থাকে কাজে লাগাতে চায়। এটি শান্তি চায়Ñকিন্তু ইরাকে কী ঘটছে? লেবাননে কী ঘটেছিল? ফিলিস্তিনে? কী ঘটছে? গত ১০০ বছরে লাতিন আমেরিকা ও বিশ্বজুড়ে কী ঘটেছে? আর এখন ভেনিজুয়েলাকে হুমকি দেওয়া হচ্ছে।’ ভেনিজুয়েলার বিরুদ্ধে এই আগ্রাসনের গভীরতম কারণ বিশ্লেষণ করলে দেখা যায় যে, এর মূলে রয়েছে ৩০০ বিলিয়ন ব্যারেল প্রমাণিত তেল মজুদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ভূ-অর্থনৈতিক আকাক্সক্ষা, যা দেশটিকে বিশ্বের বৃহত্তম তেল মজুদকারী রাষ্ট্রে পরিণত করেছে। ২০০৭ সালে যখন হুগো চাভেজ দেশটির তেল খাত জাতীয়করণ করেন এবং এক্সন মোবিল বা শেভরনের মতো বহুজাতিক কোম্পানিগুলোকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসেন, তখন থেকেই ওয়াশিংটনের জন্য ভেনিজুয়েলা একটি চক্ষুশূল হয়ে দাঁড়ায়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদক, তবু তাদের রিফাইনারিগুলো ভেনিজুয়েলার ভারী অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার জন্য বিশেষভাবে নির্মিত, যা এই সম্পদকে কৌশলগতভাবে অপরিহার্য করে তুলেছে।
ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এখন এই সম্পদকে সরাসরি দখলের মাধ্যমে বৈশ্বিক জ্বালানি বাজারে একাধিপত্য বজায় রাখতে চায়, যাতে ভবিষ্যতে কোনো ভূ-রাজনৈতিক সংকটে তাদের জ্বালানি নিরাপত্তা বিঘিœত না হয়। তেলের এই লোভকে আড়াল করতে মাদুরোকে ‘নার্কো-টেররিস্ট’ হিসেবে অভিযুক্ত করা হলেও জাতিসংঘের তথ্য ও আন্তর্জাতিক ড্রাগ এনফোর্সমেন্ট সংস্থাগুলোর উপাত্ত স্পষ্ট প্রমাণ করে যে, কোকেন পাচারের প্রধান রুটগুলো মূলত মার্কিন মিত্র কলম্বিয়া ও মধ্য আমেরিকার দেশগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়। ফলে এই অভিযোগটি আসলে একটি ক্ল্যাসিক রিয়েল-পলিটিক কৌশলমাত্র, যেখানে একটি সার্বভৌম রাষ্ট্রকে ধ্বংস করার আগে তার নেতৃত্বকে বিশ্ববাসীর চোখে অপরাধী হিসেবে চিত্রায়িত করে নৈতিক বৈধতা অর্জনের অপচেষ্টা করা হয়।
এই সংকটের তাত্ত্বিক ও অর্থনৈতিক বিশ্লেষণ করতে গেলে প্রথিতযশা অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানীদের তত্ত্বের দ্বারস্থ হতে হবে, যা এই আগ্রাসনের নেপথ্য কাঠামোকে উন্মোচিত করে। আর্জেন্টিনার বিখ্যাত অর্থনীতিবিদ রাউল প্রেবিশ তাঁর ‘নির্ভরশীলতা তত্ত্ব’ বা ‘ডিপেন্ডেন্সি থিওরি’তে দেখিয়েছিলেন যে, কীভাবে প্রান্তিক দেশগুলো (ভেনেজুয়েলার মতো) তাদের প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীলতার কারণে কেন্দ্র বা উন্নত দেশগুলোর (মার্কিন যুক্তরাষ্ট্র) শোষণের শিকার হয়। ভেনিজুয়েলা যখন তার তেল সম্পদকে কাজে লাগিয়ে একটি স্বাধীন অর্থনৈতিক পথ বেছে নিতে চেয়েছিল, তখনই মার্কিন যুক্তরাষ্ট্র সেই নির্ভরশীলতার শৃঙ্খলকে অস্ত্র হিসেবে ব্যবহার করে দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দেয়। আবার নোয়াম চমস্কির ‘হেজিমনি অর সারভাইভাল’ তত্ত্বের আলোকে দেখলে বোঝা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন আসলে তাদের বিশ্বব্যাপী একক আধিপত্য বা হেজিমনি রক্ষার একটি মরিয়া প্রচেষ্টা, যেখানে যেকোনো ভিন্নমতাবলম্বী আদর্শকে শক্তি প্রয়োগে স্তব্ধ করে দেওয়া হয়।
সমাজবিজ্ঞানী জন গাল্টাংয়ের ‘গাঠনিক প্রতিহিংসা’ বা ‘স্ট্রাকচারাল ভায়োলেন্স’ ধারণাটি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো সরাসরি কাউকে গুলি না করলেও তা খাদ্য ও ওষুধের সংকট তৈরি করে লাখ লাখ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, যা যুদ্ধের ময়দানের চেয়েও ভয়াবহ। আধুনিক বিশ্বব্যবস্থা তত্ত্বে ইমানুয়েল ওয়ালারস্টাইন যেমনটি বলেছিলেন, কেন্দ্র তার অবস্থান বজায় রাখতে সর্বদা প্রান্তের সম্পদ লুট করবে। ভেনিজুয়েলায়ও আজ সেই ঐতিহাসিক শোষণের এক নির্লজ্জ ডিজিটাল সংস্করণ আমরা প্রত্যক্ষ করছি, যেখানে ব্যাংকিং সিস্টেম এবং ডলারকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভেনিজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, মার্কিন হস্তক্ষেপের ফলে দেশটির মানবিক সংকট এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ঘোষণা করেছে যে, তারা ভেনিজুয়েলার তেল বিক্রির লভ্যাংশ অসীমকালের জন্য নিজেদের নিয়ন্ত্রণে রাখবে। তখন প্রকৃতপক্ষে তারা দেশটির সামাজিক সুরক্ষা খাতকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে, যা দেশটির বাজেটের প্রায় ৭৮ শতাংশ জোগান দেয়। ইতোমধ্যেই কয়েক কোটি মানুষ দেশ ছেড়ে শরণার্থী হিসেবে কলম্বিয়া, ব্রাজিল ও পেরুর দিকে পাড়ি জমিয়েছে, যা পুরো লাতিন আমেরিকা অঞ্চলে এক তীব্র সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে।
এই আগ্রাসন লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যেও এক গভীর বিভাজন রেখা টেনে দিয়েছে; যেখানে ব্রাজিল বা মেক্সিকোর মতো দেশগুলো এই হস্তক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে, সেখানে আর্জেন্টিনা বা প্যারাগুয়ের মতো কট্টর মার্কিনপন্থি সরকারগুলো একে ‘মুক্তি’ হিসেবে স্বাগত জানিয়েছে। ট্রাম্প প্রশাসন এখন কিউবা ও নিকারাগুয়ার মতো দেশগুলোতেও একই ধরনের হস্তক্ষেপের হুমকি দিচ্ছে, যা সমগ্র পশ্চিম গোলার্ধকে এক দীর্ঘস্থায়ী শীতল যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এবং প্রমাণ করছে, মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর কেবল কূটনৈতিক চাপে বিশ্বাসী নয়, বরং তারা সরাসরি সামরিক ও অর্থনৈতিক শক্তির জোরে শাসন পরিবর্তনে বদ্ধপরিকর।
এই বৈশ্বিক অস্থিতিশীলতার ঢেউ এখন তৃতীয় বিশ্বের দেশগুলোরও দোরগোড়ায় এসে পৌঁছেছে, যেখানে তেলের মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি জাতীয় নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলছে। বাংলাদেশ প্রতি বছর প্রায় ৫ বিলিয়ন ডলারের তেল আমদানি করে। ভেনিজুয়েলার উৎপাদন বন্ধ হওয়া এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় মার্কিন একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হলে জ্বালানির দাম আকাশচুম্বী হবে, যার সরাসরি প্রভাব পড়বে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং দ্রব্যমূল্যের ওপর।
আরও উদ্বেগের বিষয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্র এখন ‘সেকেন্ডারি স্যাংশনস’ বা দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞার মাধ্যমে বাংলাদেশের মতো দেশগুলোকে ভেনিজুয়েলার বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করতে পারে, যা দেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ও চীনের সঙ্গে বিদ্যমান কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে এক কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে। যদি বাংলাদেশ মার্কিন নির্দেশ অমান্য করে তবে আমাদের রপ্তানি খাতের ওপরও নিষেধাজ্ঞার খড়গ নেমে আসার ঝুঁকি থাকে। যা প্রমাণ করে যে, মার্কিন আগ্রাসন এখন আর ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নয়, বরং এটি একটি ডিজিটাল ও অর্থনৈতিক জাল, যা ছোট রাষ্ট্রগুলোর সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলতে চায়। ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসন ও ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ সফল হলে বাংলাদেশের ওপর অদূর ভবিষ্যতে যে অর্থনৈতিক প্রভাব পড়বে, তা হবে অত্যন্ত গভীর ও বহুমুখী। ভেনিজুয়েলার তেল উৎপাদন ব্যাহত হওয়া বা মার্কিন নিয়ন্ত্রণে চলে যাওয়ার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হবে, যা জ্বালানি তেলের মূল্যকে এক অস্বাভাবিক উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশ প্রতিবছর কয়েক বিলিয়ন ডলারের তেল আমদানি করে, তাই এই মূল্যবৃদ্ধি সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ধস নামাবে এবং বাণিজ্য ঘাটতিকে বিপজ্জনক পর্যায়ে পৌঁছে দেবে।
এর প্রত্যক্ষ প্রভাবে অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা, কৃষি সেচ এবং শিল্প উৎপাদন ব্যয় কয়েক গুণ বেড়ে যাবে, যা দেশজুড়ে এক মুদ্রাস্ফীতির জোয়ার সৃষ্টি করবে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান হ্রাস পাবে এবং দারিদ্র্য বিমোচনের গতি থমকে যাবে। কূটনৈতিক ক্ষেত্রে ওয়াশিংটন হয়তো ঢাকাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে বা তাদের নিষেধাজ্ঞায় সমর্থন দিতে বাধ্য করবে, যা বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। বিশেষ করে, তেলের বিকল্প উৎস হিসেবে রাশিয়া বা ইরানের সাথে সম্পর্ক বজায় রাখলে বাংলাদেশের ওপর ‘সেকেন্ডারি স্যাংকশন’ বা তৈরি পোশাক রপ্তানি খাতে অদৃশ্য বাধার ঝুঁকি তৈরি হতে পারে। ফলে এই আগ্রাসন কেবল দূরবর্তী কোনো ল্যাটিন আমেরিকান সংকট নয়, বরং এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে এক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। উপসংহারে বলা যায়, ভেনিজুয়েলার মাটিতে মার্কিন বুটের শব্দ এবং মাদুরোর অপহৃত হওয়ার ছবি মূলত একটি বার্তাই দেয় যে, শক্তিশালীর আইনই এখন আন্তর্জাতিক আইনের ওপর স্থান করে নিয়েছে। তবে এই আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধও এখন বিশ্বব্যাপী দানা বাঁধছে। প্রতিটি উন্নয়নশীল দেশকে বুঝতে হবে যে, শক্তির ভারসাম্য বজায় না রাখলে এবং নিজেদের অর্থনীতির ভিত্তি শক্তিশালী না করলে যেকোনো মুহূর্তেই আন্তর্জাতিক রাজনীতির দাবার ঘুঁটি হিসেবে তাদের ব্যবহার করা হতে পারে। ভেনিজুয়েলার জনগণের এই লড়াই কেবল তাদের নিজেদের নয়, বরং এটি বিশ্বের প্রতিটি স্বাধীনতাকামী মানুষের লড়াই।
তাই এই নব-সাম্রাজ্যবাদী হেজমনি বা আধিপত্যবাদের বিরুদ্ধে একটি একক ও শক্তিশালী বৈশ্বিক কণ্ঠস্বর তৈরি করা অপরিহার্য। ইতিহাস সাক্ষ্য দেয়, কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় এবং অন্যায়ের ভিত্তিতে গড়া আধিপত্যের বিনাশ অবধারিত। তবে সেই বিনাশ ত্বরান্বিত করতে প্রয়োজন ক্ষুদ্র ও মাঝারি দেশগুলোর অটুট সংহতি ও কৌশলগত বুদ্ধিমত্তা। এই সংকটের মেঘ কেটে গিয়ে একদিন একটি ভারসাম্যপূর্ণ ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠিত হবে। যেখানে প্রতিটি রাষ্ট্র তার নিজস্ব সম্পদ ও ভাগ্য নিজেই নিয়ন্ত্রণ করার অধিকার পাবে। ভেনিজুয়েলার এই দুঃসময়ই হয়তো সেই নতুন ভোরের পদধ্বনি হয়ে থাকবে।
লেখক : অধ্যাপক, অর্থনীতি বিভাগ জগন্নাথ বিশ^বিদ্যালয়
