বাঙালি এক কালে বিশ্বাস করত : আমরা হেলায় লংকা করেছি জয়। বিজয় সিংহের উত্তরাধিকারী বাঙালি এখন বিশ্বজয় করে চলেছে। আমাদের এই প্রিয় সিডনি শহরে বাংলা গান, কবিতা, নাটক, আড্ডা সবকিছু তুঙ্গস্পর্শী। কোনোদিন কোথায় কি হচ্ছে বা হবে সে নির্ঘণ্ট জানতে এখন মোটামুটি মিডিয়া দরকার। একটা কথা মানতেই হবে স্থানীয় আর অস্থানীয় দেশের কিংবা দেশের বাইরের প্রতিভার সম্মিলনে টগবগ করে ফুটছে সিডনি। সব অনুষ্ঠান যে মনে দোলা দেয় এমন না। আবার সবকিছু যে মনের মতো হবে তাও ঠিক না। যা বা যারা সংস্কৃতি চর্চা করছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি ৮ ফেব্রুয়ারি রবিবার এই অনুষ্ঠানে না গেলে আমি ভুল করতাম।\r\nএ লেখা যারা পড়বেন তাদের বেশির ভাগই শফিকুল আলমকে চেনেন না। নোমান শামীমকেও না। তারা আমার বন্ধু ও অনুজ।

শফিক ভাই এক সময়কার দাপুটে ছাত্র নেতা। শামীম এখন ব্যস্ত তরুণ নেতা ও সংগঠক। তাদের কথা আগেভাগে বলছি এই কারণে একজন আমাকে টিকিট দিয়ে কৃতার্থ করেছেন অন্যজন অত দূরের পথ পাড়ি দিয়ে আসা যাওয়ার ব্যবস্থা করেছে। আচ্ছা কেন আমার খারাপ বোধ হতো অনুষ্ঠানে না গেলে ?\r\nব্রায়ান ব্রাউন থিয়েটার হলটিতে এ যাবৎ যতগুলো অনুষ্ঠান দেখেছি তার মধ্যে এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে যে অনুষ্ঠানে আসর মাত করেছে জলের গানের কান্ডারি রাহুল আনন্দ আর তার যোগ্য সহযোগী কনক আদিত্য। \r\nআশ্চর্যের বিষয় হচ্ছে, এই দুই আয়োজনের অতিথি বা নামী মানুষদের কেউই এখন দেশে থাকেন না। থাকতে পারেন না। রাহুল আনন্দের জলের গান আমাদের গানের জগতে জলপ্রপাতের মতো বয়ে যাচ্ছিল।

ওপার বাংলার সংস্কৃতিজনদের ধারণা আমাদের বাংলাদেশে গান বাজনা বা অন্যকিছু মোটামুটি চলনসই গোছের। তাদের এই নাক উঁচু মনোভাবের নাকটা ভোঁতা করে জলের গানকে গাইতে দেখেছি গানের রিয়েলটি শোতে। এমন যদি হতো আমি পাখির মতো, এই গানের সঙ্গে রাহুলের বাহু তোলা পাখির নাচে তাদের নাচতে দেখেছিলাম।\r\nতবে জলের গানের সঙ্গে নিবিড় পরিচয় ঘটে সংবাদিক মুন্নী সাহার কল্যাণে। আজ এই লেখাটি লেখার আগে দুটো চমৎকার ঘটনা ঘটেছে। যার একটি মুন্নীর সঙ্গে আলাপ। তাকে জানিয়েছিলাম যে গতকাল জলের গান সিডনিতে গান গেয়েছে।

উত্তরে মুন্নী আমাকে রাহুল আনন্দের সঙ্গে তার ভালোবাসা ও সম্পর্কের কথা জানিয়ে বলল, তাদের নতুন মিডিয়া এক টাকার খবরেও নাকি জলের গানকে বেশ ভালো একটা অনুষ্ঠান হয়েছিল।\r\nযে কথা বলছিলাম, জলের গানের দুই পুরোধা গায়ক রাহুল আনন্দ আর কনক আদিত্য কাল মাতিয়ে রেখেছিল আমাদের। জলের গান বাংলাদেশের একটি ব্যান্ড দল। এই ব্যান্ড মূলত ফোক-ফিউশন ধারায় গান গায়। ২০০৬ সালে এই ব্যান্ড প্রতিষ্ঠিত হয়। ঝরা পাতা, বৃষ্টির গান, বকুল ফুল- এ রকম অসংখ্য গানের জন্য বর্তমান সময়ে দেশের জনপ্রিয় ফোক ব্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে ব্যান্ড দল জলের গান ।\r\nতারা যে জায়গা করে নিয়েছিল তার বড় প্রমাণ সিডনিতে অনেক দল ও গায়ক গায়িকারা দর্শক শ্রোতাদের অনুরোধে, মন রাখতে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি গানটা গেয়ে গেছেন।

যে দৃশ্যটা মনে করব, এই গানটি গীত হলেই আমাদের নারী শ্রোতাদের ভেতর দাঁড়িয়ে নাচ করবার যে কৌতূহল তা সহজে দেখা যায় না। দেশ পেরিয়ে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বেশ কয়েকটা জলের গানের ধারা বয়ে গেছে নানা মহাদেশে। তার আরেকটি হচ্ছে এমন যদি হতো আমি পাখির মতো।\r\nঅনুষ্ঠানে তাদের অনেকগুলো গানের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল কোথাও ঘাপটি মেরে শুনছেন ভূপেন হাজারিকা। সেই যে গানগুলো যেগুলো খুব উচ্চকিত না আবার মিনমিনেও না তার ই আভাস দিচ্ছিলেন তারা দু জন। আমাদের সহজাত ধারণা গণমুখী গান বা জীবনের গান বা তীব্র প্রতিবাদ চড়া কণ্ঠ ঝাঁঝালো সুরের কোন গান। সে ধারণাতো বটেই প্রচলিত ব্যান্ডের ধারণার বাইরে জলের গানের পদচারণা। আমি কোন ব্যান্ডের গায়ককে বাউলের পোশাক পরে এমন করে গাইতে দেখিনি। তাও পরিমিত কণ্ঠে।

অনেকে বলবেন বা বলছেন সুরের কথা। মিহি কাজ, লয় মেনে ব্যাকরণ মেনে গান করা কি কি যেন বলে না সেগুলো খুঁজলে আপনি ফাঁকফোকর পেতেই পারেন। কিন্তু কেউ তো কৌশিকী চক্রবর্তীর গলার কাজ শুনতে যাননি এদিনের অনুষ্ঠানে। গিয়েছিলেন মন ভালো করা গান শুনতে। সেটা পূর্ণতা পেয়েছে।\r\nযেটা সবচেয়ে বেশি উপভোগ করেছি রাহুলের দর্শক শ্রোতাদের আবিষ্ট রাখার শক্তি। কথা বলে পারস্পরিক ভাব বিনিময় করে এমনকি সিডনি স্টেজে প্রথমবার কোনো অজি নারীকে ডেকে এনে তাকে দিয়ে গান গাইয়ে আসর জমানো সম্ভবত এই প্রথম। রাহুল আনন্দের পা থেকে মাথা পর্যন্ত যন্ত্র তার চটি বা জুতায় ও সুরের মূর্চ্ছনা।

বাঁশিতে অনিন্দ্য মুখে হাত রেখে শব্দ তোলায় অনন্য রাহুল একজন খাঁটি আর্টিস্ট।\r\nঅনেকেই জানেন ঢাকায় দুই দিনের সংক্ষিপ্ত সফরকালে বাংলাদেশের জনপ্রিয় গানের দল জলের গান এর সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের ধানমণ্ডির বাসার নিজস্ব স্টুডিওতে গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সেদিন রাতে রাহুল আনন্দের স্টুডিওতে গিয়েছিলেন ফরাসী প্রেসিডেন্ট। সেখানে রাহুল আনন্দ ছাড়াও আরও তিন শিল্পী আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারার সঙ্গে কথা বলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় শিল্পীদের গান শোনার পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্র দেখেন ফরাসি প্রেসিডেন্ট।\r\nএ সময় তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্টকে একতারা বাজানো শেখান রাহুল, যা নিয়ে সেখানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।\r\nবহুকাল আগে শয্যাশায়ী পরিচালক চলচ্চিত্র জগতের বিশ্ব কিংবদন্তি বাঙালি সত্যজিত রায়ের বেলায় এমনটা ঘটেছিল। ১৯৮৭ সালে ফ্রান্স সরকার তাকে সম্মানসূচক পুরস্কার লেজিওঁ দনরে ভূষিত করে। সেই পুরস্কার তুলে দিতে কলকাতা এসেছিলেন ফরাসি কর্মকর্তা। সে স্মৃতি অম্লান আছে।\r\nরাহুল আনন্দের সেই বাড়ি বা যন্ত্রগুলো নাই। সেগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রাহুল আনন্দ থেমে যাননি। এখন তিনি ফ্রান্সে থাকেন। ডানা মেলে দেশ-বিদেশে পাখির মতো উড়ে উড়ে গান করেন। গতকাল অসাধারণ লিরিকের একটি গান ছিল এমন-\r\nআকাশ নদী জল/ ছুঁয়ে বলি চল/ হারিয়ে যাই ....\r\nগান শুনে ফিরে আসতে আসতে ভাবছিলাম- এমন হারিয়ে যাওয়ার স্বপ্ন দেখানোই তো গান। আনন্দ অবগাহনে অভিসিক্ত করার জন্য অভিনন্দন রাহুল আনন্দ ও কনক আদিত্য। জলের গান দীর্ঘ হোক পথযাত্রা।\r\ndasguptaajoy@hotmail.com