চাল, চিনি, ভোজ্যতেল, আটা-ময়দা-সুজি-তরল ও গুঁড়া দুধ সর্বোপরি দুগ্ধজাত প্রায় সব পণ্যে ভেজালের বিষয়টি ওপেন সিক্রেট। এতে সমূহ ক্ষতি হচ্ছে জনস্বাস্থ্যের, বিশেষ করে নারী ও শিশুর। তাই বলে দেশের একমাত্র সরকারি দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটার দুধে ভেজালের বিষয়টি বিস্ময়কর মনে হলেও সত্য। দুগ্ধ উৎপাদন, সংগ্রহ ও বাজারকাতকারী সবচেয়ে বড় সমবায় প্রতিষ্ঠান মিল্কভিটার একটি সংঘবদ্ধ চক্র গত এক বছর ধরে কৃত্রিমভাবে নকল দুধ তৈরি ও প্যাকেটজাত করে খোলাবাজারে দুই লাখ লিটার দুধ বিক্রি করে হাতিয়ে নিয়েছে অন্তত দেড় কোটি টাকা। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের যোগসাজশে একটি বিশেষ সিন্ডিকেট এই ভয়ঙ্কর দুর্নীতির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে অনুসন্ধানে ধরা পড়েছে।

চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংক্রান্ত বিশেষ বৈঠকে। \r\nসংঘবদ্ধ চক্রটি পাবনা ও খুলনা থেকে প্রতি লিটার তরল দুধ মাত্র ২৫ টাকা দরে কিনে সংশ্লিষ্ট কোম্পানিতে বেশি মূল্যে ক্রয় দেখায় কাগজে-কলমে। এরপর এই নকল দুধ প্যাকেটজাত করে ৯৫ টাকা প্রতি লিটারে বিক্রি করে ভোক্তাদের কাছে। নকল এই দুধে দেওয়া হয় ডিটারজেন্ট, তেল ও সোডা, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পুষ্টিবিদদের মতে, এই দুধ সেবনে মারাত্মক স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। এটি শুধু দুর্নীতি নয়, বরং মানুষ হত্যার সমতুল্য। সেক্ষেত্রে শুধু জালিয়াতি বা দুর্নীতি নয়, বরং নরহত্যা আইনের আওতায় বিচার হওয়া বাঞ্ছনীয়। \r\nবর্তমানে গুঁড়া ও তরল দুধে পাওয়া যাচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর নানা উপাদান, যেমন- ফরমালিন, সালমোনেলাসহ অণুজীব, কীটনাশক, সিসা, অ্যান্টিবায়োটিক, এমনকি সাবান ও ডিটারজেন্ট। বাজারে প্রচলিত প্রায় সব ব্র্যান্ডের দুধ জরিপ করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলেছে, অধিকাংশ দুধেই রয়েছে ক্ষতিকর পদার্থ। উচ্চ আদালতসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ও বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারও বলেছে প্রায় সব দুধেই রয়েছে ভেজালের অস্তিত্ব। অতঃপর মানুষ যাবে কোথায়? কোন্ প্রতিষ্ঠান বা কাদের কথা বিশ্বাস করবে? আস্থা রাখবে? যেখানে মানুষের দৈনন্দিন স্বাস্থ্য সুরক্ষাসহ জীবনমরণের প্রশ্ন জড়িত, সেখানে এগিয়ে আসতে হবে সরকারকেই। প্রয়োজনে গঠন করতে হবে জাতীয় দুগ্ধ কমিশন। সাধারণ প্রান্তিক দুগ্ধ খামারিদের সুরক্ষাসহ জনসাধারণের জন্য নিরাপদ দুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।