(গত শুক্রবারের পর)
এই মিষ্টি আজ টোড়িমাসি নিয়ে এসেছে। সাধারণত, এই বাসায় টোড়িমাসির বন্ধুরাই নানা মিষ্টি নিয়ে আসে। আর আমি সেসব দুপুরবেলা ভাত খাওয়ার পরপরই খাই। তবে অনেকদিন কেউ মিষ্টি আনছে না দেখে আজ টোড়িমাসিই সে কাজ সারল। মিষ্টির প্যাকেটের দাম পাঁচশ টাকা। টোড়িমাসি বলল, গুনে বল কয়টা মিষ্টি আছে। আমি বললাম এগারোটা। ‘তবেই বুঝতে পারছিস দিনে কয়টা করে মিষ্টি খেতে হবে।’- টোড়িমাসির সর্তকবাণী! আমি যদিও ভাবছিলাম প্রতিদিন দুপুরবেলা দু’টো করে মিষ্টি খাব, সে আশায় গুড়েবালি। এদিকে মা’ও এসে যোগ দিল। ‘না না, বেশি মিষ্টি খাওয়া একদম ঠিক না। মোটা হয়ে যাবি। মিষ্টি আর চিনি হচ্ছে বিষ। ‘হোয়াইট পয়জন!’ আমাদের সোলেয়মান ভাই সেদিন মাকে দেখতে এসে অবশ্য বলেছিলেন, ‘আমার মেয়েটা একদম আপনার মতো দেখতে হয়েছে।
গোলগাল।’ যথারীতি দেরি করে ঘুম থেকে উঠে আমি রুটি আর পেঁপেভাজি দিয়ে ব্রেকফাস্ট করতে বসেছি। পেঁপেভাজি আমার দারুণ অপছন্দ। কিন্তু কী আর করা। প্রতিদিন তো আর ভাগ্যে শিকে ছিঁড়ে না। সামনে আবার দেখি কলা রাখা। কলার খোসা কুচকুচে কালো। আমি নাক কুঁচকাতেই বাড়ির সকলের মুখ থেকে দৈববাণী এল, ‘খুলে দেখ। ভিতরে একদম সাদা। খুব মিষ্টি আর ভালো কলা।’ হয়েছে কি কলার জন্য খুব ফ্রুটফ্লাই হচ্ছিল। মা’র চিৎকার- ‘বাড়ি ছেয়ে যাবে। বাড়ি ছেয়ে যাবে। অশ্রুদের বাড়ি এমন হয়েছিল। টিটু ভিনেগারের একটা সলিউশন বানিয়ে ফ্রুটফ্লাই দূর করেছিল।’ অশ্রু আমার ছোটবোন, আমেরিকায় থাকে। আর টিটু তার ছেলে। নাতি টিটুর সব কাজের ওপর মা’র অগাধ বিশ্বাস। কিন্তু টোড়িমাসি ভিনেগারের ধারেপাশে না গিয়ে কলাগুলো প্লাস্টিকের ব্যাগে মুড়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল।
যে কে সেই। কলাগুলো কুচকুচে কালো হয়ে গেল। সেই সবরি কলা এখন আমাকে খেতে বলা হচ্ছে। বেদনা সেখানেই শেষ নয়। টোড়িমাসি চাল, আলু, মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট বানিয়েছে। আমাকে বলে কী, ‘টেস্ট করে দেখ।’ আমি বললাম, ‘এখন তো রুটি খাচ্ছি।’ টোড়িমাসি বলে,‘তাতে কী? রুটির সঙ্গেই খা।’ এরা সব বদ্ধ-উন্মাদ নাকি? আটার রুটির সঙ্গে মুড়িঘন্ট খাব? অন্যদিনের মতো মা আজও খোঁজ নিয়ে গেছে, ‘ছাদে গায়ে একটু রোদ লাগাতে গিয়েছিলি?’ আমি যে কোন গাঁদাফুল তা বুঝতে পারলাম না। প্রতিদিন রোদ লাগাতে হবে! এসব প্রশ্নের উত্তর দিলাম না। এদিকে মা ছাদ পর্যন্ত উঠতে পারে না বলে বারান্দায় একটা ফ্লোডিং টেবিল পেতে রোদ লাগাতে বসল। সঙ্গে কাজও আছে। মা’র একটা বড় ব্যাগ আছে। তার ভেতর ছোট ছোট অনেক ব্যাগ আছে। আমার নামেও একটা ব্যাগ আছে।
সেই ব্যাগগুলোতে প্রত্যেকের টাকা থাকে। যে যখন যা কেনে, মা তার সেই ব্যাগ থেকে তাকে টাকা দেয়। আর একটা খাতায় খুদে খুদে অক্ষরে চল্লিশ পয়সা থেকে চার হাজার টাকার পাই-পয়সা হিসাব লিখে রাখে। ভীষণ জটিল এক সিস্টেম। আমি বললাম, এত যন্ত্রণার কী প্রয়োজন? মা বলে, ‘না, পয়সা শেষ হয়ে যেতে পারে!’ সকালে উঠে দেশি লিলিপুট কাপ নয়, একটা প্রমাণ সাইজের আমেরিকান কাপে চা নিয়ে বসেছি। শেফালি পড়িমড়ি ছুটে এসেছে। ‘না, না, আগে রুটি-তরকারি খান, তারপর চা খান।’ কোনো একটা সামান্য কাজও এ বাড়িতে সকলের অনুমোদন ছাড়া করা সম্ভব নয়। টোড়িমাসি বলল, ‘থাক, ছেড়ে দাও। এরা সব আমেরিকান।’ তারপর নিজে যোগ করল, ‘এতটা চা খাচ্ছিস? সারাদিনের চা তো একবারেই খাচ্ছিস! আর সবটুকু তরকারি খেয়ে ফেল। থাকলে খুব মুশকিল হবে।’ তাকিয়ে দেখি এক বড় বাটি তরকারি!
এ পর্যন্ত কামাল ভাইয়ের কথা বলা হয়নি। এ বাড়ির ড্রাইভার হচ্ছেন কামাল ভাই। সবসময় ইস্ত্রি করা জামাকাপড় পড়েন কোমরে বেল্ট বেঁধে। আর শুক্রবারে পাঞ্জাবি। এ বাড়িতে যারা যারা বেড়াতে আসেন, তাদের সকলের থেকেই কামাল ভাইয়ের পোশাক—পরিচ্ছদ ভালো। যদিও অবরোধ আর হরতালের জন্য আজকাল কামাল ভাই খুব একটা গাড়ি চালানোর সুযোগ পান না। ফলে বাজার থেকে ঢ্যাঁড়স, জলপাই, গুড়, হারপিক এসব আনেন। আজ অবস্থা আরও গুরুতর। দেখি টোড়িমাসি, শেফালি, কামাল ভাই তিনজন লাইন বেঁধে ছাদের দিকে যাচ্ছে। কী ব্যাপার? শাড়িতে মাড় দেওয়া হয়েছে। এখন ছাদে দড়ি টাংগিয়ে সেসব শাড়ি শুকানো হবে। এ বাড়ির ছাদটা বেশ সুন্দর। ইঁটের গাঁথুনি করে বড় বড় টবে কামিনী, কাঠগোলাপ, বোগেনভিলিয়া লাগানো হয়েছে। সব ফুটে আছে। এ পটভূমিতে মাড় দেওয়া শাড়ি একদম শোভা পায় না।
আমি নিশ্চিত একটু পরই ছাদ কমিটি থেকে ফোন আসবে শাড়ি সরিয়ে নেওয়ার জন্য। আমাকে বড় কাপে চা খেতে বলার সমালোচনার উচিত শিক্ষা হবে। রক্ষা নেই, রক্ষা নেই। কিছুক্ষণ পর আমার ছাদে ডাক পড়ল। কামাল ভাই এসে একটা চেয়ারের ধুলা ঝাড়তে শুরু করলেন। তেরো তলা পর্যন্ত সে চেয়ার বয়ে নিয়ে যাবেন। টোড়িমাসি ভোর ছয়টায় বন্ধু-বান্ধবের সাথে রমনা পার্কে হেঁটেছে বলে এখন আর হাঁটবে না। তবে আমাকে হাঁটতে হবে। আর টোড়িমাসি ওই চেয়ারে বসে দেখবে আমি কেমন হাঁটছি। হায়রে স্বাস্থ্য-উদ্ধারের জন্য আমার আমেরিকা থেকে ঢাকায় আসা! আমি হাঁটতে থাকলাম। আর টোড়িমাসির মোবাইল থেকে অতি বেসুরো গলায় গান ভেসে এল- ‘সখি তোরা দেখে যা, ফুলের দোলায় দোলে শ্যাম!’ টোড়িমাসি অফিসার্স ক্লাবে সাঁতার কাটতে যায়। সাথে আমি আর মা-ও যাই।
কামাল ভাই টোড়িমাসিকে নামিয়ে দিয়ে আমাকে আর মা’কে নিয়ে রমনা পার্কে যায়, যেন আমরা হাঁটতে পারি। টোড়িমাসি নামবে নামবে ভাব করা মাত্র কামাল ভাই দৌঁড়ে গিয়ে গাড়ির দরজা খুলে ধরে। টোড়িমাসি নামলে দরজা লাগায়। তখন সাঁতারের ওখান থেকে ভারি পরিপাটি করে কুঁচি দেওয়া আর বডিব্যাগ ঝোলানো একজন মহিলা ছুটে আসেন। এসে তিনি টোড়িমাসির কাছ থেকে সাঁতারের ব্যাগটা নেন। টোড়িমাসি নির্ভার হয়ে সুইমিং পুলের দিকে ঢোকে। আমি শুধু ভাবি, হায়রে কোন কলুর বলদ হয়ে আমেরিকায় আছি!গাড়ির দরজা খুলে দেওয়ারও কেউ নেই, সাঁতারের ব্যাগ বয়ে দেওয়ারও কেউ নেই। টোড়িমাসিদের সাঁতারের পোশাকও বেশ অদ্ভুত। আব্রুতে ভরা। পা, হাত সব কালো রঙে ঢাকা। নিনজা পোশাক একেবারে। যখন মেয়েরা সাঁতার কাটে তখন ওখানে ছেলেদের ঢোকা নিষেধ।
টোড়িমাসিকে ড্রপ করে আমরা চললাম রমনা পার্কের দিকে। রমনাতে ঢোকার মুখেই লাল রঙের সাইনবোর্ড : এখানে সবচেয়ে কম খরচে ডায়াবেটিস, কোলেস্টেরল, ব্লাড প্রেসার, ইউরিক অ্যাসিড, রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন, এইচ.বি.এস (জন্ডিস) টেস্ট করা হয় এবং ওজন মাপা হয়। -মোঃ সালাউদ্দিন সরকার আমার ওজন মাপা ছাড়া আর কোনো কিছুর প্রয়োজনীয়তা নেই বলে দুঃখিত হলাম। যদিও মো. সালাউদ্দিন সরকার ঝোলাঝুলি করতে থাকলেন কোনো একটা পরীক্ষা করানোর জন্য। একটু পাশেই দেখি পেঁপে, পেয়ারা, বেল, ডাব আর ড্রাগন ফল বিক্রি হচ্ছে। পেয়ারা আর বেল কেনা হলো। আমি জোর করেই সুস্বাদু পেয়ারা আর অপ্রিয় বেলের ব্যাগটা হাতে নিলাম। আমার হাত এখনো কাঁপে বলে কামাল ভাই পাশ থেকে বলে উঠলেন, ‘সাবধানে দিদি।
দেইখেন আবার ফেলাইয়্যা দিইয়েন না য্যান।’ আমি বলতে পারলাম না যে, ‘আমি আমার আঙুলের ফাঁক দিয়ে পুরো জীবনটাই ধুলায় ফেলে দিতে যাচ্ছিলাম আর পেয়ারা ও বেল!’ আসলে আমার ঢাকায় এসে থাকার কারণটা গুরুগম্ভীর! আর এও তো ঠিক মৃত্যু নিয়ে ঠাট্টা তারাই করে যারা মৃত্যু থেকে ফিরে এসেছে। আমার আছে মহান অসুখ বাইপোলার ডিসঅর্ডার ওয়ান। তার জন্য আমেরিকায় থাকতে নিজে নিজেই মৃত্যুর পথে হেঁটে যেতে নিয়েছিলাম আমি। লাইফ সাপোর্ট থেকে বেঁচে ফেরার পর আমাকে আর একা একা রাখা যায়নি। সেজন্যই কিছুদিনের জন্য আমেরিকা থেকে ঢাকায় পরিবারের মাঝে এসে এই থাকা আমার। আবার ড্রাগন ফলের দিকে তাকালাম। আমাদের ছেলেবেলায় ড্রাগন ফল দেখিনি। বাড়িতে এসে ড্রাগন ফল খেলাম। ভেতরটা দেখতে ভারি সুন্দর রঙের হলেও খেতে অখাদ্য। একথা প্রকাশ্যে বাড়িতে বলা গেল না নানারকম মতবিরোধের জন্য। রমনা পার্কের বেঞ্চে বসে মা প্রাণায়াম শুরু করল। প্রাণায়াম আমি চিনি। কিন্তু তারপর দেখি মা কাঁধ দুটো উঁচু-নিচু করছে আর নাক দিয়ে ফোঁসফোঁস শব্দ করছে। এই এক্সারসাইজটা আমি চিনি না। যাহোক, মাকে এক্সারসাইজ করবার সুযোগ দিয়ে আমি হাঁটতে গেলাম। এবং যথারীতি পথ হারালাম- মূলত পথে নানারকম কার্যকলাপ দেখতে গিয়ে। আমি আগে দুঃখ করতাম, বাংলাদেশে ছেলেমেয়েরা প্রকাশ্য দিবালোকে হাত ধরে হাঁটে না। কোথায় কী! দেখি নানা রকম পোশাক পরে মেয়েরা ছেলেদের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। মাথায় আবার রজনীগন্ধার মালা গোল করে মুকুটের মতো পড়েছে। সে এক অদ্ভুত দৃশ্য! ছেলেরা হাতে বেলিফুলের মালা ঝুলিয়ে সুন্দরীদের হাত ধরেছে। বড় বড় লেন্সের ক্যামেরা নিয়ে ফটোগ্রাফাররা ঘুরে বেড়াচ্ছে, ‘যুগলবন্দি’দের ছবি তুলছে! একটা ছেলে বাম দিকে মুখ করে ডান দিকে বেঁকে চশমার হ্যান্ডেলে হাত রেখে মৃদু হেসে ছবি তুলল। পোজ দেখে আমি তো কুপোকাত।
(ধারাবাহিক)
লেখক : সাহিত্যিক, সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট (যুক্তরাষ্ট্র)
