ইতিহাসের প্রতিটি যুগে রাজনীতি তার নতুন নায়কের অপেক্ষায় থাকে। সময় আসে, প্রজন্ম বদলায়, চিন্তার ধারা পরিবর্তিত হয়। কিন্তু মানুষের মুক্তি, ন্যায় ও সমতার স্বপ্ন একইভাবে অমলিন থেকে যায়। সেই অমলিন স্বপ্নের পুনর্জাগরণের নাম আজ জোহরান মামদানি। আমেরিকার ডেমোক্র্যাট রাজনীতির পৃষ্ঠায় তার বিজয় যেন এক অঘোষিত বিপ্লবের সূচনা। যেখানে ক্ষমতার স্থির ছন্দ ভেঙে, মানুষের কণ্ঠস্বর আবারও ফিরে পাচ্ছে তার প্রকৃত শক্তি। নিউ ইয়র্কের রাজনৈতিক আকাশে বহু উজ্জ্বল নক্ষত্র জ¦লেছে, মøানও হয়েছে। কিন্তু জোহরান মামদানির উত্থান একেবারেই ভিন্ন। তিনি রাজনৈতিক পরিবারের সন্তান নন, বরং আন্দোলনের ফসল। তার শিকড় অভিবাসী পরিবারের। জীবনসংগ্রাম সাধারণ মানুষের মতো।

উগান্ডার মাটিতে জন্ম নেওয়া এই মুসলিম তরুণের শৈশব কাটে প্রবাসের সংগ্রামে। যেখানে বৈষম্য, জাতিগত প্রাচীর ও সাংস্কৃতিক ভিন্নতা ছিল প্রতিদিনের বাস্তবতা। সেই বাস্তবতা থেকেই জন্ম নেয় তার রাজনীতির দর্শন। যেখানে রাজনীতি কোনো দলের স্বার্থ নয়, বরং মানবমুক্তির একটি প্রয়াস। জোহরান মামদানির নাম প্রথম আলোচনায় আসে, নিউ ইয়র্কের কমিউনিটি অ্যাক্টিভিজম থেকে। তিনি ‘কুইন্স ডিফেন্ডস ইমিগ্র্যান্টস’ আন্দোলনের অগ্রভাগে ছিলেন। পুলিশ সংস্কার দাবির প্রথম সারিতে, শ্রমিক অধিকার ও ভাড়াটিয়াদের ন্যায্যতার জন্য নিরন্তর তিনি লড়াই করেছেন। রাজনীতিতে তার প্রবেশ যেন ছিল, জনগণের দাবির স্বাভাবিক পরিণতি। মানুষ তাকে রাজনীতিবিদ নয়, বরং নিজেদের প্রতিনিধি হিসেবে দেখেছে।

তার কণ্ঠে ছিল রাস্তায় দাঁড়িয়ে থাকা শ্রমজীবী মানুষের ভাষা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বিক্ষোভের রিদম, অভিবাসী পরিবারের কান্না ও স্বপ্নের প্রতিধ্বনি। জোহরান মামদানির নির্বাচনী প্রচারাভিযান শুরু হয়েছিল, একেবারে নিচস্তর থেকে। কোনো করপোরেট অর্থায়ন ছাড়া, হাজারো স্বেচ্ছাসেবীর ঘাম ও বিশ্বাস দিয়ে। সেই বিশ্বাসই তাকে নিউ ইয়র্কের রাজনৈতিক মানচিত্রে এনে দিয়েছে। সেটি এমন এক জায়গায়, যেখান থেকে তাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তার জয় শুধু একজন রাজনীতিকের নয় এটি এক চিন্তা, আন্দোলন এবং একটি প্রজন্মের বিজয়। জোহরান মামদানির বিজয় প্রমাণ করেছে, আমেরিকার রাজনীতি এখনো মানুষের শক্তিতে টিকে আছে, শুধু অর্থের জোরে নয়। তিনি বলতেন, ‘আমেরিকাকে আবার মানবিক করতে হবে।

রাজনীতিকে ফিরিয়ে আনতে হবে মানুষের টেবিলে।’ এই কথাগুলো আজকের তরুণদের কাছে এক মন্ত্রের মতো। এই নির্বাচনে তার বিজয় শুধু রাজনৈতিক ফলাফল নয়, বরং এক ঐতিহাসিক প্রতীক। প্রথমবারের মতো নিউ ইয়র্কের নির্বাচনে এক মুসলিম তরুণ, প্রবাসী পরিবার থেকে উঠে আসা, সরাসরি জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবং জয় করেছেন এমনভাবে, যা প্রথাগত রাজনীতির ধারা কাঁপিয়ে দিয়েছে। প্রথম মুসলিম হিসেবে এমন পদে জয়লাভ তার জন্য যেমন সম্মান, তেমনি দায়িত্বও বিশাল। তিনি বলেছেন, ‘আমি মুসলিম হিসেবে গর্বিত, কিন্তু আমি চাই মানুষ আমাকে দেখুক একজন আমেরিকান হিসেবে, যিনি সবার জন্য কাজ করতে চান।’ তার এই বক্তব্যের ভেতরেই লুকিয়ে আছে আমেরিকার ভবিষ্যৎ রাজনীতির নৈতিক দিকনির্দেশনা। নিউ ইয়র্কের মতো বৈচিত্রপূর্ণ শহর আজ তাকে নতুন আশা হিসেবে দেখছে।

অভিবাসীরা বিশ্বাস করছে, তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে তার নেতৃত্বে। ভাড়াটিয়ারা আশা করছে, তার ভাড়া নিয়ন্ত্রণ নীতিতে তারা স্বস্তি পাবে। শ্রমিকরা আশাবাদী, তিনি হয়তো প্রথমবারের মতো শহরের বাজেট প্রণয়নে তাদের কথাও গুরুত্ব দেবেন। আর তরুণ প্রজন্ম, যারা রাজনীতি থেকে ক্রমে বিমুখ হয়ে পড়েছিল তারা আবার রাজনীতির প্রতি আস্থা ফিরে পাচ্ছে জোহরান মামদানির মধ্যে। অভিবাসন নীতিতে তার অবস্থান স্পষ্ট মানবিকতা সর্বাগ্রে। তিনি বিশ্বাস করেন অভিবাসীরা আমেরিকার হুমকি নয়, আমেরিকার প্রাণশক্তি। তাই তিনি অভিবাসীদের জন্য নাগরিকত্ব প্রাপ্তি সহজ করার পাশাপাশি তাদের জন্য আইনি সহায়তা সম্প্রসারণ, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর কথা বলেছেন।

মুসলিম সমাজের জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করার। নিউ ইয়র্কে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও নজরদারির যে সংস্কৃতি চালু ছিল, সেটি বন্ধের দাবিতে তিনিই প্রথমবারের মতো স্পষ্টভাবে দাঁড়িয়েছেন। অর্থনৈতিক নীতিতেও তিনি আলাদা। করপোরেট ট্যাক্স বৃদ্ধি করে সেই অর্থ জনগণের কল্যাণে ব্যবহার করা, সামাজিক নিরাপত্তা জোরদার করা, গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র বৃদ্ধি। এই প্রতিশ্রুতিগুলো তাকে ‘জনগণের প্রতিনিধি’ হিসেবে এক নতুন মর্যাদা দিয়েছে। অনেকেই তাকে তুলনা করছেন, বার্নি স্যান্ডার্স বা আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের সঙ্গে। যিনি প্রগতিশীল, বাস্তববাদী কিন্তু সাহসী। প্রশ্ন উঠেছে, জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির জন্য কতটা কার্যকর হবেন? প্রশাসনিক কাঠামো, লবি গ্রুপ ও করপোরেট স্বার্থের মধ্যে তিনি কি টিকে থাকতে পারবেন? জোহরান মামদানির জয় যে প্রতীকী তা নয়, বরং এটি প্রাতিষ্ঠানিক। এটি দেখিয়ে দিয়েছে, মার্কিন রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। আমেরিকা হয়তো অবশেষে উপলব্ধি করছে, তার শক্তি শে^তাঙ্গ প্রভুত্বে নয়, বহুত্বে। তার প্রাণ আধিপত্যে নয়, সমতায়। তার এই জয় তাই প্রজন্মান্তরের জন্য এক বার্তা। যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের বাগাড়ম্বরের দেশে পরিণত হয়েছিল, সেই আমেরিকা এখন আবার ফেরার পথ খুঁজছে। এটি এমন এক সময়ের গল্প, যখন এক মুসলিম তরুণ নিজের স্বপ্ন, নিজের জাতিগত পরিচয়, নিজের বিশ্বাসকে লুকিয়ে না রেখে, গর্বের সঙ্গে বলছেন ‘আমি এই শহরের সন্তান এবং আমি এই শহরের জন্য কাজ করব।’ এটাই সেই আমেরিকার সৌন্দর্য, যা বিশ্ব জুড়ে গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছিল।

তার জয় শুধু নির্বাচনের ফল নয়, এটি এক নৈতিক পুনর্জাগরণের সূচনা। আজ যখন বিশ্ব জুড়ে গণতন্ত্র নানা সংকটে, তখন নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে এক মুসলিম তরুণের জয় বিশ্বকে মনে করিয়ে দিয়েছে মানুষের কণ্ঠস্বর এখনো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। জোহরান মামদানির রাজনীতি আমাদের শেখায়, পরিবর্তন শুরু হয় বিশ্বাস থেকে। তার গল্প প্রমাণ করে, যে দেশে অভিবাসীদের সন্তান এক দিন শহরের নেতা হতে পারে, সেই দেশ এখনো আশার যোগ্য। তার জয় আমেরিকার গণতন্ত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। এটি বর্ণের, ধর্মের বা ক্ষমতার রাজনীতি নয়, এটি মানুষকেন্দ্রিক রাজনীতি। জোহরান নির্বাচিত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানিয়েছেন তার মা ভারতীয়-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। নির্বাচনে জয়ী ঘোষণার পর আবেগঘন এক ভাষণে মা-বাবাকে শ্রদ্ধা জানান জোহরান। জোহরান বলেন, ‘আজ আমি মানুষ হয়েছি, তোমাদের জন্যই। তোমাদের সন্তান হতে পেরে আমি গর্বিত।’ একই সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্মগ্রহণকারী কোনো অভিবাসী প্রথম নিউ ইয়র্কের মেয়র হলেন।

শুধু তাই নয়, এক শতাব্দীর মধ্যে জোহরান হচ্ছেন সবচেয়ে কনিষ্ঠ মেয়র। আজ যখন নিউ ইয়র্কে তার বিজয়ের উদযাপন চলছে, তখন হয়তো কোনো তরুণ মুসলিম, কোনো প্রবাসী কিশোর, কোনো আফ্রিকান বা এশিয়ান ছাত্র ভাবছে, ‘যদি জোহরান পারে, তবে আমিও পারব।’ এই বিশ্বাসই রাজনীতির সবচেয়ে বড় বিজয়। আমেরিকার ইতিহাসে নতুন বর্ণচক্রের সূচনা হয়েছে, যেখানে রাজনীতির রঙ ধূসর নয়, বহুরঙা; যেখানে নেতৃত্বের চেহারা একমুখী নয়, বৈচিত্র্যে ভরা; যেখানে রাজনীতি আর ক্ষমতার খেলা নয়, মানবতার উৎসব। সেই বর্ণচক্রের কেন্দ্রে আজ দাঁড়িয়ে আছেন জোহরান মামদানি। তার জয় শুধু নিজের নয় বরং এটি সব অভিবাসীর, সব প্রান্তিকের, সব মানুষের। আর ইতিহাস একদিন নিশ্চয়ই বলবে ‘জোহরান মামদানির জয় সেই মুহূর্ত, যখন আমেরিকা আবার নিজেকে চিনে নিয়েছিল।’

লেখক: কলামিস্ট ও শিক্ষক

sultanmh17@gmail.com