নভেম্বর মাস এলেই দেশে কর প্রদানের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। রাষ্ট্রের উন্নয়ন ব্যয় নির্বাহ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অবকাঠামো উন্নয়নের প্রধান অর্থের জোগান আসে কর রাজস্ব থেকে। অথচ বাস্তবতা হলো, বাংলাদেশে কর প্রদানের হার সম্ভাবনার তুলনায় এখনো কম। এই প্রেক্ষাপটে সরকারের অনলাইন আয়কর রিটার্ন জমা দেওয়ার উদ্যোগ একটি ইতিবাচক ও সময়োপযোগী সংস্কার হলেও, কর রাজস্ব বৃদ্ধির মূল চ্যালেঞ্জ এখনো আস্থার জায়গাতেই রয়ে গেছে। যদিও নভেম্বরের ৩০ তারিখ আয়কর জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে সরকার ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে। এতে কর আয় বাড়বে। তাই এই ডিসেম্বর মাসও কর দেওয়ার মাস।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কয়েক বছর ধরেই আয়কর মেলা আয়োজন করছে না এবং তবে ২০২৫ এ অনলাইনে রিটার্ন সাবমিট করার সুযোগ থাকায় এ বছরও মেলা হচ্ছে না। এর বদলে তারা নভেম্বর বা ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন কর অঞ্চল ও ট্যাক্স জোনে করদাতাদের ই-রিটার্ন সেবা সহায়তা কেন্দ্র চালু রাখছে। \r\nকর নির্ণয় এবং সংগ্রহ পদ্ধতি বাংলাদেশের মতো যেকোনো উদীয়মান অর্থনীতির জন্য অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান বিষয়। দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য, বিশেষ করে সাধারণ মানুষের প্রয়োজনীয়তা পূরণের জন্য সরকারি আয়ের অন্যতম উল্লেখযোগ্য উৎস হিসেবে কর আয়কে বলা হয়ে থাকে। জনগণের সামগ্রিক জীবনমানের ওপর এবং অর্থনীতির নীতি ও কৌশল বাস্তবায়নে অপরিহার্য প্রভাব ফেলে কর রাজস্ব সংগ্রহ।

সামাজিক বীমা কর্মসূচির অর্থায়ন এবং ঋণ পরিশোধের মাধ্যমে সরকারি খাতের সম্ভাব্য কর্মক্ষমতা বাড়ানোর জন্য কর অন্যতম কার্যকর যন্ত্র। কর প্রতিটি নিম্ন ও মধ্যম অর্থনীতি সম্পন্ন দেশের উন্নয়নের একটি মূল চালিকাশক্তি হতে পারে।\r\nকর রাজস্ব সংগ্রহ এবং যে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের মধ্যে একটি উচ্চমাত্রার ইতিবাচক পারস্পরিক সম্পর্ক রয়েছে যা মূলত কার্যকর কর পরিকল্পনা, দক্ষ কর প্রশাসন এবং কর সংগ্রহ ব্যবস্থার যথাযথ প্রয়োগের ওপর নির্ভর করে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের কর ব্যবস্থায় প্রশাসনিক ও নীতি উভয় স্তরেই কিছু উল্লেখযোগ্য সংস্কার করা হয়েছে। তারপরও অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের এই সেক্টরের পারফরম্যান্স এখনো ঐ পর্যন্ত অর্জিত হয়নি।

করের উৎস থেকে রাজস্ব আদায় প্রধানত অর্থনৈতিক ও প্রশাসনিক জনবলের পর্যাপ্ত সক্ষমতার ওপর নির্ভরশীল। কর আদায়ে সময় ও সংস্কৃতিতে সংকীর্ণতা, আইন বাস্তবায়নের কিছু ধীরগতি, অনেক মানুষের কর রিটার্ন জমা দেওয়ায় অনাগ্রহ, প্রাতিষ্ঠানিক দুর্বলতাসহ কিছু সমস্যা কাজ করছে। কর প্রশাসন এবং কর সংস্কার যে কোনো দেশের কর রাজস্ব আদায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

কর আদায় সিস্টেমের দুর্বল ভিত্তি, অনিয়ন্ত্রিত কর অব্যাহতি এবং অপরিকল্পিত কর অবকাশ, কর কর্মকর্তা এবং করদাতাদের উভয়ের প্রতি দায়বদ্ধতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় ব্যর্থতা, পুনরাবৃত্তিমূলক কর ক্ষমা, প্রশিক্ষণের অভাব এবং কর প্রদানে নেতিবাচক মনোভাব ইত্যাদি বাংলাদেশে কর সংগ্রহ এবং কর নীতি বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধকতা।\r\nএই প্রেক্ষাপটে সরকার বর্তমানে অনলাইন আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়ম চালু করছে, যা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ। এটি কর প্রশাসন আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করি। অনলাইন রিটার্ন ব্যবস্থা করদাতাদের জন্য কর প্রদানের প্রক্রিয়াকে সহজ করবে, সময় ও খরচ কমাবে এবং কর অফিসে সরাসরি উপস্থিতির প্রয়োজন কমিয়ে হয়রানি ও ভীতির সংস্কৃতি হ্রাস করতে সহায়তা করবে।

যদি এই অনলাইন ব্যবস্থা ব্যবহারবান্ধব ও নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হয়, তাহলে রিটার্ন জমার হার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা যায়।\r\nকর প্রশাসনের উচিত কর কর্মকর্তাদের সংখ্যা বৃদ্ধির জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া এবং বর্তমান কর কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য ভালো প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা। করদাতাদের বোধগম্যতার মাত্রা বাড়ানোর জন্য আরও সুবিধাজনক উপায়ে কর নিয়ম ও পদ্ধতি সংশোধন করা দরকার। কর আদায় কর্তৃপক্ষের করের দায় পরিশোধের জন্য আরও বেশি সময় দেওয়াও প্রয়োজন। কর দায় গণনার জন্য করের স্ল্যাব পুনর্গঠন করে এবং কর প্রদানের জন্য জনসচেতনতা সৃষ্টি করা আবশ্যক।

কর ব্যবস্থাপনার প্রতি করদাতাদের সামগ্রিক নেতিবাচক ধারণাকে পরিবর্তন করার জন্য কর ব্যবস্থা এবং কর প্রশাসনের ক্ষমতাকে পরিমার্জিত করা জরুরি।\r\nঅনলাইন রিটার্ন ব্যবস্থা চালুর ধারাবাহিকতা বজায় রেখে কর আইন ও বিধিগুলোকে আরও সহজ ও বোধগম্য করা প্রয়োজন, যাতে সাধারণ করদাতারা সহজেই নিজের আয় ও কর হিসাব বুঝতে পারেন। অনেক গবেষক বাংলাদেশের টিআইএন হোল্ডারদের কাছ থেকে প্রতিক্রিয়া গ্রহণ করে আয়কর প্রশাসনের কিছু দুর্বলতা খুঁজে পেয়েছেন।

বাংলাদেশের কর কর্মকর্তা এবং করদাতাদের উভয়ের প্রতি জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সততা প্রতিষ্ঠায় ব্যর্থতার কারণে দুর্বল কর প্রশাসন দেশের জাতীয় ঘাটতি বাজেট তৈরির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে তাদের গবেষণায়।\r\nব্যক্তিগত পর্যবেক্ষণ ও গবেষণায় দেখেছি, বেশিরভাগ করদাতা ট্যাক্স রিটার্ন পরিষেবাগুলোতে এবং কর প্রশাসনের ব্যবহারে সন্তুষ্ট নন। অধিকাংশ ক্ষেত্রে, উত্তরদাতারা অত্যন্ত অসন্তুষ্ট এবং পরিষেবাগুলো সম্পর্কে তাদের মতামত সন্তোষজনক নয়। উত্তরদাতারা কর প্রশাসনকে অনেকটা নেতিবাচক হিসেবে মূল্যায়ন করছে। অতীতে বেশিরভাগ উত্তরদাতা মনে করেন যে বিদ্যমান আয়কর স্ল্যাব উপযুক্ত নয়। যাইহোক, বর্তমান তথ্য বিশ্লেষণ করলে বলা যেতে পারে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় পর্যাপ্ত এবং অনেক সমস্যার সমাধান ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

অনলাইন রিটার্ন ব্যবস্থা ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং দীর্ঘদিনের সময়সংকট অনেকাংশে দূর করা সম্ভব হয়েছে। কর আইন এবং নিয়ম কানুন যত সহজ হবে এবং অনলাইনে ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হলে করদাতাদের দ্বারা ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সংখ্যা বৃদ্ধি পাবে এবং সরকারের কর রাজস্বও বাড়বে। সরকারের উচিত জনগণের স্বার্থে করের নিয়ম-কানুন অধিকতর সহজ করা। উপরন্তু, টিআইএনধারী অনেক করদাতার মতামত অনুযায়ী, বাংলাদেশের বর্তমান কর আইন ও প্রবিধান এখনো কিছু ক্ষেত্রে অস্পষ্ট ও জটিল। বিশেষ করে কর গণনার নিয়ম ও পদ্ধতিগুলো অনেক সময় বাস্তব আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং নিয়মিত হালনাগাদও করা দরকার। ফলে সাধারণ করদাতাদের পক্ষে সঠিকভাবে কর নিরূপণ ও রিটার্ন দাখিল করা সহজ হবে।

এই অবস্থায় কর কর্তৃপক্ষ অনলাইন প্ল্যাটফর্ম, বুলেটিন, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় উদাহরণসহ কর হিসাব ও নির্দেশনা প্রচারের মাধ্যমে করদাতাদের বোধগম্যতা বাড়াতে পারে।\r\nবর্তমানে দেশে প্রায় ১.১৪ কোটি টিআইএনধারী রয়েছেন। বিভিন্ন তথ্য থেকে জানা যায় এখনো প্রায় ৫৯% বা তার বেশি লোক রিটার্ন দাখিল করেন না। এটা আমাদের অর্থনীতির জন্য সুখকর নয়। দু-একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সবার জন্যই আয়কর রিটার্ন দাখিল আইনগতভাবে বাধ্যতামূলক হলেও বাস্তবে অল্পসংখ্যক করদাতা নিয়মিত রিটার্ন জমা দেন। তাই কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে সকল টিআইএনধারী আয়কর বিবরণী দাখিলে উৎসাহিত হন। অনলাইন রিটার্ন ব্যবস্থার সফল বাস্তবায়ন এই ব্যবধান কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারের উচিত শাস্তির ভয় নয়, বরং সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর কর ব্যবস্থার মাধ্যমে জনগণকে স্বেচ্ছায় কর দিতে অনুপ্রাণিত করা। অন্যথায়, কর ফাঁকি ও কর পরিহারের প্রবণতা আরও বাড়বে। করদাতাদের আস্থা অর্জন করাই এখন কর সংস্কারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।\r\nলেখক : সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল\r\nময়মনসিংহ