পৃথিবীতে প্রতিটি প্রাণীর কাছে সবচেয়ে কাছের ও প্রিয়জন হলো তাঁর মা। মানুষ সামাজিক জীব বলেই কিনা মানব সন্তানদের ক্ষেত্রে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রায় প্রতিটি ক্ষেত্রে। মানব সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই মাতৃদুগ্ধপান থেকে শুরু করে, সন্তানদের সুরক্ষিত রাখবার পাশাপাশি মায়েদের সমন্বিত যত্ন ও ভালোবাসার কোনো বিকল্প নেই! কেবল পুষ্টিই নয়। বরং একই সঙ্গে নির্মল পরিবেশ আর নিখাঁদ ভালোবাসার পরশ পেলে সন্তানেরা সত্যিকারের মানুষ হয়ে বেড়ে উঠতে শেখে। আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা (ইউনিসেফ) এর মতে, এমনকি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সন্তান লালন-পালনে মায়ের যে অপরিসীম ভূমিকা রয়েছে তা বর্ণনা করে শেষ করা যাবে না।
একজন গর্ভধারিণী মা তাঁর সন্তানকে শারীরিক ও মানসিক দিক থেকে বড় করে তোলার পাশাপাশি নৈতিকতা, সততা এবং ধর্মীয় মূল্যবোধ শেখানোর প্রধান ও অদ্বিতীয় দায়িত্ব পালন করেন। \r\nআমরা যারা মা-বাবা প্রত্যেকে নিশ্চয়ই সন্তানের বিশেষ করে শিশুদের অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ! সরকারের পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনিসেফসহ অন্যান্য শিশু উন্নয়ন সংস্থাসমূহ সকল শিশুর জন্য ঝুঁকি ও সব ধরনের বৈষম্য থেকে সুরক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যাতে করে শিশুরা সুস্থভাবে বেড়ে উঠতে পারে। মা-বাবা হিসেবে শিশুদের জন্য আমাদের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তা আমরা কম বেশি সকলেই জানি। তুবও কিছু বিষয় অত্যাবশ্যকীয়ভাবে মেনে চলা উচিত।
যেমন- শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে সঠিক নিয়মে মায়ের দুধ পান করালে যেমন শিশুর শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হয়; সঠিক নিয়মে ধর্মীয় শিক্ষা দিলে তারা যেমন পাপ-পুণ্যের বিচার বিশ্লেষণ করতে শেখে, ধর্মীয় মূল্যবোধের কারণে অন্যায় থেকে দূরে থাকে; শৈশবেই নৈতিক ও চারিত্রিক শিক্ষার ফলে সততা, নৈতিকতা এবং মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে বেড়ে ওঠার পাশাপাশি অপসংস্কৃতি থেকে দূরে থাকার মানসিকতা তৈরি হয়। আর এসব কিছু নিশ্চিত করা সম্ভব হয় তখনই, যখন আমরা তাঁদের গুরুত্বপূর্ণ কয়েকটি অধিকার বাস্তবায়ন করতে সক্ষম হই!
যেমন- (ক) যে কোনো জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে বৈষম্যহীনতা নিশ্চিত করা, (খ) সকল ক্ষেত্রে শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনা করা (গ) শিশুর জীবনকে সুশৃঙ্খলভাবে বাঁচার এবং তাঁর বিকাশের অধিকার নিশ্চিত করা।\r\nবাস্তবে আসলে আমরা কি দেখছি? শিশুর প্রতি সহিংসতা! শিশু বিবাহ, শিশুশ্রম- প্রায় প্রতিটি ক্ষেত্রে শিশুর প্রতি বৈষম্য! ক্ষমতার অপব্যবহারের ফলে শিশুদের প্রতি অনধিকার চর্চা, শিশুদের মত প্রকাশে বাঁধা, শিশুদের বাক স্বাধীনতার অনুকূল পরিবেশের অভাব। অনেক ক্ষেত্রে এসব কিছু পরিবারেই ঘটে থাকে। কখনো বা বাস্তবতার নিরিখেও হয়! বেশিরভাগ ক্ষেত্রে মা-বাবার অনুপস্থিতিতে শিশুরা আত্মবিশ্বাসহীনতায় ভোগে ও অধিকার আদায় করবার সাহসটুকুও হারিয়ে ফেলে! এমনকি এসব চর্চাও এক সময় তারা ভুলে যায়!
দৈনিক আমাদের সময় এর তথ্য মতে, দেশের প্রায় ৭০ শতাংশ শিশু প্রতিনিয়তই বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে! \r\nসীমিত সম্পদ আর সীমাহীন দূর্ভোগকে সঙ্গে নিয়ে এ দেশে প্রায় প্রতি বছর নতুন নতুন দাম্পত্য জীবনের যাত্রা শুরু হয়! প্রয়োজনের তাগিদে কিংবা জাতীয় উন্নয়নের অংশীদার হিসেবে ইতোমধ্যে নারীরা অবিচ্ছেদ্য অবদান রাখছেন। মাঠে-ঘাটে-পথে-প্রান্তরে প্রায় সর্বত্রই নারীরা আয়-রোজগারে নিজেকে নতুন মাত্রায় আসীন করেছে। স্কুল-কলেজ-হাসপাতাল-ব্যংক-বীমা-বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে, বিশেষ করে গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁদের অভিগম্যতা চোখে পড়ার মতো। নীতি-নির্ধারণী পর্যায়ে তাঁদের প্রবেশাধিকার যেন সত্যিই ঈর্ষা জাগানিয়া!
বাংলাদেশে মোট শ্রমশক্তিতে ৪২.৬৮ শতাংশ নারী অংশগ্রহণ করেছেন, যা পাঁচ বছর আগের ৩৬.৩ শতাংশ থেকে বেশি। বিভিন্ন তথ্যমতে, জাতীয় উন্নয়নে নারীদের অংশগ্রহণ যত বেশি বাড়ছে, শিশুরা যেন ততটাই মাতৃস্নেহ থেকে বঞ্চিত হচ্ছে! অথচ ঐ শিশুর উন্নত ভবিষ্যতের কথা বিবেচনা করেই কিনা গৃহস্থালির কাজের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে মায়েরা প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে! এ যেন এক মধুর সমস্যায় পরিণত হয়েছে! বর্তমানে কর্মজীবী মায়েদের ক্ষেত্রে সন্তানের প্রতি দায়িত্ব পালন ও কর্মক্ষেত্রের সঠিক দায়িত্ব পালনের মধ্যে ভারসাম্য রাখাটাই একটি বড় চ্যালেঞ্জ হয়ে পড়েছে। এসবের সমাধান হিসেবে অনেকেই ডে-কেয়ার হোমের প্রতি নির্ভরশীল হন বটে। তবে এর গুণগত মান নিয়েও অনেক মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
\r\nশিশু অধিকার সনদে যে ৫৪টি অনুচ্ছেদ রয়েছে যা একটি শিশুর জীবনের সকল দিককে অন্তর্ভুক্ত করে এবং নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার নির্ধারণ করে। সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে মূলত মায়ের ভূমিকার বিকল্প নেই! সন্তানদের জন্ম দিলেই কিংবা সন্তানদের জন্য যথেষ্ট সম্পদের জোগাড় করলেই কি মায়ের দায়িত্ব ফুরিয়ে যায়? বস্তুত সর্বাগ্রে শিশুর জন্য এমন একটি অনুকূল পরিবেশ প্রয়োজন, যেখানে শিশুরা শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সম্পূর্ণ রূপে অনুকূল পরিবেশে বিকশিত হতে পারে! অন্যথায়, প্রতিনিয়ত শিশুদের নির্যাতনের হার বাড়তেই থাকবে। বাস্তব চিত্র হলো আমাদের শিশুরা কিন্তু কোথাও খুব বেশি নিরাপদ নয়। সঙ্গত কারণেই শিশু নির্যাতন এবং অবহেলা প্রতিরোধ করা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ কর্তৃক বিভিন্ন দিবস উদযাপন করতে গিয়ে কেবল কাগজে-কলমে শিশু নিরাপত্তা আর শিশুর অধিকারের কথা উল্লেখ থাকলেই চলবে না! বিভিন্ন টক শো তে বরেণ্য ব্যক্তি কর্তৃক অলীক ও অবাস্তব বক্তব্য ব্যক্ত করে বাহবা কামিয়েও কোনো লাভ হবে না। বরং শিশুদের নিরাপত্তার বিবেচনায় প্রত্যেক মহলকে এগিয়ে আসতে হবে এক্ষুণি! এক্ষেত্রে প্রয়োজন হলে কর্মজীবী মায়েদের জন্য কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করার জন্য নতুন আইন প্রণয়ন করাও খুব জরুরি হয়ে পড়েছে। মাতৃত্বকালীন ছয় মাসের ছুটির যে সরকারি বিধান রয়েছে, সেটিও অনেক ক্ষেত্রে অনেক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ সঠিকভাবে মানতে চায় না। অনেক ক্ষেত্রে সন্তানসম্ভবা কর্মজীবী নারীদের উক্ত প্রতিষ্ঠান থেকে কৌশলে চাকরিচ্যুত করা হয়!
এ যেন একজন মা ও অনাগত সন্তানের জন্য নির্মম আচরণ! এছাড়া শৈশবে মায়ের ভালোবাসা ও সঠিক পরিচর্যা না পেলে শিশুরা ক্রমশ বেপরোয়া হয়ে ওঠে! মায়ের প্রতি শ্রদ্ধা কমে যায়! পরিণত বয়সে উচ্ছৃঙ্খল জীবন-যাপন করতে থাকে। কখনো আবার মাদকাসক্তও হয়! সুতরাং শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে তাঁদের জীবন ও স্বাধীনতার অধিকার, দাসত্ব ও নির্যাতন থেকে মুক্তি, মতামত ও মত প্রকাশের স্বাধীনতা, কাজ ও শিক্ষার অধিকার এবং আরও অনেক কিছু খুব খুব প্রয়োজন। বৈষম্য ছাড়াই যাতে সকল শিশু এই অধিকারগুলো পায়, সেজন্য সকলের সুদৃষ্টি খুব প্রয়োজন। সময়ের প্রয়োজনে আধুনিককালের কালজয়ী কবি সুকান্ত ভট্টাচার্য্য প্রায় সাত যুগ আগে তাঁর কবিতায় লিখেছেন- এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
আমরা কী তবে শিশুদের বাসযোগ্য পৃথিবীতে বাধার সৃষ্টি করছি? \r\nএটা সত্যি যে, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ যেভাবে বেড়েছে, আনুপাতিকহারে সকল ক্ষেত্রে তাদের জন্য অনুকূল পরিবেশ গড়ে ওঠেনি। মায়েরা যখন বিভিন্ন অফিসে কাজ করে শিশুদের দেখভাল তখন কে করবে? কিভাবে লালিত হবে এই কোমলমতি শিশুরা? এ ব্যাপারে কি কর্তৃপক্ষ কখনো ভেবে দেখেছে? কিছু ক্ষেত্রে ডে-কেয়ার হোম চালু থাকলেও চাহিদার তুলনায় খুব অপ্রতুল! এমনকি তাদের সেবার মান নিয়েও অনেক প্রশ্ন রয়েছে! মজার ব্যাপার হলো, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর সংশোধনীতে ৯৮ ধারায় সুস্পষ্টভাবে শিশুকক্ষবিষয়ক আইন যুক্ত করা হয়।
তাতে উল্লেখ করা হয়েছে, একটি অফিসে ৪০ বা এর অধিক নারী কর্মরত থাকলে এবং তাঁদের ছয় বছরের কম বয়সী শিশুসন্তান থাকলে তাঁদের সুবিধার্থে কর্মক্ষেত্রে একটি শিশুকক্ষ স্থাপন করতে হবে। কিন্তু বাস্তব চিত্রটি কেমন, তা আমাদের সকলেই জানা! রাজধানী শহরে নামমাত্র মাঝারি মানের বেসরকারি ডে-কেয়ার হোমে ভর্তিতেই লাগছে ১০ থেকে ১৫ হাজার টাকা এবং মাসে ৮ থেকে ১০ হাজার টাকা ফি নেওয়া হচ্ছে। জেলা শহরগুলোর চিত্রটি আরও ভয়াবহ! এমতাবস্থায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিটি প্রতিষ্ঠানের উচিত অফিস চলাকালীন সময়ে কর্মজীবী মায়েদের ছোট্ট শিশুদের জন্য অফিস চত্বরেই তাদের সুরক্ষিত রাখবার জন্য বিশেষ ডে-কেয়ার হোমের ব্যবস্থা করা। যাতে করে মা ও সন্তান একদিকে যেমন সুরক্ষিত থাকবে, একই সঙ্গে শিশুর সার্বিক বিকাশ সাধনে কোনো বিপত্তি ঘটবে না। মা-সন্তানের মাঝে নতুন করে তৈরি হবে না আবেগঘন কোনো হাহাকারের মুহূর্ত! একই সঙ্গে প্রতিটি সরকারি-বেসরকারি-কর্পোরেট অফিস কর্তৃপক্ষের উচিত শিশু অধিকার সনদের ধারা (২) অনুযায়ী শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় কর্মজীবী মায়েদের জন্য বিশেষ ক্ষেত্রে (যাহার জন্য প্রযোজ্য) কর্মঘণ্টার মোট সময় কিংবা অফিসে প্রবেশের সময়ের ক্ষেত্রে বিশেষভাবে বিবেচনা করা ও শিথিল রাখা! এতে করে শুধু শিশুর অধিকার প্রতিষ্ঠাই হবে না, বরং সন্তানের প্রতি মায়ের নৈতিক দায়িত্বও পালন করা হবে! নয়তো অবচেতন মনেই আমাদের প্রশ্ন জাগবে, জাতীয় উন্নয়নের নামে কর্মজীবী মায়েরা তাদের শিশুদের অধিকার বঞ্চিত করছে না তো?
