সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানীদের পর্যবেক্ষণ গুরুত্বের সঙ্গে নেবেন তারাই যারা দেশ ও সমাজব্যবস্থার ইতিবাচক পরিবর্তন এবং বাস্তবতার পক্ষপাতহীন স্বরূপ বুঝতে চান। দুঃখজনক সত্য হচ্ছে আমরা গুণীজনকে সম্মান দিই না। তাই তাদের উচ্চারণ অরণ্যে রোদন হয়ে ওঠে। এতে সাময়িকভাবে সবকিছু চাপা দিয়ে রেখে সময় অতিক্রমের অর্বচীনসুলভ মানসিকতা আপাত স্বস্তি পেলেও দেশের মানুষের কোনো উপকার হয় না। বরং সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানীদের পর্যবেক্ষণ আমলে নিলেই দেশ ও দেশের মানুষ উপকৃত হয়। আগে ছিল ভয়ের পরিবেশ, এখন অসহিষ্ণুতাও যোগ হয়েছে- এমন বক্তব্যে প্রভাবশালী মহলের অস্বস্তি হলেও বাস্তবতা অস্বীকারের নয়। সামনে যেহেতু নির্বাচন, তাই অবশ্যই ভয়ের পরিবেশের অবসান চাইব আমরা। একইসঙ্গে প্রত্যাশা করব অসহিষ্ণুতাও দূর হবে।
ভোটারেরা, বিশেষ করে রাজনৈতিক দলগুলো হয়ে উঠবে পরমতসহিষ্ণু। সমাজে ভিন্ন মত ও ভিন্ন পথ থাকবে। কিন্তু সেইসঙ্গে থাকতে হবে বাকস্বাধীনতা ও পরমতসহিষ্ণুতা।\r\nবিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান কথাগুলো বলেছেন একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে। বলাবাহুল্য, বিতর্কের ভেতর দিয়েই যুক্তি শানিত এবং নানা কৌণিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। জুলাই অভ্যুত্থানের আগে ও পরের বাংলাদেশে জননিরাপত্তা একটি বড় হুমকি হয়ে রয়েছে বলে এ রাষ্ট্রবিজ্ঞানীর পর্যবেক্ষণ। তাঁর মতে, আগে ছিল ভয়ের পরিবেশ। গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পরিবর্তনের পরে এখন ভয়ের সঙ্গে অসহিষ্ণু পরিবেশ যুক্ত হয়েছে। সিপিডির এই সম্মানীয় ফেলো বলেন, আগে ভয়ের পরিবেশ শুধু রাষ্ট্রের কাছ থেকে আসত।
এখন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গোষ্ঠীর দিক থেকে ভয় আসছে। অনেক সময় মানুষ বুঝতে পারছে না, ভয়টা ঠিক কোথা থেকে আসছে। \r\nআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই মানুষ ভয় পাচ্ছে বলে সহিংসতা রোধে রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান অধ্যাপক রওনক জাহান। আমরা জানি, গণতন্ত্রে প্রতিযোগিতার অর্থ হলো নির্বাচনে একটি দল হারবে, অপর একটি দল জিতবে। কিন্তু দেশে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে হারার মানসিকতা তৈরি হয়নি। অতীতে দেখা গেছে, যাঁরা নির্বাচনে হেরে যান, তাঁরা নির্বাচনকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করেন। এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার সূচনা হতে পারে এবারের নির্বাচন। নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে, সেটা দেশি-বিদেশি পর্যবেক্ষকদের মতামতের ওপরও নির্ভর করবে বলে মত প্রকাশ করেছেন রওনক জাহান। তিনি যথার্থই বলেছেন, সুষ্ঠু শব্দের নানা রকম ব্যাখ্যা হতে পারে। এটা অনেক বড় চ্যালেঞ্জ। দেশে ও বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে কি না, সেটা গুরুত্বপূর্ণ। আমরা আশা করব, প্রাজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানীর অভিমত রাজনৈতিক দল ও দেশবাসী গুরুত্বের সঙ্গেই গ্রহণ করবেন।
