২০০৯ সালে প্রশ্নবিদ্ধ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে আওয়ামী লীগ ও তার জোট বিজয়ী হয়ে বিএনপিসহ বাকি সব রাজনৈতিক দলকে অপ্রাসঙ্গিক এবং নিঃশেষ করে দেয়ার নানা নিপীড়নমূলক উদ্যোগ নিয়েছিল। বিশেষ করে আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষ বিএনপিকে শেষ করে দেয়ার জন্য হেন কোনো পদক্ষেপ নেই, যা তখন নেয়নি। আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যেই বলেছেন, বিএনপির পরিণতি হবে মুসলিম লীগের মতো। ২০১৪ সালের ৫ জানুয়ারির বিনাভোটের নির্বাচনে ক্ষমতায় পুনর্বহাল হয়ে দলটি ফ্যাসিস্ট রূপ ধারণ করে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বর্তমান চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক সাজানো মামলা দেওয়া হয়েছে। আদালতকে ব্যবহার করে সাজা দেওয়া হয়েছে। আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশে থেকেই মিথ্যা মামলায় জেলে গিয়েছেন।
সে সময় ক্ষমতাসীন ফ্যাসিস্ট হাসিনা সরকার বহু চেষ্টা করেও তাঁকে আপোস করাতে পারেনি। তাঁকে সমঝোতায় রাজি করাতে না পেরে ওষুধের মাধ্যমে স্লো পয়োজনিংয়ের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণকে রক্ষায় বেগম খালেদা জিয়া মাথা নত করেননি। নিজের জীবন তুচ্ছ করে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়ে গেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও দেশের মানুষের প্রতি মমত্ববোধ নিয়েই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দেশের কোটি কোটি মানুষ শোকবিহবল মনে এবং কেঁদে তাকে সম্মানের সাথে শেষ বিদায় জানিয়েছে। দেশ রক্ষায় একজন নেতার দৃঢ়তা এবং আপোসহীনতা কীভাবে দুঃশাসনকে রুখে দিতে পারে, তার বিরল নজির বেগম খালেদা জিয়া স্থাপন করেছেন। লক্ষ্যে অটুট ও অবিচল থাকলে যে, কোনো কিছু অসম্ভব নয় এবং দুঃশাসন ও সুশাসনের পার্থক্য গড়ে দেয়া যায়, তা বেগম খালেদা জিয়া দেখিয়ে দিয়ে গিয়েছেন। মূলত ফ্যাসিস্ট হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার নিউক্লিয়াস হয়েছিল, তাঁর এই অক্ষয় ও অবিচল নেতৃত্ব।
দুই. বহু মানুষের রক্ত ঝরার মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা যুগের অবসানের দেড় বছরের বেশি সময় পার হয়েছে। এর মধ্যে মানবতাবিরোধী ঘৃণ্য অপরাধে হাসিনার বিচার হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল তাকে মৃত্যুদ- দিয়েছে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। গত ১২ ফেব্রুয়ারি ইতিহাসের একটি সেরা নির্বাচনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার দল বিএনপি দেশের মানুষের নিরঙ্কুশ সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছে। ফ্যাসিস্টমুক্ত দেশ গণতান্ত্রিক যাত্রা শুরু করেছে। তাঁর পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গণতন্ত্রের নবযাত্রার কা-ারি হয়েছেন। প্রথম দিন থেকেই তিনি দেশ পুনর্গঠনে নিরন্তর কাজ করে যাচ্ছেন।
বিস্ময়ের ব্যাপার হচ্ছে, ভারতে পালিয়ে থাকা মৃত্যুদ-প্রাপ্ত ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি ক্ষমতায় আসায় খুশি। নির্বাচনের আগেও তারা মনেপ্রাণে চাচ্ছিল, বিএনপি ক্ষমতায় আসুক। যে বিএনপিকে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে হাসিনা নিঃশেষ করে দিতে চেয়েছিল, সেই তার দল কেন বিএনপির ক্ষমতায় আসায় সন্তুষ্ট? এর কারণ হচ্ছে, তারা মনে করছে, বিএনপি ক্ষমতায় এলে তারা আবার ফিরে আসতে পারবে। সকলেরই জানা, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। শেখ মুজিব যখন আওয়ামী লীগসহ সকল দল নিষিদ্ধ করে বাকশাল তৈরি করেছিল এবং তার হত্যাকা-ের পর ঘটনার পরম্পরায় জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়ে বহুদলীয় রাজনীতির সূচনা করেছিলেন।
এর মাধ্যমে আওয়ামী লীগও পুনরায় রাজনীতি করার সুযোগ পায়। জিয়াউর রহমানের এই বহুদলীয় গণতন্ত্রের লিগ্যাসি বহন করে চলেছে তার প্রতিষ্ঠিত দল বিএনপি। এই লিগ্যাসি বহন করেছেন বেগম খালেদা জিয়া, বহন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা আশা করে আছে, বিএনপি সরকার তাদের ফেরার সুযোগ করে দেবে। নির্বাচনে বিএনপির বিজয়ের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি পরিলক্ষিত হয়েছে। চুপসে থাকা অবস্থা থেকে গা ঝাড়া দেয়ার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। পালিয়ে থাকা অনেকে প্রকাশ্যে আসা শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছে। বিএনপিতে থাকা পরিচিত ও ঘনিষ্টজনদের সাথে যোগাযোগ শুরু করেছে। প্রশ্ন হচ্ছে, বিএনপি কি আওয়ামী লীগকে পুনরায় ফিরে আসতে দেবে? সম্প্রতি বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে আলাপ করতে গিয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ আছে, সেভাবেই থাকবে। দেশের অন্যান্য রাজনৈতিক দল তো তাদের কার্যক্রম চালাচ্ছে। তারা তাদের রাজনীতি করুক। তার এ বক্তব্য যে, আওয়ামী লীগের জন্য হতাশাজনক, তা বুঝতে অসুবিধা হয় না। এটা কে না জানে, আওয়ামী লীগ এমন একটি দল, যাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। দেশীয় কোনো দল নয়; ভারত নিয়ন্ত্রিত এবং তার পরামর্শে পরিচালিত একটি দল। এই দলকে দেশের মানুষ কীভাবে বিশ্বাস করবে? কীভাবে বলবে, এটি দেশের কোনো রাজনৈতিক দল? কিছুদিন আগে আমার এক পরিচিতজন কথায় কথায় বলেছেন, আওয়ামী লীগ যদি ফিরে আসে, ফিরে আসতে দেয়া হয়, তাহলে সবার আগে সে বিএনপিকেই ছোবল মারবে।
তিন. কয়েক দিন আগে আওয়ামী লীগের এক নেতার মালিকানাধীন টেলিভিশন চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখেছি, আওয়ামী ফ্যাসিসজমকে টিকিয়ে রাখতে যেসব সাংবাদিক নেতা ও সাংবাদিক দিনরাত টক শোতে হাজির হয়ে হাসিনা রেজিমকে স্থায়ী করতে বয়ান উৎপাদন করতেন, তাদের বেশ কয়েকজন খোশ মেজাজে আছেন। চ্যানেলকে শুভেচ্ছা জানাতে এসেছেন। বুঝতে অসুবিধা হয়নি, তারা দেড় বছর আত্মগোপনে থেকে এখন বের হওয়ার অনুকূল পরিবেশ খুঁজে নিয়েছেন। তারা এখন স্বাভাবিকভাবে চলফেরার উপলক্ষ খুঁজছেন। বলার অপেক্ষা রাখে না, অধিকাংশ টেলিভিশন চ্যানেলের নিয়ন্ত্রকের আসনে এখনো আওয়ামী ফ্যাসিজমের পক্ষে কথা বলা লোকজন বসে আছেন। তারা এখন নিরপেক্ষ সেজেছেন। অথচ কে না জানে, তারা এখন একেকটি সুপ্ত-গুপ্ত মাইন হয়ে আছেন।
সময় ও সুযোগ বুঝে বিএনপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরিত হবেন। শুধু মিডিয়ায় আওয়ামী সুপ্ত-গুপ্ত নয়, বিএনপিবিরোধী অন্যদলেরও সুপ্ত-গুপ্তরা গুরুত্বপূর্ণ পদে বসে আছেন। বিএনপিবিরোধী এই দুই গুপ্ত এক হয়ে কৌশলে বিএনপিবিরোধী ভূমিকায় অবতীর্ণ হলে অবাক হওয়ার কিছু থাকবে না। এদিকে বিএনপির মনোযোগ আছে বলে প্রতীয়মান হচ্ছে না। যদিও বিএনপি গণতান্ত্রিক আচরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছে, দলমত নির্বিশেষে সকলে মিলেমিশে কাজ করবে। পর্যবেক্ষকদের মতে, এই গণতান্ত্রিক মানসিকতা দেখাতে গিয়ে বিএনপিকে অনেক খেসারত দিতে হয়েছে। বিএনপি অবশ্যই তার গণতান্ত্রিক মানসিকতা দেখাবে, তবে যারা ফ্যাসিজমের ধারক ও বাহক এবং জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার পক্ষে সাফাই গেয়েছে, তাদের কোনোভাবেই ক্ষমা করা ও জায়গা দেয়া যাবে না। তারা বিষফোঁড়া হয়ে আছে।
শরীরে ফোঁড়া উঠলে তা কেটে ফেলতে হয়। তা নাহলে, তা শরীরের জন্য ভয়ংকর হয়ে উঠে। এর আলামত ইতোমধ্যে পরিলক্ষিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক অন্তর্বর্তী সরকারের সময়ে সিলগালা করে রেখে দেয়া শেখ মুজিবের ছবি সম্বলিত নোট অপচয় রোধের নামে বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এর অর্থ হচ্ছে, এসব নোট ছড়িয়ে দিয়ে শেখ মুজিবের প্রতি জনগণের সফট কর্ণার তৈরি করা। জুলাই গণঅভ্যুত্থানে যে শেখ মুজিবের হাজার হাজার মূর্তি-মুর্যাল, ছবি জনগণ ঘৃণায় ভেঙে চুরমার করে অস্তিত্বহীন করে দিয়েছে, এই সিদ্ধান্ত সেই শেখ মুজিব তথা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার অপকৌশল ছাড়া কিছু নয়। প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী সমর্থক কর্মকর্তারা দেশের মানুষের জন্য ‘অভিশাপ’ আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনতে চাচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত জুলাই অভ্যুত্থানে শহীদ এবং চিরতরে পঙ্গু ও অন্ধ হয়ে যাওয়া হাজার হাজার মানুষের সাথে বেইমানী ছাড়া কিছু নয়। এই বেইমানী কোনোভাবেই বরদাশত করা যায় না।
চার. ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেড় দশকের বেশি সময় ধরে দেশের মানুষের সাথে যা করেছে, তা হিটলার ও তার দল নাৎসি পার্টিকেও হার মানিয়েছে। আমরা জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর ১৯৪৫ সালের ৩০ এপ্রিল হিটলার বার্লিনের আন্ডারগ্রাউন্ডে আত্মহত্যা করেন। এর মধ্য দিয়ে জার্মানিতে হিটলারের ১২ বছরের (১৯৩৩-১৯৪৫) স্বৈরাচারি শাসনের চূড়ান্ত অবসান হয়। জার্মানিতে নাৎসি পার্টি চিরতরে নিষিদ্ধ করা হয়। সে সময় দলটির প্রায় সব শীর্ষ নেতা হয় আত্মহত্যা, নতুবা ন্যুরেমবার্গ যুদ্ধপরাধের বিচারের মুখোমুখি হন। এর মধ্যে উল্লেখযোগ্য, হারমান গোরিং এবং জোসেফ গোয়েবলস। এ ধরনের ঘৃণ্য ব্যক্তি ও দল না থাকলে দেশ ও বিশ্বের কোনো সমস্যা নেই। জার্মানিতে নাৎসি পার্টির অস্তিত্ব নেই।
তাতে কি জার্মানি এবং বহুদলীয় গণতন্ত চলছে না? চলছে। কোনো সমস্যা হচ্ছে না। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় কি কোনো ক্ষতি হচ্ছে? হচ্ছে না। বরং দেশ স্বাভাবিক, শান্তিপূর্ণ ও আওয়ামী লীগ ছাড়াই বহুদলীয় গণতান্ত্রিক ধারায় চলছে। আওয়ামী লীগ না থাকলে দেশও ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত থাকতে পারবে। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ভারত তাচ্ছিল্য করতে পারবে না। অনেকে রিফাইন্ড আওয়ামী লীগের পুনবার্সনের কথা বলেন। সমস্যা হচ্ছে, কয়লা যতই রিফাইন্ড করা হোক না কেন, তা কয়লাই থেকে যায়। রিফাইন্ড হয় না। সবচেয়ে বড় বিষয় হলো, আওয়ামী লীগের একজন সাধারণ সমর্থককেও বলতে শুনিনি কিংবা দেখা যায়নি যে, আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানে যে দেড় হাজারের বেশি ছাত্র-জনতাতে হত্যা এবং হাজার হাজার মানুষকে চিরতরে অন্ধ ও পঙ্গু করে দিয়েছে, তা নিয়ে অনুশোচনা করতে। তারা যে ভুল করেছে, কাজটি ঠিক হয়নি, এ কথা ভুলেও বলে না। এমন মানসিকতার একটি দলের কি প্রাসঙ্গিকতা থাকে কিংবা তাকে ফিরিয়ে আনা যায়?
darpan.journalist@gmail.com
