আমাদের সামনে উপস্থিত পবিত্র লাইলাতুল বারাআত। কোনো কোনো দেশে এটি শবেবরাত নামে খ্যাত। শব ফার্সি শব্দÑ অর্থ রাত, আর বরাত মূলত আরবি শব্দ, অর্থ সৌভাগ্য, বন্টন নি®কৃতি, মুক্তি ইত্যাদি। পবিত্র হাদিস শরীফ এবং বুজুর্গানে দ্বীনের কিতাবাদি থেকে জানা যায় যে, এ রাতে আল্লাহ তায়ালা মানুষের বছরের রিজিক বা ভাগ্য বন্টন করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট মানুষ তা-ই উপভোগ করে থাকে। হাদিস শরীফে এ রাতের অফুরন্ত ফজীলতের কথা বিঘোষিত হয়েছে। হযরত আয়েশা (রাদিঃ) থেকে বর্ণিত এক হাদিসের মাধ্যমে জানা যায়, তিনি বলেন: আমি এক রাতে মহানবী (স.) কে যথাস্থানে না পেয়ে খুঁজতে থাকি।
হঠাৎ দেখি তিনি সিজদারত। তার দীর্ঘক্ষণ সিজদাবনত অবস্থা দেখে আমার মনে এ সন্দেহ হয় যে, হয়তো আঁ- হযরতের প্রাণবায়ু বের হয়ে গেছে। আমি তাড়াতাড়ি এসে তাঁর পায়ের বৃৃদ্ধাঙ্গুলি ধরে নাড়া দিলাম। ক্ষণিক পরে তিনি উঠে পড়েন। এবং আমাকে উদ্দেশ্য করে বলেন : হে আয়েশা! তুমি কি জান না আজ কোন রাত? আজ তো লাইলাতুন নিসফ মিন শাবান। অর্থাৎ শাবান মাসের পনেরো তারিখের রাত। উল্লেখ্য, আরবি শাবান মাসের ১৪ তারিখ দিনগত ১৫ তারিখ হলো পবিত্র শবেবরাত বা সৌভাগ্য রজনী। মহানবী (স.) ইরশাদ করেছেন: এ রাত গুণাহ মাফের রাত। তবে সাত প্রকারের মানুষকে এ রাতেও আল্লাহ ক্ষমা করেন না। যেমন- নেশাদার, শরাব পানকারী, পুনঃ পুন: ব্যাভিচারী, পিতা-মাতার অবাধ্য সন্তান, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চোগলখোর, কৃপণ ও এমন মুসলমান যে অন্য মুসলমানের সঙ্গে রাগস্বরে তিন দিনের চেয়ে অধিক সময় পর্যন্ত কথা বলা বন্ধ রাখে।’ রাসূলে খোদা (স.) এর হাদিস শরীফে শুধু এ রাতকেই নয়, এ রাতকে বহনকারী গোটা মাসকেই তিনি তা’জীমের সঙ্গে অতিবাহিত করতেন।
এ মাসে তিনি বেশি বেশি পরিমাণে রোজা রাখতেন, দরুদ পড়তেন এবং জিকির আজকার ও নফল নামায পড়তেন। সাহাবাগণ একবার জানতে চাইলেন: হে আল্লাহর রাসূল (স.)! আমরা আপনাকে শাবান মাসের মতো আর অন্য কোনো মাসে এতো বেশি রোজা রাখতে দেখি না। (এর কারণ কি?) আঁ হযরত জানালেন- এ মাসে আল্লাহ তায়ালার নেক বান্দাদের আমল আল্লাহর দরবারে আলিসানে জমা হয়। আমি চাই আমার হিসেব-নিকেশ আল্লাহর কাছে পৌঁছার মুহূর্তে আমি রোজাদার হিসেবে থাকি।’ এ প্রসঙ্গে মহানবী (স.) আরও বলেছেন: যে ব্যক্তি এ মাসে তিনটি রোজা রাখবে আল্লাহ পাক তাকে সারা বছর রোজা রাখার সমপরিমাণ সাওয়াব দান করবেন। তিনি আরও বলেছেন: (নাক্কু আবদানাকুম বি সাউমি শাবান ...) অর্থাৎ, তোমরা শাবান মাসের রোজা রাখার মাধ্যমে রমজান মাসে রোজা রাখার জন্য শরীর মন পবিত্র কর। হুজুরে পুর নূর (স.) এ মাসের সিয়াম পালনকে রমজানে ফরজ সিয়াম পালনের মহড়া হিসেবে চিহ্নিত করেছেন। এ সব ক্ষেত্রে রোজা পালনের গুরুত্বটা বেশ করে তুলে ধরা হয়। এর কারণ হলো একমাত্র রোজা বা সিয়াম পালনের মাধ্যমেই দিনের ২৪ ঘন্টার সার্বক্ষণিক মনমেজাজ আল্লাহর একনিষ্ঠ ধ্যানে নিমগ্ন করা সম্ভব।
একজন রোজাদার দিনে রাতে সাহরি ইফতারিতে কাজে কামে সর্বাবস্থায় সিয়ামের কথা, আল্লাহর কথা বলেন। এ জন্য আমরা এ শাবান মাসে বরাত রজনীতে সিয়াম-কিয়াম, রুকু-সিজদা, তাসবিহ-তাহলিল, তিলাওয়াত জিকির ইত্যাদির মধ্যে আত্মনিয়োগ করব। নামাজ রোজা ও তিলাওয়াতে কুরআন সর্বোৎকৃষ্ট ইবাদত। কুরআনে এসেছে- ইস্তাঈনু বিস সাবরি ওয়াস্সাল্লাহ অর্থাৎ, তোমরা ধৈর্য ও নামাযের মধ্য দিয়ে (আল্লাহর) সাহায্য প্রার্থনা কর।’ আজকাল নামাজ আছে, ধৈর্য নেই। ইবাদত আছে প্রাণ নেই, শবেবরাত আছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য নেই। এ জন্য আমাদের দোয়া আমাদের মুনাজাত কবুল হয় না। আর আমরা দোষ দেই ভাগ্যের, দোষ দেই ভাগ্য রজনীর, দোষ দেই স্রষ্টার।
অথচ আমরা যদি শরিয়তে নির্দেশিত পন্থায় আল্লাহকে ডাকি, তাকে স্মরণ করি, তার কাছে সাহায্য চাই, ক্ষমা ভিক্ষা করি তাহলে তিনি অবশ্যই বান্দাকে নিরাশ করবেন না। তিনি আল-কুরআনে দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন: উদঊনী আস্তাজিবলাকুম’- হে বান্দা সকল! তোমরা আমায় ডাকো, আর আমরা তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেই। এ প্রসঙ্গে হাদিস শরীফে ব্যাখ্যা এসেছে এভাবে: কোন কোন মানুষ হারাম খায়, হারাম পরিধান করে তারপর আল্লাহকে ডাকে-। তাহলে এ অবৈধ ‘ডাক’ বা মুনাজাত আল্লাহ কিভাবে শুনবেন? (তা মা’রিফুল কুরআন)। বলা হয়েছে- ক্বদ আফ লাহা মান তাঝাক্কা- সে-ই তো সফলকাম হয়েছে যে তনমন পবিত্র করে নিয়েছে। আঁ হযরত (স.) সুন্দর বলেছেন: ছালাছা আসওয়াতিন ইউহিব্বুহাল্লাহু অর্থাৎ, তিন প্রকারের আওয়াজ আল্লাহ সুবহানাহু তায়ালার অধিক পছন্দ।
তন্মধ্যে (১) মোরগের ডাক (কারণ সে প্রত্যুষে আল্লাহর নামে ডাক দিয়ে মানুষের ঘুম ভাঙ্গায়) (২) কুরআন তিলাওয়াতকারীর কণ্ঠ (কারণ ঐ কণ্ঠে আল্লাহর বাণী ধবনি প্রতিধ্বনিত হয়) (৩) আর ঐ ব্যক্তির সুর যে ব্যক্তি শেষরাতে আল্লাহর ধ্যানে (যখন সারা দুনিয়া ঘুমের ঘোরে অচেতন) করুন ও আবেদনময় সুরে তার ইবাদত বন্দেগি করে।’ শেষ রাতে আল্লাহর বন্দেগি করার সুযোগ এনে দেয় শবে বরাত। এ রাতের শেষ অংশে জেগে ইবাদত করার জন্য আমরা হাদিসের বর্ণনার মাধ্যমে উৎসাহ পেয়ে থাকি। রাসুলুল্লাহ (স.) বলেছেন: এ রাতে মহান প্রভু আল্লাহ তায়ালা সপ্তম আসমান থেকে নিম্নতম আসমানে (সামা-ই-দুনিয়া) নেমে আসেন এবং ডাকতে থাকেন: আছো কি কেউ ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করব। আছো কি কেউ সাহায্য প্রার্থনাকারী? আমি তাকে সাহায্য করব।
আছো কি কেউ বিপদগ্রস্ত? আমি তাকে বিপদমুক্ত করব। ..... আমাদের মহানবী হযরত মুহাম্মদ (স.) ছিলেন আল্লাহর হাবীব, মাহবুব। তিনি ছিলেন নিষ্পাপ, মাসুম। উপরন্তু তাঁর পবিত্র হায়াতে তায়্যিবাহ এত বেশি সুবিন্যস্ত ছিল যে, এখানে গুণাহ করার কোনো মওকা ছিল না। কিন্তু এতদসত্ত্বেও আঁ হযরত (স.) হাজারো কর্মব্যস্ততার মাঝে শাবানকে অতি গুরুত্বের সঙ্গে গ্রহণ করতেন এবং এ মাসের ইবাদত রিয়াজতগুলো কামা হাক্কাহু যথাযথভাবে আঞ্জাম দিতে সচেষ্ট থাকতেন। তিনি মুনাজাতে বলতেন: (আরবি আল্লাহুম্মা বারিক লানা ফী রাজাবা ওয়া শাবান, ওয়া বাল্লিগানা রমাজানা অর্থাৎ হে মহামহিম প্রভু আল্লাহ! আমাদের জীবনে রজব ও শাবান মাসে বরকত দাও এবং আমাদের পবিত্র রমজান পর্যন্ত পৌঁছে দাও।’ আজকে আমরা এ সিদ্ধান্তে উপনীত হব যে, শাবান এবং বিশেষত শবে বরাতকে অতি ধর্মীয় ভাবগাম্ভীর পরিবেশে আমরা অতিবাহিত করার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নেব। আর প্রকৃত ইবাদতের মাধ্যমে মেহেরবান আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রয়াস চালাবো। এ দিনে আমরা ইবাদতের নামে ধর্মের নামে ইসলামের নামে এমন কোনো কাজ করব না, এমন আবেগের আশ্রয় নেব না যার দ্বারা ইসলামের পবিত্রতা ও সত্যতা ক্ষুণœ হয়, শবে বরাতের গুরুগম্ভীর স্বর্গীয় পরিবেশ বিঘিœত হয়। শবে বরাত উপলক্ষে আমরা দেখি আমাদের সমাজে উন্নতমানের খানাপিনা ও হালুয়া রুটিই প্রাধান্য পায়।
এসব যারা বেশি পরিমাণ আহার করে তারা যেমন ইবাদতে ঝিমিয়ে পড়ে, তেমনি যে সব মহিলা এর আয়োজনে ব্যস্ত থাকে তারাও ইবাদতের ফুরসৎ হারিয়ে ফেলে। আমরা যেন এ রাতকে শুধু খানাপিনার মধ্যে সীমাবদ্ধ না রাখি। তবে এ রাতে ঐ খানাপিনাই কাম্য, ঐ দান-সদকাই কাম্য-যা কিনা গরীব মিসকিনদের মুখে হাসি ফোটায়। এ ছাড়া শবে বরাতের মতো একটি অতিপুণ্যময় রাতে এক শ্রেণির শিশু-কিশোর পটকা ফোটানো ও আতশ বাজি পোড়ানো ইত্যাদি নিয়ে মেতে উঠে। যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর।
শবেবরাতসহ বছরের অন্যান্য আরও যেসব রাত অতি পুণ্যময় হিসেবে বিখ্যাত (যেমন- শবে মিরাজ, শবে কদর ও দুই ঈদের রাত) এগুলোর তুলনায় শবে বরাতকে ঘিরে এক শ্রেণির অতি উৎসাহী মুসলমান বেশি বাড়াবাড়ি করে কুসংস্কার ও অজ্ঞতায় মেতে ওঠে। আমাদের আসল সহজ ও সরল পন্থায় ইসলাম ধর্মের কল্যান হাসিল করে ইহ-পরজগতে সৌভাগ্যবান হতে হবে ইনশা আল্লাহ। লেখক : অধ্যাপক, টিভি উপস্থাপক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত খতীব mi_rafiq@yahoo.com
