ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠে সম্প্রতি ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা আট-দশজন কিশোরের একটি দলকে কান ধরে উঠবস করানোর ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে সামাজিক মাধ্যমসহ সংবাদ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বইছে। এরই মধ্যে সর্বমিত্র ফেসবুকে ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেও আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগপত্র দাখিল করেছেন, এমন তথ্য আমরা পাইনি। পুরো ভিডিওচিত্র দেখলে বোঝা যায়, এটি কেবল তাঁর আচরণগত বিচ্যুতির কারণে ঘটেছে, এমন নয়। বরং দেশের উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে দিনের পর দিন ক্ষমতা প্রদর্শন ও ছাত্র রাজনীতির দীর্ঘদিনের সংকটেরই প্রতিচ্ছবি এতে ধরা পড়েছে।
প্রথমেই প্রশ্ন আসে, বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণত জ্ঞান, যুক্তি ও মানবিক মূল্যবোধ চর্চার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে সহিংসতার চর্চা কীভাবে সম্ভব হলো? এই প্রশ্নের সঙ্গে আমরা দীর্ঘদিন পরিচিত এবং তার উত্তরও আমাদের অজানা নয়। ক্যাম্পাসের বাইরে যে সহিংস রাজনীতি দেখে আসছি, তারই প্রভাবের ফল এ ঘটনা।
ডাকসু নেতাদের কাজ কী কী? কোনো নেতার কিশোরদের কান ধরিয়ে উঠবস করানো কোনোভাবেই শৃঙ্খলা রক্ষার গ্রহণযোগ্য পদ্ধতি হতে পারে না। যদি ডাকসু পলিসিতেও এ ধরনের নিয়ম থাকে, তাহলে তা অচিরেই বাতিল করা দরকার।
ঢাকা শহর গড়ে উঠেছে শৈশব ও কৈশোরকে অস্বীকার করে। বস্তুত কোনো পাড়া-মহল্লাতেই খেলার মাঠ নেই। এই বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে আশপাশের কিশোরদের খেলতে যাওয়া কোনো অপরাধ হতে পারে না।
এখানে আরও গুরুতর যে বিষয়টি সামনে আসে, তা হলো ক্ষমতার অপব্যবহার। লাঠি হাতে নেওয়ার মধ্য দিয়ে সর্বমিত্র দায়িত্বের বরখেলাপ করেছেন। এটি আমাদের ছাত্র রাজনীতির একটি পুরোনো ব্যাধিকে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়– ক্ষমতা পেলে শাসক হয়ে ওঠার প্রবণতা। তবে এ ঘটনার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা আমাদের চিন্তার জন্য একটি দ্বৈত বাস্তবতা তৈরি করে। একদিকে দায় স্বীকার ও পদত্যাগ বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে বিরল ঘটনা। এ কারণে এটিকে নৈতিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবেও দেখছেন অনেকে। তবে প্রশ্ন থেকেই যায়, শুধু পদত্যাগ কি যথেষ্ট? নাকি এটি জনরোষ ও সামাজিক মাধ্যমের চাপ সামলানোর কৌশল মাত্র?
এ ঘটনায় সবচেয়ে উদ্বেগজনক দিক হলো প্রাতিষ্ঠানিক নীরবতা ও সংস্কৃতি। দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে ‘বড় ভাই’, ‘দাদা’ সংস্কৃতির নামে কর্তৃত্ববাদী আচরণকে স্বাভাবিক করে তোলা হয়েছে। শিক্ষক, প্রশাসন এবং রাজনৈতিক সংগঠনগুলোর নীরব সহনশীলতা এই সংস্কৃতিকে আরও শক্ত করেছে। বাস্তবে এটি কোনো একক ব্যক্তির সমস্যা নয়। এটি এক কাঠামোগত ব্যর্থতা। তার প্রমাণ দেখি, সামাজিক মাধ্যমে অনেকে এই তৎপরতাকে বাহবা দিয়েছেন। একই সঙ্গে এটা বলতে হবে, যে ছাত্র সংগঠনের আশ্রয়-প্রশ্রয়ে সর্বমিত্র এহেন আচরণ করার সুযোগ পেয়েছেন, সে সংগঠনও তার দায় এড়াতে পারে না। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমরা কী ধরনের ছাত্রনেতৃত্ব চাই? যে নেতৃত্ব লাঠি দিয়ে শাসন করবে, নাকি যে নেতৃত্ব যুক্তি, সংলাপ ও সহানুভূতির মাধ্যমে সমস্যা সমাধান করবে? একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান নয়; এটি রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির কারখানা। সেখানে যদি ক্ষমতার প্রথম পাঠই হয় ভয় দেখানো ও অপমান, তবে সেই নেতৃত্ব রাষ্ট্রে গিয়ে কী চর্চা করবে– তা অনুমান করা কঠিন নয়।
সর্বমিত্র চাকমার পদত্যাগ একটি প্রয়োজনীয় কিন্তু অপর্যাপ্ত পদক্ষেপ। এর সঙ্গে প্রয়োজন ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এমন আচরণ রোধে সুস্পষ্ট নীতিমালা। সবচেয়ে জরুরি হলো ছাত্র রাজনীতির সংস্কার, যেখানে নেতৃত্ব মানে হবে সেবা; কর্তৃত্ব নয়। শৃঙ্খলা মানে হবে আইন ও মানবিকতার শাসন; লাঠির নয়।
ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, সমকাল
