ফেব্রুয়ারি এলেই শহীদ মিনারে ফুল পড়ে, আবৃত্তিতে মুখর হয় মঞ্চ, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে ফিরে আসে ভাষা আন্দোলনের ছবি ও স্মৃতি। ২১ ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি অধিকার, আত্মপরিচয় ও আত্মমর্যাদার প্রতীক। কিন্তু প্রশ্ন থেকেই যায় ভাষার মাসে দাঁড়িয়ে আজ রাষ্ট্রভাষা বাংলার প্রকৃত জায়গা কোথায়? বাংলাদেশের সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে বাংলা হবে রাষ্ট্রভাষা। অথচ বাস্তব জীবনে তাকালে দেখা যায়, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ স্তরগুলোতে বাংলার অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। উচ্চ আদালতের রায়, প্রশাসনিক নথি, আইনগত দলিল কিংবা নীতিনির্ধারণী রিপোর্ট এসবের বড় একটি অংশ আজও ইংরেজিনির্ভর।
ভাষা এখানে কেবল মাধ্যম নয়; এটি ক্ষমতা ও প্রবেশাধিকারের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।\r\nরাজনৈতিক অঙ্গনে বক্তৃতা ও স্লোগানে বাংলা ব্যবহৃত হলেও নীতিগত সিদ্ধান্ত, উন্নয়ন প্রকল্পের দলিল বা আন্তর্জাতিক যোগাযোগে ইংরেজিই প্রধান ভাষা। এর ফলে সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয় তথ্য ও সিদ্ধান্ত অনেক সময় দুর্বোধ্য হয়ে ওঠে। রাষ্ট্রভাষা থাকা সত্ত্বেও রাষ্ট্রের ভাষা যেন জনগণের ভাষা হয়ে উঠতে পারছে না।\r\nশিক্ষা ব্যবস্থায় এই বাস্তবতা আরও স্পষ্ট। ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্সনের বিস্তার অভিভাবক ও শিক্ষার্থীদের মনে একটি ধারণা গেঁথে দিয়েছে ভালো ভবিষ্যৎ মানেই ভালো ইংরেজি। উচ্চশিক্ষা পর্যায়ে অধিকাংশ পাঠ্যপুস্তক, গবেষণা ও একাডেমিক আলোচনা ইংরেজিতে হওয়ায় বাংলায় চিন্তা ও গবেষণার চর্চা সীমিত হয়ে পড়ছে।
বাংলায় গবেষণাপত্র লিখলে অনেক ক্ষেত্রে তা কম গুরুত্ব পায় এমন অভিযোগ নতুন নয়। ফলে জ্ঞানচর্চার ভাষা হিসেবে বাংলা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে।\r\nএই সংকট শুধু রাষ্ট্র বা শিক্ষা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়; সমাজেও এর প্রতিফলন স্পষ্ট। ইংরেজিতে কথা বলা আজ অনেকের কাছে আধুনিকতা ও স্মার্টনেসের প্রতীক, আর শুদ্ধ বাংলায় কথা বলাকে কেউ কেউ সেকেলে বা গ্রাম্য বলে মনে করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লক্ষ্য করলে দেখা যায় ইংরেজি ক্যাপশন বা মিশ্র ভাষার পোস্টে বেশি প্রতিক্রিয়া, বেশি গ্রহণযোগ্যতা। ভাষা এখানে আর কেবল অনুভূতির বিষয় নয়; এটি সামাজিক শ্রেণি ও মর্যাদার চিহ্ন হয়ে উঠছে।\r\nএই প্রেক্ষাপটে ২১ ফেব্রুয়ারি যেন অনেকাংশেই আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ।
একদিন শহীদ মিনারে শ্রদ্ধা, একদিন ভাষার গান তারপর আবার ইংরেজিনির্ভর দৈনন্দিন জীবনে ফেরা। প্রশ্ন জাগে ভাষার জন্য জীবন দেওয়া সেই আত্মত্যাগ কি আমরা শুধু বছরে একদিন স্মরণ করার জন্যই রেখেছি?\r\nতবে বাস্তবতা এটাও যে, ইংরেজি আজ বৈশ্বিক যোগাযোগ ও জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ মাধ্যম। ইংরেজি শেখা প্রয়োজন, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু প্রয়োজন আর নির্ভরতার মধ্যে পার্থক্য আছে। সমস্যা তখনই তৈরি হয়, যখন ইংরেজি এগিয়ে নিতে গিয়ে আমরা নিজের ভাষাকে পিছনে ঠেলে দিই। রাষ্ট্রভাষার মর্যাদা রক্ষার অর্থ ইংরেজি বর্জন নয়, বরং বাংলাকে সমান গুরুত্ব দিয়ে ব্যবহারের পরিবেশ তৈরি করা।\r\nসমাধান একদিনে আসবে না, তবে উদ্যোগ প্রয়োজন এখনই। রাষ্ট্রীয়ভাবে আদালত, প্রশাসন ও সরকারি দপ্তরে বাংলার ব্যবহার কার্যকরভাবে নিশ্চিত করতে হবে। উচ্চশিক্ষায় মানসম্মত বাংলা পাঠ্যপুস্তক ও গবেষণার সুযোগ বাড়াতে হবে। গণমাধ্যম ও সামাজিক পরিসরে শুদ্ধ ও প্রাঞ্জল বাংলার ব্যবহারকে উৎসাহিত করতে হবে। আর ব্যক্তিগতভাবে বাংলায় কথা বলা, লেখা ও চিন্তা করাকে গর্বের বিষয় হিসেবে গ্রহণ করতে হবে।\r\n২১ ফেব্রুয়ারি আমাদের শুধু অতীতের গৌরব স্মরণ করায় না, বর্তমানকে প্রশ্ন করতেও শেখায়। রাষ্ট্রভাষা বাংলা যদি সত্যিই আমাদের পরিচয়ের কেন্দ্রবিন্দু হয়, তবে তার জায়গা থাকতে হবে রাষ্ট্রের কাজকর্ম, শিক্ষার পরিসর ও সমাজের প্রতিদিনের ব্যবহারে। ভাষা আবেগে নয় বাঁচে ব্যবহারে। ভাষার মাসে এই সত্যটাই সবচেয়ে বড় প্রশ্ন, সবচেয়ে বড় দায়িত্ব।
