কিছু সময়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেনের ব্যাপারে আশাবাদী মনে হয়েছিল। ট্রাম্প আগস্টে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যুদ্ধবিরতি আলোচনায় বাধা দিলে পুতিনকে ‘ভয়াবহ পরিণতি’র মুখোমুখি হতে হবে। তবে তখন তিনি কিছুই করেননি, যদিও পুতিন তাঁর কাজ করে যাচ্ছিলেন। ট্রাম্প অবশ্য ২২ অক্টোবর রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রোসনেফট ও লুকোয়েলের ওপর গুরুতর ঝুঁকি তৈরি করেন। কিন্তু এখন ইউক্রেনের জন্য তাঁর ২৮ দফা শান্তি পরিকল্পনার মাধ্যমে ট্রাম্প তাঁর পুতিনপন্থি আদর্শে ফিরে গেছেন, যেখানে ইউক্রেনীয় বা ইউরোপীয়দের কোনো অংশগ্রহণ নেই। তা ছাড়া এর খসড়া করেছেন মার্কিন ও রাশিয়ান কর্মকর্তারা।

ট্রাম্পের পরিকল্পনা পুতিনকে ইউক্রেন আক্রমণের জন্য পুরস্কৃত করবে এবং ইউক্রেনের গণতন্ত্র ঝুঁকির মুখে ফেলবে। পরিকল্পনায় ‘ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করা হবে’– এই জোরালো ঘোষণা ফাঁকা বুলি মনে হয়। কারণ পরিকল্পনার অনেকটাই সেই সার্বভৌমত্বকে দুর্বল করবে। ক্রেমলিন মনে করছে, পরিকল্পনাটি ইউক্রেনের জন্য একটি দুঃস্বপ্ন হবে।

তাঁর রিয়েল এস্টেট ব্যবসায়ীর চরিত্র অক্ষুণ্ন রেখে ট্রাম্প ইউক্রেনীয় সংঘাতকে কেবল একটি ভূখণ্ডের বিরোধ বলেই মনে করে চলেছেন, যেন পুতিনকে ইউক্রেনীয় জমির একটি অংশ হস্তান্তর করলে স্বৈরশাসক সন্তুষ্ট হবেন। কিন্তু পুতিনের যুদ্ধের উদ্দেশ্য কেবল পূর্ব ইউক্রেনের একটি বিশাল ছাই হয়ে যাওয়া শিল্পহীন অঞ্চল নিয়ন্ত্রণ নয়। এর সঙ্গে ইউক্রেনের গণতন্ত্র যুক্ত। পুতিনের এটি ধ্বংস করার ইচ্ছার কারণ, যাতে এটি আর রাশিয়ার জনগণের জন্য জবাবদিহিমূলক সরকারের একটি আকর্ষণীয় মডেল হিসেবে কাজ না করে। পুতিনের ভয়ংকর একনায়কতন্ত্র বরাবরই তাদের তা দিতে অস্বীকার করছে।

খেরসন ও জাপোরিঝিয়ার মতো বিভক্ত ইউক্রেনীয় প্রদেশগুলো যখন বরফে ঢেকে যাচ্ছে; ট্রাম্পের পরিকল্পনা ইউক্রেনকে পুরো দোনেস্ক প্রদেশ ছাড়তে বাধ্য করবে। তাঁর বাহিনী এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ করে যে প্রদেশ দখল করতে পারেনি, তা দিয়ে রাশিয়াকে পুরস্কৃত করা ছাড়াও এই আত্মসমর্পণ ইউক্রেনীয় প্রতিরক্ষা বিপজ্জনকভাবে দুর্বল করে দেবে। দোনেস্কে ইউক্রেনের বহুল প্রশংসিত ‘দুর্গ বলয়’-এর অবস্থান, যা রাশিয়ার অগ্রগতির পথে একটি প্রধান বাধা। ট্রাম্প ইউক্রেনকে এই প্রতিরক্ষা ব্যবস্থা ছেড়ে দিতে বলছেন। ফলে পুতিন যদি পরে যুদ্ধ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেন, তখন তাঁর কিয়েভে পৌঁছানোর পথে আর কোনো বাধা থাকবে না।

তদুপরি রাশিয়ার জন্য নতুন করে যুদ্ধ শুরু সহজ করতে ট্রাম্প ইউক্রেনকে তার সেনা সংখ্যা বর্তমান আট লাখ বা ৮ লাখ ৫০ হাজার থেকে ছয় লাখে নামিয়ে আনতে বাধ্য করবেন। ট্রাম্পের পরিকল্পনায় রাশিয়ান বাহিনীর ওপর এমন কোনো সীমা আরোপ করা হয়নি। ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে নাৎসিদের একটি দল হিসেবে চিত্রিত করা পুতিনের প্রচেষ্টার প্রতি আপাতদৃষ্টিতে সমর্থন জানিয়ে ট্রাম্প এ পরিকল্পনা ঘোষণা করেন। এতে বলা হয়েছে, ‘সব ধরনের নাৎসি মতাদর্শ ও কার্যকলাপ প্রত্যাখ্যান ও নিষিদ্ধ করতে হবে।’ এ ব্যাপারে আরও জোর দিয়ে বলা হয়, ‘ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির ১০০ দিনের মধ্যে নির্বাচন করবে।’ রাশিয়ায় নির্বাচন আয়োজনের মাধ্যমে পুতিনের একনায়কত্ব বিপন্ন করার জন্য ট্রাম্প কোনো বাধ্যবাধকতা আরোপ করেননি।

নিশ্চিতভাবে এ পরিকল্পনায় রাশিয়াকে ‘প্রতিবেশী দেশগুলিতে আক্রমণ না করা’ এবং ‘ইউরোপ ও ইউক্রেনের প্রতি আগ্রাসন না করার নীতি আইনিভাবে প্রতিষ্ঠিত করা’র প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু পুতিন অতীতে একই ধরনের চুক্তি লঙ্ঘন করেছেন, তাই এবার কেন আমরা পুতিনের ওপর আস্থা রাখব? যেমন ১৯৯৪ সালের বুদাপেস্ট স্মারকলিপি, যেখানে রাশিয়া তার সোভিয়েত যুগের পারমাণবিক অস্ত্র ত্যাগের বিনিময়ে ইউক্রেনের সীমান্তের ব্যাপারে সম্মানজনক অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং ২০১৪-১৫ সালের মিনস্ক চুক্তি, যেখানে রাশিয়া যুদ্ধবিরতি এবং পূর্ব ইউক্রেনের দখলকৃত অঞ্চল কিয়েভকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। স্পষ্টত এসব চুক্তি রাশিয়া মেনে চলেনি।

এ কারণেই ইউক্রেন পশ্চিমা নিরাপত্তা গ্যারান্টির ওপর এত জোর দিয়ে আসছে। এ পরিকল্পনায় রাশিয়া পুনরায় আক্রমণ শুরু করলে ‘চূড়ান্ত সমন্বিত সামরিক জবাব’ হুমকির মধ্যে পড়বে। ‘ইউক্রেন নির্ভরযোগ্য নিরাপত্তা গ্যারান্টি পাবে’; বলা হয়েছে বটে, তবে বিস্তারিত বিবরণ অস্পষ্ট ও উদ্বেগজনক। পরিকল্পনাটি কেবল ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ থেকে বঞ্চিত করবে না, বরং ন্যাটো সদস্যদের ইউক্রেনের মাটিতে সৈন্য মোতায়েনের সুযোগ থেকেও বঞ্চিত করবে। ফলে ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে প্রতিশ্রুত বাহিনী নিয়োগও বাদ পড়বে। যার ভিত্তিতে ইউক্রেন পুতিনকে তার ক্ষয়প্রাপ্ত বাহিনী পুনরায় গুছিয়ে নেওয়া, পুনর্গঠন এবং পুনরায় আক্রমণ থেকে বিরত রাখার জন্য বিবেচনা করছিল।

রাশিয়ার বিরুদ্ধে প্রতিবন্ধকতাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে ইউরোপীয় নেতারা দীর্ঘদিন ইউক্রেনে যে কোনো শান্তিরক্ষী বাহিনীর প্রতি মার্কিন সমর্থনের ওপর জোর দিয়ে আসছেন। আপাতত এটি নির্ভর করছে বিশ্বাসের অযোগ্য ট্রাম্পের ওপর। তা ছাড়া ট্রাম্প কেবল ‘গোয়েন্দা ও লজিস্টিকস সহায়তা’ অথবা ‘যথোপযুক্ত বিবেচিত অন্যান্য পদক্ষেপ’ প্রদান করছেন বলে জানা গেছে, যদিও তা ন্যাটোর মতো শোনায়; কিন্তু তা সরাসরি সামরিক সহায়তা নয়। এতে পুতিনের মাথাব্যথা কমই থাকবে।

কেনেথ রথ: প্রিন্সটনের স্কুল অব পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ভিজিটিং প্রফেসর; দ্য গার্ডিয়ান থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম