সড়কে আর কত প্রাণ ঝরলে আমাদের উপলব্ধি হবে, নিরাপদে বেঁচে থাকা মানুষের অধিকার? আর কত পরিবার প্রিয়জন হারিয়ে নিঃস্ব হলে আমরা সড়ক নিরাপত্তাকে রাষ্ট্রীয় অগ্রাধিকারের জায়গায় নিয়ে আসব? প্রতিদিন সড়কে মানুষের মৃত্যু, অসংখ্য মানুষের আহত ও পঙ্গুত্ববরণ এবং স্বজনদের আহাজারি যেন আমাদের নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে। অথচ প্রতিটি প্রাণহানি প্রতিরোধযোগ্য ছিল কি না, সে প্রশ্নের যথাযথ উত্তর ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। সড়ক দুর্ঘটনায় (রোডক্যাশ) নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ, তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ এবং সড়ক নিরাপত্তার গুরুত্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরতে প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় রবিবার পালিত হয় ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ বা সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণ দিবস। এবারের দিবসটি ১৫ নভেম্বর। দিবসটি সামনে রেখে আমাদের প্রশ্নÑকেবল স্মরণ, শোক প্রকাশ আর সচেতনতামূলক কর্মসূচির মধ্যেই কি আমাদের দায়িত্ব সীমাবদ্ধ থাকবে? নাকি সড়কে প্রাণহানি বন্ধে কার্যকর আইন, জবাবদিহি ও নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে? আমাদের দাবি স্পষ্ট-প্রাণহানি নয়, জীবনের নিশ্চয়তা চাই।
প্রতিবছর বাংলাদেশের সড়কে যে পরিমাণ প্রাণহানি ঘটছে, তা নিছক দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি গুরুতর জনস্বাস্থ্য ও নিরাপত্তা সংকট। বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৩১ হাজার ৫৭৮ জনের মৃত্যু হয়। অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, প্রতিবছর গড়ে প্রায় পাঁচ হাজার মানুষ সড়কে প্রাণ হারান। বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্যেও দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে বেশি দেখা যায়। তথ্যের এ বিশাল ব্যবধানই প্রমাণ করে, দেশে সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র নির্ধারণে একটি সমন্বিত ও নির্ভরযোগ্য কেন্দ্রীয় তথ্যভান্ডার করা জরুরি।
বিআরটিএর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে পাঁচ হাজার ৮৫৬টি সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ৪৮০ জন নিহত হয়েছেন। চলতি বছরের প্রথম ছয় মাসেই তিন হাজার ৩৯টি দুর্ঘটনায় অন্তত দুই হাজার ৯৪৩ জন প্রাণ হারিয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ জন মানুষ সড়কে প্রাণ হারাচ্ছেন। এই পরিসংখ্যানের প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি পরিবার, একটি স্বপ্ন এবং অসংখ্য মানুষের বেঁচে থাকার সংগ্রাম। একজন উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে একটি পরিবার যেমন অর্থনৈতিক সংকটে পড়ে, তেমনি একজন মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করলে তার নিজের পাশাপাশি পুরো পরিবারকে দীর্ঘমেয়াদি দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয়।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দেশে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যমান সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ পরিবহন খাতের শৃঙ্খলা ও ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ হলেও সড়ক নিরাপত্তার সামগ্রিক ঝুঁকি মোকাবিলায় এগুলো যথেষ্ট নয়। কারণ, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু যানবাহন, চালক কিংবা ট্রাফিক আইন নিয়ন্ত্রণের বিষয় নয়। এর সঙ্গে সড়কের নকশা ও অবকাঠামো, গতিসীমা নির্ধারণ, পথচারীর নিরাপত্তা, নিরাপদ যানবাহন, চালকের দক্ষতা, আইন প্রয়োগ এবং দুর্ঘটনা-পরবর্তী জরুরি চিকিৎসাব্যবস্থা সরাসরি জড়িত। ফলে এসব বিষয়কে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে পৃথক ও পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন জরুরি।
বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, অতিরিক্ত গতি সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান ঝুঁকি। বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনার ক্ষেত্রে বেপরোয়া গতি, মানসম্মত হেলমেট ব্যবহার না করা, প্রশিক্ষণ ও লাইসেন্সের ঘাটতি এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা ঝুঁকি বাড়ায়। তবে শুধু চালকের অসচেতনতাকে দায়ী করলেই সমস্যার সমাধান হবে না। অনেক ক্ষেত্রে ত্রুটিপূর্ণ সড়ক, অপর্যাপ্ত সাইন-সিগন্যাল, ঝুঁকিপূর্ণ মোড়, ফুটপাত দখল, অনিরাপদ পারাপার এবং যানবাহনের কারিগরি ত্রুটিও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তাই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু সড়ক ব্যবহারকারীর নয়; সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, পরিবহন মালিক, নির্মাতা ও নীতিনির্ধারকদেরও সমানভাবে দায়িত্ব নিতে হবে।
জাতিসংঘের ‘গ্লোবাল প্ল্যান ফর দ্য সেকেন্ড ডিকেড অব অ্যাকশন ফর রোড সেফটি ২০২১-২০৩০’-এ সড়ক নিরাপত্তার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভের কথা বলা হয়েছে। এগুলো হলো নিরাপদ সড়কব্যবস্থা ও ভূমি ব্যবহার পরিকল্পনা, নিরাপদ সড়ক অবকাঠামো, নিরাপদ যানবাহন, নিরাপদ সড়ক ব্যবহার এবং দুর্ঘটনা-পরবর্তী ব্যবস্থাপনা। পাশাপাশি অতিরিক্ত গতি, সিটবেল্ট ব্যবহার না করা, মানসম্মত হেলমেট না পরা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং শিশুদের জন্য উপযুক্ত নিরাপত্তা আসন ব্যবহার না করাকে গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের ক্ষেত্রে এসব আন্তর্জাতিক নির্দেশনা ও সর্বোত্তম চর্চাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এ ক্ষেত্রে সরকারের সাম্প্রতিক অঙ্গীকার আশাব্যঞ্জক। জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে জাতীয় বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সেইফ সিস্টেম অ্যাপ্রোচ এবং আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্ত, অনুমোদন ও প্রণয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে এখন থেকেই কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। আইন প্রণয়নের পাশাপাশি তার যথাযথ প্রয়োগ, দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়, নিয়মিত তদারকি এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। সড়ক নিরাপত্তার জন্য একটি শক্তিশালী ও স্বাধীন সমন্বয়কারী কর্তৃপক্ষ গঠন, কেন্দ্রীয় দুর্ঘটনা তথ্যভান্ডার প্রতিষ্ঠা, ঝুঁকিপূর্ণ সড়ক চিহ্নিতকরণ এবং দুর্ঘটনাপ্রবণ স্থানে প্রকৌশলগত সংস্কারও জরুরি। পাশাপাশি দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার, অ্যাম্বুলেন্স সেবা এবং মানসম্মত জরুরি চিকিৎসা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, সড়ক দুর্ঘটনায় একটি মৃত্যু মানে শুধু একটি প্রাণের অবসান নয়; একটি পরিবারের স্বপ্ন, সম্ভাবনা ও ভবিষ্যতেরও মৃত্যু। তাই সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ করার প্রকৃত অর্থ হবে এমন একটি নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ নিরাপদে গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা পাবে। সড়ক নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার এবং রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আসুন, শুধু স্মরণ দিবসে নয়, বছরের প্রতিটি দিন সড়ক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিই। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ, কার্যকর আইন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির মাধ্যমে সড়কে মৃত্যুর মিছিল থামাতে সম্মিলিতভাবে এগিয়ে আসি। রোডক্র্যাশের পর ক্ষতিপূরণ বা বিচার নয়, রোডক্র্যাশের আগেই প্রতিরোধ নিশ্চিত হোক। আমরা এমন একটি সড়কব্যবস্থা চাই, যেখানে চালক, যাত্রী ও পথচারী-সবার জীবনের সমান মূল্য থাকবে। যেখানে ঘর থেকে বেরিয়ে নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা থাকবে।
আমার প্রত্যাশা একটাই-প্রাণহানি নয়, নিরাপত্তা চাই। সড়ক হোক সবার জন্য নিরাপদ।
লেখক : অ্যাডভোকেসি অফিসার (কমিউনিকেশন), স্বাস্থ্য ও পুষ্টি সেক্টর, ঢাকা আহ্ছানিয়া মিশন।
