চলমান ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে দুই সপ্তাহের যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের প্রস্তাব মেনে নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আন্তর্জাতিক সম্প্রদায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। মাত্র কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প ইরানকে বোমা মেরে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়া এবং এর ‘সভ্যতা’ ধ্বংস করে দেওয়ার হুমকিতে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।

ট্রাম্পের মতে, এই যুদ্ধবিরতি ‘ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি এবং মধ্যপ্রাচ্যে এ বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি’ সম্পাদনের জন্য কিছুটা সুযোগ দিয়েছে। তবে, চূড়ান্ত নিষ্পত্তির পথটি জটিল ও কঠিন হবে, যদিও তা অসম্ভব নয়।

শত্রুকে অবমূল্যায়ন করা

গত ছয় সপ্তাহে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরান তার জোরালো জবাব দিয়েছে। এতে ক্রমশ যুদ্ধের তীব্রতা বেড়েছে এবং পারস্পিরক তর্কও এগিয়েছে। যুদ্ধরত তিনটি পক্ষ কেবল একে অপরকে গুরুতর আঘাত করে থামেনি, বরং তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় অঞ্চলটি এবং বিশ্ব এক বিশাল তেল, তরলীকৃত গ্যাস ও মুদ্রাস্ফীতিজনিত সংকটেও ভুগছে।

ট্রাম্প এমনটা আশা করেননি। তিনি প্রাথমিকভাবে ধারণা করেছিলেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক শক্তি দ্রুত জয়লাভ করবে। এর ফলে তেহরান আত্মসমর্পণ করতে বাধ্য হবে এবং অনুকূল শাসন পরিবর্তনের পথ খুলে যাবে। এখানে বলে রাখা দরকার, বছরের শুরুতে ইরান ব্যাপক গণবিক্ষোভ দমন করেছিল। কিন্তু ইরান সরকার প্রত্যাশার চেয়েও বেশি টিকে থাকা, সুপ্রতিষ্ঠিত এবং সম্পদশালীর প্রমাণ রেখেছে। সরকার পারস্য উপসাগর ও ইসরায়েলজুড়ে মার্কিন সম্পদে আঘাত করেছে, এর পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে পাল্টা লড়াইয়ে কৌশলও গ্রহণ করে।

এদিকে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে যৌথ যুদ্ধ প্রচেষ্টার জন্য মার্কিন মিত্রদের সক্রিয় সমর্থন আদায় করতে পারেননি। গাজায় যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। এক্ষেত্রে মিত্র শক্তিগুলোর সঙ্গে পরামর্শ করা হয়নি। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের পরিপন্থী একটি যুদ্ধে অংশগ্রহণ করাকে তারা তাদের নিজ নিজ জাতীয় স্বার্থের অনুকূল বলে মনে করেনি।

শত শত কোটি ডলার গচ্ছা যাওয়া

তাছাড়া যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রতিপক্ষ রাশিয়া ও চীন উভয়েরই ইরানের সঙ্গে কৌশলগত সহযোগিতা চুক্তি থাকায়। দেশ দুটি যুদ্ধের তীব্র বিরোধিতা করেছে। তারা উত্তেজনা কমিয়ে আনা এবং অর্থনৈতিক ক্ষতি এড়ানোর পদক্ষেপ নিতে ডাক দিতে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যোগ দেয়।

সংঘাত আরও বিস্তৃত হল। ইরান-সমর্থিত লেবানিজ আধা-সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর আক্রমণের জবাবে ইসরায়েল দক্ষিণ লেবানন দখল করার জন্য অভিযান শুরু করে। এরপর সব পক্ষের জন্যই যুদ্ধের খরচ হয়ে উঠে আকাশচুম্বী। শুধু যুক্তরাষ্ট্রের জন্যই প্রতিদিন খরচ দাঁড়ায় কমপক্ষে ১ বিলিয়ন মার্কিন ডলার। এর ফলে ফেডারেল ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, যা ৪০ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি।

পরিস্থিতি মিশাইল ও ইন্টারসেপ্টরের মধ্যে এক প্রতিযোগিতায় পরিণত হয়েছিল। এখন শুধু দেখার বিষয় ছিল কার মজুদ আগে শেষ হয়ে যায়। সম্প্রতি খবর পাওয়া গেছে, ইসরায়েলের ইন্টারসেপ্টরের সংখ্যা কমে আসে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জনবলের ঘাটতির সম্মুখীন হয়েছিল।

সামনে দীর্ঘ যাত্রা

এর মানে এই নয় যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তির জন্য ব্যাপক আলোচনা ও চুক্তি সম্পাদন করা সহজ হবে। কিন্তু ট্রাম্পের যুদ্ধবিরতি মেনে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়, যা থেকে আমরা তাঁর চিন্তাভাবনা সম্পর্কে ধারণা পাই। যেমন–

আমরা যুক্তরাষ্ট্রের ১৫-দফা প্রস্তাবের জবাবে ইরানের কাছ থেকে একটি ১০-দফা প্রস্তাব পেয়েছি। আমরা বিশ্বাস করি যে, এটি আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অতীতের প্রায় সমস্ত বিরোধপূর্ণ বিষয়েই সমঝোতা হয়েছে, কিন্তু দুই সপ্তাহের এই সময়টুকু চুক্তিটিকে চূড়ান্ত ও সম্পন্ন করার সুযোগ দেবে। দশ দফায় লেবাননসহ সকল যুদ্ধক্ষেত্রে সংঘাত বন্ধের কথা বলা হয়েছে, যদিও ইসরায়েল পরবর্তীতে দাবি করেছে যে এই যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।

অন্যান্য মূল উপাদানগুলোর মধ্যে কয়েকটি হল, যুক্তরাষ্ট্রকে অবশ্যই আগ্রাসন না করার নিশ্চয়তা দিয়ে অঙ্গীকার করতে হবে; হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা; ইরানের ওপর থেকে মুখ্য ও গৌণ নিষেধাজ্ঞা তুলে নিতে হবে; এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারকে স্বীকৃতি দিতে হবে।

এখন ট্রাম্পের দায়িত্ব হল নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে আনা। এই নেতানিয়াহু দীর্ঘদিন ধরে শুধু ইরান সরকারকে ধ্বংস করতেই নয়, বরং আঞ্চলিক শক্তি হিসেবে ইরান রাষ্ট্রের প্রভাব খর্ব করতেও নিরলসভাবে কাজ করে গেছেন।

যদি এমনটা ঘটে এবং সব পক্ষ সদিচ্ছা নিয়ে আলোচনা করে, তবে আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে। আমরা সম্ভবত এমন এক যুদ্ধোত্তর আঞ্চলিক ব্যবস্থার সূচনা দেখতে পারি, যা কোনো এক পক্ষের আঞ্চলিক আধিপত্যের চেয়ে বরং একটি স্থানীয় সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার ওপর বেশি নির্ভরশীল হবে।

আমিন সাইকাল: অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য অধ্যয়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক; দ্য কনভারসেশন থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম।