প্রতিবছর বাংলাদেশের হাজার হাজার মেধাবী তরুণ উচ্চশিক্ষা, গবেষণা বা পেশাগত জীবনের উদ্দেশ্যে দেশ ছাড়ছে। কেউ যাচ্ছে আমেরিকা, কেউ ইউরোপ, কেউ জাপান, চীন কিংবা মধ্যপ্রাচ্যে। অনেকেই সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে, কেউ কেউ সফলভাবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উচ্চ পদে কাজ করে। দেশের ভেতরে এই দৃশ্য দেখে অনেকে হাহুতাশ করেন, বলেন, ‘দেশের সব মেধাবী বিদেশে চলে যাচ্ছে, দেশে কিছুই থাকবে না, সব ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে।’ কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি এতটা নেতিবাচক নয়; বরং বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে এটি হতে পারে এক বিশাল সুযোগের দ্বার।
গ্লোবালাইজেশনের এই যুগে যোগ্য মানুষ যোগ্য স্থানে যাবে, এটাই নিয়ম। আমরা যদি দেশের ভেতরে সেই মেধার উপযুক্ত মূল্যায়ন করতে না পারি, উপযুক্ত কর্মপরিবেশ ও গবেষণা-উপযোগী অবকাঠামো তৈরি করতে না পারি, তাহলে সেই মানুষটিকে সীমিত পরিসরে আটকে রাখার মানে কী? বরং তাকে উৎসাহিত করা উচিত, সে যেন তার যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার করতে পারে, পৃথিবীর যে প্রান্তেই হোক। কারণ, তার সফলতাই একদিন দেশের জন্য নতুন দরজা খুলে দিতে পারে।
চীন-ভারত প্রভৃতি দেশে একটা সময় ব্যাপক ব্রেন ড্রেন হয়েছে। নব্বইয়ের দশকে চীনের মেধাবী ছাত্রছাত্রীরা হাজারে হাজার ইউরোপ-আমেরিকায় পাড়ি জমিয়েছিল। তখন চীনের ভেতরে অনেকেই ভাবত, দেশটা তো শূন্য হয়ে যাবে। কিন্তু আজ দেখা যাচ্ছে, সেই বিদেশে যাওয়া প্রতিষ্ঠিত মানুষগুলোই চীনের শিল্প-বাণিজ্য, প্রযুক্তি ও উচ্চশিক্ষা ব্যবস্থার সঙ্গে সেতুবন্ধন তৈরি করেছে। কেউ বিদেশি বিনিয়োগ এনেছে, কেউ গবেষণা সহযোগিতা করেছে, কেউ আবার দেশে ফিরে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছে। ফলাফল, চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং সেই প্রবাসী মেধাবীরাই চীনের উত্থানের অন্যতম চালিকা শক্তি।
ভারতের গল্পও একই রকম। একসময় ভারতের সেরা শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি, মাইক্রোসফট, গুগল বা অ্যাপলের মতো প্রতিষ্ঠানে কাজ করতে গিয়েছিল। কেউ কেউ আজও সেখানে আছে, কিন্তু তাদের অনেকেই ভারতের জন্য দ্বার উন্মুক্ত করেছে। তারা ভারতীয় পেশাজীবীদের জন্য কাজের সুযোগ তৈরি করেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে গবেষণা প্রকল্পে সহযোগিতা করছেন, এমনকি দেশে ফিরে উদ্যোক্তা হয়েছেন। এই ‘গ্লোবাল ইন্ডিয়ান নেটওয়ার্ক’-এর জন্যই আজ ভারত বিশ্ব প্রযুক্তি মানচিত্রে এক অগ্রগণ্য নাম।
বাংলাদেশেও একই ধারা তৈরি হতে পারে, যদি আমরা দৃষ্টিভঙ্গি বদলাই। বিদেশে যাওয়া মানেই দেশত্যাগ নয়, বরং এক ধরনের গ্লোবাল কানেকশন তৈরি করা। আমাদের প্রবাসী মেধাবীরা বিদেশে প্রতিষ্ঠিত হলে তারা দেশের সঙ্গে নানা উপায়ে সংযুক্ত থাকে। কেউ বছরে একাধিকবার দেশে অর্থ পাঠায়, কেউ আত্মীয়-স্বজনের জন্য বিনিয়োগ করে, কেউ দেশের ছাত্রদের জন্য স্কলারশিপ বা প্রশিক্ষণ কর্মসূচি শুরু করে অথবা সেই দেশে স্কলারশিপ পাইয়ে দিতে সাহায্য করে। এভাবেই প্রবাসী মেধা দেশের অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজে অবদান রাখে।
১৮ কোটি মানুষের এই দেশের যদি কয়েক লাখ মেধাবী তরুণ বিদেশে গিয়ে নতুন সম্ভাবনা তৈরি করে, তাতে ক্ষতি কোথায়? বরং তাতে দ্বিগুণ লাভ। একদিকে দেশের শ্রমবাজারে নতুনদের জন্য সুযোগ তৈরি হয়, অন্যদিকে বিদেশে ছড়িয়ে থাকা এসব মেধাবী ভবিষ্যতে দেশের জন্য দরজা খুলে দেয়। যে তরুণ বিদেশে কাজের সুযোগ পেয়েছে, তার জায়গায় দেশে আরেকজন নতুন কর্মসংস্থান পায়।
আমাদের শুধু দরকার মেধার ধারাবাহিকতা বজায় রাখা। যদি আমরা নিয়মিতভাবে নতুন নতুন দক্ষ ও মেধাবী মানুষ তৈরি করতে পারি, তাহলে কেউ বিদেশে গেলে দেশে শূন্যতা তৈরি হবে না। বরং দেশের ভেতরে প্রতিযোগিতা, গবেষণা ও উদ্ভাবনের গতি আরও বাড়বে। তাই ব্রেন ড্রেনের পুরনো নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে এসে আমাদের ভাবতে হবে ‘ব্রেন সার্কুলেশন’ বা ‘ব্রেন কানেকশন’ হিসেবে। বিশ্ব এখন এক গ্লোবাল ভিলেজÑ এখানে জ্ঞানের কোনো ভৌগোলিক সীমা নেই। একজন মেধাবী তরুণ যদি বিদেশে গিয়ে আন্তর্জাতিক মানের জ্ঞান, অভিজ্ঞতা ও নেটওয়ার্ক তৈরি করতে পারে এবং একদিন সেটা নিজের দেশের কাজে লাগাতে পারে, তাহলে সেটিই হবে প্রকৃত দেশপ্রেমের বহিঃপ্রকাশ। সুতরাং, আমাদের উচিত বিদেশে যাওয়া তরুণদের নিরুৎসাহিত না করে বরং তাদের পথ প্রশস্ত করা, প্রাতিষ্ঠানিকভাবে সংযোগ তৈরি করা, যাতে তারা দেশের জন্যও একদিন কাজ করতে পারে। যে দেশে নিজের মেধাকে ব্যবহার করার সুযোগ নেই, সেখানে থেকে কষ্টে বেঁচে থাকার চেয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিজেদের সক্ষমতা বিস্তার করাই বুদ্ধিমানের কাজ।
লেখক: শিক্ষাবিদ, লেখক ও গবেষক।
