মানুষ আসলে তার অভ্যাসেরই প্রতিচ্ছবি। আমরা যা করি, যেভাবে বলি, যেভাবে মানুষকে দেখি,সব মিলেই তৈরি হয় আমাদের চরিত্র। বদভ্যাস বা মন্দ অভ্যাসগুলো মানুষকে ধীরে ধীরে দুর্বল করে ফেলে। রাগকে স্বভাব বানিয়ে ফেলা, কথায় কঠোর হওয়া, অন্যকে অবজ্ঞা করা, দায়িত্ব এড়িয়ে চলা, এসব অভ্যাস একসময় মানুষকে নিজের কাছেই ছোট করে দেয়। মনে হয় এগুলো খুব ছোট বিষয়, কিন্তু এদের প্রভাব খুব গভীর। একটি ক্ষুদ্র বদভ্যাস থেকে শুরু হয় বড় বড় বিরূপতা; সম্পর্ক নষ্ট হয়, ভদ্রতা হারায়, আর হৃদয়ের কোমলতাও শুকিয়ে যায়। তাই মন্দ অভ্যাস সবসময়ই বর্জনীয়;-এগুলো আমাদের ভেতরের আলোকে নিভিয়ে দেয়। অন্যদিকে, সুন্দর অভ্যাস মানুষকে শুধু সজ্জনই করে না, তাকে আরও মানবিক করে তোলে। যেমন রক্তদান। পৃথিবীতে রক্তের কোনো বিকল্প নেই।
অসহায় মানুষের নিঃশ্বাস বাঁচিয়ে রাখতে পারে এক ব্যাগ রক্ত। সেই রক্তের উৎস যদি হয় আমার মতো সাধারণ কারও শরীর, তবে তার চেয়ে বড় মানবতা আর কী হতে পারে? নিয়মিত রক্তদানের মতো অভ্যাস মানুষকে দায়িত্ববান করে তোলে, শেখায় নিঃস্বার্থ হতে। এক ব্যাগ রক্ত দিয়ে হয়তো কোনো মা সন্তানকে ফিরে পায়, কোনো বাবা ঘরে ফেরা আনন্দ দেখে, কোনো রোগীর চোখে আবার আলো জ্বলে ওঠে। তাই রক্তদান শুধু চিকিৎসা নয়, এটি এক মহৎ অভ্যাস। যা মানুষকে চরিত্রবান করে। তেমনি সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সুন্দর অভ্যাস আছে; হাসিমুখে কথা বলা, আলাপচারিতায় কণ্ঠস্বর কোমল রাখা, আগে সম্ভাষণ জানানো বা সালাম দেওয়া। এই ছোট ছোট অভ্যাসগুলো মানুষকে তার নিজের বলয়ে জনপ্রিয় করে তোলে। একটুখানি হাসি কখনো কখনো বড় অভিমান গলিয়ে দেয়।
নরম কণ্ঠ কঠোর মনও শান্ত করে। আগে সম্ভাষণ জানানো মানুষকে সম্মান করার প্রকাশ। যে মানুষকেই আমরা সম্মান দিই, সেও আমাদের সম্মান দিতে বাধ্য হয়। অনেক সময় দেখা যায়, কেউ খুব শিক্ষিত, খুব সামর্থ্যবান, কিন্তু ব্যবহার খারাপ। আবার কেউ হয়তো সাধারণ, কিন্তু অভ্যাস সুন্দর। মানুষ তাকে মনে রাখে, ভালোবাসে। কারণ সুন্দর আচরণ দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়, কিন্তু বদভ্যাস দিয়ে মানুষ শুধু দূরে ঠেলে দেয়। এসব সুন্দর অভ্যাস মানুষকে তুলোর মতো নরম করে, তবে ভুলকে ক্ষমা করে যাওয়ার মতো শক্তিও দেয়। সমাজের বন্ধনও এসব অভ্যাসের ওপর দাঁড়িয়ে থাকে। আমরা যদি প্রতিদিন একটু করে নিজেকে সুন্দর অভ্যাসে অভ্যস্ত করি; রক্তদান, ভদ্রতা, হাসিমুখ, দায়িত্ব, নম্রতা, তাহলে সমাজটাও ধীরে ধীরে বদলে যাবে। তাই আসুন সবাই, বদভ্যাস থেকে দূরে থাকি। সুন্দর অভ্যাসকে আলিঙ্গন করি। নিজেকে একটু নরম করি, একটু মানবিক করি। কারণ সুন্দর অভ্যাসে মানুষ বড় হয়, আর সেই মানুষ তার সমাজকেও আলোকিত করে। সবাই মিলে গড়ে তুলি এক সুন্দর সমাজ ও দেশ।\r\nকিশোরগঞ্জ থেকে
