সবকিছু ঠিকঠাক থাকলে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে যে রাজনৈতিক দল বা জোটই বিজয়ী হয়ে সরকার গঠন করুক না কেন, তাদের সামনে আগামীর পথচলা খুব একটা কুসুমাস্তীর্ণ হবে না। তখন নবগঠিত সরকারের সামনে অন্যতম চ্যালেঞ্জ হবে নির্বাচনোত্তর উত্তেজনা পরিহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক ও শান্তিপূর্ণ করে তোলা। বর্তমান অন্তর্বর্তী সরকারের কম-বেশি সাফল্য ও ব্যর্থতা যা-ই থাক না কেন স্বীকার করতে হবে যে, দীর্ঘ ১৬ মাস অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক- এমন বলা যাবে না। ফলে নির্বাচিত সরকারকে এ বিষয়ে সবিশেষ মনোযোগী ও উদ্যোগী হতে হবে। \r\nএর পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতিও প্রাধিকার পেতে পারে।

গত কয়েক মাসে মূল্যস্ফীতি বৃদ্ধিসহ বেড়েছে নিত্যপণ্যের দাম। ফলে সাধারণ মানুষ ও নিম্ন-মধ্যবিত্তের নৈনন্দিন জীবনযাত্রায় চাপ বেড়েছে। জনজীবনে এ নিয়ে বিরাজ করছে হতাশা। এ সময়ে দেশ-বিদেশের বিনিয়োগ আশানুরূপ না হওয়ায় বাড়েনি কর্মসংস্থান। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ থাকায় হোঁচট খেয়েছে রপ্তানি বাণিজ্য। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে নানা পদক্ষেপ সত্ত্বেও তেমন স্ফীত হয়নি। বিগত স্বৈরাচারী সরকারের আমলে ব্যাংক খাতে লুটপাট মোকাবিলায় অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিলেও খেলাপি ঋণ ও পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা যায়নি। এই ধারাবাহিকতায় নির্বাচিত সরকারকেও প্রায় ভঙ্গুর অর্থনীতি নিয়ে পথ চলতে হবে।

ফলে সার্বিক পরিস্থিতি সামাল দেওয়া হবে অন্যতম চ্যালেঞ্জ।\r\nএর বাইরেও নবনির্বাচিত সরকারকে যেসব সমস্যা মোকাবিলা করতে হবে- সেগুলোর মধ্যে রয়েছে ১২টি প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ। এর মধ্যে রয়েছে এলডিসি থেকে উত্তরণের জন্য সময় বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক ব্যবস্থা পুনর্গঠন ও কর্মসংস্থান বৃদ্ধি। ডলারের সঙ্গে বিনিময় হার স্থিতিশীল রাখা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, রাজস্ব আহরণ জোরদার এবং শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানো। নজর দিতে হবে ঋণের চাপ সামাল দেয়ায়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং ভূরাজনৈতিক কৌশল নিয়ন্ত্রণে। এসব সুচিন্তিত মতামত উঠে এসেছে গবেষণা প্রতিষ্ঠান রিচার্স অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাকের বক্তব্যে এক সেমিনারে।\r\nবিশ্বব্যাংক বলছে, বাংলাদেশে ২০২৫ সালে দারিদ্র্যের হার হতে পারে ২১ শতাংশের কিছু বেশি। বর্তমানে দেশে দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লাখে। দারিদ্র্য কমানোর গতি বাড়াতে ৪টি সুপারিশ করেছে বিশ্বব্যাংক। প্রথমত, উৎপাদনশীল খাতে কর্মসংস্থানের ভিত্তি মজবুত করা। দ্বিতীয়ত, দারিদ্র্য ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য শোভন কর্মসংস্থানের ব্যবস্থা, তৃতীয়ত, গ্রামের দরিদ্রদের জন্য কার্যকর বাজার ব্যবস্থা গড়ে তোলা এবং চতুর্থত, সমতাভিক্তিক ও দক্ষ রাজনীতির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধি। বর্তমান অন্তর্বর্তী সরকার এবং আগামীতে নির্বাচিত সরকার বিশ্বব্যাংকের সুপারিশ আমলে নিয়ে দারিদ্র্য নিরসনে জরুরি দৃষ্টি দেবে বলেই প্রত্যাশা।