বিজিএমইএ এবং বিকেএমইএর নেতৃবৃন্দ সোমবার যৌথভাবে এক জরুরি সংবাদ সম্মেলন করেছেন। এতে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান এক লিখিত বক্তব্যে দাবি করেন যে, গত ১ বছর ধরে দেশের পোশাক খাত আইসিইউতে আছে। সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত পোশাক শিল্পের জন্য হুমকি: পাট শিল্পের পর গার্মেন্টস শিল্প ধ্বংসের পাঁয়তারা শীর্ষক সংবাদ সম্মেলনে এই বক্তব্য রাখেন তিনি। আলোচনায় অংশ নিয়ে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, টেক্সটাইল শিল্পের মালিকরা বলছেন, তারাও আছেন আইসিইউতে। এহেন শোচনীয় অবস্থা থেকে সংশ্লিষ্ট শিল্পকে বের করে আনার দায়িত্ব সরকারের। এ ক্ষেত্রে নীতি সহায়তা দিতে হবে সরকারকেই।

দুই সংগঠনের নেতৃবৃন্দ এও বলেন যে, বিটিএমসির দাবি অনুযায়ী সুতার আমদানিতে একতরফাভাবে বন্ড সুবিধা বাতিল করা হলে তৈরি পোশাক শিল্প চরম ঝুঁকির মুখে পড়বে। কেননা বন্ড সুবিধা প্রত্যাহার করা হলে ভারতের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও যেমন-তুরস্ক, পাকিস্তান থেকে বেশি দামে সুতা আমদানি সম্ভব হবে না। সে অবস্থায় চড়া দামে সুতা কিনতে হলে বিদেশীরা ক্রয়াদেশ কমিয়ে দেবে। এই সংকট এড়াতে দেশীয় স্পিন মিলগুলোকে দিতে হবে নগদ সহায়তা। পাশাপাশি প্রয়োজন গ্যাস, বিদ্যুতের নিয়মিত সরবরাহ নিশ্চিত করা। জ্বালানির মূল্য যৌক্তিক পর্যায়ে রাখা। সর্বোপরি নীতি সহায়তার পরিমাণ বাড়ানো। \r\nবর্তমানে নানা সংকটকাল অতিক্রম করছে দেশীয় শিল্প-কারখানাগুলো। এর মধ্যেও সর্বাধিক সমূহ সংকটে পড়েছে বস্ত্রশিল্পসহ পোশাক কারখানাগুলো।

এক পরিসংখ্যানে দেখা যায়, গত ১৬ মাসে ২৫০টির মতো তৈরি পোশাক কারখানা এবং ৫০টির বেশি বস্ত্রকল বন্ধ হয়ে গেছে। নানা সংকটের কারণে এ দুটো খাতে নতুন কোনো বস্ত্র ও পোশাক কারখানাও স্থাপিত হয়নি। অনেক মিল পড়েছে নগদ অর্থের সংকটে। অনেক মিল শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধ ও ব্যাংক ঋণের কিস্তি দিতে পারছে না। প্রায় দুই লাখ শ্রমিক এ খাতে বেকার হয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। \r\nএ অবস্থায় এ শিল্পকে বাঁচাতে হলে অবিলম্বে এগিয়ে আসতে হবে সরকারকে। তা না হলে আরও বস্ত্র শিল্প ও পোশাক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। সংকট নিরসনে দেশীয় সূতার প্রচ্ছন্ন ও সরাসরি রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তা, রপ্তানি উন্নয়ন তহবিলের আকার (ইবিএফ) বাড়ানো ও সুদ হার কমানো, ব্যাংক ঋণের সুদ হার কমানো, ঋণ পরিশোধে গ্রেস পিরিয়ডের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। ৫ আগস্টের পর অর্থনীতির ওপর নানাবিধ চাপ বেড়েছে, এটা বাস্তবতা। সেই সঙ্গে তৈরি পোশাক শিল্পেও এসে পড়েছে অপ্রত্যাশিত বিপর্যয়। বন্ধ হওয়া কারখানাগুলোর অধিকাংশই তৈরি পোশাক ও বস্ত্র খাতের। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খেলাপি ঋণ নিয়ে কড়াকড়ি আরোপ করায় অনেক কারখানা খেলাপি হয়ে পড়ে। এই সংকট উত্তরণে সরকারের সবিশেষ করণীয় রয়েছে।