ক্যালেন্ডারের পাতায় দিনটি কেবল একটি তারিখ। তবে মানবাধিকার প্রত্যাশীদের কাছে এটি এক দগদগে ক্ষত। বলছি ২০১২ সালের ৯ ডিসেম্বরের কথা, যেদিন ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে শত শত মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বিশ্বজিৎ দাস নামে ২৪ বছর বয়সী এক নিরীহ দর্জিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
সেদিন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলছিল। ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা বিরোধী পক্ষ দমনে ছিল সক্রিয়। বিশ্বজিৎ কোনো রাজনৈতিক কর্মী ছিলেন না, তবুও তাঁকে ধাওয়া করে একটি ক্লিনিকের দোতলা থেকে টেনেহিঁচড়ে নিচে নামানো হয়। এরপর শুরু হয় সেই পৈশাচিক হামলা, যা টেলিভিশনের পর্দায় দেখে শিউরে উঠেছিল পুরো বিশ্ব। বিশ্বজিৎকে ‘শিবির’ ট্যাগ দিয়ে হত্যা করা হয়। রক্তাক্ত বিশ্বজিৎ বারবার হাতজোড় করে বলছিলেন– ‘আমি হিন্দু, আমি দর্জি। ...আমি মরে যাচ্ছি, আমাকে একটু জল দাও।’ কেউ এগিয়ে আসেনি। অদূরেই রায়ট গিয়ার পরা পুলিশ দাঁড়িয়ে ছিল। তারাও হস্তক্ষেপ করেনি।
হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও শাসক দলের নেতারা দাবি করেন, হামলাকারীরা ছাত্রলীগের কেউ নয়। কিন্তু মিডিয়ার চাপে পুলিশ তদন্ত করতে বাধ্য হয় এবং ২১ জন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে চার্জশিট দেয়। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এক ঐতিহাসিক রায়ে ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এই রায় জনমনে কিছুটা স্বস্তি এনেছিল। মনে হয়েছিল, হয়তো অপরাধীরা শাস্তি পাবে। কিন্তু ২০১৭ সালে উচ্চ আদালতের রায়ে চিত্র পাল্টে যায়। নিম্ন আদালতের রায় নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। মৃত্যুদণ্ড বহাল থাকে মাত্র দুজনের (রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদার)। চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হয়। বিস্ময়করভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চার আসামিকে খালাস দেওয়া হয়। উচ্চ আদালতের পর্যবেক্ষণে বলা হয় তদন্ত কর্মকর্তা ও ময়নাতদন্তকারী চিকিৎসকের গাফিলতির কথা। রাষ্ট্রপক্ষ আগে থেকেই মামলার মেরুদণ্ড দুর্বল করে রেখেছিল, যাতে আসামিরা আইনি ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে পারে। একে ‘পরিকল্পিত ব্যর্থতা’ ছাড়া আর কিছুই বলা যায় না। মূল ঘাতক রফিকুল ইসলাম শাকিল কারাগারে থাকলেও আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজন তালুকদার ঘটনার পর থেকেই পলাতক। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অধিকাংশই পলাতক। মূলত দলীয় ছত্রছায়ায় তারা দেশে অথবা দেশের বাইরে নিরাপদ জীবন যাপন করেছে। রাষ্ট্রপক্ষ তাদের খালাসের বিরুদ্ধে আপিল করলেও তার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হয়নি।
বিশ্বজিৎ হত্যাকাণ্ডকে কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি ছিল একটি ‘টেস্ট কেস’। বিশ্বজিৎকে প্রকাশ্যে পিটিয়ে মারার মধ্য দিয়ে সমাজে একটি বার্তা দেওয়া হয়েছিল– বিরোধীদের নির্মূল করতে যে কোনো পদ্ধতিই বৈধ। তারই ধারাবাহিকতায় ঘটে আবরার ফাহাদ হত্যাকাণ্ড। দুঃখজনক, গণঅভ্যুত্থানের পরও মব সহিংসতার মাধ্যমে প্রতিপক্ষ দমনের ওই নৃশংস ধারা বদলায়নি। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফজলুল হক মুসলিম হলে সেখানকার কয়েকজন আবাসিক শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ তোফাজ্জল হোসেনকে পৈশাচিক কায়দায় নির্যাতন চালিয়ে হত্যা করে। এমনকি কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার মানসিকতাও ওই ‘মব মেন্টালিটি’র ধারাবাহিকতা।
২০২৫ সালের সায়াহ্নে দাঁড়িয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, তা বাস্তবায়ন করতে হলে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলোর পুনঃতদন্ত ও পলাতক আসামিদের শাস্তি নিশ্চিত করা জরুরি। গণতান্ত্রিক রাষ্ট্র গঠন মানে কেবল সংবিধান বা আইনের পরিবর্তন নয়; বরং এমন একটি ব্যবস্থা গড়ে তোলা, যেখানে কোনো মায়ের সন্তানকে রাজপথে দলীয় সন্ত্রাসীদের হাতে প্রাণ দিতে হবে না। বিচারকের কলম কোনো অদৃশ্য শক্তির ইশারায় থেমে যাবে না। বিশ্বজিৎ হত্যার ঐতিহাসিক কলঙ্ক মোচন করেই সে পথে এগোতে হবে।
শাহেরীন আরাফাত: জ্যেষ্ঠ সহ-সম্পাদক, সমকাল
