গত বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে ড. আহসান এইচ মনসুরের নিয়োগ চুক্তি বাতিল করা হয়েছে। ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি এই দায়িত্ব নিয়েছিলেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অবসরপ্রাপ্ত কর্মকর্তা ড. মনসুরের গভর্নর হিসেবে নিয়োগ তখন সর্বমহলে প্রশংসিত হয়েছিল। ওই সময় অর্থনীতি বড় বিপর্যয়ের আশঙ্কায় ছিল। বিশেষত আর্থিক খাত ‘মেল্টডাউন’-এর পর্যায়ে উপনীত হয়েছিল। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২৩ সালের আগস্টের ৪৮ বিলিয়ন ডলার থেকে কমতে কমতে ২০২৪ সালের ৫ আগস্ট ২০ বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল। ২০২২ সালে ডলারের দর ছিল ৮৭ টাকা; ২০২৪ সালের ৫ আগস্ট সেটি দাঁড়িয়েছিল ১২৫ টাকা। দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ১১টিই ছিল দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে।

দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংকসহ দেশের সাতটি ব্যাংকের মালিকানা তুলে দেওয়া হয়েছিল একটি শিল্পগোষ্ঠীর হাতে। অন্তর্বর্তী সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, এই সাতটি ব্যাংক থেকে প্রায় দুই লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বস্তুত শ্বেতপত্র প্রণয়ন কমিটি দাবি করেছিল, আওয়ামী লীগের টানা সাড়ে ১৫ বছরের শাসনামলে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন ডলার; মোট ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ লাভের পর গত দেড় বছরে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরে এসেছে। যদিও খেলাপি ঋণ সমস্যার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা যায়নি। অবশ্য তিনি আগের মতো খেলাপি ঋণ লুকিয়ে ফেলার অপতৎপরতা বন্ধ করেছিলেন।

ফলে অগ্রগতি না থাকলেও প্রকৃত চিত্র অনুধাবন করা সম্ভব হচ্ছে। সেই সূত্রে দেখা যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ক্লাসিফায়েড লোনের অনুপাত বাড়তে বাড়তে এখন ৩৬ শতাংশ ছাড়িয়ে গেছে। খেলাপি ঋণের এই ৩৬ শতাংশ অনুপাত শুধু দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নয়; এশিয়ার দেশগুলোর মধ্যেও সর্বোচ্চ। আরও গুরুতর হলো, বাংলাদেশের খেলাপি ঋণের সিংহভাগই বিদেশে পাচার হয়ে গেছে। পাচারকৃত খেলাপি ঋণের কোনো অংশই ব্যাংকে ফেরত আসবে না। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে এক টাকাও ফেরত আসেনি। এতৎসত্ত্বেও ড. আহসান মনসুর গত দেড় বছরে ব্যাংকিং খাতের এই বিপর্যস্ত অবস্থা অনেকখানি সফলভাবে সামাল দিতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বৃদ্ধির ধারাবাহিকতায় গভর্নরকে অপসারণের দিনই ৩৫ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। ডলারের বাজারদরও গত এক বছরের বেশি সময় ধরে ১২২ টাকায় স্থিতিশীল রাখতে পেরেছে বাংলাদেশ ব্যাংক। বিপর্যস্ত ইসলামী ব্যাংকও ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বিপর্যয় অনেকখানি কাটিয়ে উঠেছে। দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে যাওয়া বাকি পাঁচটি ইসলামী ধারার ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকও কার্যক্রম শুরু করেছে।

ওদিকে, ব্যাংকের মোট আমানত আবার ১৮ লাখ কোটি টাকা অতিক্রম করেছে। ব্যাংকের ঋণও ১১ শতাংশ হারে বৃদ্ধি পেতে যাচ্ছে চলমান ২০২৫-২৬ অর্থবছরে। ঋণের সুদহার কমানোর জন্য প্রবল চাপ থাকলেও ড. মনসুর মূল্যস্ফীতির হার কমানোর লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে ওই চাপে নতিস্বীকার করেননি। দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২০২৫ সালে ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল, ২০২৬ সালের ৩০ জুন তারিখে শেষ হতে যাওয়া ২০২৫-২৬ অর্থবছরে তা প্রায় ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে বলে আশাবাদ সৃষ্টি হয়েছে। দেশের ব্যালান্স অব পেমেন্টসের চলতি অ্যাকাউন্টে শেখ হাসিনার শাসনামলের শেষ তিন বছর ধরে সৃষ্টি হওয়া ভয়াবহ ঘাটতি অবস্থার পরিবর্তে ২০২৬ সালে আবারও উদ্বৃত্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের বিপজ্জনক ঘাটতি পরিস্থিতির অবসান হয়েছে। উপর্যুক্ত তথ্য-উপাত্ত সাক্ষ্য দিচ্ছে, দেশের আর্থিক খাত দেড় দশকের অব্যবস্থাপনা কাটিয়ে গত দেড় বছরে আবার স্থিতিশীল অবস্থায় উপনীত। অবশ্য দেশের বিনিয়োগ পরিস্থিতি এখনও খুব নাজুক অবস্থায় রয়ে গেছে। বৈদেশিক বিনিয়োগে স্থবিরতা গেড়ে বসেছে। দেশীয় বিনিয়োগ-জিডিপির অনুপাত শেখ হাসিনার শাসনের শেষদিকে যেখানে ২৪ শতাংশে পৌঁছে গিয়েছিল বলে দাবি করা হচ্ছিল, সেখান থেকে অন্তর্বর্তী সরকারের আমলের ২০২৪-২৫ অর্থবছরে তা ২২ শতাংশে নেমে গেছে। বরং বৈদেশিক ঋণের সুদাসলে কিস্তি পরিশোধ দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। আগামী পাঁচ থেকে সাত বছর কিস্তি পরিশোধ এভাবে বাড়তেই থাকবে; মূলত শেখ হাসিনার শাসনামলে বৈদেশিক ঋণ ১১২ বিলিয়ন ডলারে পৌঁছে যাওয়ার কারণে।

গভর্নর হিসেবে আহসান মনসুর বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত স্বায়ত্তশাসনও চেয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে স্বায়ত্তশাসন বাড়ানোর জন্য প্রণীত বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনী প্রস্তাবটি অন্তর্বর্তী সরকারও আটকে দিয়েছিল। একই সঙ্গে আটকে দিয়েছিল অর্থঋণ আদালত আইন সংশোধনের প্রস্তাব ও ব্যাংক কোম্পানি আইন সংশোধনের প্রস্তাব। এ দুই বিষয়ে অন্তর্বর্তী সরকার বা সরকারের অর্থ উপদেষ্টার এমন অবস্থানের পক্ষে কোনো জোরালো যুক্তি নেই। আমি মনে করি, এই দুই বিষয়ে সংস্কার না হওয়ায় দেশ একটি বিশাল সুযোগ হারিয়েছে।

এটা ঠিক, অন্তর্বর্তী সরকারের আমলে দায়িত্ব পাওয়া নীতিনির্ধারকের মধ্যে যাদের কর্মতৎপরতা জনসাধারণের কাছে ইতিবাচক হিসেবে প্রতিভাত, বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর ড. আহসান মনসুরের নাম সেই তালিকার প্রথমদিকে থাকবে। দুর্ভাগ্যজনকভাবে, অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারণী পদগুলোতে দায়িত্ব পালনকারীদের মধ্যে তাঁকেই অপমানজনকভাবে বিদায় নিতে হলো। সরকার পরিবর্তন হলে গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয়; কিন্তু আমার দুঃখ হচ্ছে, এমন প্রশংসনীয় সাফল্য অর্জনকারী গভর্নর ড. মনসুরের মেধা ও যোগ্যতার বিষয়টি বিবেচিত হলো না। সরকার চাইলেই তাঁকে চুক্তির মেয়াদ পর্যন্ত অন্তত রাখতে পারত। আর কিছু না হোক, সৌজন্যবশত তাঁর সঙ্গে আলাপ-আলোচনাসাপেক্ষে চুক্তিটি বাতিল করতে পারত। সেটি যে হয়নি, বুধবার দুপুরেও মিডিয়ার সামনে ড. মনসুরের সংবাদ সম্মেলনে বোঝা গেছে। তখনও তিনি ঘুণাক্ষরে জানতেন না, তাঁকে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে তিনি বাংলাদেশ ব্যাংক ভবন ত্যাগ করার পর বিকেল ৪টায় অর্থ মন্ত্রণালয়ের আদেশ-বিজ্ঞপ্তিটি জারি করা হয়।

নবনির্বাচিত রাজনৈতিক সরকার তাদের পছন্দসই ব্যক্তিবর্গকে সরকারের বিভিন্ন পদে বসাতেই পারে। কিন্তু সফলভাবে অর্থনীতির বিপর্যয় মোকাবিলার পর ড. আহসান মনসুরের এমন অপমানজনকভাবে অপসারণ প্রাপ্য ছিল না।

অধ্যাপক ড. মইনুল ইসলাম: একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ; সাবেক সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি