(চতুর্থ পর্ব) প্রশাসনিক দপ্তরগুলোকে সক্রিয় করতে হবে: প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে পার্বত্য চট্টগ্রামকে দুর্গম এবং পশ্চাৎপদ হিসেবে বিবেচনা করা হয়। তাই দেখা যায়, কোথাও কেউ কোনো অপরাধ করলে তাকে শাস্তিস্বরূপ তাৎক্ষণিক পার্বত্য চট্টগ্রামে পোস্টিং করা হয়। এটা পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে নেতিবাচক ধারণাকে দৃঢ় করে। এ বদ্ধমূল ধারণার কারণেই অনেক কর্মকর্তা-কর্মচারীকে পার্বত্য চট্টগ্রামে নিয়মিত পোস্টিং দিলেও সংশ্লিষ্টরা এটাকে শাস্তিমূলক মনে করেন এবং সেখানে যেতে চান না। জোর লবিংয়ের মাধ্যমে অনেকে পোস্টিং অর্ডার পরিবর্তন করেন। যারা শেষ পর্যন্ত সেখানে যেতে বাধ্য হন, তারাও সেখানে গিয়ে অর্পিত দায়িত্ব পালনের চেয়ে বেশি মনোযোগ দেন কত দ্রুত সেখান থেকে বদলি হয়ে সমতলে ফিরে আসা যায় সেদিকে।
আর যারা সেখানে থাকেন তাদের অনেকে আবার সময় মতো অফিস করেন না, উপজেলায় দপ্তর হলে সেখানে না থেকে শহরে অবস্থান করেন। মাঝে মধ্যে গিয়ে উপজেলায় হাজিরা দিয়ে আসেন। একই অবস্থা পার্বত্য চট্টগ্রামের হাসপাতাল, স্কুল-কলেজসহ প্রায় সবখানে। এখনো এমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে যেখানে হয়তো মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে, কোথাও হয়তো দুজন বা তিনজন দিয়ে চলছে। উপজেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয়েও শিক্ষক থাকেন না, কোথাও কোথাও দুজন বা তিনজন শিক্ষক দিয়ে উচ্চবিদ্যালয় চলে। অনেক প্রাথমিক বিদ্যালয়েও নিয়োগপ্রাপ্ত শিক্ষক নিজে না থেকে ‘বর্গা শিক্ষক’ দিয়ে কাজ চালান, নিজে থাকেন শহরে। উপজেলার অনেক সরকারি অফিসে চেয়ার-টেবিল আছে, কিন্তু কর্মকর্তা-কর্মচারীর দেখা নেই। কাক্সিক্ষত নজরদারি না থাকায় অনেকেই আবার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত থাকেন। এই অবস্থায় প্রান্তিক মানুষ রাষ্ট্রের কাছ থেকে তাদের কাক্সিক্ষত সেবা পান না। উল্টো নানাভাবে হয়রানির শিকার হন। যেখানে প্রশাসনিক বিভিন্ন দপ্তর, হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রয়োজনীয় সেবা গ্রহণের ফলে জনগণ রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের বন্ধনকে দৃঢ় করার সুযোগ ছিল, কিন্তু পাহাড়ের মানুষ নাগরিক হিসেবে রাষ্ট্রীয় সেবাটা সেইভাবে পাচ্ছে না। এই অবস্থার পরিবর্তন করতে হবে। সরকারি দপ্তরগুলোতে পর্যাপ্ত জনবল দিতে হবে এবং হাসপাতালে ডাক্তার-নার্সসহ সকল স্তরের জনবল নিশ্চিত করতে হবে, স্কুল-কলেজগুলোতে প্রয়োজনীয় শিক্ষক-কর্মচারী নিশ্চিত করতে হবে। দপ্তরে অনুপস্থিতিসহ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধেও সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা থাকতে হবে। একই সঙ্গে প্রত্যেকেই যাতে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে প্রান্তিক মানুষকে রাষ্ট্রের পক্ষ থেকে সন্তুষ্ট করতে নিয়োজিত থাকেন, সেটিও নিশ্চিত করতে হবে।
পার্বত্যবাসী সরকারকে ম্যান্ডেট দিয়েছে: সর্বশেষ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি তাদের নির্বাচনী ম্যানিফেস্টো বা ইশতেহারে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য রেখেছিল। ইশতেহারে পার্বত্যবাসীর আশা-আকাক্সক্ষার প্রতিফলন, জীবনযাত্রার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ক্ষমতায় গেলে ‘শান্তিচুক্তি পুনর্মূল্যায়ন’ করার কথাও উল্লেখ করেছিল। সকলের নিরাপত্তা ও অধিকার সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি দল-মত, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল নাগরিকের সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্ম-কর্মের অধিকার, নাগরিক অধিকার এবং জীবন, সম্পদ ও সম্মানের পূর্ণ নিরাপত্তা বিধান করতে চায় বলে উল্লেখ করেছিল। তাছাড়া, নৃগোষ্ঠী উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসরত নৃ-জাতি-গোষ্ঠীর ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং সার্বিক উন্নয়ন করার কথাও বলেছিল। অন্যদিকে, নির্বাচনী ইশতেহারে জামায়াত উল্লেখ করেছিল, পার্বত্য চট্টগ্রামের জনসাধারণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটানোর জন্য ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সংস্কারের উদ্যোগ’ গ্রহণ করা হবে। নির্বাচনে দেখা যায়, পার্বত্য চট্টগ্রামের তিন জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। এর অর্থ হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের মানুষ বিএনপির ইশতেহারকে সমর্থন করেছেন। সেকারণেই তারা বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে ইশতেহার বাস্তবায়নে সরকারকে তাদের সর্বাত্মক ম্যান্ডেট দিয়েছেন। নির্বাচিত হয়ে সরকার গঠনের পর সেই ম্যান্ডেট অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা এখন সরকারের আবশ্যিক দায়িত্ব।
প্রধানমন্ত্রীকে তাদের কাছে যেতে হবে: প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন খুবই অল্প সময়। একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ, অর্থনীতি বলতে কিছুই নেই, অন্যদিকে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রে চারদিকে অস্থিরতা ও অনিশ্চয়তায় ভরা প্রতিটি মুহূর্ত। সেই অবস্থার মধ্যেও বারবার পার্বত্য চট্টগ্রাম সফর করেছেন তিনি। সেখানে গিয়ে তিনি জেলা শহরে বড় বড় সমাবেশে বক্তৃতা দিয়ে দায়িত্ব শেষ করেননি। তিনি গিয়েছেন প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলোতে। সেখানকার মানুষদের সাথে মিশেছেন, তাদের কষ্ট-দুঃখের কথা নিজ কানে শুনেছেন, নাগরিকদের দুঃখ বিমোচনে রাষ্ট্রের পক্ষ থেকে যতটা সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। লংগদু ও ফারুয়ার মতো দুর্গম এলাকায় রাত্রিযাপন করে যতবেশি সম্ভব প্রান্তিক মানুষের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেছেন।
স্থানীয়দের কষ্ট অনুভব করার জন্য তাদের ঘরে কী রান্না হয়েছে, সেটারও খোঁজ-খবর নিয়েছেন। বাস্তবতা দেখে বড়দের সান্ত¦না দিয়েছেন, শিশুদের মাথায় হাতবুলিয়েছেন। লংগদু উপজেলার গুলশাখালীতে মানুষের ঘরে গিয়ে ‘গমের ভাত’ খেয়েছেন। প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও আরো ভালো কিছু করতে না পারার অক্ষমতা প্রকাশ করে আবেগে আপ্লুত হয়েছেন। মানুষজন অনুভব করেছে, দেশের প্রেসিডেন্ট তাদের আপনজন, যিনি তাদের দুঃখ-কষ্টের কথা জানেন এবং তাদের ভালো রাখার জন্য, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জানপ্রাণ দিয়ে চেষ্টা করছেন। এসব দেখে মানুষ আশান্বিত হয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের মনোবলকে অটুট রাখার শক্তি পেয়েছে। শত কষ্টের মধ্যে থেকেও নতুন আশার সঞ্চার হয়েছে তাদের জীবনে।
দেশের জন্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হাসিমুখে জীবন উৎসর্গ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তারা। একইভাবে আজকের প্রধানমন্ত্রীকেও তাদের কাছে যেতে হবে, তাদের দুঃখ-কষ্ট, অভাব-অনটনের কথা তাদের কাছ থেকেই শুনতে হবে। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের সেই মানুষদের কাছে যেতে হবে, যাদের কাছে প্রশাসন পৌঁছায় না। একদিকে তারা জমিদারী প্রথার কবলে পড়ে ভূমিহীন হয়ে হেডম্যান-কারবারিদের দয়ার উপর বেঁচে আছেন। অন্যদিকে, সশস্ত্র সন্ত্রাসীদের কঠোর নিয়ন্ত্রণ-শোষণ আর চাঁদাবাজির মধ্যে দিন পার করেন, রাত পার করেন। তাদের কাছে গিয়ে অনুভব করাতে হবে তিনি তাদের পাশে আছেন, রাষ্ট্র তাদের পাশে আছে। তাদের জীবনের নিরাপত্তা কোনো সন্ত্রাসী গোষ্ঠির কাছে জিম্মি থাকার বিষয় না, বরং তারা রাষ্ট্রের গর্বিত ও সম্মানিত নাগরিক হিসেবে তাদের জীবনের নিরাপত্তা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের এবং রাষ্ট্র তার সেই দায়িত্ব পালনে বদ্ধপরিকর। তাদের ভাগ্যোন্নয়নে রাষ্ট্রই দায়বদ্ধ, তাই রাষ্ট্র ও প্রশাসন সবসময় তাদের দোরগোড়ায় হাজির আছে এবং থাকবে। প্রধানমন্ত্রী যদি পাহাড়ের প্রান্তিক মানুষের মনে রাষ্ট্রের পক্ষ থেকে এই আস্থা ও নির্ভরতার বার্তাটি আন্তরিক ও বিশ্বাস্যযোগভাবে পৌঁছে দিতে পারেন তাহলে এককথায় ম্যাজিক ঘটে যাবে পার্বত্য চট্টগ্রামে। পাহাড়ের মানুষ সেই ম্যাজিক দেখার প্রত্যাশাতেই আছে। (সমাপ্ত)
লেখক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক ও সাংবাদিক sayedibnrahmat@gmail.com
