আওয়ামী লীগের সফট পাওয়ার হিসেবে খ্যাত আনিসুল হক জেন-জিদের নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন। সফট পাওয়াররা মুখে বলেন, তারা শেখ হাসিনাকে পছন্দ করেন না। কিন্তু শেখ হাসিনার পছন্দ-অপছন্দের সঙ্গে তাদের নিজেদের পছন্দ-অপছন্দ শতভাগ মিলে যায়। তাদের ঘৃণার লক্ষ্য এবং হতাশার বিষয় দেখে এদের পৈতা চেনা যায়। পার্থক্যÑশেখ হাসিনা দিল্লিতে, এই সফট পাওয়াররা এখনো ঢাকায়।
তিনি জেন-জির ১০০ জনকে জিজ্ঞেস করেছেন, রবীন্দ্রনাথের ছুটি গল্প পড়েছ? শেষের কবিতা পড়েছ? সবার উত্তর, না। এরপর জিজ্ঞাসা করেছেন, তলস্তয়ের নাম শুনেছ? এখানেও শতভাগ জবাবÑনা। একইভাবে ১০ জন তরুণ সাংবাদিকের রবীন্দ্র-জ্ঞানের সাউন্ডিং বা গভীরতা পরখ করতে গিয়েও তিনি একইভাবে নিরাশ হয়েছেন।
তিনি সিদ্ধান্তে পৌঁছে গেছেন যে জেন-জি প্রজন্ম রবীন্দ্রনাথ পড়ে না। তলস্তয় পড়ে না। তলস্তয় না পড়ার অপরাধটি উল্লেখ করেছেন মূলত প্রথম অপরাধটি বড় করে তুলে ধরার জন্য।
কারো পেটের মধ্যে ডুবুরি নামিয়ে যদি এ রকম দু-একটি রবীন্দ্রনাথের কবিতা বা গল্প পাওয়া না যায়, তাহলে সেই দ্বিপদের জানোয়ারটিকে আনিসুল হকরা মানুষ হিসেবেই গণ্য করেন না। আনিসুল হকদের ভয়ে এ দেশের সব ভদ্রলোক কমপক্ষে একটি বা দুটি রবীন্দ্রনাথ পেটের মধ্যে ভরে রাখেন। দুর্মুখেরা এটাকেই বলে সাংস্কৃতিক হীনম্মন্যতা বা সাংস্কৃতিক আগ্রাসন। এটা একটা বুদ্ধিবৃত্তিক ফ্যাশনও বটে। কিন্তু জেন-জি প্রজন্ম এই বুদ্ধিবৃত্তিক ফ্যাশন থেকে অনেকটা মুক্ত হয়ে পড়েছে। এ কারণেই আনিসুল হকরা প্রমাদ গুনছেন।
এই রবীর আলোয় অতিমাত্রায় আলোকিত সুশীলজনের সুশীলতা বা যন্ত্রণা গত পঞ্চাশ/ষাট বছর ধরেই জাতি ঠোঁট কামড়িয়ে সহ্য করে যাচ্ছে। সুয়োরানি-দুয়োরানি গল্পের হাড় কড়মড়ে রোগ সারানোর মতো অনেকগুলো কাজ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে কোরআনের আয়াতটি সরিয়ে মঙ্গল প্রদীপ বসানো হয়েছে। কাজী নজরুল ইসলাম কলেজ থেকে ‘ইসলাম’ শব্দটি খসানো হয়েছে। জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিতে হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হলের ক্ষেত্রেও তাই করা হয়েছে। কিন্তু আমাদের চেয়েও বড় ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ইন্ডিয়ার জাতীয় প্রতীক ও রাষ্ট্রীয় স্থাপনা থেকে হিন্দুত্ববাদের কোনো চিহ্নই মোছা হয়নি।
এরা আমাদের সাংস্কৃতিকভাবে অবশ করে রবীন্দ্রনাথকে দিয়ে। রবীন্দ্রনাথ এদের কাছে কাছে অনেকটা মদের মতো বিক্রিয়া করে। বেশি পান করলে মাতাল হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়, তবে অল্পস্বল্প পান করলে কিছু বেনিফিট পাওয়া যায়। কবি সুফিয়া কামাল বলেছিলেন, রবীন্দ্রসংগীত ইবাদতের সমতুল্য। কবি-সাহিত্যিকদের কেউ কেউ রবীন্দ্রনাথকে ঈশ্বরের জায়গায়ও বসিয়ে দিয়েছেন।
রবীন্দ্রনাথের সাহিত্য, তার গান, কবিতা নিয়ে আমার কোনো আপত্তি নেই। এই কবিকে আমার পৃথিবীর শ্রেষ্ঠ কবি মানতেও কোনো কষ্ট নেই। তবে তার বিশাল সাহিত্যকর্ম থেকে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ভাবনাকে আলাদা করার উপায় নেই। কবি আব্দুল হাই শিকদার সংগত কারণেই বলেছেন, শেখ মুজিবকে যেমনভাবে ফ্যাসিবাদের রাজনৈতিক আইকন বানানো হয়েছে, তেমনি রবীন্দ্রনাথ হয়েছেন ফ্যাসিবাদের সাংস্কৃতিক আইকন।
রবীন্দ্রনাথ যার ভেতরে অতিমাত্রায় ঢুকে পড়েÑপুরুষ হলে দেখবেন চেহারায় একটা মেয়েলি ভাব এসে গেছে। আর ভিক্টিম নারী হলে প্রণিধানযোগ্য দৈহিক উত্তরণ ঘটে গেছে। এখানে নাম উল্লেখ না করলেও একটু চোখ মেলে তাকালেই স্যাম্পল দেখতে পারবেন। আর কলকাতায় বা শান্তিনিকেতনে কিছুদিন থেকে এলে মুখের জবান পরিবর্তন তো অতি সাধারণ বা পরিচিত ফেনোমেনা।
এরা ভুলেও ইন্তেকাল করে না, নশ্বর দেহ ত্যাগ করে। রাবীন্দ্রিক ভাবনার সঙ্গে অ্যালাইন করতে এরা লাশের পাশে কোরআন তিলাওয়াত না করে রবীন্দ্রসংগীত গাওয়া শুরু করেছে। যে গতিতে এগিয়ে চলছে, তাতে চিতায় মরদেহ দাহ করতেও বোধ হয় আর বেশি দিন লাগবে না। জাতীয় সংসদে নিজেকে ফজা পাগলা হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তিটিও জানিয়েছে যে হিন্দু সংস্কৃতি পৃথিবীর সেরা সংস্কৃতি। অন্ত্যেষ্টিক্রিয়াটাও কিন্তু একটা জাতির সংস্কৃতির অংশ। কোভিড-১৯-এর সুযোগে ফ্যাসিবাদের সহযোগী এবং বর্তমানে আটক এক নারী সাংবাদিক লাশ পোড়ানোর বৈজ্ঞানিক কারণ খুঁজে পেয়েছিলেন।
কাজেই ব্যারাম যে কত কঠিন হয়ে পড়েছে, তা সহজেই অনুমেয়। রবীন্দ্র-আবেশ প্রথম যে কাজটি করে, তা আমাদের ভূরাজনৈতিক বোধটিকে ভোঁতা করে ফেলে।
আপনি ক্লাস টুয়ের বাচ্চাকে এ দেশের একটি ম্যাপ দেখিয়ে জিজ্ঞাসা করুনÑএই দেশটির জন্য সম্ভাব্য হুমকি হিসেবে গণ্য হতে পারে কোন দেশটি? দুধের এই শিশুটি ঠিক ঠিক জবাব দিলেও এসব কথিত ঝানু নিরাপত্তা বিশ্লেষকদের বিশ্লেষণ আপনাকে বিস্ময়ে হতবাক করবে।
এমতাবস্থায় জেন-জি প্রজন্ম যদি রবীন্দ্রনাথের শেষের কবিতা বা ছুটি গল্পটি না পড়ে থাকে, তা দেশ ও জাতির জন্য আশীর্বাদ হিসেবে প্রতিপন্ন হয়েছে। দেশের লুটেরা, অলিগার্ক, ঘুসখোরদের শতভাগ রবীন্দ্রনাথের শেষের কবিতা এবং ছুটি গল্পগুলো পড়েছেন। জিয়াউল আহসানের মতো সিরিয়াল কিলাররাও এসব পড়েছেন। বেনজীর, হারুন, এমএ আজিজদের মতো খুনিরাও রবীন্দ্রনাথের অনেক কবিতা মুখস্থ বলতে পারতেন। আর স্বয়ং মাফিয়া রানি তো ফজরের নামাজের পরই রবীন্দ্রসংগীত শুনতেন।
অবাক করার বিষয় হলো, জেন-জি প্রজন্মের বেড়ে ওঠা এবং জগৎ সম্পর্কে পরিচয় হয়েছে পুরো আওয়ামী আমলে। স্কুলের সিলেবাসটি সাজানো হয়েছিল মগজধোলাইয়ের তন্ত্র-মন্ত্রের ঘর হিসেবে। নতুন প্রজন্মকে কথিত বিজ্ঞানমনস্ক বানানোর মতলবে বিতর্কিত বিবর্তনবাদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্কুলের বিজ্ঞান সিলেবাসে ঢোকানো হয়। বোধ হওয়ার পর থেকেই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো দেখেছে ড. জাফর ইকবালকে—পাকিস্তানের নাম নিলে যিনি নতুন প্রজন্মকে দাঁত ব্রাশ করে নেওয়ার পরামর্শ দিতেন।
চেতনার এ রকম আরামদায়ক ‘স্পুন-ফিডিং’ এরপর এই জেন-জি প্রজন্ম কেন এরূপ ১৮০ ডিগ্রি ঘুরে গেলÑসেটাই আজ ট্রিলিয়ন ডলারের প্রশ্ন।
সবকিছু দেখে আজ মনে হচ্ছে, রবীন্দ্রনাথের ‘ছুটি’ গল্প কিংবা ‘শেষের কবিতা’ এদের বিশুদ্ধ বাঙালি বানিয়েছে কিন্তু মানুষ বানাতে পারেনি। এ কারণেই এরা বেবি বুমার প্রজন্ম থেকে জুমার প্রজন্মের মনস্তাত্ত্বিক পরিবর্তনটুকু ধরতে পারেনি।
বেবি বুমার (Baby Boomers) এবং জেন-জি (Generation Z বা Zoomers)—এই দুই প্রজন্মের মধ্যে পার্থক্য মূলত তাদের বেড়ে ওঠার পরিবেশ, চিন্তাভাবনা ও পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিতে। বেবি বুমার প্রজন্মের জন্ম ১৯৪৬-৬৪ সালের মধ্যে। তারা বেড়ে উঠেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী পুনর্গঠন, শিল্পায়ন, প্রাতিষ্ঠানিক রাজনীতি ও সামাজিক শৃঙ্খলার পরিবেশে। এই সময়টিতে রেডিও, টেলিভিশন ও গণমাধ্যমের প্রসার ঘটেছে।
অন্যদিকে, জেন-জি প্রজন্মের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। ইন্টারনেট, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম তাদের চিন্তার জগৎটি তৈরি করেছে। আমাদের কাছাকাছি প্রজন্মের বা বেবি বুমারদের বিশ্বাস ছিলÑ‘আমার বাবা-মা সব জানে।’ এই ধারণা থেকে জুমার প্রজন্ম বেরিয়ে গেছে। কারণ নিজের বাবা-মা বা আপনজনের চেয়েও বিশ্বস্ত ইনফরমেশন সুপার হাইওয়ে ওদের আঙুলের তলায় এসে গেছে।
এই প্রজন্মের প্যারেন্ট হিসেবে কমবেশি অভিজ্ঞতা আমাদের হয়েছে। এরা বেশি প্রশ্ন করতে চায়। আমি হয়তোবা একটা জবাব দিলাম। সেটি মনোযোগ দিয়ে শুনে ‘হুম’ বলে আমার কাছ থেকে চলে গেল। মুখ দেখে বোঝা গেল নাÑআমার জবাবে সন্তুষ্ট হয়েছে কি না। পরে গিয়ে সেটার জবাব খুঁজল গুগলে বা ইন্টারনেটে। কয়েক সপ্তাহ পর টের পেলাম যে আমার জবাবটি মনঃপূত হয়নি।
আপনাদের হয়তো স্মরণ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রো-ভিসির নিয়োগের বিরোধিতা করেছিলেন তার নিজেরই ছেলে। ঘটনাটি জেন-জি প্রজন্মের মনস্তত্ত্ব বোঝার একটি তাৎপর্যপূর্ণ উদাহরণ।
জেন-জি প্রজন্মের রাজনৈতিক ও আদর্শিক অবস্থান অনেক ক্ষেত্রেই তাদের মা-বাবার চিন্তা, বিশ্বাস কিংবা রাজনৈতিক আনুগত্যের সঙ্গে মেলে না। জুলাই আন্দোলনেও আমরা এর প্রতিফলন দেখেছি। এমন অনেক তরুণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যাদের বাবা-মা ছিলেন ফ্যাসিবাদের সরব কিংবা নীরব সমর্থক।
অর্থাৎ, পারিবারিক রাজনৈতিক পরিচয় বা আনুগত্য যে নতুন প্রজন্মের চিন্তা ও অবস্থান নির্ধারণ করবে, এমনটি ভাবার কোনো কারণ নেই। বরং নতুন প্রজন্ম অনেক ক্ষেত্রেই নিজের বিবেক, উপলব্ধি ও মূল্যবোধ দিয়ে নিজস্ব রাজনৈতিক অবস্থান তৈরি করতে চায়। এটাই জেন-জি প্রজন্মের মনস্তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ দিক।
রাজনীতির ক্ষেত্রে বুমার প্রজন্ম সাধারণত দল, নেতৃত্ব ও প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় বিশ্বাসী ছিল। অন্যদিকে জেন-জি প্রজন্ম অনেক বেশি ইস্যুভিত্তিক; নেতা কে, সেটি বড় নয়, নেতা কী করছেনÑসেটিই তাদের কাছে গুরুত্বপূর্ণ। তারা শুধু প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার অংশ হতে চায় না, বরং প্রয়োজনে সেই ব্যবস্থার পরিবর্তনও চায়।
যে রাজনৈতিক বা সামাজিক শক্তি জেন-জি প্রজন্মের এই মনস্তাত্ত্বিক গঠনটি ধরতে অসমর্থ হবে, তারা পিছিয়ে যাবে। ‘আমি কে তুমি কেÑরাজাকার রাজাকার’Ñএই জবাব শুধু শেখ হাসিনার ক্ষণেকের ঔদ্ধত্যের জবাব নয়Ñএটি ছিল জাফর ইকবাল, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির, আনিসুল হকদের গত ৫০ বছরের বুদ্ধিবৃত্তিক ইতরামোরও জবাব।
কাজেই কোন প্রজন্ম ইতিহাসের সঠিক দিকে রয়েছে? রবীন্দ্রনাথের শেষের কবিতা, ছুটি গল্পটি পড়া প্রজন্ম নাকি এসব না পড়া প্রজন্ম?
রবীর আলোয় অতিশয় আলোকিত প্রত্যেকেই মনে একটা লেন্দুপ দর্জি লালন করেন। এ দেশের অতিমাত্রায় রবীভক্তরা এক দেহে লীন হতে চান কিন্তু আমাদের পশ্চিম বাংলার ব্রাদাররা দিল্লিকে ছাড়বেন না। এভাবেই সাংস্কৃতিক জগৎ বলতে গেলে লেন্দুপ দর্জির রঙে রঙিন হয়ে পড়েছে। আর এদের ওপর ভরসা করেই শেখ হাসিনা বলতে পেরেছেন, ভারতকে যা দিয়েছি, তা কোনো দিন ভুলতে পারবে না।
নতুন প্রজন্ম এদের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিকভাবে প্রত্যাখ্যান করেছে।
এরা পরাজিত হলেও হাল ছেড়ে দেয়নি। আমাদের সাংস্কৃতিক মানসে এবং রাজনৈতিক ও প্রশাসনিক পরিসরে অনেক ট্রুজান হর্স বা ট্রয়ের ঘোড়া ঢুকিয়ে দিয়েছে।
গ্রিক পুরাণের ট্রয়ের ঘোড়ার গল্পটি আমরা অনেকেই জানি।
ট্রয় নগরীকে দীর্ঘদিন অবরুদ্ধ করেও গ্রিকরা যখন জয় করতে পারছিল না, তখন তারা এক অভিনব কৌশলের আশ্রয় নেয়। বিশালাকৃতির একটি কাঠের ঘোড়া তৈরি করে সেটিকে ট্রয় নগরীর বাইরে রেখে আসে। ট্রয়ের অধিবাসীরা এটাকে গ্রিকদের পরাজয়ের স্মারক মনে করে আনন্দের সঙ্গে নগরীর ভেতরে নিয়ে আসে।
কিন্তু তারা জানত না, সেই ঘোড়ার পেটের ভেতর লুকিয়ে আছে গ্রিক সৈন্যরা। গভীর রাতে তারা ঘোড়া থেকে বেরিয়ে নগরীর ফটক খুলে দেয়। বাইরে অপেক্ষমাণ গ্রিক বাহিনী নগরীতে প্রবেশ করে। পতন ঘটে দুর্ভেদ্য ট্রয় নগরীর। সেই থেকে ট্রুজান হর্স (Trojan Horse) কথাটি ব্যবহৃত হয় এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবস্থাকে বোঝাতে, যা বাইরে থেকে নিরীহ কিংবা সহযোগী মনে হলেও ভেতরে ভেতরে শত্রুর স্বার্থ রক্ষা করে।
শত্রুরা আমাদের সাংস্কৃতিক এবং রাজনৈতিক মানসে এ রকম ট্রয়ের ঘোড়া ঢুকিয়ে দিয়েছে। কয়েক দিন ধরে আওয়ামী লীগ গোপালগঞ্জে যে তাণ্ডব চালিয়ে যাচ্ছে, তা দেখে এই ট্রয়ের ঘোড়ার গল্পটি মনে পড়ছে।
সাম্প্রতিক আওয়ামী তাণ্ডব দেখে পর্যবেক্ষক মহল প্রশাসনের বিভিন্ন জায়গায় এ রকম ট্রুজান হর্সদের উপস্থিতি টের পাচ্ছেন। তারেক রহমান সরকারকে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা দরকারÑএবং তা এখনই।
আগে মীরজাফর একজন ছিলেন। এখন হাজার হাজার মীরজাফরের পয়দা হয়েছে। যত কাছের মানুষ হিসেবে উপস্থাপন করুক না কেন, কাউকেই সন্দেহের ঊর্ধ্বে রাখা নিরাপদ হবে না। সরষের মধ্যেই অধিকাংশ সময় ভূত লুকিয়ে থাকে। বিশেষ করে, অসৎ রাজনৈতিক নেতা কিংবা ব্যুরোক্র্যাটÑএবেলায় আরো ভয়ংকর। কারণ টাকার জন্য বা নিজের লাভের জন্য এরা নিজের মাকেও অন্যের হাতে তুলে দিতে পারে। দরকার পড়লে আরো ইনডিপেনডেন্ট সোর্স থেকে তথ্য নিতে হবে। এ ক্ষেত্রে বিশ্বস্ততার সঙ্গে সক্ষমতাও দেখতে হবে।
এই সতর্কতাটুকু শুধু বর্তমান সরকার এবং সরকারের সর্বোচ্চ নির্বাহীর নিজের নিরাপত্তার জন্যই নহেÑসমগ্র জাতির অস্তিত্ব ও নিরাপত্তার জন্যও জরুরি।
কনফ্লিক্ট ম্যানেজমেন্টে আমরা মুসলমানরা ঐতিহাসিকভাবেই দুর্বল। আমরা শুধু মুনাফিকদের ওপর দোষ চাপিয়ে নিজেদের এই দুর্বলতাকে ঢেকে রাখি। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে অনেক ইস্যুতে মতপার্থক্য দেখা দিয়েছে। সেই মতপার্থক্য যেখানে আছে, সেখানে রেখেই (To Keep Aside) আওয়ামী লীগের এই চ্যালেঞ্জ মোকাবিলায় এক হতে পারে। এটা করতে পারলেই শত্রুর হতাশা অনেক বেড়ে যাবে।
এই মুহূর্তে পাড়ায় পাড়ায়, প্রতি মহল্লায় সর্বদলীয় নাগরিক প্রতিরোধ কমিটি করতে পারলে ভালো হয়। কাজেই প্যানিক না হয়ে জনগণের প্রথম কর্তব্য শান্ত থাকা। সরকারি দল এবং বিরোধী দলগুলো জনগণকে সঙ্গে নিয়ে সারা দেশে নজরদারি বাড়াতে পারেন। সন্দেহজনক কাউকে দেখলেই তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন। প্রশাসনের ট্রুজান হর্সদের প্রতি নজর রাখুন। সিটিজেন জার্নালিজমকে আরো প্রসারিত ও সজাগ করুন। আওয়ামী দোসর এবং বটবাহিনী এখন গুজব ছড়িয়ে প্যানিক সৃষ্টি করতে চাইবে। কাজেই এসব ভেরিফাই না করে প্রচার করবেন না।
নিষিদ্ধ ঘোষিত ও চরিত্রগতভাবে সন্ত্রাসী এই সংগঠনটির এসব তাণ্ডব অপ্রত্যাশিত ছিল না। সরকার এদের ট্র্যাপে পা দেয়নি, এটি খুবই সঠিক পদক্ষেপ হয়েছে। এখন পালের গোদাদের বের করে সাধারণ জনগণ থেকে এদের বিচ্ছিন্ন করে ফেলতে হবে।
সুবিধা হলো, গোপালগঞ্জের ওপর পুরো দেশ কোনোভাবেই নির্ভরশীল নয়, এই জেলার আলাদা কোনো রাজনৈতিক, অর্থনৈতিক বা ভৌগোলিক বিশেষত্ব নেই । বরং সারা দেশের ওপরই গোপালগঞ্জ নির্ভরশীল।
শেখ হাসিনা গোপালগঞ্জ শব্দটিকে দেশবাসীর কাছে বিষাক্ত বানিয়ে গেছেন। বেগম খালেদা জিয়া দেশের রাজনীতির জন্য কিছু প্রফেটিক বাণী বা নির্দেশনা রেখে গেছেন। তিনি বলে গেছেন, গোপালগঞ্জ নামটিকেই মুছে ফেলা হবে। বর্তমান প্রেক্ষাপটে এটি খুবই জরুরিÑবিশেষ করে গোপালগঞ্জবাসীর নিজেদের স্বার্থেই।
কারণ এই জেলার অধিবাসী হওয়ার কারণেই অনেক সাধারণ মানুষ নানাভাবে অবিচার বা হয়রানির মুখোমুখি হতে পারে। কাজেই এই জেলাটিকে ভেঙে দিয়ে এর উপজেলাগুলো বা ইউনিয়নগুলোকে সুবিধামতো পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে ট্যাগ করে দেওয়া যেতে পারে। এই সিদ্ধান্ত সাধারণ মানুষ মেনে নেবে নিজেদের স্বার্থে।
কাজেই আওয়ামী উপদ্রব/ঔদ্ধত্য থামাতে এ রকম কিছু ঠান্ডা মাথার কাজ করা দরকার। এ ক্ষেত্রে ‘ডুয়িং নাথিং’ অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে।
