আটকে যাবে বার্ধক্য

মানুষের বার্ধক্য কি সত্যি আটকানো সম্ভব? এ প্রশ্ন বহু দশক ধরে বিজ্ঞানীদের কৌতূহল জাগিয়ে রেখেছে। সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা এমন এক নতুন পদ্ধতির কথা জানাচ্ছেন, যা মানব কোষের বয়স ‘পিছিয়ে’ দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। নতুন পদ্ধতির মূল ধারণা হলো কোষের জৈবিক বয়সকে রিসেট করা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, আমাদের কোষে নানা ধরনের পরিবর্তন ঘটে। ডিএনএ ক্ষয়, জিনের কার্যকারিতায় পরিবর্তন, কোষ বিভাজনের গতি কমে যাওয়া সব মিলিয়ে শরীরের বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত হয়। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, যদি কোষের ভেতরের কিছু ‘এপিজেনেটিক’ সংকেত আংশিকভাবে পরিবর্তন করা যায়, তাহলে কোষ আবার তরুণ অবস্থার মতো আচরণ করতে শুরু করে। একে অনেক বিজ্ঞানী ‘আংশিক রি-প্রোগ্রামিং’ বলছেন। এতে কোষের পরিচয় নষ্ট না করে, শুধু বয়সজনিত ক্ষয় কমানোর চেষ্টা করা হয়। প্রাথমিক পরীক্ষাগুলো এখনো প্রাণীর ওপর সীমাবদ্ধ। গবেষণাগারে ইঁদুরের ওপর চালানো পরীক্ষায় দেখা গেছে, এই পদ্ধতিতে কিছু টিস্যুর কার্যকারিতা উন্নত হয়েছে এবং বয়সজনিত ক্ষতির লক্ষণ আংশিকভাবে কমেছে। চোখ, পেশি ও স্নায়ুর মতো টিস্যুতে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে বলে গবেষকরা জানিয়েছেন। তবে মানবদেহে প্রয়োগের ক্ষেত্রে বিজ্ঞানীরা সতর্ক। কারণ, কোষের জিনগত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলে ক্যানসারের ঝুঁকিসহ নানা পাশর্^প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই নিরাপত্তা ও নিয়ন্ত্রণই এখন গবেষণার প্রধান চ্যালেঞ্জ।