বহু পথ হেঁটে বহু জল ঘেঁটে শেষ পর্যন্ত ‘ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত হয়েছে। উত্থাপনের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে সংসদ এ অধ্যাদেশ পাস করলে এটি আইনে পরিণত হবে। অধ্যাদেশটি প্রিয় ধরিত্রী, খাদ্যনিরাপত্তা এবং আমাদের অস্তিত্ব রক্ষার জন্য পাস হওয়া দরকার।
ফসলি জমি বাঁচানোর এই ইশতেহার ‘খসড়া আইন’ হিসেবে বন্দি হয়ে ছিল গত দেড় দশক। কার্বন সিকোয়েস্টেশন, জলবায়ু অভিযোজন, খাদ্য নিরাপত্তা ও সবুজায়নের জন্য কৃষিজমির সুরক্ষা, যত্ন ও ব্যবস্থাপনা অতীব জরুরি। তবুও আইনপ্রণেতাদের সহানুভূতি পেতে ব্যর্থ হয়েছে খসড়া আইনটি। ফলে ভূমিদস্যুদের বুভুক্ষা বেড়ে গেছে অনেক। কৃষিজমি সুরক্ষা আইন পাস ও প্রয়োগে বিলম্ব হওয়ায় গত ১৫ বছরে হারিয়ে গেছে ৭ থেকে ১০ লাখ হেক্টর ফসলি জমি। আর কালক্ষেপণ নয়। ফসলি জমি বাঁচানোর আইনগত ব্যবস্থা নিতে হবে এখনই। প্রথম অধিবেশনেই অধ্যাদেশটি অন্তত পাস করাতে হবে। এ দেশের ফসলি জমির মালিকানা প্রান্তিক ধানচাষির হাত থেকে চলে যাচ্ছে ভূমিদস্যু ব্যবসায়ীর হাতে। ফসলি জমি রাতারাতি হয়ে উঠছে হলিডে রিসোর্ট, হাউজিং প্রজেক্ট, শিল্প পার্ক। জীবনযুদ্ধে হেরে যাওয়া উদ্ভ্রান্ত কৃষক তাঁর পিতা-পিতামহের পেশা ছেড়ে হয়ে যাচ্ছে নির্মাণ শ্রমিক, গার্মেন্টস কর্মী, ভ্যানচালক অথবা রেলস্টেশনের কুলি-মজুর।
কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন ২০১০ (খসড়া), কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন ২০১৫ (খসড়া), কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন ২০১৯ (খসড়া), কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন ২০২১ (খসড়া), কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন ২০২৪ (খসড়া)– এভাবে বেড়েছে খসড়া সংখ্যা। সর্বশেষ অন্তর্বর্তী সরকার গত ১৮ জানুয়ারি ‘ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ জারি হয়েছে। প্রণয়নের খসড়া তৈরি করা হয়েছে। এই আইনের লক্ষ্য হলো উর্বর ফসলি জমির অননুমোদিত ব্যবহার বন্ধ, অকৃষি খাতে জমির রূপান্তর রোধ এবং কৃষির টেকসই উন্নয়ন নিশ্চিত করা। আইনটি অমান্য করলে কঠোর শাস্তির বিধান রয়েছে।
কৃষিজমি সুরক্ষা আইনে যে কোনো ধরনের চাষযোগ্য জমি, মাঠ ফসল, উদ্যান ফসল বা মৎস্য পালন ক্ষেত্রকে কৃষিজমি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। খসড়া আইনে বলা হয়েছে, “কৃষিজমির শ্রেণি পরিবর্তন (যেমন পুকুর খনন, ঘরবাড়ি নির্মাণ) করা যাবে না। এ আইনের উদ্দেশ্য পূরণকল্পে ‘বাংলাদেশ ভূমি জোনিং ও ভূমি সুরক্ষা কর্তৃপক্ষ’ নামে সরকার একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করিবে।” কৃষিজমির অপব্যবহার বা ধ্বংসের ক্ষেত্রে আইনানুযায়ী সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
প্রতিবছর বিপুল পরিমাণ জমি চলে যাচ্ছে অকৃষি খাতে। শিল্পের আগ্রাসনসহ বিভিন্ন কারণে আশঙ্কাজনক হারে কমছে কৃষিজমির পরিমাণ। এর মধ্যে আরেকটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কৃষিজমির অযৌক্তিক ব্যবহার। পাশাপাশি রাতারাতি ভরাট হয়ে যাচ্ছে খাল-বিল, ডোবা-নালা। মূলত অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের কারণেই আশঙ্কাজনকভাবে কৃষিজমি কমে যাচ্ছে। এ অবস্থায় কৃষিজমির যৌক্তিক ব্যবহার নিশ্চিতে আইন হচ্ছে দেশে। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আবাসন, নদী, সেচ, নিষ্কাশন, পুকুর, জলমহাল, মৎস্য এলাকা, বনাঞ্চল, সড়ক ও জনপথ এবং রেলপথ, হাটবাজার, বাণিজ্যিক ও শিল্প এলাকা, চা, রাবার ও হর্টিকালচার এলাকা, উপকূলীয় অঞ্চল, পর্যটন এলাকা, চরাঞ্চল, পরিবেশগতভাবে বিপন্ন এবং অন্যান্য অঞ্চল এ আইনের মাধ্যমে চিহ্নিত করে দেওয়া হবে।
আইনের মাধ্যমে কৃষিজমি সুরক্ষা করতে হবে এবং কোনোভাবেই তার ব্যবহারভিত্তিক শ্রেণি পরিবর্তন করা যাবে না। কৃষিজমি নষ্ট করে আবাসন, শিল্পকারখানা, ইটভাটা বা অন্য কোনো অকৃষি স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অনুর্বর, অকৃষি জমিতে আবাসন, বাড়িঘর, শিল্পকারখানা স্থাপনের কথা বলা হয়। যে কোনো শিল্পকারখানা, সরকারি-বেসরকারি অফিস ভবন, বাসস্থান এবং অন্যান্য স্থাপনা নির্মাণের ক্ষেত্রে ভূমির ঊর্ধ্বমুখী ব্যবহারকে গুরুত্ব দিতে হবে। এ জন্য থাকবে প্রয়োজনীয় নির্দেশনা। কৃষিজমি যে কেউ ক্রয়-বিক্রয় করতে পারলেও তা আবশ্যিকভাবে শুধু কৃষিকাজেই ব্যবহার করতে হবে। একাধিক ফসলি জমি সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানের জন্য কোনো অবস্থাতেই অধিগ্রহণ করা যাবে না। তবে আবাসিক উদ্দেশ্যে কৃষিজমি ক্রয় ও ব্যবহার সরকার নিয়ন্ত্রণ করতে পারবে। কৃষিজমি চিংড়িমহাল হিসেবেও ঘোষণা করা যাবে না।
বিশ্বে কৃষিজমির পরিমাণের হিসাবে বাংলাদেশের অবস্থান ৭৬তম। গত ২৫ বছরে বৈশ্বিক ফসলি জমি প্রতিবছর দশমিক ২৫ শতাংশ হারে বাড়লেও বাংলাদেশে কমেছে দশমিক ৬৫ শতাংশ হারে। বাংলাদেশে ফসলের আওতায় জমি বাড়ানোর সুযোগ খুব কম। পৃথিবীর অনেক দেশেই কৃষিজমি সুরক্ষায় শক্ত আইন ও তার প্রয়োগ আছে। আইন পাসের পর তা বাস্তবায়ন করার ব্যবস্থা সরকারকেই নিতে হবে।
ড. মো. রওশন জামাল: কৃষিবিদ ও প্রজাতন্ত্রের কর্মচারী roushonjamal@yahoo.com
