সড়ক দুর্ঘটনা যেন থামছেই না। বাংলা নববর্ষের দিনেও কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে সাতজন ধান-কাটা শ্রমিক প্রাণ হারিয়েছেন। এর আগে সাম্প্রতিক ঈদযাত্রা ঘিরে সড়ক দুর্ঘটনার বিষয় আবারও জাতীয় উদ্বেগের কেন্দ্রে উঠে এসেছিল। জাতীয় সংসদে এ নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক হয়েছে। কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের বেশির ভাগ সড়ক দুর্ঘটনা প্রতিরোধযোগ্য। তাই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কেবল পরিসংখ্যান নয়; আমাদের ব্যর্থতার প্রতিচ্ছবি। তবে আমাদের জাতীয় সংকট এখন আর দেশের ভেতরে সীমাবদ্ধ নেই।

বাংলাদেশের মহাসড়কে বেপরোয়া বাস চালানোর দৃশ্য আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে এখন নিয়মিত প্রকাশিত হচ্ছে। গত এক মাসেই ইউটিউবে অ্যান্ড্রু ফ্রেজার নামের চ্যানেলে প্রকাশিত ‘হোয়াই বাংলাদেশ হ্যাজ দ্য ডেডলিয়েস্ট বাসেস অন আর্থ’ শিরোনামের ভিডিও ৩১ লাখের বেশি বার ভিউ হয়েছে, যেখানে বাংলাদেশের বাস চলাচলকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে। একইভাবে ‘বাস ড্রাইভারস টেকিং ইনরমাস রিস্কস’ লিখে ইউটিউবে সার্চ দিলে শত শত ভিডিওতে বাংলাদেশের মহাসড়কে বিপজ্জনক ওভারটেকের দৃশ্য দেখা যায়। বিদেশি ব্লগার/কনটেন্ট ক্রিয়েটরদের তৈরি অভিজ্ঞতাভিত্তিক ভিডিওগুলোতেও বাংলাদেশের সড়ককে বিশৃঙ্খল ও অনিরাপদ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। গত ১০ বছরের মধ্যে আপলোড করা এই সব ভিডিওর ভিউ কয়েক হাজার থেকে কোটি ছাড়িয়েছে।

এসব ভিডিও প্ল্যাটফর্ম হয়তো প্রচলিত অর্থে মূলধারার গণমাধ্যম নয়, কিন্তু বর্তমান ডিজিটাল বাস্তবতায় এসব প্ল্যাটফর্মের মাধ্যমেই একটি দেশের বাস্তবতা ও ভাবমূর্তি বিশ্বব্যাপী গড়ে ওঠে। ফলে সড়কে শৃঙ্খলার অভাব এখন শুধু অভ্যন্তরীণ সংকট নয়; বাংলাদেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার সঙ্গেও সরাসরি যুক্ত হয়ে গেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই ভিডিওগুলো দেখলে বোঝা যায়, মহাসড়ক থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যায়ের সড়কেও কী ভয়ংকর ঝুঁকির মধ্যে যানবাহন চলাচল করে! এমনকি অনেক চালক ইচ্ছাকৃত ঝুঁকিপূর্ণ ওভারটেক করে নিজেদের ‘নায়ক’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করে। বাস্তবতা হলো, বাংলাদেশের সড়ক দুর্ঘটনা নিয়ে গবেষণায় দেখা গেছে, ৪০ শতাংশের বেশি দুর্ঘটনার কারণ ট্রাফিক আইন লঙ্ঘন করে বেপরোয়া গতিতে গাড়ি চালানো। আশ্চর্যজনক হলেও সত্যি, বাসচালকরা কিছু কনটেন্ট ক্রিয়েটরের প্রভাবেও ঝুঁকিপূর্ণ ড্রাইভিংকে ‘রোমাঞ্চকর’ হিসেবে নেন। অনেক ক্ষেত্রে কনটেন্ট ক্রিয়েটররা চালকদের রাস্তার রাজা হিসেবে দেখায়, যা অন্যকে একই ধরনের অপরাধে প্রবৃত্ত হতে উস্কে দেয়। দীর্ঘদিন ধরে এসবের সমালোচনা ও কঠোর শাস্তির দাবি জানানো হলেও বাস্তবে পরিস্থিতির পরিবর্তন হয়নি। বরং বেপরোয়া ওভারটেক, অতিরিক্ত গতি এবং যাত্রী তোলার প্রতিযোগিতা এখন আরও দৃশ্যমান। ফলে প্রশ্ন উঠছে, একটি দেশ যদি নিজের সড়কেই শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে না পারে, তবে সেই দেশের উন্নয়নের বার্তা কতটা বিশ্বাসযোগ্য?

এই বাস্তবতায় আবেগ নয়; প্রমাণ ও পদ্ধতিভিত্তিক পদক্ষেপ দরকার। পৃথিবীর অনেক দেশ এক সময় একই ধরনের সংকটে ছিল। তারা পুরো ব্যবস্থাকে উন্নত এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করে পরিস্থিতি বদলেছে। আমাদের পক্ষেও পারা সম্ভব, যদি আমরা সমস্যাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে পুরো ব্যবস্থা বিবেচনায় নিয়ে সমাধান করতে উদ্যোগী হই এবং কঠোরতার সঙ্গে বিষয়টি মোকাবিলা করি। সড়কে কোনো মৃত্যু গ্রহণযোগ্য নয়– এমন অবস্থান নিয়ে সুইডেন ১৯৯৭ সালে ‘ভিশন জিরো’ নীতি গ্রহণ করে। সেখান থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা– শুধু চালককে দোষারোপ নয়; পুরো ব্যবস্থাকে নিরাপদ করতে হবে। জাপান অবশ্য সড়ক নিরাপত্তার বিষয়টি সংস্কৃতি হিসেবে গড়ে তুলেছে। আমাদের সমাজেও এই মানসিক পরিবর্তন জরুরি।

আমাদের বাস্তবতায় প্রথম কাজ হচ্ছে হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়ানো। শুধু উপস্থিতি নয়, কার্যকর নজরদারি দরকার। প্রতিটি গুরুত্বপূর্ণ মহাসড়কে ২৪ ঘণ্টা নজরদারি নিশ্চিত করতে হবে। প্রযুক্তিনির্ভর নজরদারি ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়। সিসিটিভি, স্পিড ক্যামেরা ও স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা চালু করতে হবে।

সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থায় বড় সংস্কার দরকার। দক্ষতা যাচাই ছাড়া লাইসেন্স দেওয়া বন্ধ ও প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। একই সঙ্গে গাড়ির মালিকদের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। শুধু চালক নয়; মালিককেও জবাবদিহির আওতায় আনতে হবে। বেপরোয়া যানবাহন চালনার জন্য মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে নিয়ন্ত্রণ বাড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পাবলিক বাসে যাত্রী তোলার প্রতিযোগিতা। একই রুটে অতিরিক্ত বাস, বেঁধে দেওয়া সময় ও আয়ের চাপ চালকদের ঝুঁকিপূর্ণ আচরণের দিকে ঠেলে দেয়। এই প্রতিযোগিতা নিয়ন্ত্রণ না করলে দুর্ঘটনা কমানো কঠিন হবে। রুট পারমিট ও সময় ব্যবস্থাপনা নিয়ে নতুনভাবে ভাবতে হবে।

প্রতিটি বড় দুর্ঘটনার পর আমরা কিছুদিন আলোচনা করি, তারপর ভুলে যাই। কিন্তু উন্নত দেশগুলো প্রতিটি দুর্ঘটনা থেকে শিক্ষা নেয়। আমাদেরও সড়ক পরিবহন সংস্থাগুলোর অধীনে একটি স্থায়ী ‘দুর্ঘটনা বিশ্লেষণ ইউনিট’ দরকার, যারা প্রতিটি ছোট-বড় দুর্ঘটনার কারণ খুঁজে বের এবং নীতিগত পরিবর্তনের সুপারিশ করবে। সব শেষে একটি মৌলিক বিষয় পরিষ্কার করা দরকার। বাংলাদেশে শাস্তির ভয় কাজ করে না। কারণ শাস্তির নিশ্চয়তা নেই। আইন ভাঙলে শাস্তি হবেই– এই বার্তা প্রতিষ্ঠা করতে হবে।

আমাদের সরকারি লোকজনের প্রিয় শব্দ ‘আন্তর্জাতিক ভাবমূর্তি’। কিন্তু প্রতিদিন যেসব মানুষ সড়কে প্রাণ হারাচ্ছে, তাদের জীবনের মূল্যই আসল। উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তা মানুষের জীবনকে নিরাপদ করে। বাংলাদেশের সড়ক এখন শুধু চলাচলের পথ নয়; রাষ্ট্রের সক্ষমতার প্রতিচ্ছবি। এই প্রতিচ্ছবি যদি বেপরোয়া হয়ে ওঠে, তাহলে উন্নয়নের গল্পও প্রশ্নের মুখে পড়বে। সড়কে শৃঙ্খলা ফেরানোর সময় এখনই।

মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন