ইরানের মিনাব শহরের শাজারা তাইয়েবা বালিকা প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিনের মতো শনিবারও নিশ্চয় শিশুদের উচ্ছ্বাস ছিল। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আক্রমণে স্কুলটির শিশুদের মুখরতা পরিণত হয় বিভীষিকায়। মুহূর্তেই পরিণত হয় মৃত্যুপুরীতে। এখন পর্যন্ত ১৮০ জনের প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই ৭ থেকে ১২ বছর বয়সী মেয়েশিশু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একইভাবে ফিলিস্তিনের গাজায় শিশুদের গণহত্যা করেছে এবং হামলা চালিয়ে গাজার প্রায় সব বিদ্যাপীঠ ধ্বংস করেছে। গণহারে শিশুহত্যার পরও যেভাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব পার পেয়ে যাচ্ছে, তাতে প্রশ্ন উঠছে, আদৌ আন্তর্জাতিক আইন বলে কিছু আছে?

ফিলিস্তিনের গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের বর্বর গণহত্যার শিকার হয়ে শহীদ হয়েছে প্রায় ২০ হাজার শিশু। গত বছরের ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি হলেও ইসরায়েলের হামলা ও নিরীহ ফিলিস্তিনিদের প্রাণহানি থেমে নেই। যুদ্ধবিরতির পর লিখেছিলাম, গাজার এতিম শিশুরা শুধু সংখ্যা নয় (সমকাল, ১৫ অক্টোবর ২০২৫)। সেখানে বলেছিলাম, নিয়মতান্ত্রিক বিশ্বব্যবস্থা টিকিয়ে রাখতে হলে ইসরায়েলকে বিচারের আওতায় আনতে হবে। দুঃখজনক হলেও সত্য, মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্রয়-প্রশ্রয় ও সরাসরি সহযোগিতায় ইসরায়েল পার পেয়ে যাচ্ছে। গাজার পর পাশাপাশি ইসরায়েল অন্যান্য দেশেও হামলা অব্যাহত রেখেছে। শনিবার থেকে ইরানে অব্যাহত হামলা তারই অংশ।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শিশুদের স্কুলে গণহত্যা চালানোর দিনেই তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে। খামেনির হত্যাকাণ্ড এবং মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের ঘনঘটায় স্কুলে শিক্ষার্থী হত্যার বর্বরোচিত ঘটনাটি সেভাবে আলোচিত হয়নি। তারপরও অনেকে লিখেছেন। জিটিওতে ফাতিমা ভুট্টো লিখেছেন, ফ্রম গাজা টু ইরান, চিলড্রেন হ্যাভ অলওয়েজ বিন স্যাক্রিফাইসড বাই ওয়েস্টার্ন ইমপেরিয়াল এইমস। অর্থাৎ গাজা থেকে ইরান: শিশুরা সব সময়ই পশ্চিমা সাম্রাজ্যবাদী লক্ষ্য পূরণের বলি হয়েছে। দ্য কনভারসেশনে শানন বোস লিখেছেন, ডাজ ইন্টারন্যাশনাল ল স্টিল ম্যাটার? দ্য স্ট্রাইক অন দ্য গার্লস স্কুল ইন ইরান শোজ হোয়াই উই নিড ইট। অর্থাৎ ইরানের মেয়েদের স্কুলে হামলা দেখাল– আন্তর্জাতিক আইন কেন এখনও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল একের একের পর এক বিশ্বব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। গাজার মতো ইরানেও তারা বেপরোয়াভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালকে নিশানা বানিয়ে হামলা করছে। সোমবার আলজাজিরা বলেছে, হাসপাতাল ও স্কুলে হামলার প্রেক্ষিতে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতা দাবি করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এমন জঘন্য অপরাধের পরও বিশ্ব সম্প্রদায়ের উদাসীনতায় মানবতা আরও বিপন্ন হবে।

শিশুদের ঘর এবং শিক্ষাপ্রতিষ্ঠান উভয়ই নিরাপদ স্থান। মানুষ আক্রান্ত হলে চিকিৎসার জন্য হাসপাতালে যায়। সে জন্য হাসপাতালও নিরাপদ হতে হয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় শিশুদের নিরাপদ কোনো আশ্রয়স্থলই ছিল না। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হাত থেকে ইরানের হাসপাতাল, স্কুলও রেহাই পাচ্ছে না। শিশু, নারী, বৃদ্ধ, বেসামরিক নাগরিক– কেউই যুদ্ধ দানবের কাছে নিরাপদ নয়। প্রত্যেক শিশুর জীবনই গুরুত্বপূ্র্ণ। তারা পৃথিবীর ভবিষ্যৎ। যে শিশুকে আজ হারাচ্ছি, আগামী দিনে সে কতটা সম্পদ হয়ে উঠত, আমরা জানি না। যুদ্ধের কারণে না হলেও গত বছরের জুলাইয়ে যেভাবে উত্তরার মাইলস্টোন কলেজে বিমান পতিত হয়ে ২৮ শিশুর প্রাণহানি ঘটেছিল, সেই বেদনা এখনও আমাদের তাড়িত করে। সেখানকার বেঁচে থাকা শিশুরা এখনও ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। আর যুদ্ধের ট্রমা কাটিয়ে উঠবে কীভাবে গাজা ও ইরানসহ অন্যান্য দেশের শিশুরা?

ইরানের রাষ্ট্রীয় টিভি দেখিয়েছে, মঙ্গলবার ইরানের মিনাব শহরে গণজানাজায় জড়ো হয়েছে মানুষ। হাজার হাজার নারী-পুরুষ জাতীয় পতাকা নিয়ে স্লোগান দিয়েছে– যুক্তরাষ্ট্র ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক, ইরান আত্মসমর্পণ করবে না। শোকাহত জনতা অনেকে স্কুলের শহীদ শিশুদের ছবি নিয়ে এসেছে। ইউনিফর্ম পরা ফুটফুটে সুন্দর মেয়েদের ছবি যে কাউকে আলোড়িত করবে। শিশুরা না হয় চলে গেল; তাদের মা-বাবা, প্রিয়জন কীভাবে সইবে স্বজনহারার বেদনা?

যুদ্ধ মানেই জীবনের ক্ষয়, মানবাধিকার লঙ্ঘন আর অশান্তি। কোথাও যুদ্ধ লাগলে সেখানকার নাজুক জনগোষ্ঠীই বেশি আক্রান্ত হয়। অথচ যুদ্ধের মধ্যেও নারী, শিশু এবং হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান সুরক্ষায় বিশেষ নির্দেশনা রয়েছে। ইসরায়েল গাজায় যে বর্বরতা চালিয়েছে, সেখানে মানবতার কোনো বিবেচনা দেখা যায়নি। সেখানকার হাজার হাজার শিশু যেভাবে চলে গেছে, যে ট্রমা এখনও বয়ে বেড়াচ্ছে, তাদের জন্য বিশ্বের জবাব আছে কি?

শিশু সুরক্ষায় জাতিসংঘ যেন অসহায়। অথচ শান্তি প্রতিষ্ঠার জন্যই সংস্থাটি প্রতিষ্ঠা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া জাতিসংঘ একচুলও এগোতে পারে না। অথচ যুক্তরাষ্ট্র নিজেই হন্তারক। গাজার শিশু-গণহত্যার বিচার হয়নি। ইরানের শিশুদেরও হত্যার কি বিচার হবে না?

মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com