কয়েক দিন পরই পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিঝু, বৈসুক, বিহু, সাংগ্রাই, সাংক্রান্ত উৎসব শুরু হতে যাচ্ছে। বর্ষবরণ ও বর্ষবিদায়ের উৎসব ঘিরেই পার্বত্য চট্টগ্রামের এ অনুষ্ঠান। প্রতিবছর ১২ থেকে ১৬ এপ্রিল এ উৎসব উদযাপিত হয়। তবে সেখানে এপ্রিলের ১ তারিখ থেকেই উৎসবের আমেজ বইতে শুরু করে। সম্প্রদায় হিসেবে তাদের উৎসবের নামও ভিন্ন। বিঝু উৎসব হলো পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সামাজিক উৎসব। বিঝুসহ পার্বত্য চট্টগ্রামের অন্যান্য উৎসব ঘিরে পাঁচ দিন ছুটি বিবেচনায় রাখা প্রয়োজন। এ সময়ে পাহাড়ের আদিবাসীরা নববর্ষকে স্বকীয় আচারে বরণ করে নেয়। তাদের উৎসবের মাঝে আচার, প্রথা, সংস্কার, ধর্ম, সাহিত্য, সংগীত সমগ্র জীবনের জাতীয় চেতনাবোধকে জাগ্রত করে তোলে।
এখানে একটি বিষয় বলে রাখা উচিত, বিগত অনেক সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের উৎসবগুলোকে ‘বৈসাবি’ নামকরণ করে বহুবছর উদযাপন করা হয়েছিল। চাকমাদের ‘বিঝু’, মারমাদের ‘সাংগ্রাই’ এবং ত্রিপুরাদের ‘বৈসুক’– এই তিন সম্প্রদায়ের উৎসবের সম্মিলিত আদ্যাক্ষর নিয়ে ‘বৈসাবি’ নামকরণ করা হয়েছে। কিন্তু পরে দেখা যায়, সম্প্রদায় অনুযায়ী যে ভিন্ন ভিন্ন নাম রয়েছে যেমন– বৈসুক-সাংগ্রাই-বিঝু-বিহু-সাংক্রান-বিষু ইত্যাদি; সেসব নাম বিলুপ্তির দিকে যাচ্ছে বিধায় এখন এই সম্মিলিত আদ্যাক্ষর ‘বৈসাবি’ শব্দটি আদিবাসীরা পরিহার করছে।
বিঝু– চাকমা সম্প্রদায় পুরোনো বাংলা বছরের শেষ দুই দিন এবং নতুন বাংলা নববর্ষের এক দিন এ উৎসব উদযাপন করে থাকে। প্রথম দিনকে ‘ফুল বিঝু’, দ্বিতীয় দিনকে ‘মূল বিঝু’ বলে থাকে। ‘মূল বিঝু’ মানে
হলো আসল বা মূল। তৃতীয় দিনকে ‘গোজ্যপোজ্য বিঝু’ বা ‘নুঅ বজর’ বলে থাকে। ‘নুঅ বজর’ মানে হলো নতুন বছর। মারমারা প্রথম দিনকে সাংগ্রাই, দ্বিতীয় দিনকে আক্যেই এবং তৃতীয় দিনকে আতাদা বলে। মারমাদের বিশেষ আকর্ষণ হলো জলকেলি উৎসব, যা একে অপরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশের প্রতীক। যে
কোনো তিন দিনের মধ্যে এক দিন জলকেলি উৎসব উদযাপন করে তারা। ত্রিপুরারা বৈসুক উৎসবের প্রথম দিনকে ‘হারিবুইসুক’, দ্বিতীয় দিনকে ‘বুইসুকমা’ এবং তৃতীয় দিনকে ‘বিসিকাতা’ নাম ধরে ডাকে। সরকার সাধারণত বৈসুক-সাংগ্রাই-বিঝু-বিহু-সাংক্রান-বিষু উপলক্ষে প্রতিবছর দুই দিন ঐচ্ছিক ছুটি ঘোষণা করে, যা পার্বত্য চট্টগ্রামের জনগণের জন্য প্রযোজ্য। তবে এ সময়ে সমতলে বিভিন্ন জায়গায় চাকরিতে কর্মরত পাহাড়ি আদিবাসীদের নিজ গ্রামের বাড়ি গিয়ে উৎসব উদযাপন করে ফিরে আসা সম্ভব নয়। বৈসুক-সাংগ্রাই-বিঝু-বিহু-সাংক্রান-বিষু উৎসব উপলক্ষে সরকারি সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি রয়েছে অনেক আগে থেকেই। এ জন্য অন্তত পাঁচ দিন এপ্রিল মাসের ১২-১৬ তারিখ পর্যন্ত সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হোক।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ভিন্নভাষী জাতিগুলোর প্রধান সামাজিক উৎসবের উদ্দেশ্য, চেতনা এক ও অভিন্ন। বর্ষবিদায় ও বরণের এ উৎসবে পরিবারের লোকজন একত্র হয় এবং সামাজিকভাবে এক হয়ে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে। উৎসবকে কেন্দ্র করে নানা ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান উদযাপন করা হয়। এরই অংশ হিসেবে প্রতিবছর ১২ থেকে ১৬ এপ্রিল (বর্ষপঞ্জিকা অনুসারে) পর্যন্ত এ উৎসব উদযাপিত হয়। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসী জাতিগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসুক, সাংগ্রাই, বিঝু, বিহু, সাংক্রান্ত, চৈত্রসংক্রান্তি আবহমান সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এ উৎসব পার্বত্যাঞ্চলের পাহাড়ি এবং সমতলের আদিবাসীদের কাছে জাতীয় ও সামাজিক ঐক্যের প্রতীক।
উজ্জ্বলেন্দু চাকমা: বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) কর্মরত; প্রতিষ্ঠাতা ও পরিচালক, তুরুক্কে লতা মেমোরিয়াল বই’য়ো বাআ (পাঠাগার), রাঙামাটি
