২০২৫ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ তার অভ্যুদয়ের ৫৪ বছর পূর্ণ করবে। দীর্ঘ এই সময়ের বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসকে আধুনিক উন্নয়ন অর্থনীতির একটি ক্ল্যাসিক প্যারাডক্সিক্যাল কেস স্টাডি বললে অতুক্তি হবে না। অর্থাৎ, আপাতদৃষ্টিতে অসম্ভব বা স্ববিরোধী; কিন্তু সত্য হতে পারে এমন অবস্থা। ১৯৭১ সালে বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম রাষ্ট্র হিসেবে যাত্রার শুরুতেই হেনরি কিসিঞ্জারের কুখ্যাত তলাবিহীন ঝুড়ি উপাধি পাওয়া দেশটি আজ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং এলডিসি গ্র্যাজুয়েশনের সকল শর্ত পূরণ করেছে। অন্তত একটি শিল্পে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আরও অনেক আর্থ-সামাজিক সূচকে নজরকারা নৈপুণ্য দেখিয়েছে।
এই যাত্রাপথে এ দেশের অর্থনীতি আর্থার লুইসের দ্বৈত-অর্থনীতি মডেল -এর একটি বাস্তব অভিব্যক্তি হয়ে উঠেছে, যেখানে কৃষি থেকে উদ্বৃত্ত শ্রম শিল্প ও সেবা খাতে স্থানান্তরিত হয়ে প্রবৃদ্ধির চাকা সচল করেছে। তবে এই রূপান্তরের গতি ও প্রকৃতি মূল্যায়ন করতে গেলে কার্ল মার্কস, সাইমন কুজ্নেৎস, রবার্ট সোলো, অমর্ত্য সেন, ডগলাস নর্থ, অ্যাঙ্গাস ডিটন, ড্যারেন অ্যাসম্বগলু, আর্থার পিগু, যোসেফ স্টিগল্টিজ-এর মতো প্রভাবশালী অর্থনীতিবিদের তত্ত্বের আলোকে গভীরভাবে বিশ্লেষণের প্রয়োজন। কারণ, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমণ্ডলে রাষ্ট্রীয় উন্নতির নানা সূচকে নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি বৈষম্য ও রাজনৈতিক অস্থিরতারও এক বিপজ্জনক উদাহরণ হিসেবে পরিচিতি পেয়েছে।
যেখানে শুধু আয় বৈষম্য নয়, সম্পদসহ বহুমাত্রিক বৈষম্যের অন্তর্গত অন্ধকার যত দিক আছে, তার সবই আছে। একইসঙ্গে এখানে সামরিক, আধা-সামরিক, ছদ্মসামরিক. তত্ত্বাবধায়ক, গণতান্ত্রিক, স্বৈরাচারীসহ এমনকি অন্তর্বর্তী শাসনব্যবস্থারও উপস্থিতি দেখা গেছে। সমাজ-অর্থনীতি ও রাষ্ট্রের এই গতিপথে এসব প্যারাডক্স কি ৫৪ বছরের আর্থিক নীতি ও কুশাসনের ফল, নাকি অন্য কিছু?
\r\nঅর্থনীতি বিজ্ঞান বা শাস্ত্রের কাঠামোগত বিন্যাস ও রূপান্তর এবং মানব উন্নয়ন, বৈষম্য ও রাজনৈতিক তত্ত্বের আলোকে বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, রাজনৈতিক অর্থনীতির অপব্যাখ্যা করে রাষ্ট্র সচেতনভাবে এমন অর্থনৈতিক পথে হেঁটেছে, যা উন্নয়নকে সামান্যদের দিকে কেন্দ্রীভূত করেছে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের সম্ভাবনাকে সীমাবদ্ধ করেছে, যা অর্থনীতি শাস্ত্রের প্রমাণিত তত্ত্বসমূহের আলোকে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক যাত্রা বিশ্লেষণ করলে বোঝা যায়। এসব বুঝতে হলে বার্ষিক বাজেট বা আর্থিক বিবরণীই সবচেয়ে নির্ভরযোগ্য এবং ধারাবাহিক নীতি-দর্পণ.।
কারণ, অর্থনীতি শাস্ত্রমতে বাজেট হলো রাষ্ট্রের নৈতিকতা, অগ্রাধিকার ও ক্ষমতার বণ্টনের ব্যারোমিটার , যার মাধ্যমে প্রতিটি বরাদ্দ ও করকাঠামো সরাসরি বলে দেয়, রাষ্ট্র কোনো শ্রেণিকে কতটা সুযোগ দিচ্ছে, কোন খাতকে ভবিষ্যতের প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে দেখছে, আর কোন অঞ্চল বা জনগোষ্ঠীকে প্রান্তিক রেখে দিচ্ছে। ৫৪ বছরের অর্থনীতি মূল্যায়নে বাজেট বিশ্লেষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে দীর্ঘমেয়াদে তিনটি কেন্দ্রীয় বিষয় পরিষ্কারভাবে ধরা যায়- প্রথমত, কাঠামোগত রূপান্তর: কৃষিনির্ভর অর্থনীতি থেকে শিল্প- সেবা খাতে অগ্রগতি হয়েছে কি না এবং তা কতটা সুসমন্বিতভাবে।
দ্বিতীয়ত, আয়ের উৎস ও ব্যয়ের অগ্রাধিকার: রাজস্ব কাঠামো কতটা সরাসরি করভিত্তিক নাকি পরোক্ষ করের বোঝা আরোপভিত্তিক, যা বৈষম্য সৃষ্টি-পুনঃসৃষ্টি এবং ব্যয় বিন্যাসে সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর মধ্যে ভারসাম্য ধ্বংস করে। তৃতীয়ত, বৈষম্য, দারিদ্র্য ও অঞ্চলগত ব্যবধান: বাজেটে কারা লাভবান ও কারা বাদ পড়ছে, সে তথ্যই রাষ্ট্রের উন্নয়ন চরিত্রকে সবচেয়ে স্পষ্ট করে। অর্থাৎ, বাজেট বিশ্লেষণ ছাড়া ৫৪ বছরের বাংলাদেশের অর্থনীতি আসলে অর্ধেকটাই অজানা থেকে যায়। রাষ্ট্রের নীতি-দর্শন, ক্ষমতা ও রাজনীতি এবং উন্নয়ন বাস্তবতার পূর্ণ বিবর্তনকে বুঝতে বাজেটই সবচেয়ে নির্ভুল ঐতিহাসিক নথি।
\r\nকাঠামোগত রূপান্তরের ব্যর্থতা- লুইস-সোলো-গারশেনক্রনের দৃষ্টিতে লুইস মডেল বলেছে, একটি কৃষিভিত্তিক অর্থনীতি তখনই রূপান্তরিত হয় যখন অতিরিক্ত শ্রম কৃষি থেকে শিল্পে স্থানান্তরিত হয়, উৎপাদনশীলতা বাড়ে এবং শিল্প খাত মূলধন সঞ্চয় করে নতুন কর্মসংস্থান তৈরি করে। সোলো মডেল এটিকে আরও গভীর করে বলে, মূলধন সঞ্চয়ের সীমা আছে, দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধির একমাত্র টেকসই চালিকাশক্তি প্রযুক্তিগত অগ্রগতি। আর গারশেনক্রনের তত্ত্ব বলে. দুর্বল প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও বিলম্বিত উন্নয়নের দেশগুলোকে রূপান্তরের জন্য প্রয়োজন রাষ্ট্রীয় নেতৃত্ব, বৃহৎ বিনিয়োগ এবং প্রযুক্তি আয়ত্ত করা। বাংলাদেশ ৫৪ বছরে এসবের কোনোটিই ধারাবাহিকভাবে করতে পারেনি।
শিল্পায়ন হয়েছে, কিন্তু তা শ্রম স্থানান্তরভিত্তিক লুইসীয় রূপান্তরের মাধ্যমে নয়, বরং সস্তা শ্রম ও শোষণের ওপর ভিত্তি করে পোশাকখাতনির্ভর একমুখী প্রবৃদ্ধির ওপর দাঁড়িয়ে। প্রযুক্তিচালিত আধুনিক শিল্পের প্রসার সীমিত, কৃষি উৎপাদনশীলতার রূপান্তর অসম্পূর্ণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারও প্রায় শূন্য। রাষ্ট্রীয় নীতির কাঠামো ছিল গারশেনক্রনের বিপরীত, যেখানে রাষ্ট্র নেতৃত্ব দেয় শ্রম-প্রযুক্তি-মূলধন-বিনিয়োগের সমন্বিত রূপান্তরে, সেখানে বাংলাদেশ রাষ্ট্র বেছে নিয়েছে কালোটাকা বৈধকরণ, স্বজনপ্রীতি, করফাঁকি দেওয়া ব্যক্তিদের সুরক্ষা এবং বড় ব্যবসায়ী ও অবৈধ অর্থে ধনী হওয়াদের অনুকূল বাজেট নীতিমালা। এখানে আধুনিক শিল্পায়নের জন্য প্রয়োজনীয় মূলধনের সঞ্চয়ন হয়নি; হয়েছে কেবল সম্পদ ওপরের দিকে কেন্দ্রীভূত হওয়ার প্রক্রিয়া। ফলে দেশের সম্পদ বৈষম্য ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। তাই সুবিধাবাদীদের হিসেবে গিনি সহগ ০.৪৯, যা প্রকৃত অর্থে ০.৮৪। গবেষণা বলছে, শীর্ষ ১০ শতাংশ জনগোষ্ঠী মোট আয়ের ৪১ শতাংশ ভোগ করে, যেখানে নিম্ন ১০ শতাংশ পায় মাত্র ১.৩ শতাংশ। এই চিত্র লুইসীয় রূপান্তরের বিপরীত পথ নির্দেশ করে, যেখানে শিল্প খাত অধিকাংশ কর্মীকে পেছনে ফেলে অল্পসংখ্যক ব্যবসায়ীদের মুনাফায় পরিণত হয়েছে। এ জন্যই গত একদশকে শিল্প খাতে গড় উৎপাদন বৃদ্ধি প্রায় ১০ শতাংশ হলেও একই সময়ে মোট কর্মসংস্থান কমেছে ১৪ লাখ, যা প্রবৃদ্ধির শ্রমের পরিবর্তে পুঁজিনির্ভরতার স্পষ্ট প্রমাণ দিচ্ছে।
