(গত শুক্রবারের পর)
তবে মা দেখাল কুসুম ফুলের গাছ। অসাধারণ লালচে-বাদামি রঙের গাছের পাতা। দেখে মনটা ভালো হয়ে গেল। মনে হলো এখনো শুধু প্রকৃতিই আমাদের শান্তি দিতে পারে! যদিও বাড়ি ফিরে মা আমাকে বলল, ‘সুজি খা।’ আজ বাসায় আবার অনেক গণ্যমান্য অতিথি আসবেন। কিন্তু দুটো তোষক বান্ডিল করে বসবার ঘরের সোফার ওপর রাখা আছে। ওদের এখন সরানো যাবে না। আমি তো খুবই অস্থির হয়ে গেছি এই দৃশ্য দেখে। টোড়ি মাসি মাটিতে সামান্য ধুলো দেখলে বাড়ি মাথায় তোলে, কিন্তু এখন এই তোষক পরিস্থিতিতে কিছু উচ্চবাচ্চ্য করছে না। বিষয়টা ঠিক কী হচ্ছে আমি তা বুঝতে পারছি না। এই তোষকদ্বয়ের জীবনের ইতিহাসও করুণ। প্রথমে তারা একটা কুইন সাইজের বিছানার ছিল। তারপর যখন আমি এলাম, তখন বিছানাটা দুই ভাগ করা হলো। একটাতে আমি, অন্যটায় টোড়ি মাসি। তোষক বিছানা অনুযায়ী ছোট করা হলো।
কিন্তু দেখা গেল বিছানাগুলো বেঞ্চি সাইজের হয়ে গেছে। দুজনেরই পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। ফলে বিছানাগুলো মিস্ত্রি ডেকে বড় করা হলো। আবার তোষকের সাইজ বদল হলো। এখন বিছানা আবার কুইন সাইজ করা হবে। এবং তোষকও আবার কুইন সাইজ হবে। আশা করি এর পরও আমাদের বাসার কাউকে কেউ ‘অস্থির চিত্ত’ বলবে না। তবে সুখবর। কামাল ভাই আমার হতাশ দীর্ঘশ্বাসে সহানুভূতি দেখিয়ে তোষকগুলো গাড়িতে নিয়ে গিয়ে রেখেছেন। মা যদিও বলছে, ওদের গাড়িতে নিয়ে যাওয়া ঠিক হয়নি। ওদের আবার টেনে দশ তলার উপরে তুলতে হবে। দশ তলার কথায় মনে হলো একটু লিফটের কথা বলি। মা লিফটের সামনে এসেই লিফটের দরজা মা’র লাঠি দিয়ে আটকে ধরে-আমাদের সকলের সেফটির জন্য। আমি বলি, এভাবেই বরং অ্যাক্সিডেন্ট ঘটবে।
মা বলে, ‘বেশি কথা বলিস না, চ্যাপ্টা হয়ে যাবি।’ এদিকে আমি আটাশ বছর ধরে লিফটে উঠছি, একবারও চ্যাপ্টা হইনি। অবশ্য, এখন তোষকের সাইজ নেওয়া যাচ্ছে না, কারণ টোড়ি মাসি গভীর ঘুমে। আমিও গিয়ে ভদ্র লোকের মতো টোড়ি মাসির ঘরের দরজা বন্ধ করে আসলাম, যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে। অথচ, আমি যখন ঘুমাই, তখন আমার চারপাশ ঘিরে সবাই নাচ-গান শুরু করে। আমার এই উদাহরণ থেকে বাড়ির লোকেরা যদি একটু শিক্ষা পায়। প্রেমের দিন আজ। মানে ‘ভ্যালেন্টাইনস ডে’। আমেরিকায় থাকতে এই দিনে এলা, খেলা আর ক্রোকাসকে নিয়ে অনেক আনন্দ করতাম আমরা। দোকান থেকে কাপকেক কিনতাম, যার উপরে এডিবল অর্কিড। খেলার ছিল সিজারিয়ান সেকশন। এলার জন্মের সময় খুব দুঃসহ যন্ত্রণা হয়েছিল বলে ডাক্তার রাজি হননি খেলার নরমাল ডেলিভারি করতে।
তবে আমি ইচ্ছা করলে ১৪ ফেব্রুয়ারির কাছাকাছি দিন সিলেক্ট করতে পারি। আমি ভাবলাম ১৪ ফেব্রুয়ারি দিন ঠিক করলে মেয়ে আমার ন্যাকা ন্যাকা হবে। ন্যাকা ন্যাকা মেয়ে আমার একদম অপছন্দ। ১৫ ফেব্রুয়ারি খেলার জন্মদিন। এ বছরই প্রথম ওর জন্মদিনে আমি কাছে নেই। ‘আকাশে বেদনার, সেতারে সন্ধ্যার, গোধূলি ঝঙ্কারে তোমারই গান ধরি শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে গেলে নিঝুম চরাচরে তোমায় খুঁজে মরি।’ তবে সুখবর হলো বসন্ত উৎসবের জন্য আজ ভোর বকুল তলায় গিয়েছিলাম। কী ভালো যে লাগছিল। রমনার চিত্র আজকে একেবারেই অন্যরকম। দেখলাম চারপাশে আছে অনেক লম্বা-চুল-খোলা মেয়ে। ফুলের মালা পরেছে, মাথায় ফুল গুঁজেছে যা তাদের খুব মানিয়েছে। হলুদ, কমলা, লাল রঙের শাড়ি পরে বাঙালি মেয়েরা লাল, হলুদ, কমলা রঙের প্রজাপতির মতো উড়ছে।
কিন্তু অনুষ্ঠানের মাঝামাঝি আমি অসুস্থ হয়ে গেলাম। তখন সকলকে বাধ্য হয়ে বাড়ি চলে আসতে হলো। আজ ভাবলাম অবশেষে আমি হয়তো আমাদের পরিবারের জুয়া খেলা পরিস্থিতিতে জিতেছি। ডাইনিং রুমে যে তরকারি রাখা আছে তার ঢাকনা আনতে চলেছি। রান্নাঘর থেকে ঢাকনা নিয়ে প্রায় ডাইনিং টেবিলের কাছে পৌঁছেছি, তখন মা বলল, ‘তরকারির ঢাকনা নিয়ে আয়।’ আমি সঙ্গে সঙ্গে ম্যাজিশিয়ান হুডিনির মতো ঢাকনা বের করে তরকারির ওপর দিয়ে দিলাম। মা তো হতভম্ব। তবে গোপনে বলে রাখি, এ কাজের জন্য আমি কোনো হাততালি পাইনি। এগুলো নাকি সংসারের স্বাভাবিক কাজ। তবে সকলের মাথায় আবার আকাশ ভেঙে পড়েছে। আমাদের শেফালি রক্তের বন্যা বইয়ে নিজের দুটো আঙুল কাঁচ দিয়ে কেটে ফেলেছে! টিটেনাস ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ও তিনদিন জল ছুঁতে পারবে না।
আশা করি শেফালি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন আমরা তিনজন ডানাহীন মানুষ কঠিন কষ্টের মধ্যে আছি। আসলে আমাদের কষ্টটা মনে হয় শেফালির রক্তঝরা আঙুলের থেকেও বেশি। আমরা তিনজন বাসন মাজছি আর খাওয়ার টেবিলে বেশি আইটেম দেখলে ভয় পাচ্ছি। সে বাসনগুলোও তো ধুতে হবে, অকর্মার ঢেঁকিদের। তবে একটা ভালো নিয়ম হয়েছে। যে শেষে খেয়ে উঠবে, তাকে খাওয়ার টেবিলের তরকারিগুলোর আর ভাতের বাসন ধুতে হবে। ফলে আমি তাড়াহুড়া করে নাকেমুখে গুঁজে সকলের আগে খেয়ে উঠছি। ফাঁকিবাজ আর কাকে বলে! আবার কাল রাতে বিয়ের নিমন্ত্রণ ছিল। মেনুতে ছিল শিক কাবাব, কাচ্চি বিরিয়ানি, বোরহানি, সালাদ। মনে হয় আমেরিকা থেকে বিয়ের সিজনে এসে পড়েছি। প্রায় প্রতিদিনই বিয়ের নিমন্ত্রণ। খুব ভালো লাগছে। তবে আমি যে বিয়ে বাড়ির মেনু দিয়েছি, তাতে ভুল ছিল। মা এসে জানাল।
এদিকে আমি তো ভেবেছিলাম মা আমার প্যানপ্যানানি পড়ে না। আবার ঠিক করে লিখছি। মেনু ছিল: চিকেন শাসলিক, শিক কাবাব, কাচ্চি বিরিয়ানি, ডিমের কোর্মা, বোরহানি, সালাদ। আবার লিখতে গিয়ে জিভে জল এলো। তবে মা জানাল এবারও নাকি আমি ভুল করেছি। রোস্টআর আলু বোখারার চাটনি বাদ পড়েছে। খুব সুন্দর করে বউকে সাজানো হয়েছে। ফুলে ফুলে সাজানো হয়েছে চারপাশ। পারিবারিক বন্ধু প্রশান্ত মামার ছোট ছেলের বিয়ে ছিল এটা। শেফালি তার কাটাহাত নিয়েই জল না লাগিয়ে যতটুকু করা যায় করছে। কিন্তু মড়ার উপর খাড়ার ঘা! আমাদের আর এক সৈনিক কামাল ভাই খুব অসুস্থ। তার বুকে খুব ব্যথা। তাই নিয়ে তিনি হাসপাতালে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এদিকে আমার সৌন্দর্য চর্চার জন্য মা এগিয়ে দিয়েছে অলিভ অয়েল। টোড়ি মাসি বলছে, তোর ফেসক্রিম নেই?
ফলে, সে বান্দাকেও টেনে বের করতে হলো। এখন টোড়ি মাসি মনে হয় মেঝের খুঁত দেখা বন্ধ করে আমার চামড়া নিয়ে পড়েছে। শেফালিও ছাড়া পায়নি। ওকে টোড়ি মাসি নাকি অনেক ক্রিম কিনে দিয়েছে। সেগুলো কেন ওর মুখে মাখা হচ্ছে না? ভেসেলিন মাখবার কথা ছিল ঠোঁটে। শেফালির এবং আমার। কেন তা করা হয়নি? ভীষণ বিপদের মধ্যে পড়েছি। সৌন্দর্য চর্চা করব, নাকি মেঝে মুছব, নাকি প্লেট ধোব কিছুই বুঝে উঠতে পারছি না। একেই বুঝি বলে টালমাটাল অবস্থা। আমি কখনোই লিপস্টিক মাখিনি। কিন্তু টোড়ি মাসির পরিচালনায় এখন ঠোঁটে লিপস্টিক মেখে বসে আছি। সেই সঙ্গে অলিভ অয়েল, মুখে পাফ। খোদাই মালুম কীভাবে এবং কোথায় এই সৌন্দর্য চর্চা শেষ হবে। আপাতত আমাকে ক্লিওপেট্রার মতো দেখাচ্ছে।
অপেক্ষা করছি, কখন জল দিয়ে কয়েকবার মুখ ধুলে এইসব রংধনুর সাত রং আমার মুখ থেকে ধুয়ে যাবে। আজ সকালে ব্রেকফাস্টের টেবিলে ফলের বাটিতে দেখি অন্যান্য ফলের সঙ্গে টোপা কুল। প্রায় আটাশ বছর পর এদের সাক্ষাৎ মিলল। সে কুলে আবার দেখছি স্লিটকাটা। যেন কামড়াতে সুবিধা হয়। প্যাম্পার করবার একটা সীমা সংখ্যা আছে। আমেরিকায় স্লিটকাটবার কেউ ছিল না আমার। নিজেই স্লেট হয়ে উল্টে পড়েছিলাম। এত আহ্লাদে নিজেকে আমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভ বলে মনে হচ্ছে। টোড়ি মাসিরা দুধ, কলা দিয়ে যে গোখরো সাপ পুষছে তা বুঝতে পারছে না।
ওদের মনে করিয়ে দেব নাকি- ‘বণিকের মানদ-, দেখা দিল রাজদ-রূপে, পোহাইলে শর্বরী’ এ চিন্তায় আনন্দে আত্মহারা হয়ে আমি টোড়ি মাসির শাসন আমলের হাওয়াই চপ্পল মেঝের উপর রাখলাম নাকি জুতা রাখার র্যা কে রাখলাম, সে অপমান ভুলে যাওয়ার চেষ্টায় মগ্ন হয়ে উঠলাম। একটু আগে শেফালির মনের অবস্থা কেমন তা ব্যারোমিটারে মাপতে গিয়েছিলাম। ও সোজাসুজি জানিয়ে দিল, ‘মেঝে থাইক্যা সইর্যাগ যান। ঝাঁট দিমু।’ একেই বুঝি বলে ওয়ার্কহলিক। এদিকে কামাল ভাই এখনো হাসপাতালে। হার্টের সমস্যা। তবে কামাল ভাই অন্য একজন ড্রাইভার পাঠিয়েছেন। টোড়ি মাসি তাকে আর কামাল ভাইয়ের অনেক আগের একজন ড্রাইভার সোলেয়মান ভাইকে নিয়ে টেস্ট রানে গেছে। আমি আর মা সে সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছি। ফলে আজ রমনা যাওয়া বন্ধ। টেস্ট রান সফল হলে আবার আমরা গাড়িতে উঠবার সুযোগ পাব।
আপাতত বারান্দায় বসে, আশেপাশের বাড়ি দেখতে দেখতে এক্সারসাইজ করবার সাইকেল চালাচ্ছি মা আর আমি। হাসপাতালে কামাল ভাইকে দিনে দুটো করে ইঞ্জেকশন দিতে হচ্ছে। তবে কামাল ভাই যে ড্রাইভার পাঠিয়েছেন, সে টেস্ট রানে যথারীতি ফেল করেছে। টোড়ি মাসি বলেছে এত নার্ভাস ড্রাইভার দিয়ে কাজ হবে না। ফলে আমরা এখনো গৃহবন্দি। শেফালির সঙ্গে আজ যখন সুখ-দুঃখের আলাপ করছিলাম তখন শেফালি জানাল যে ও যখন টোড়ি মাসির বাড়িতে কাজ নিয়ে আসে তখন ওর হাত পা কাঁপত ভয়ে। অথচ ও এর আগে বাসা-বাড়ির কাজ করেছে। আমি আর ওকে বললাম না যে ওর হাত পা কাঁপত মহান টোড়ি মাসি ওর মনিব বলে। আজ শেফালি আমাকে বলে যে, ‘কোরবানি কী জানেন? আপনি এত কথা বলেন! রান্নায় অনেক অসুবিধা হয়। ঠিকমতো রান্না না হইলে ম্যাডাম আমাকে কোরবানি দিয়া দিব।’ টোড়ি মাসিকে ম্যাডাম ডাকে শেফালি।
অবশ্য শেফালি তখন লাউ ঘন্ট রান্না করছিল। বিরিয়ানি নয়। আর ড্রাইভার বিষয়ে দার্শনিক শেফালি জানাল যে ওর যেমন হাত পা কাঁপত, তেমনই ড্রাইভারও নার্ভাস হইয়া গ্যাছে। নার্ভাস শব্দটা শেফালি খুব ভালোই জানে। শেফালি আরও জানাল যে কয়দিন পর ওর প্র্যাকটিস হইয়্যা যাইব আমার মতো। প্র্যাকটিস শব্দটাও শেফালি দারুণ জানে। ও আরও বলল যে এমনি এমনি তো আর ড্রাইভার হয় নাই! এখন শুনতে পাচ্ছি রান্নাঘর থেকে টোড়ি মাসির গলা ভেসে আসছে। ‘শেফালি, নিরামিষটা একটু ঘি দিয়ে নামিও।’ ‘ঘি’ ধরনের কথা আমার দারুণ পছন্দ। কয়েকদিন পর কামালভাই ফিরে আসলেন। তবে খুবই ম্রিয়মাণ হয়ে গেছেন। দারুণ ভয় পেয়েছেন। এসেই টোড়ি মাসি আর মা’কে প্রণাম করলেন। মৃত্যুভয় এক ভয়ানক জিনিস। ওনার হার্টে সমস্যা। তবে ভালো খবর হলো যে কামাল ভাইয়ের ছোট ছেলে সমাজের নেতা গোছের। ফলে কামাল ভাই সুচিকিৎসা পেয়েছেন। আজ শেফালি যখন ঘর মুছছিল, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, ‘তুমি লিখতে পড়তে পারো?’ ওর সত্য ভাষণÑ‘না’। এত বুদ্ধি ধরে শেফালি যে আমার প্রায়ই মনে হয়, ‘জীবনের কী অপচয়! কীভাবে একটা অক্ষরও লিখতে বা পড়তে পারে না ও!’ শেফালিকে বহুবার বলেছি, ‘চল, তোমাকে ‘অ’ ‘আ’ ‘ক’ ‘খ’ শেখাই।’ সে কথা শুনে শেফালির চোখ কোনোদিনই কোনোরকম ঝিলমিল করে ওঠে নি! বারবারই বলেছে, ‘আপনারা শিকখিত মানুষ। এইসব আপনাদের কাম। আমার না।’ এর আগে শেফালি গুলশানে একটা বাড়িতে কাজ করত। ওর মালকিন ওকে অন্তত নিজের নামটা লিখতে শিখিয়েছিলেন। ‘শেফালি রানী সরকার। আমার নামে নয়টা অক্ষর!’ (ধারাবাহিক)
লেখক : সাহিত্যিক, সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট (যুক্তরাষ্ট্র)
