বাজারে ঢুকলেই প্রথম যে জিনিসটি আমাদের চোখে পড়ে, তা হলো সারি সারি সাজানো রঙিন ফল। লাল টকটকে আপেল, আকর্ষণীয় হলুদ কমলা, চকচকে আঙুর কিংবা সোনালি কলা সবকিছুই যেন অতিরিক্ত সুন্দর, অতিরিক্ত সতেজ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ংকর এক বাস্তবতা- ফল সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক নামের অদৃশ্য বিষ। ভোক্তারা জানেন না তারা যে ফল মুখে দিচ্ছেন তা কতটা নিরাপদ। বাংলাদেশের বাজার ব্যবস্থায় এই ভয়াবহ সমস্যাটি আজ এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে স্বাস্থ্যঝুঁকি সামাজিক ও নৈতিক সংকটে রূপ নিচ্ছে।\r\nফরমালিন, কার্বাইড মূলত ফরমালডিহাইড নামক রাসায়নিকের জলীয় দ্রবণ, যা মৃতদেহ সংরক্ষণ থেকে শুরু করে বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। ফল বা খাদ্য সংরক্ষণে এর ব্যবহার আইনত দণ্ডনীয়।

কিন্তু ব্যবসায়িক লাভ, দীর্ঘদিন সংরক্ষণের সুবিধা এবং সচেতনতার অভাব- এই তিনের সমন্বয়ে ফরমালিন একটি ওপেন সিক্রেট পদ্ধতিতে পরিণত হয়েছে। আম, লিচু, আপেল, আঙুর, নাশপাতি বেশিরভাগ মৌসুমি ও আমদানিকৃত ফলেই ফরমালিন, কার্বাইড ব্যবহারের অভিযোগ বহু বছর আগে থেকেই রয়েছে।\r\nব্যবসায়ীরা সাধারণত দুইভাবে এর রাসায়নিক ব্যবহার করেন- এক, সরাসরি ফল ধুয়ে; দুই, ফলভর্তি বাক্স বা প্যাকেটে স্প্রে করে। এতে ফল নষ্ট হয় না, পচন ধরতে সময় লাগে অনেক বেশি। দূর-দূরান্ত থেকে আমদানির ক্ষেত্রে বা দীর্ঘ পরিবহনে ফল সতেজ রাখার অজুহাতে অনেকেই এই পদ্ধতি ব্যবহার করেন।

ফলে বাজারে আমরা যে চকচকে, অতিরিক্ত সতেজ ফল দেখি, তার প্রতি আকর্ষণ যেমন বাড়ে, তেমনি সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকিও কয়েকগুণ বৃদ্ধি পায়।\r\nফরমালিনদুষ্ট ফলের ক্ষতিকর প্রভাব সম্পর্কে চিকিৎসকরা বহুদিন ধরে সতর্ক করে আসছেন। ফরমালডিহাইড মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে পরিচিত। এটি শ্বাসযন্ত্র, পরিপাকতন্ত্র ও ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। ফলে অল্পমাত্রার বিষও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। নিয়মিত ফরমালিন গ্রহণ দীর্ঘমেয়াদে লিভার, কিডনি, পাকস্থলী ও খাদ্যনালীতে মারাত্মক শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে।

যে খাবার আমাদের সুস্থতা নিশ্চিত করার কথা, সেই খাবারই ধীরে ধীরে মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে, এটি নিঃসন্দেহে ভয়াবহ।\r\nএই সমস্যার আরেকটি বড় দিক হলো, ভোক্তাদের অসচেতনতা ও সীমাহীন নির্ভরতা। অধিকাংশ মানুষই জানেন না কোন ফল দেখতে কেমন হলে তা নিরাপদ, কোন গন্ধ বা চেহারায় সন্দেহ করা উচিত, কিংবা কীভাবে ফরমালিন শনাক্ত করা যায়। বর্তমানে ফরমালিন শনাক্তকরণ কিট সহজলভ্য হলেও এর ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুবই সীমিত। ফল ধোয়া ও লবণ-গরম পানিতে ভিজিয়ে রাখা কিছুটা উপকারী হলেও তা নিশ্চিত নিরাপত্তা দেয় না।\r\nসরকারি পর্যায়ে গত কয়েক বছরে ফরমালিন নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে মোবাইল কোর্ট, বাজার মনিটরিং, বিশেষ অভিযানে ফল পরীক্ষা, এমনকি ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৫ প্রণয়ন।

কিন্তু বাস্তব সমস্যা হলো, এই অভিযান সাধারণত মৌসুমি হয়, অব্যাহত নয়। এছাড়া শহরের বড় বাজারগুলোয় কিছুটা নজরদারি থাকলেও ছোট বাজার, উপশহর এবং গ্রামের বাজারগুলোতে পরিস্থিতি এখনো অনিয়ন্ত্রিত। ব্যবসায়ীদের একটি অংশ জানেন যে ধরা পড়ার সম্ভাবনা কম। ফলে ঝুঁকি নেওয়ার প্রবণতা বেড়েই চলেছে।\r\nএক্ষেত্রে শুধু আইন প্রয়োগ নয়, প্রযুক্তিগত সমাধানও জরুরি। বিশ্বের অনেক দেশে ফল সংরক্ষণে কোল্ড চেইন সিস্টেম ব্যবহৃত হয়, যেখানে ফল উৎপাদন থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াই নিয়ন্ত্রিত পরিবেশে সম্পন্ন হয়। এতে ফল নষ্টের হার কমে এবং রাসায়নিক ব্যবহারের প্রয়োজন পড়ে না। কিন্তু বাংলাদেশে কোল্ড স্টোরেজ সুবিধা অত্যন্ত সীমিত এবং ব্যয়বহুল হওয়ায় ব্যবসায়ীরা সহজ পথ কার্বাইড ফরমালিনের ওপর নির্ভর করেন।

দেশের কৃষি ও বাণিজ্যে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হলে কোল্ড চেইনে বিনিয়োগ বাড়াতে হবে। অন্যদিকে সচেতন ভোক্তা আন্দোলনও জরুরি। ভোক্তারা যদি নিরাপদ ফলের জন্য দাবিদার হন, ফরমালিনমুক্ত ফলের বাজার তৈরি হয়, আর ব্যবসায়ীরা যদি বুঝতে পারেন মানুষ বিষমুক্ত ফলের জন্য অতিরিক্ত মূল্য দিতেও প্রস্তুত তাহলে এই দুষ্টচক্র ভাঙা সম্ভব। ইতোমধ্যে কিছু দোকান ও সুপারশপ ফরমালিন-মুক্ত ফল বিক্রির উদ্যোগ নিয়েছে, যা উৎসাহব্যঞ্জক। তবে বড় পরিসরে সফল হতে হলে এই উদ্যোগকে গ্রাম-শহর-বাজার সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।\r\nসচেতনতার সবচেয়ে বড় মাধ্যম হতে পারে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া। ফলের সৌন্দর্যের আড়ালে লুকানো বিপদ নিয়ে ধারাবাহিক প্রচারণা মানুষকে ভাবতে শেখায়। অনেক সময় আতঙ্ক নয়, বরং তথ্যই মানুষকে সঠিক পথে নিয়ে যায়।

ফলে সাংবাদিকতা, ব্লগিং, রিলস, ফেসবুক পোস্ট সবখানেই নিরাপদ খাবারের বিষয়টি গুরুত্ব পেলে পরিবর্তন আসবে দ্রুত।\r\nএবার প্রশ্ন, ভোক্তা হিসেবে আমরা কী করব? প্রথমত, অস্বাভাবিকভাবে চকচকে, অতিরিক্ত শক্ত বা টকটকে রঙের ফল এড়িয়ে চলা উচিত। দ্বিতীয়ত, মৌসুমে স্থানীয় ফলকে অগ্রাধিকার দিতে হবে। কারণ এগুলো কম সংরক্ষণের প্রয়োজন হয়। তৃতীয়ত, ফল খাওয়ার আগে ভালোভাবে পানি দিয়ে ধোয়া, কিছুক্ষণ ভিজিয়ে রাখা এবং সম্ভব হলে খোসা ছাড়িয়ে খাওয়া উচিত। চতুর্থত, নির্ভরযোগ্য উৎস বা ফরমালিন-মুক্ত লেবেলযুক্ত দোকান থেকে ফল কেনার অভ্যাস গড়ে তুলতে হবে।\r\nসবশেষে বলা যায়, ফরমালিন, কার্বাইড শুধু রাসায়নিক সমস্যা নয়; এটি একটি সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক সংকট। ব্যবসায়ীর লোভ, রাষ্ট্রের সীমিত নজরদারি, এবং ভোক্তার অসচেতনতা- এই তিন মিশ্রণে আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে। বাজারের রঙিন ফল আমাদের চোখকে আনন্দ দেয়, কিন্তু ভিতরে ঢুকিয়ে দেয় শরীরের ক্ষয়। তাই এখনই সময় এই অদৃশ্য হুমকির বিরুদ্ধে সর্বস্তরের মানুষের একসঙ্গে এগিয়ে আসার। সুস্থ সমাজ গড়তে নিরাপদ খাদ্য অপরিহার্য। আর নিরাপদ খাদ্যের প্রথম ধাপ বিষমুক্ত ফল নিশ্চিত করা।\r\nলেখক : শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা