দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল ও সম্ভাবনাময় দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। অর্থনীতিবিদদের মতে, প্রতিটি দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি সেই দেশের যুবসমাজ। যুবসমাাজের মেধা, সৃজনশীলতা, প্রতিভা ও উদ্যোগ একটি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের জাতীয় উন্নয়নের ক্ষেত্রেও যুব সম্প্রদায়ের ভূমিকা অপরিসীম। পক্ষান্তরে যুব সম্প্রদায়কে সঠিকভাবে পরিচালিত করতে না পারলে দেশের জন্য যথাশীঘ্রই অভিশাপ বয়ে আনবে। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে দেশের মোট জনসংখ্যার সর্বাপেক্ষা সৃজনশীল ও উদ্যমী অংশ যুবদের অংশগ্রহণের কোনো বিকল্প নেই। এজন্য যুবদের শিক্ষা, প্রশিক্ষণ এবং মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ অবারিত করা এখন সময়ের দাবি।
\r\nবিশ্বজুড়ে তরুণদের মেধা, শ্রম এবং প্রচেষ্টাকে উৎসাহিত করা এবং তাদের উন্নয়ন কর্মকাণ্ডে অভিগম্যতার সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক গতিশীলতা, সামাজিক সংহতি, সুবিচার ও সহনশীলতা বৃদ্ধিসহ সামগ্রিক উন্নয়নে উৎসাহিত করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও তারুণ্যের বিকাশ ও উন্নয়নের নেপথ্যে বাংলাদেশ সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থাসমূহ কাজ করে যাচ্ছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তার মধ্যে অন্যতম। প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ের এই যুবশক্তিকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে এদেশের জাতীয় উন্নয়নে আমূল পরিবর্তন আসবে বলে ধারণা করা যায়। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ যুব শ্রেণি।
অর্থাৎ, ১৮ থেকে ৩৫ বছর বয়সী মোট ৫ কোটি ৩০ লাখ যুবককে যদি দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করা যায়, তাহলে একদিকে যেমন বেকার সমস্যা দূর হবে, একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে দেশ অনেকাংশেই এগিয়ে যাবে! \r\nযেহেতু ওয়ার্ল্ড ভিশন শিশুর সার্বিক কল্যাণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ, তাই শিশু-কিশোর ও যৌবনে পদার্পন করেছে এমন ছেলে-মেয়েদের সত্যিকারের যুব শক্তিকে দক্ষ কর্ম শক্তি ও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। শিশু ও যুব শ্রেণির গুরুত্বপূর্ণ সময় ও প্রয়োজনীয় পদক্ষেপসমূহকে সার্থক করার বিশেষ লক্ষ্য নিয়ে আমার জীবন, আমার স্বপ্ন নামক একটি বই প্রতিটি শিশু ও যুবককে প্রদান করা হয়। যার মাধ্যমে শিশুরা তাঁদের ঐকান্তিক স্বপ্নগুলোকে চিহ্নিত করতে শেখে।
একই সঙ্গে স্বপ্ন বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন ও কাজের মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে যাবে। এটি একটি বিশেষ কৌশল-নির্দেশনা পত্রও বটে। যুবদের জীবনের লক্ষ্য ও স্বপ্ন নির্ধারণের মাধ্যমে তাদের সুনাগরিক হতে সহায়তা করা ছাড়াও যুব শক্তিকে দেশের ও দশের কল্যাণে অবদান রাখার একটি ব্যতিক্রমী প্রয়াস হিসেবে এই বইটি কমিউনিটি পর্যায়ে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। \r\n১২ থেকে ২৪ বছর পর্যন্ত শিশু ও যুবরা আমার জীবন: আমার স্বপ্ন বিষয়ক বইটি প্রাথমিকভাবে কর্ম এলাকায় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে অনেকেই এই বইয়ের দিক-নির্দেশনাসমূহ পালন করার জন্য মুখিয়ে আছে। জীবনকে সূচারুরূপে গড়ে তুলতে সর্বমোট চারটি সেকশন সন্নিবেশিত রয়েছে।
আমার পরিচয় , আমার শিশুকাল , আমার স্কুল জীবন , আমার জীবনের স্বপ্ন - যার মাধ্যমে প্রতিটি শিশু ও যুবক যে সমস্ত স্বপ্ন নির্ধারণ করছে, সেগুলো পূরণে নিজেরা ও যৌথভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। \r\nশিক্ষা-স্বাস্থ্য-অর্থনীতি-সুশাসন-শান্তি-প্রগতিশীলতা-সামাজিক ন্যায়বিচার, শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন, এমনকি দেশীয় সংস্কৃতির ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এদেশের যুবশ্রেণিরা অক্লান্ত পরিশ্রম করে চলেছে। সরকারের পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এ ব্যাপারে যুগোপযোগী পদক্ষেপ হাতে নিয়েছে। বিগত পাঁচ বছর যাবত প্রায় দেড় লাখ যুব ও শিশু সম্প্রদায়কে আমার জীবন : আমার স্বপ্ন বিষয়ক একটি বিশেষ পদক্ষেপের মাধ্যমে ১২ থেকে ২৪ বছর বয়সী শিশু-তরুণ/তরুণীকে নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে।
যাতে তাঁরা ভবিষ্যতে নিজেদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। প্রতিটি ক্ষেত্রেই তাঁদের সক্রিয় অংশগ্রহণ জানান দেয়, সমাজ পরিবর্তনের ক্ষেত্রেও তাঁদের ভূমিকা অপরিসীম। \r\nজাতিসংঘের তথ্যমতে, বর্তমানে পৃথিবীতে ১০-২৪ বছর বয়সী প্রায় ২০০ কোটি তরুণ ও যুবক রয়েছে, যা মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ। বাংলাদেশের জাতীয় যুবনীতি অনুসারে ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের যুব বলে চিহ্নিত করা হয়েছে। সেই হিসেবে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই যুব জনতা অর্থাৎ প্রায় ছয় কোটি যুব শ্রেণির বসবাস এদেশে। যারা কিনা এ সমাজকে নতুন করে বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে। এমতাবস্থায় একদিকে যেমন যুব সমাজের সোচ্চার ভূমিকা জরুরি, অন্যদিকে তাঁদের সার্বিক উন্নয়নে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে।
তরুণ তথা যুবক শ্রেণির বেড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশের কোনো বিকল্প নেই। প্রতিটি ক্ষেত্রে তাঁদের সুরক্ষা প্রদান তথা সামাজিক-সাংস্কৃতিক অধিকার পূরণ করতে হবে। তাঁদের আত্মমর্যাদাকে সমুন্নত রাখার জন্য প্রতিটি কাজের যথাযথ মূল্যায়ন করা খুব প্রয়োজন। প্রতিটি শিশু-তরুণ-যুব শ্রেণি যাতে নির্মল আলোয় উদ্ভাসিত হতে পারে, নিজেদের মূল্যবান মতামত ব্যক্ত করতে পারে, সেদিকে রাষ্ট্রসহ সকল শ্রেণি-পেশার মানুষকে বিশেষ নজর দিতে হবে। অর্থাৎ, সময়ের প্রয়োজনে পুরো জাতিকে যারা জাগাবে, আজ সেই যুবসমাজকে সুনিপুণ কারুকাজে সাজাতে হবে। \r\nশুধু ডিজিটাল ব্যবস্থাপনায় মত্ত হয়ে ফেসবুক ও ইউটিউবনির্ভর জাতি হলেই চলবে না; বরং ভবিষ্যতের উন্নয়নের কথা চিন্তা করে এগোতে হবে কৌশলি হয়ে।
অন্যদিকে ধর্মীয়-রাজনৈতিক উগ্রবাদ কিংবা মাদকাসক্তি থেকে রক্ষা করার জন্য ক্রীড়া-সাংস্কৃতিক চর্চা খুব প্রয়োজন। নিশ্চয়ই যুব শ্রেণি আমাদের জাতীয় সম্পদ। যেহেতু নিকট অতীতে এদেশের তরুণরাই জাতীয় উন্নয়নে সবচেয়ে বেশি প্রভাব রেখে গেছেন। বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এমনকি ২৪ এর জুলাই বিপ্লব সর্বক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এদেশের যুব সমাজ।\r\nস্বাধীনতাপরবর্তী ৫৫ বছরেও এদেশের সামাজিক ব্যবস্থাপনায় অশান্তি বিরাজ করছে। বিশেষ ক্ষেত্রে কতিপয় ক্ষমতালিপ্সু মহলের ছত্রছায়ায় যুবসমাজ যেন মাদকাসক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তথাপি, এই যুবসমাজকে ঘিরেই আমাদের মণিকোঠায় সুবিশাল স্বপ্নের জাল বুনেছি।
আমরা নিশ্চয়ই বিশ্বাস করি, তরুণ-যুবকেরাই আবার নতুন করে সামাজিক আন্দোলন গড়ে তুলবে। আবার আন্তর্জাতিক অঙ্গনে এদেশের তরুণ-যুব সমাজের হাতেই শান্তি তথা বিজয়ের মশাল জ্বলবে! সময়ের প্রয়োজনে যুবকরা আজ সমাজ পরিবর্তনের নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। সমাজে শান্তি বিরাজ করতে আজ তাঁরা স্বেচ্ছাব্রতীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জাতি-ধর্ম-লিঙ্গ নির্বিশেষে আজ তাঁরা মানবতার পক্ষে কথা বলছেন। সেক্ষেত্রে রাষ্ট্র ও সুশীল সমাজের আরও বেশি যত্নশীল হওয়া প্রয়োজন, যাতে করে সত্যিকারের দেশপ্রেমিক হয়ে দেশমাতৃকার জন্য প্রানপণে নিজেকে নিবেদন করতে পারে।\r\nনানাবিধ সীমাবদ্ধতার কারণে সরকারেরে একার পক্ষে সবকিছু যথাযথ দেয়া সম্ভব নয়।
সেক্ষেত্রে সরকারের পাশাপাশি, বিভিন্ন উন্নয়ন সংস্থাগুলো শিশু কল্যাণ তথা সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছে। ওয়ার্ল্ড ভিশন তেমনি এক আন্তর্জাতিক সামাজিক উন্নয়নমূলক সংস্থা। মূলত শিশু অধিকার, শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, জীবিকায়ন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ সমসাময়িক ও যুগোপযোগী বিষয়ে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড, যা শিশু ও যুবকদের কল্যাণে সহায়ক হিসেবে এই সংস্থা কাজ করে যাচ্ছে। যুবকদের তথা শিশু-ফোরামের হাত ধরেই শিশু বিবাহ ও শিশুশ্রম প্রতিরোধের সামাজিক আন্দোলন শুরু হয়ে গেছে। এতে করে একদিকে যেমন সমাজে ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে; পক্ষান্তরে নিজেদের আত্মবিশ্বাস বাড়ছে এবং ক্রমান্বয়ে সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হচ্ছে।
এমনি করেই এদেশে যুব সম্প্রদায় একদিন মানব সম্পদে পরিণত হবে। রচিত হবে শান্তিকামী নতুন সমাজ! \r\nআজকের শিশু ও যুবকদের জন্য প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, পাশে থেকে, পাশে রেখে, তাঁদের মতামতকে গুরুত্ব দিয়ে ও তাঁদের সঠিক পরামর্শ দিয়ে আগামী দিনের দায়িত্ব ভার ছেড়ে দিতে হবে প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে, প্রতিটি সমাজে। ২০২৫ সালের এই কঠিন সময়ে সবার প্রতি উদাত্ত আহ্বান, আসুন, আগামী দিনের শান্তিকামী সমাজ প্রতিষ্ঠায় তরুণ-যুবদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সংঘবদ্ধ, দৃঢ় প্রত্যয়ী হই দ্বিধাহীন চিত্তে! কেননা, আমরা জানি যে, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় । এই যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, এই যুদ্ধ সুশাসন আর গণতন্ত্র প্রতিষ্ঠার, এ আন্দোলন নিপীড়িত মানুষের পাশে থেকে তাঁদের হাসি ফোটানোর! এই আন্দোলন আপমর জনতাকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও প্রগতিশীল রাষ্ট্র গঠনের। একটি, সুশীল-শান্তিপ্রিয় সমাজ গঠনে যুব সম্প্রদায়ের পক্ষে নিশ্চয়ই আমরা প্রত্যেকে সাড়া জাগাব। নিশ্চয়ই এই পৃথিবীতে নির্মল বায়ুর নিঃশ্বাসে বেঁচে উঠবে লক্ষ-কোটি জনতা মানুষ হয়ে। নিশ্চয়ই সেদিন আর বেশি দূরে নয়! পরিশেষে, সকল শিশু ও যুবক, আমার জীবন : আমার স্বপ্ন নামক নতুন সোপানে নিজেকে সাজিয়ে তুলুক বর্ণিলভাবে। \r\nলেখক : সিনিয়র ডিরেক্টর-অপারেশন্স\r\nওয়ার্ল্ড ভিশন\r\nchandan_z_gomes@wvi.org
