আজকাল যখন কথায় কথায় বিশ্বায়ন ও গ্লোবাল ভিলেজের কথা বলা হচ্ছে, তখন কেন যেন মনে হয়, আচ্ছা পৃথিবীর বড় প্রধান শহর-নগর-বন্দরগুলোর নামকরণ নিছক একটি সংখ্যা তথা কোনো নম্বর দিয়ে রাখলেই তো দিব্যি চলে যায়। আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির শনৈ শনৈ উন্নতির বদৌলতে তাহলে সেটি প্রকৃত অর্থেই ডিজিটাল হয়ে উঠতে পারে। যেমন- শুধু ২১৪ অথবা ঢ-২১৪ বলা হলে আমরা সহজেই বুঝব যে, এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কথা বলা হচ্ছে এবং এটি বিশ্বের ২১৪তম বাসোপযোগী শহর। শহরগুলোর মতো অনুরূপ আলাদা নম্বর হতে পারে সমুদ্রবন্দর, বিমানবন্দর, নৌবন্দর ইত্যাদির।
সংখ্যাধিক্য খুব বেশি হলে শ্রেণিকরণের সুবিধার্থে রাজধানী এবং প্রাচীন নগর-বন্দরগুলোর জন্য চাই কি আলাদা নম্বরও হতে পারে। আপাতত প্রস্তাবটা কিছুটা উদ্ভট শোনালেও কম্পিউটার, স্মার্টফোন, তথা গাণিতিক হিসাব রাখার সার্বিক বিবেচনায় একদিন মানুষের জন্য এটিই উত্তম বলে বিবেচিত হতে পারে। বাস্তবতা হলো, এখনো পর্যন্ত দেশে দেশে সীমানা বিভক্তি, ভিসা-পাসপোর্ট, বহির্গমন-নির্গমন ইত্যাদি থাকলেও সেদিন বুঝি খুব দূরে নয় যেদিন এসব থাকবে না। বরং ব্যক্তি মানুষের যাবতীয় তথ্য-উপাত্ত থাকবে যৎসামান্য একটি মাইক্রোচিপে, যেটি এমনকি ধারণ করা যাবে অঙ্গুষ্ঠ পরিমাণ ডগায়।
বর্তমানের মতো বিমানবন্দর, নৌবন্দরের হ্যাপাও বুঝি আর থাকবে না। বরং মানুষ সরাসরি ট্রান্সপোর্ট হয়ে যাবে মুহূর্তের মধ্যে এক শহর থেকে আরেক শহরে। লন্ডন থেকে নিউইয়র্ক, সিডনি থেকে এডেন অথবা দামেস্ক থেকে ঢাকায়। পাঠক, উদ্ভট শোনালেও বৈজ্ঞানিক কল্প কাহিনীর এই ধারণাটিই বাস্তবে রূপ পেতে পারে এই শতকের শেষে অথবা আগামী শতাব্দীর শুরুতে। এখন প্রবেশ করি মূল প্রসঙ্গে। ঢাকার ক্ষেত্রে ২১৪তম সংখ্যাটি প্রযোজ্য হলো কেন? যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ প্রতিষ্ঠান মার্সার প্রকাশিত ‘কোয়ালিটি অব লিভিং র্যাঙ্কিং-২০১৬ শীর্ষক এক সমীক্ষা প্রতিবেদনে ঢাকার স্থানাঙ্ক হয়েছে ২১৪। আর জীবনযাত্রার মানের দিক থেকে সেরা বিবেচনায় ১ নম্বরে উঠে এসেছে স্থাপত্য ও সঙ্গীতের কেন্দ্র হিসেবে খ্যাত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। বিশ্বের সব জরিপই কমবেশি বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। তবে এটি যে কৌতূহল উদ্দীপক এতে কোনো সন্দেহ নেই। ২০১৫ সালের সেপ্টেম্বর-নবেম্বরে এই জরিপের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। জরিপে জীবনযাত্রার মূল্যায়ন করা হয়েছে কোনো শহরের ৩৯টি বিষয়কে বিবেচনায় রেখে। বসবাস উপযোগী শহর হিসেবে বিবেচনা করা হয়েছে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ, নাগরিক সুযোগ-সুবিধা, পরিবহন সুবিধা, আনন্দ-বিনোদনের ব্যবস্থা, খাদ্যাখাদ্য, প্রকৃতি ও পরিবেশ, ঠগ-জোচ্চুরি-প্রতারণা ইত্যাদি নানা বিষয়। তবে সর্বাধিক প্রাধান্য ও গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের ব্যক্তিগত নিরাপত্তাকে।
একটি উদাহরণ দিলে বিষয়টি সুস্পষ্ট হতে পারে। যেমন- সবাই প্রায় একবাক্যে প্যারিসকে বিশ্বের সবচেয়ে সুন্দর ও বাসোপযোগী শহর বলে রায় দেবেন। মার্সার জরিপেও গত কয়েক বছর ধরে প্যারিসের অবস্থান ছিল প্রথম দিকে। তবে ২০১৫ সালের পর উপর্যুপরি সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে প্যারিসের অবস্থান পিছিয়েছে ১০ ধাপ। এই শহরটির অবস্থান এখন ৩৭ এবং ৩৯ নম্বর অবস্থানে আছে লন্ডনের। তবে লন্ডন পিছিয়েছে বায়ুদূষণ, যানজট ও জলবায়ুর কারণে। আমরা আদার ব্যাপারী বিধায় ভিয়েনা, জেনেভা, সিডনি, মিউনিখ অথবা ভ্যাঙ্কুবারের খবরাখবর নিয়ে কাজ নেই। আমরা বরং প্রত্যাবর্তন করি স্বদেশে আয়নায় কিছুটা নিজেদের মুখ দেখব বলে। ব্যক্তিগত নিরাপত্তার দিকটি মাথায় রেখে আমরা কী ঢাকাকে আদৌ বাসোপযোগী বলব? আমরা তো কোন ছাড়, বোধকরি আইন-শৃঙ্খলা বাহিনীও তা বলবে না। সেই কবে গৃহভ্যন্তরে সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুন হয়েছে। কোনো কুল-কিনারা হয়নি আজও। এর অতি দুর্ভেদ্য রহস্য ভেদ করা বুঝি জেমস বন্ড অথবা শার্লক হোমসেরও অসাধ্য!
একুশের বইমেলা থেকে সস্ত্রীক বেরিয়ে এসে বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায় ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে যখন সর্বসমক্ষে চাপাতির ঘায়ে খুন হন নির্মমভাবে অথবা জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে অফিসে কর্মরত অবস্থায় চাপাতির কোপে কবন্ধপ্রায় করে যায় নিষ্ঠুর ঘাতক, তখন সেই নিষ্ঠুর নিরাপত্তাহীনতা আমাদের প্রায় সবাইকে প্রায়ন্ধকার সরীসৃপের মতো গ্রাস না করে পারে না। এ রকম তামসিক উদাহরণ দেওয়া যায় আরওÑ তবে তাতে পরিসর বাড়বে বটে, নিরাপত্তা নিশ্চিত হবে না। অবশ্য সান্ত¡নাও কিছু আছে বটে।
বর্তমানে বিশ্বের সবচেয়ে অনিরাপদ শহর ইরাকের রাজধানী বাগদাদ, জীবনযাত্রার মানেও সবচেয়ে কম-২৩০তম। আর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্ক ২২৯তম নিরাপত্তার দিক থেকে; তবে জীবনযাত্রার মানে ২৮৪তম। স্বীকার করতে হবে যে, দেশ দুটি যুদ্ধাক্রান্ত ও বিধ্বস্তপ্রায়। আর পাকিস্তানের ইসলামাবাদ ১৯৩, লাহোর ১৯৯ ও করাচি ২০২তম অবস্থানে থাকলেও, আমরা জানি সবদিক থেকেই পাকিস্তান একেবারেই অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ দেশের তালিকার ওপরের দিকে। মাঝে মধ্যে মনে হয় দেশটি যেন আসলেই চলে গেছে মৌলবাদী জঙ্গীগোষ্ঠী আইএস ও তালেবানের কব্জায়। মার্সার জরিপ সম্পর্কে এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বলেন, সাংস্কৃতিক ঐতিহ্যের বিবেচনায় ঢাকাকে বসবাসের অনুপযোগী বলা যাবে না। তবে এটি শতভাগ অপরিকল্পিত শহর।
এক্ষেত্রে একটি প্রশ্ন অবধারিত, ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্যগুলো কি আমরা আদৌ বাঁচিয়ে রেখেছি? অথবা সংরক্ষণের আদৌ কোনো চেষ্টা আছে? ছোটকাটরা, বড়কাটরা, রূপলালহাউস, পরীবিবির মাজার অথবা অন্য কোনো স্থাপনা? এর উত্তর না সূচক হতে বাধ্য। ঢাকা দক্ষিণের তৎকালীন মেয়র সাঈদ খোকন জরিপের মতামতকে অবশ্য গুরুত্ব দিয়েছেন। আর উত্তরের আনিসুল হক বলেছেন, কয়েক বছর পর ঢাকার এ অবস্থা থাকবে না। এবার আসি পরিবহনে। প্রতিদিন মিনিবাস সিটিং সার্ভিসে মতিঝিলের শাপলা চত্বর থেকে বাংলামোটর যেতে হয়। কতটুকু দূরত্ব? বড়জোর দশ মিনিট, না হয় পনেরো। বাস্তবে যেতে লাগে কমসে কম এক দেড় ঘণ্টা, কোন দিন আরও বেশি। দৈনিক বাংলার মোড় থেকে শাহবাগ পর্যন্ত ট্রাফিক জ্যাম তো ভুবনবিখ্যাত। জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তাটি মোটামুটি চওড়াই বলতে হবে। এর এক অংশ অর্থাৎ প্রায় অর্ধেক রাস্তা বলতে গেলে প্রতিদিনই বন্ধ থাকে মানববন্ধন, জনসভা, অবস্থান ধর্মঘট, অনশন ধর্মঘট ইত্যাদি নানা কারণে। মাঝে মধ্যে এমনকি ছুটির দিনেও সেখানে সমাবেশ হতে দেখা যায়।
পৃথিবীতে বোধকরি হেন কোনো সমস্যা ও দাবি-দাওয়া নেই, যা প্রেস ক্লাবের সামনে উপস্থাপিত না হয়। বস্তিবাসী থেকে বৃহন্নলা বৃত্তান্ত-সবই মেলে তোপখানায়। কেউ বা কোনো সংস্থা জরিপ করলে অবশ্যই খুশি হবÑতবে এটুকু বলতে পারি যে, বাংলাদেশে ছোট বড় যত সংগঠন ও সমিতি আছে, বিশ্বের সব দেশ মিলেও বুঝি তা নেই। হাল আমলে চোখে পড়ল বঙ্গবন্ধু এভিনিউতে বিশাল বড় সাইনবোর্ড, রেজিস্ট্রেশনপ্রাপ্তÑ বাংলাদেশ হিজড়া কল্যাণ সমিতি। ভিক্ষুক সমিতি, পতিতা কল্যাণ সমিতি তো পুরনো। প্রতিদিন গজিয়ে উঠছে নিত্যনতুন সমিতি। কেবল বাংলাদেশ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা নাম নিয়ে যত সমিতি-সংগঠন আছে, বোধকরি সেগুলো পরিসংখ্যান ব্যুরোও গুনে শেষ করতে পারবে না।
আর যাবতীয় দাবি-দাওয়া-আহাজারি-আবেদন-নিবেদন নর্তন কুর্দন আনন্দ বিনোদন এমনকি ক্রন্দন পর্যন্ত সরকার প্রধানকে ঘিরে আবর্তিত। মাঝে মধ্যে মনে হয়, স্বয়ং রাষ্ট্রের হাতে যদি সত্যি সত্যিই আলাদিনের চেরাগ থাকত, তাহলেও সবার সব দাবি পূরণ করতে পারতো না। কেননা, বাঙালির দাবি-দাওয়ারও যেমন কোনো শেষ নেই, তেমনি তা পাওয়ারও প্রশ্ন ওঠে না। স্বল্প পরিসরে ঢাকার খাওয়া-দাওয়া নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। তা একশ্রেণির তথাকথিত ভোজনরসিক বা পেটুক আহা-বাহা যা-ই বলুন না কেন? শুধু বলব, ঢাকার প্রায় সব খাদ্যই ভেজালে ভেজালÑ কাঁচামাল থেকে পাকপ্রণালী পর্যন্ত। আর ভেজাল খাদ্য আর যা-ই হোক সুস্বাদু ও মুখরোচক হয় না; স্বাস্থ্যকর ও পুষ্টিমানসমৃদ্ধ তো নয়ই। আর তাই জাতি হিসেবেও আমরা অপরিপুষ্ট। ঢাকার পানি অবিশুদ্ধ, বাতাসে মাত্রাতিরিক্ত ধুলাসীসা, গাছপালা শ্বাস নিতে পারে না, মানুষের দম বন্ধ হয়ে আসে। এতসব, এত কিছুর পরও ২১৪তম অবস্থান নিয়ে পৃথিবীতে আমরা বেঁচে বর্তে আছি কী করে? আসলে আমরা বেঁচে আছি কাফকার মেটামরফোসিস গল্পের সেই গ্রেগর সামসার মতো, প্রায় বিবর্তনহীন তেলাপোকার মতো, যদি আদৌ একে বেঁচে থাকা বলে?
লেখক : সিনিয়র সাংবাদিক, সাহিত্যিক
