খবরের কাগজ খুললে প্রতিদিনই উদ্বিগ্ন করে তোলে সন্ত্রাসী কর্মকাণ্ডের খবরাখবর। কোথা থেকে আসে এত সন্ত্রাসী? কারা তাদের গডফাদার! সন্ত্রাস কি শেষ হবে না? সমাজ কালে কালে হয়ে উঠেছে যেন সন্ত্রাসের জনপদ। সাজ্জাদ নামের এক কুখ্যাত সন্ত্রাসী একাই বিপন্ন করে তুলেছে বন্দরনগরী চট্টগ্রামের শিল্পপতি ও ব্যবসায়ীদের। ভারতে বসে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অপকর্মে অস্থির চট্টগ্রাম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৫ থানাও তটস্থ তার অনুসারীদের আতঙ্কে। ব্যবসায়ী থেকে শুরু করে শিল্পপতি-কেউ রেহাই পাচ্ছেন না সাজ্জাদের অনুসারীদের হাত থেকে। বিদেশে বসেই টার্গেট ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলে চাঁদাবাজি করছে বড় সাজ্জাদ। অথবা মেসেজ দিয়ে ভয়ভীতি এমনকি হত্যার হুমকি-ধমকি দিয়ে চাঁদা আদায় করছে।

চাঁদা না দিলে হত্যার শিকার হতে হচ্ছে। তার অনুসারীরা বাড়িঘরে গিয়েও প্রকাশ্যে গুলিবর্ষণ করে সৃষ্টি করছে আতঙ্ক। গত শনিবার সকালে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও এমডি সাবেক এমপি মুজিবুর রহমানের বাসভবন লক্ষ্য করে মুহুর্মুহু গুলিবর্ষণ করে তার অনুসারীরা। ১২ কোটি টাকা চাঁদার দাবিতে দ্বিতীয় দফায় ওই বাসায় গুলিবর্ষণের ঘটনা ঘটায় বড় সাজ্জাদ। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে আবারও আলোচনায় আসে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ। বড় সাজ্জাদের বাহিনীর খুন, চাঁদাবাজি, টার্গেট কিলিংয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন চট্টগ্রামের মানুষ। তার বাহিনীর অপরাধ কর্মকাণ্ডের লাগাম টানতে না পেরে দিশেহারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তত ১০টি হত্যাকাণ্ডে এই বাহিনী সরাসরি জড়িত রয়েছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। \r\nবাইরে থেকে দেশের ভেতরের সহযোগীদের দিয়েই সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে সাজ্জাদের মতো সন্ত্রাসীরা। অথচ প্রশাসন তাদের পাকড়াও করতে পারছে না। এটা কি মেনে নেওয়া যায়? এখন দেশে নির্বাচিত সরকার। জনমনে আস্থা ফেরানোর জন্য আইনের কঠোর প্রয়োগ ঘটানোর কোনো বিকল্প নেই। \r\nসন্ত্রাসীরা অবাক করা নৃশংসতার পরিচয়ও দিচ্ছে। যেমন- রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকা থেকে মানুষের কাটা হাত, পা, মাথাসহ দেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে সম্প্রতি পুলিশ। দুই হাতের আঙুলের ছাপ নিয়ে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম ওবায়দুল্লাহ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের রুমমেট শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। ওবায়দুল্লাহ গোসলখানায় কাপড় ধোয়া শুরু করলে শাহীন তার ঘাড় ও গলায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে নিজে বাঁচার জন্য মরদেহ খণ্ড খণ্ড করে বিভিন্ন স্থানে ফেলে দেয়। এই সন্ত্রাস অবশ্য চাঁদাবাজির কারণে নয়। পুলিশ বলছে, মূলত অনৈতিক প্রস্তাব ও ঝগড়া-বিবাদের জেরে ওবায়দুল্লাহকে হত্যার পর সাত টুকরা করে রুমমেট শাহীন। মূল্যবোধের অবক্ষয় ও বিকৃত মানসিকতার উপাদান থাকলেও এটিও সমাজে ত্রাস সৃষ্টির মতোই ঘটনা। \r\nদেশ থেকে সব ধরনের সন্ত্রাস বন্ধ করার জন্য আইনের কঠোর প্রয়োগ, তথা আইনের শাসন শক্তিশালী করা চাই। সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানই প্রত্যাশিত।