জাতীয় খাদ্য নিরাপত্তায় হাওরাঞ্চলের গুরুত্ব অপরিসীম। অথচ ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা উজানের ঢল এবং আগাম বন্যার ঝুঁকি প্রতিবছর এ অঞ্চলের বোরো ফসলকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। দীর্ঘদিন ধরে এই ঝুঁকি মোকাবিলায় হাওরে নির্মিত হচ্ছে ফসলরক্ষা বাঁধ। কিন্তু বাঁধনির্ভর উন্নয়ন ব্যবস্থা কি সত্যিই কৃষকের ফসলের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে? গত বছর হাওরের চিরাচরিত দুর্যোগ এক ভিন্ন মাত্রায় আবির্ভূত হয়। উজানের পাহাড়ি ঢলের পাশাপাশি টানা বৃষ্টিতে বিস্তীর্ণ হাওরে সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। আধাপাকা ধান তলিয়ে যায় পানির নিচে। নদনদী পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অন্যদিকে ফসল রক্ষার জন্য নির্মিত বাঁধের কারণে অনেক স্থানে হাওরের অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হয়। অথচ এই জলাবদ্ধতা নিরসনে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগের ঘাটতি ছিল স্পষ্ট।
সরকারি হিসাব অনুযায়ী, গত বছর প্রায় ৫০ হাজার ৭৩ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত। বেসরকারি সংস্থাগুলোর হিসাবে ক্ষতির পরিমাণ ৮০ হাজার হেক্টরেরও বেশি। এই বিপর্যয় আবারও দেখিয়ে দিয়েছে, হাওরের কৃষি সুরক্ষায় প্রচলিত উন্নয়ন চিন্তার ভেতরে মৌলিক দুর্বলতা রয়েছে। যে বাঁধ একসময় কৃষকের ফসল রক্ষার নিশ্চয়তা হিসেবে বিবেচিত হতো; অপরিকল্পিত নির্মাণ ও পানি নিষ্কাশনের অপর্যাপ্ত ব্যবস্থাপনার কারণে সেটিই কোনো কোনো স্থানে বিপদের উৎসে পরিণত হয়েছে।
তাই এবার কৃষকদের দাবি, শুধু বাঁধ নির্মাণ বা সংস্কার করলেই ফসলের নিরাপত্তা নিশ্চিত হবে না। আগাম বন্যার পানি ঠেকানোর পাশাপাশি অতিবৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের কার্যকর ব্যবস্থাও থাকতে হবে। অন্যথায় একদিকে উজানের ঢলে বাঁধ ভাঙার ঝুঁকি, অন্যদিকে বাঁধের ভেতরে পানি আটকে জলাবদ্ধতা– দুই সংকটেরই শিকার হতে হবে কৃষকদের।
প্রতিবছর বিপুল অর্থ বরাদ্দ, একের পর এক প্রকল্প এবং কাগজে সাফল্যের বিবরণ থাকলেও বাস্তবতা ভিন্ন। অনেক স্থানে পানি নিষ্কাশনের প্রাকৃতিক খাল ও নালা ভরাট হয়ে গেছে। নদনদীতে পলি জমে কমেছে নাব্যতা ও পানি ধারণক্ষমতা। ফলে বৃষ্টির পানি দ্রুত সরে যাওয়ার পথ সংকুচিত হয়েছে। অথচ এই সংকট মোকাবিলায় পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগের পরিবর্তে বাঁধ নির্মাণকেই উন্নয়নের প্রধান সূচক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এখানেই একটি মৌলিক প্রশ্ন সামনে আসে– এই উন্নয়ন আসলে কার জন্য? কৃষকের জন্য, নাকি প্রকল্পনির্ভর এক অর্থনৈতিক কাঠামোর স্বার্থে? কারণ হাওরাঞ্চলে আমরা একই সঙ্গে দুটি বিপরীত সংকট প্রত্যক্ষ করছি। কোথাও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ফসল নষ্ট হয়, আবার কোথাও বাঁধ ভেঙে হাওরে ঢুকে যায় উজানের ঢলের পানি। এই দুই বিপর্যয় বিচ্ছিন্ন নয়; বরং একই নীতি ও পরিকল্পনাগত ব্যর্থতার ভিন্ন প্রকাশ।
হাওর কোনো স্থির ভূখণ্ড নয়; এটি জীবন্ত জলাভূমি ব্যবস্থা। এর নিজস্ব প্রাকৃতিক ছন্দ রয়েছে। বর্ষায় পানি আসবে, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে, আবার মৌসুম শেষে পানি নেমে যাবে। নদী, খাল, বিল ও হাওরের মধ্যে এই স্বাভাবিক সংযোগই জলপ্রবাহের ভারসাম্য রক্ষা করে। কিন্তু সেই প্রবাহকে বাধাগ্রস্ত করে, নদী-নালা সংকুচিত করে এবং পানি নিষ্কাশনের সামগ্রিক পরিকল্পনা ছাড়াই যেখানে-সেখানে বাঁধ নির্মাণ করে আমরা জলাভূমির স্বাভাবিক ব্যবস্থাকে বদলে দিচ্ছি। এর পরিণতিতে কোথাও পানি আটকে থাকছে, কোথাও অতিরিক্ত চাপ তৈরি হয়ে বাঁধ ভেঙে বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হচ্ছে।
বহু বছর ধরে স্থানীয় কৃষক, গবেষক ও পরিবেশবিদরা সতর্ক করে আসছেন, অস্থায়ী মাটির বাঁধ দিয়ে হাওরের দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনার সমাধান সম্ভব নয়। প্রয়োজন বৈজ্ঞানিক সমীক্ষাভিত্তিক পরিকল্পনা, স্লুইসগেট ও রেগুলেটর স্থাপন, পানি নিষ্কাশনের খাল পুনরুদ্ধার এবং নদনদীর নাব্য ফিরিয়ে আনা। বাস্তবে তুলনামূলক সহজ, দ্রুত দৃশ্যমান ও প্রতিবছর পুনরাবৃত্তিযোগ্য বাঁধ নির্মাণের কাজই অগ্রাধিকার পাচ্ছে। প্রশ্ন হচ্ছে, প্রকৌশলগত সমীক্ষা, জলপ্রবাহের বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং স্থানীয় বাস্তবতাকে যথাযথ গুরুত্ব না দিয়ে এসব প্রকল্প গ্রহণ করা হচ্ছে কেন?
রাসেল আহমদ: সাংবাদিক raselahmed1980bk@gmail. com
