সর্বোচ্চ আদালতের রায়ে জাতীয় নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। তবে গণঅভ্যুত্থানসৃষ্ট বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন। জাতীয় সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান যুক্ত হবে সংবিধানে। এ নিয়ে এক ধরনের ঐকমত্যও মিলেছে রাজনৈতিক সংলাপে। নির্বাচনের সঙ্গে হতে যাওয়া গণভোটে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়েও জনসম্মতি চাওয়া হবে।

প্রশ্ন অবশ্য রয়েছে, সামনে আমরা কতদিন এ ব্যতিক্রমী ব্যবস্থার আশ্রয়ে নির্বাচন করব? একই প্রশ্ন নব্বইয়ে গণতন্ত্রে উত্তরণের সময়ও ছিল। তখনই আমরা প্রথম সুষ্ঠু নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের শরণাপন্ন হই। কেবল রাজনৈতিক ঐকমত্যে সেই সরকার গঠিত হয়। নির্দিষ্ট সময়ে তারা একটি স্মরণীয় নির্বাচন দিতেও সক্ষম হয়েছিলেন। তারপর খালেদা জিয়ার শাসনামলে আন্দোলনের মুখে সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যুক্ত হওয়ার সময়ও ওই প্রশ্ন উঠেছিল– ঠিক কয়টি নির্বাচন হবে এমন সরকারের অধীনে? প্রত্যাশা ছিল, নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে একদিন আমরাও আর দশটা গণতান্ত্রিক দেশের মতো রাজনৈতিক সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম হবো।

সংকটটা ওখানে যে, সেদিকে এগোতে পারিনি। প্রধান দুই রাজনৈতিক দলের সরকারই বলা যায় পাল্টাপাল্টি করে নির্বাচন ব্যবস্থা বিনষ্ট করেছে। এ প্রেক্ষাপটেই এসেছিল ‘ওয়ান-ইলেভেন’ সরকার। তারা প্রায় দুবছর পর নির্বাচনের দিকে গিয়েছিল সংস্কার অসম্পূর্ণ রেখে। জাতীয় জীবনে প্রত্যাশা ছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ঝুঁকির দিকগুলো সংশোধন করে নির্বাচন ঘিরে সংকটের আশঙ্কা দূর করা হবে। নতুন সংসদে তেমন উদ্যোগ নেওয়াও হয়েছিল। তারপর কীভাবে কী হলো, সেটি সবারই জানা। নির্বাচনকে তামাশায় পরিণত করা হয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা উঠিয়ে দিয়ে। রাষ্ট্রক্ষমতার স্বাভাবিক হাতবদলকে করে তোলা হয় অসম্ভব। স্বৈরতন্ত্রের উত্থান হয়ে ওঠে অনিবার্য।

এরই একটা চরম অবস্থায় ঘটে গণঅভ্যুত্থান। ঠিক কীভাবে এটি ঘটে, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে এ প্রশ্নে বিতর্ক নেই যে, কোনো না কোনোভাবে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতন ছিল অনিবার্য। কেন সেই সরকার সিংহভাগ মানুষের আস্থা হারিয়ে তাদের ক্রোধের মুখে পড়েছিল, তা সবার জানা। জনসম্মতির পরোয়া না করে ক্ষমতার চর্চা করে যাওয়াই ছিল তাদের মূল অপরাধ। এটি ঢাকতেই তারা জড়িয়েছিল অন্যান্য অপরাধে। জনগণের অর্থনৈতিক জীবনও তারা এলোমেলো করে দেয় সাড়ে ১৫ বছর ক্ষমতা ধরে রেখে। এভাবে দেশ চালিয়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হলে তারপর আর কোনো অভিযোগ করা চলে না।

গণঅভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়, সেটি প্রকৃতির দিক দিয়ে ওয়ান-ইলেভেন সরকার থেকেও আলাদা। এটি মাঠে থাকা রাজনৈতিক দলগুলো সমর্থিত। সেনাবাহিনী এটি গঠনে সহায়তা করে এবং এখনও সমর্থন দিয়ে যাচ্ছে সরকারকে। ফেব্রুয়ারিতে, রোজার আগে হতে যাওয়া নির্বাচনে সেনাবাহিনীকে জোরালো ভূমিকা রাখতে হবে। সঙ্গে আছে গণভোট। কোনো নির্বাচন অনুষ্ঠানের অভিজ্ঞতা না থাকা একটি কমিশন কতটা গ্রহণযোগ্যভাবে এমন নির্বাচন সম্পন্ন করতে পারবে– প্রশ্ন রয়েছে। বিগত সোয়া এক বছরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ইতিবাচক হয়নি। এর পক্ষে কোনো অজুহাত চলে না। জনগণ দেখেছে, পরিস্থিতির অবনতি ঘটেছে কীভাবে এবং সরকার এ ক্ষেত্রে রেখেছে কী ভূমিকা। অর্থনীতিও চলমান অস্থিরতার মধ্যে হয়ে আছে গতিহীন। বিপুলসংখ্যক মানুষের দুর্দশায় এটি প্রতিফলিত।

অন্তর্বর্তী সরকার বিচার, সংস্কার ও নির্বাচনের যে বিস্তৃত কাজের পরিসর সামনে নিয়ে এগিয়েছিল; তাতে শুরুতে কেউ তেমন আপত্তি না করলেও সেটি প্রবল হতে সময় লাগেনি। ‘দ্রুত নির্বাচন’ করে গণতন্ত্রে উত্তরণের দাবি সামনে এসেছে চলমান পরিস্থিতিতে অস্থিরতা ও অনিশ্চয়তা বাড়তে থাকায়। এটি ক্রমে জন্ম দিয়েছে অনাস্থা। মাঝে এমন অনাস্থাও ছড়িয়ে পড়ে যে, সরকার আদৌ নির্বাচন দিতে চায় কিনা! পরে এর সময়সীমা নির্ধারণের চাপ বাড়ে। কার্যত পরিস্থিতির চাপেই সরকার সেটি নির্ধারণে সম্মত হয়। মাঠে থাকা সব রাজনৈতিক দলের সম্মতিতে আসা সরকারের ভাবমূর্তির জন্য এটি ভালো হয়নি। তবে দেশের ভাবমূর্তি সবকিছুর ঊর্ধ্বে। গণঅভ্যুত্থানের পর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক হয়েছে কি? যে প্রত্যাশায় সর্বস্তরের মানুষ রাজপথে নেমে অকাতরে জীবন দিয়েছিল, সেটি বাস্তবায়নের পথ কি মজবুত হয়েছে?

মূলত রাষ্ট্র সংস্কারে ‘রাজনৈতিক ঐকমত্য’ প্রতিষ্ঠার চেষ্টায় দীর্ঘ সময় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার। এর বদলে প্রথমত, শুধু নির্বাচন ব্যবস্থার জরুরি সংস্কার করেই গণতন্ত্রে উত্তরণের দিকে যাওয়া যেত। দ্বিতীয়ত, যেসব প্রশ্নে দলগুলো নিজে থেকে একমত, কেবল সেগুলো বাস্তবায়নের পথে অনেক আগেই এগিয়ে যাওয়া যেত নির্বাচনের দিকে।

নির্বাচন করে কী হবে– এসব বলে তো লাভ নেই। গণতন্ত্রে বিশ্বাসী হলে নির্বাচনের পথেই থাকতে হবে। সংস্কারও বাস্তবায়ন করতে হবে এমন সরকারের মাধ্যমে, যার ভিত্তি হলো জনসম্মতি। সেটি আবার অর্জিত হতে হবে গ্রহণযোগ্য নির্বাচনে। ঘুরেফিরে নির্বাচন ব্যবস্থার সংস্কার তাই প্রাথমিক লক্ষ্য। গণঅভ্যুত্থানে ভেঙে পড়া পুলিশকে দাঁড় করানোর গুরুদায়িত্বও ছিল। গুরুগম্ভীর সংস্কারের আলাপে সেটিও অবহেলিত থেকে গেছে। এখন এই মনোবলহীন পুলিশ দিয়ে কীভাবে নির্বাচন করা যাবে– সেটিও গুরুতর প্রশ্ন।

ক্ষমতাচ্যুতদের অপরাধী অংশের বিচারে তো নয়ই; রাষ্ট্র সংস্কারেও কারও আপত্তি নেই। এসব লক্ষ্য অর্জনে যে দীর্ঘ সময় প্রয়োজন; অন্তর্বর্তী সরকারকে সেটি দেওয়ার বিষয়েই আসলে আপত্তি। তারাও আবার ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ বজায় রাখতে পারেননি; একেক সময় একেক পক্ষে হেলে পড়তে দেখা গেছে। ব্যাপক প্রত্যাশার জন্ম দেওয়ায় তারা আবার অনেক বেশি দাবিদাওয়ার মুখে পড়েছেন, যা মোকাবিলার সামর্থ্য নেই। দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় এমন সিদ্ধান্তও তাদের নিতে হয়েছে, যা নীতি পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। এ বিষয়ে বিভিন্ন মহল থেকে আপত্তি ক্রমে হয়েছে জোরদার। একটি নির্বাচিত সরকার যেভাবে কাজ করতে সক্ষম, সেভাবে অগ্রসর হওয়ার চেষ্টাতেও অনেক সংকট জন্ম নিয়েছে। প্রশাসন পরিচালনা, মাঠের পরিস্থিতি মোকাবিলা; কোনোটিই ভালোভাবে করতে পারেনি অন্তর্বর্তী সরকার। সাফল্য যেটুকু অর্জিত হয়েছে, সেটি মূলত সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায়। ওয়ান-ইলেভেন সরকার সংস্কারে ব্যর্থ হয়েছিল। বর্তমান সরকার দীর্ঘ আলোচনার পর সংস্কার ঘিরে সংকটে পড়ে আশ্রয় নিয়েছে মধ্যপন্থার। সংস্কারে কতটা কী হবে– ঘুরেফিরে তা নির্ধারণ হবে আগামী সংসদে। মূল্যবান এতটা সময় অতিক্রমের পর অবশেষে প্রত্যাশা কেন্দ্রীভূত নির্বাচন আর আগামী সংসদ নিয়ে। ‘আশু বাস্তবায়নযোগ্য সংস্কার’ও কম বাস্তবায়িত হয়েছে। সদিচ্ছা কেন্দ্রীভূত করে সেগুলো অন্তত এগিয়ে রাখা যেত। এখন প্রশ্ন আগামী নির্বাচনের মান নিয়ে।

সার্বিকভাবে পরিস্থিতি যেমন, তাতে মোটামুটি মানসম্পন্ন হলেও যেন আমরা বর্তে যাব। উদ্ভূত পরিস্থিতিতে ‘যথেষ্ট অংশগ্রহণমূলক’ না হলেও নির্বাচন যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় আর এতে জনমতের প্রতিফলন ঘটে, সেটি নিশ্চিত করতে কি সক্ষম হবে সরকার? সংস্কার আলোচনায় দীর্ঘ সময় ব্যয়ের পর নির্বাচনটাও মানসম্পন্ন না হলে এর দায় নিতে কি তারা প্রস্তুত? জনগণও কি এটি মেনে নেবে?

হাসান মামুন: সাংবাদিক, কলাম লেখক