সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। দুই ধরনের শপথ ঘিরে জটিলতা তৈরি হলেও জাতীয় সংসদ বসা নিয়ে অনিশ্চয়তা নেই। ১২ মার্চ সংসদ বসছে। এর আনুষ্ঠানিকতাগুলোও সম্পন্ন হবে। গণঅভ্যুত্থানের পর আমরা নতুন অভিজ্ঞতার মুখোমুখি। এর মধ্য দিয়েই নতুন সরকার কার্যক্রম শুরু করায় সবাই এক ধরনের স্বস্তিতে আছে। যারা বিজয়ী দলকে ভোট দেয়নি, এটা তাদেরও সরকার। ৪০ শতাংশ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেনি। তারাও নতুন সরকারের কাজের ফল ভোগ করবে।
নির্বাচন-পরবর্তী সহিংসতা অবশ্য এড়ানো যায়নি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কর্মীরা কোথাও কোথাও অফিস খুলতে চাইলে সেটা নিয়েও হাঙ্গামা হচ্ছে। দলটি নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার ভিন্ন কিছু করবে কিনা, সেটা দেখতে হবে। আওয়ামী লীগের তরফ থেকে নির্বাচন বানচালের চেষ্টা কিন্তু চোখে পড়েনি। এটাও স্বস্তি দিয়েছে শঙ্কায় থাকা মানুষকে। নতুন সরকারকে এখন নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধে কঠোর মনোভাব দেখাতে হবে। সামলাতে হবে নিজ দলের প্রতিদ্বন্দ্বীদেরও।
কোনো কোনো অঞ্চলে গোষ্ঠীগত বিরোধ তীব্রভাবে প্রকাশ পাচ্ছে। নাটোরে এ ধরনের সংঘাতে চারজন নিহত হওয়ার খবর বেদনাদায়ক। সরকার সাধারণত আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে উদ্যোগী হয়। তবে ওই ধরনের সংঘাতে দেশীয় অস্ত্রের যথেচ্ছ ব্যবহার হয়ে থাকে। নতুন সরকার অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই করবে। দেশীয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়টিও ভাবা প্রয়োজন। কিছু অঞ্চলে গোষ্ঠীগত সংঘাত এত বেশি কেন? নির্বাচনের পর এর আড়ালে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের প্রবণতা কিন্তু থাকতে পারে।
বছরের বাকি সময়ে সিটি করপোরেশনসহ স্থানীয় পরিষদগুলোর নির্বাচন হবে বলে খবর বেরিয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য আসবে সরকারের তরফ থেকে। সরকার আপাতত কিছু সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। তারা ক্ষমতাসীন বিএনপির নেতা। সিটি করপোরেশনগুলোর নিয়মিত কার্যক্রম জোরদারে তাদের সচেষ্ট হওয়ার কথা। স্থানীয় সরকারের অন্যান্য পর্যায়েও এতদিন কাজ চলেছে ঢিলেঢালাভাবে। অনেক সেবার জন্য নাগরিকদের যেতে হয় স্থানীয় সরকার প্রতিনিধিদের কাছে। ভালো হয় এর সর্বনিম্ন পর্যায়েও নির্বাচিত প্রতিনিধি বসানো হলে। তবে এসব নির্বাচনে সংঘাতও হয় বেশি। আইনশৃঙ্খলার যথেষ্ট উন্নতি না করে স্থানীয় নির্বাচনে যাওয়া ঠিক হবে কিনা, সে প্রশ্ন রয়েছে।
অন্তর্বর্তী সরকারের আমলের শেষ সময়েও আইনশৃঙ্খলার উন্নতি পরিলক্ষিত হয়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এ সুযোগে চলেছে মব ভায়োলেন্স। উল্টো করে বললে, মব চলতে থাকার কারণেই মূলত আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছিল না। ‘ভীতির পরিবেশ’ আচ্ছন্ন করে ছিল মানুষকে। ঢালাওভাবে মামলা দেওয়া হয়েছে। চাপ সৃষ্টি করে অর্থ আদায়ও ছিল এর উদ্দেশ্য। অনেক নিরীহ মানুষ এতে ক্ষতিগ্রস্ত। আবার পার পেয়ে গেছে অনেক অপরাধী। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ৫ আগস্টের পর হওয়া মামলাগুলো যাচাই-বাছাই করা হবে। সাংবাদিকসহ অনেক পেশাজীবীকেও এমন সব মামলায় জড়ানো হয়েছে; গত দেড় বছরে যেগুলোর কোনো রকম নিষ্পত্তি হয়নি। জামিন নিয়েও চলেছে অহেতুক কড়াকড়ি; অন্যদিকে ‘বাণিজ্য’। এ ক্ষেত্রে ন্যায্যতার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেটি পরিলক্ষিত হয়নি। এখন নির্বাচিত সরকার এটি করলে রাজনীতির পাশাপাশি সমাজেও স্বস্তি আসবে।
গণঅভ্যুত্থানের পর ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’ গঠন করে সম্প্রীতি ফিরিয়ে আনার কথা বলা হলেও সেদিকে হাঁটেনি অন্তর্বর্তী সরকার। উগ্রপন্থিদের চাপে সেটা হয়তো করা সম্ভব হয়নি। এখন তারেক রহমানের সরকার এ কাজে এগিয়ে এলে আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হবে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসায় তাঁর সরকারকে বিপুলভাবে অভিনন্দিত করছে গুরুত্বপূর্ণ দেশের সরকারগুলো। সব পক্ষই চায় নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে। এ ক্ষেত্রে বিশেষত ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্যোগে শামিল হতে হবে সরকারকে। দেশের স্বার্থ সমুন্নত রেখেই তারেক রহমানের সরকার এগোবে নিশ্চয়। নিকট অতীতে ভারতের ভূমিকার পুনরাবৃত্তির সুযোগ এখানে আর রাখা হবে না– এ বিশ্বাস রয়েছে। ভারতও বিশেষ দলের বদলে ‘জনগণকেন্দ্রিক’ সম্পর্ক অনুশীলনের ওপর জোর দিচ্ছে। এ অবস্থায় ‘পরিশুদ্ধ আওয়ামী লীগ’কে ফেরার সুযোগ করে দেওয়া হলে রাজনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠার পথও সুগম হবে। তাদের অপরাধী অংশকে ছাড় দেওয়ার সুযোগ অবশ্য নেই।
মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তিনটি বিষয়ে সবিশেষ জোর দিয়ে ভালো করেছেন। এর মধ্যে আইনশৃঙ্খলার পাশাপাশি স্বভাবতই রয়েছে পণ্যবাজার। আর রয়েছে গ্যাস-বিদ্যুৎ সংকটকে সহনীয় রাখার প্রয়াস। নতুন সরকারকে দায়িত্ব নিতে হয়েছে রোজার ঠিক আগ মুহূর্তে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে গেলে তাদের পক্ষে এ পরিস্থিতি মোকাবিলা সহজ হতো। গণঅভ্যুত্থানের পর ছয় মাসের মধ্যে নির্বাচন হয়ে গেলে সেটা হতো সবচেয়ে ভালো। দীর্ঘ বিরূপ অভিজ্ঞতার নিরিখে রাষ্ট্র সংস্কার জরুরি বৈ কি! কিন্তু সে জন্য স্থিতি ও স্বস্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে জরুরি নির্বাচনটিকে বেশি বিলম্বিত করা ঠিক হয়নি। এতে অরাজকতাই বেড়েছে। ‘বাস্তবায়নযোগ্য’ সংস্কারেও প্রত্যাশিত অগ্রগতি হয়নি। শেষে জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নও ঝুলে গেল। নতুন সরকারকে ব্যস্ত থাকতে হচ্ছে আইনশৃঙ্খলা, পণ্যবাজার ও জ্বালানি পরিস্থিতি সামলানোর কাজে। এর প্রতিটি ক্ষেত্রে গুণগত উত্তরণে সময় লাগবে। তবে নতুন সরকার যে আন্তরিক– সেটা শুরু থেকে দেখতে চাইবে মানুষ।
অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে কতটা স্বস্তির জায়গায় রেখে গেছে, সেটা ধীরে ধীরে স্পষ্ট হবে। তবে গেল রমজানে পণ্যবাজারে যেটুকু স্বস্তি ছিল, এবার ততটা নেই। এ জন্য মানুষ নির্বাচিত সরকারকে দায়ী করবে কম। তাদের মানুষ শত কষ্টের মধ্যেও কিছুটা সময় দেবে, যেটাকে ‘হানিমুন পিরিয়ড’ বলা হয়। তবে গণঅভ্যুত্থান-উত্তর পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় মানুষ কমই ধৈর্য ধরতে চাইবে। মন্ত্রিসভায় নতুনরা বেশি করে স্থান পেলেও বিএনপির তো সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। সেসব সরকারের বেশ কয়জন রয়েছেন এবারের মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদে। তাদের বুদ্ধি-পরামর্শে প্রথমবারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ভালোই পারফর্ম করবেন, এটা সবার প্রত্যাশা। তাঁর বাবা-মা দেশ পরিচালনা করে গেছেন। সেই উত্তরাধিকার তিনি সাফল্যের সঙ্গে বহন করবেন, এমন ধারণা রয়েছে। এসব ধারণার মধ্যেও এক ধরনের স্বস্তি আছে।
জনগণ বেশি কিছু চায়, তা নয়। সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় ক্ষমতাসীনদের সীমাবদ্ধতাও তাদের কমবেশি জানা। শেখ হাসিনা সরকারের পর অন্তর্বর্তী সরকার দেশটিকে কোথায় রেখে গেছে, সে বিষয়েও তারা অবগত। দ্রুতই উন্নতি তারা প্রত্যাশা করে বলে মনে হয় না। তবে অবশ্যই চায় স্থিতিশীলতা আসুক মূল ক্ষেত্রগুলোয়, যেটা তাদের মনে স্বস্তি জোগাবে। স্বস্তি না থাকলে আশাবাদ পোষণেরও সুযোগ থাকে না। মানুষ নিরাপত্তা পেলেই কিন্তু নিজ নিজ কাজে উৎসাহের সঙ্গে লেগে যাবে। আর বেসরকারি খাত চাঙ্গা না হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে না। চাঁদাবাজিমুক্ত পরিবেশ কীভাবে নিশ্চিত করা যাবে, সেই কর্মপরিকল্পনাও প্রয়োজন। জ্বালানি পরিস্থিতিও সামলাতে হবে; নইলে স্বস্তি থাকবে না কারখানা কিংবা গৃহে। সামনে সংসদ বসবে। সেখানে জ্বলন্ত এসব সমস্যা নিয়ে মানসম্মত আলোচনাও শুনতে চায় মানুষ। আর তারা চায়, সংসদটি কার্যকর হোক।
হাসান মামুন: সাংবাদিক, কলাম লেখক
