মানুষ সামাজিক জীব। কোনো মানুষই পুরোপুরি একা থাকতে পারে না। এমনকি কেউ কথা না বলে থাকতে পারে না। সাধারণত মানুষ সুন্দর কথায় আকৃষ্ট হয়, কটুবাক্যে না। এজন্য আল্লাহ বলেছেন, তোমরা মানুষদের সঙ্গে সুন্দরভাবে কথা বলো। (সূরা বাকারা: ৮৩) আমি-আপনি খেয়াল করতে পারি যে, কারোর সৌজন্য সাক্ষাৎ আমাদের মনে থাকে। হাসিমুখে খোঁজ নেয়া একটা মানবিক গুণ। দুনিয়া তো ক্ষণস্থায়ী, প্রথম সাক্ষাৎ যেন সুন্দর-সংক্ষিপ্ত হয় এবং কারোর দোষ নিয়ে খোঁটা না দেই। সৌজন্যপূর্ণ আচরণ বিভিন্নভাবে করা যায়। যেমন: মা-বাবাকে উফ না বলা, ছোট-বড়-অপরিচিত সবার সঙ্গে বিনয়ী হওয়া, কারোর উপকারে কৃতজ্ঞ হওয়া। মানুষের পাশাপাশি পশু-প্রাণীর প্রতি সৌজন্যপূর্ণ আচরণ করা উচিত। সুন্দর অভ্যাস হলো আরেকটি সামাজিক মূল্যবোধ। মানুষ অভ্যাসের দাস। অভ্যাস সম্পর্কে দুটি বিখ্যাত উক্তি দেই: (ক) ভবিষ্যৎকে কখনই পরিবর্তন করা যায় না। কিন্তু ইচ্ছে করলেই অভ্যাসগুলো পরিবর্তন করা সম্ভব এবং এই পরিবর্তিত ভালো অভ্যাসগুলোই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। (খ) সৃজনশীলতা একটি অভ্যাস, আর সর্বোত্তম সৃজনশীলতা আসে ভালো কাজের অভ্যাস থেকে। ইংরেজির একটি প্রবাদ আছে, প্র্যাকটিস মেক অ্যা ম্যান পারফেক্ট। আমরা ভাবি, সুন্দর অভ্যাস শুধু শিশুদের শেখানো হয়। বড়রা এখনো চেষ্টা করলেই সম্ভব। সুন্দর অভ্যাসের ফলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। যথা: বিনামূল্যে রক্তদান করা, নিঃস্বার্থে অসহায় ব্যক্তিকে সহযোগিতা করা, রাস্তায় ভিডিও না করে আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া, পারিবারিক কাজে সক্রিয় থাকা, পরিবার-আত্মীয়-বন্ধুদের খোঁজখবর নেয়া প্রভৃতি। আসুন, আমরা হিংসা না করে একে অন্যের প্রতি সহমর্মি হই এবং সুন্দর অভ্যাসগুলো চর্চা করি। এতেই গড়ে উঠবে মানবিক সমাজ। \r\nকুমিল্লা থেকে