(গত শুক্রবারের পর)\r\nশেফালি মেঝেতে যে খবরের কাগজ বিছিয়েছিল, তার ওপর দেখি ফ্রিজের সব তাকগুলো ধুয়ে মুছে রেখেছে। খবরের কাগজ বাকি জলটুকু শুষে নেবে। আমি বাড়ির লোকজনকে বললাম, আমেরিকাবাসী ওরা সবাই নিজের কাজ নিজে করে, তার মানেই ধুলা মোছায় ফাঁকি দেয়। আর ক্লিনার যদিও বা রাখে সে আসে সপ্তাহে একদিন। তোমাদের বাড়ি ওদের সবার বাড়ি থেকে অনেক পরিষ্কার। টোড়িমাসি তখন আসল রহস্যটা উন্মোচন করল। অশ্রু আমার থেকেও অনেক বেশি পিটপিটে। কথাটা মনে হয় আংশিক হলেও সত্যি। করোনার সময় আমেরিকায় একটা হাসির গল্প শুনেছিলাম। সব সবজি বাড়ি এলে গৃহিণী নাকি ডিশ ওয়াশারে সবজিগুলো দিয়ে সাবান ছাড়া একটা সাইকেল চালিয়ে দিতেন! গল্পের সত্য মিথ্যা জানি না।

\r\nহঠাৎ দেখি কামালভাই কথা নেই বার্তা নেই, প্রায় গানের মতো সুর করে বলে যাচ্ছেন, এই দিন তো দিন নয় আরও দিন আছে, এই দিনেরে নেব আমি সেই দিনের কাছে । \r\nশেফালি পাপোষগুলো ঝাড়তে ঝাড়তে পাপোষ ঝাড়া শেষ হলে দুই হাত আকাশে তুলে গান করতে শুরু করেছে, হরি বোল, হরি বোল! \r\nএখন শেফালি সোফার কুশনগুলো ইস্ত্রি করছে মা কয়েকটা করবার পরে। যদিও শেফালি আমায় বলেছিল ওর ইস্ত্রি করতে ভয় লাগে। এখন মনে হয় ভয় কেটে গেছে। ভালোই ইস্ত্রি করেছে। হয়ত ইস্ত্রির নামে কাপড় চোপড়কে চেপে ধরে গরম ছ্যাঁকা লাগিয়ে দেওয়াকেই ও ভয় করত। ভয় পাওয়ারই তো কথা।\r\nএখন কী আর বলব? পরিষ্কার পরিচ্ছন্নতার উৎসব চলুক। \r\nআজ থেকে বহু বহু বছর আগে আমি ঢাকায় থেকে সাভারের এটমিক এনার্জি কমিশনে চাকরি করতাম।

অফিসের মাইক্রোবাসে যাওয়া আসার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ত। প্রায়ই বাস থেকে নেমে আমরা জাহাঙ্গীরনগরে পরিযায়ী পাখি দেখতে যেতাম-কেমন একটা যেন লাগত। কোথাকার পাখি কোথায় এসে গেছে শীতটুকু কাটাতে! ছোট ছোট ডানা মেলে।\r\nআর আজকাল তো নিজেকেও পরিযায়ী পাখি বলেই মনে হয় আমার। মাঝে মাঝে বাংলাদেশে আসি, বুকে দেশের গন্ধ মেখে ফিরে যাই। তারপর মাঝরাতে ঘুম ভেঙে বালিশে নাক গুঁজে, স্বপ্নের ভেতর দেশের গন্ধ খুঁজি।\r\nআসলে এক নিঃসঙ্গ দেশে কী ভাবে যেদিন কাটে তা সেই দেশের পরিযায়ী মানুষই জানে। আর জানে ডলারের দাম, পিগি ব্যাঙ্কের মাটির গন্ধ।\r\nইতোমধ্যেই ঢাকায় খুব গরম পড়ে গেছে। সামনেই খেলা এলে কী যে হবে! গরমের কথা শুনে ও বলল, আমি একটু ভয় পাচ্ছি, মম।

আমি বললাম, ভয় পেয়ো না!\r\nউইস্কনসিনের ফ্রিজার থেকে বাংলাদেশের ওভেনে ঢুকে পড়বে, এই তো। আর সূর্যকে কখনো ভয় পেতে নেই। \r\nবরফ গলে গিয়ে পুরো উইস্কনসিন জুড়ে এখন অনেক পাখির গান। পাখিরা আসছে। নীল পাখি, হলুদ পাখি, ময়ূরকণ্ঠী রঙের পাখি...উইস্কনসিনে বসন্ত এসেছে পিওনিফুলের ভারে গাছ নুয়ে পড়ছে আপেল আর নাশপাতি গাছে ফুলআমি নিজের মনেই উঁকি দিয়ে দেখছি গাছে গাছে নানা পাখির বাসা। ব্লু-জে, রেড কার্ডিনাল, রবিন, চিকাডি...\r\nসাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আমার খেলাও আসছে আমাকে দেখতে। এক বছর পর দেখা হবে খেলার সঙ্গে। মনে পড়ছে কত কথাই মনে পড়ছে কত কত ছবি\r\nযখন খেলা ছোট ছিল, ও মনে হয় হাঁটত না, উড়ত। মেয়েরা যখন ছোট থাকে, ওরা উড়তে পারে। একটা পুরো আকাশ ওদের থাকে।\r\nমনে পড়ছিল কত না আহ্লাদে গলে পড়ত ও।

ঘাড় একপাশে কাত করে শরীর এলিয়ে।\r\nগভীর মনোযোগের সঙ্গে, ঘণ্টার পর ঘণ্টা বসে বসে ছোট ছোট হাতে শিশির ছিপির প্যাঁচ খুলত। ছোট হাতে সবসময় পেরে উঠত না। তবু চেষ্টা ও কম করত না।\r\nকিশোরী বেলায়, তারুণ্যে, যৌবনে, কিংবা বার্ধক্যেও মেয়েরা সবশক্তি দিয়ে জীবনের জটিলতার জট ছাড়াতে চেষ্টা করে। সবসময় পেরে ওঠে না। তবু চেষ্টা ওরা কম করে না। \r\nআমি শুধু ভাবি যদি কখনো খেলার জীবনে চারদিক অন্ধকার হয়ে আসে, তখনো যেন ও একটা খোলা জানালার সামনে দাঁড়িয়ে গলা ছেড়ে গান করতে পারে। অন্য কাউকে শোনানোর জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য।\r\nওর জীবনে সেই আকাশটুকু থাকুক যেখানে ও পুরোটা জীবন ধরে উড়তে পারে।\r\nএসব ভাবতে ভাবতে খেলার প্লেন বাংলাদেশের মাটি ছুঁল। আমি ওকে বুকে জড়িয়ে ধরলাম।\r\nপরদিন সকাল। দরজা খুলে কামালভাইয়ের প্রবেশ।

শুনি উনি খেলাকে বলছেন, আপনি মর্নিং-এ কেমন ফিল করছেন? বডি ঠিক আছে? \r\nমা আর খেলা খাওয়ার টেবিলে। মা পোর্টল্যান্ড থেকে অশ্রুর গাছের প্লাম দিয়ে জেলি বানিয়ে বাংলাদেশে এনেছে। পাউরুটিতে মাখিয়ে খেলা তা খাচ্ছে। ও কোনোদিনও বাড়িতে বানানো জেলি খায়নি।\r\nটোড়িমাসি সাঁতার শেষে ফিরেছে। সদর দরজা খুলে প্রথম কথা, খেলা, ওষুধ খেয়েছ? ব্রেকফাস্ট করেছ? আমি জানি তুমি মুরগির মাংস খেতে খুব ভালোবাসো। আমি নিজ হাতে আজ তোমার জন্য মাংসের ঝোল রান্না করব। \r\nব্রেকফাস্ট টেবিলে বসে সবাই গল্প-গুজব করছি। আমাদের ইমোশনাল সাপোর্ট দিতে আমার গৌরিমাসি এসে গেছে সকাল সকাল। গৌরিমাসি আমার মেজমাসি।\r\nটোড়িমাসি খুবই বিরক্ত ফোনে নানাজনের কাছ থেকে ম্যাম ম্যাম শুনে। গৌরিমাসি বলছে, তবে তোকে কী ডাকবে?

টোড়িমাসির উত্তর, কেন ম্যাডাম বা স্যার ডাকবে। ম্যাম আবার কী শব্দ ? আমি বললাম, মনে হয় এটা বাংলাদেশে সকালের দাঁতমাজার পরিবর্তন হয়ে ফ্রেশ হয়ে যাওয়ার মতো এক মেটামরফোসিস। আর দেখি আজকাল সবাই কথায় কথায় ওয়াশরুম বলে। আমি যখন বাংলাদেশ ছেড়েছিলাম তখন বাথরুম কথাটাই শুনতাম। \r\nখেলা আসবার পরের দিনই বাড়ির সবাই মিলে আমাদের দাদুবাড়ি পুড্ডা গ্রামে গিয়েছিলাম। ভাইদের আলাদা আলাদা ছোট বাড়ি, আর সব মিলিয়ে পুরো বাড়ি। গ্রামে যেমন হয়ে থাকে। বাড়ির সামনে দিগন্ত বিস্তৃত ধানখেত। খেলা কোনোদিন বাড়ির পাশে এত সবুজ দেখেনি। পুরো বাড়ির মাঝখানে পুকুর। পুকুরে মেঘের ছায়া, বাড়ির ছায়া। আছে বাড়ির মঠ; জলে মঠের ছায়া। মঠের গায়ে ছোট ছোট কাচ আর পাথর গেঁথে গেঁথে নকশা করা। লাল, নীল, বেগুনি রঙের। অনেক জায়গায় দেওয়াল ভেঙে গেছে।

বেরিয়ে পড়েছে ভেতরের ইট। সবকিছুই খেলা অবাক বিস্ময়ে দেখে।\r\nপুড্ডা বাড়ির বেশিরভাগ মানুষ বৈষ্ণব। তাদের কপালে চন্দনের তিলক কাটা। বাড়িতে অনেক কীর্তন হলো। তারপর প্রসাদ বিতরণ আর ভুরিভোজ। ঝন্টুমামার বউ আমার হাতে একশ টাকা গুঁজে দিলেন। আমার বড় মামার ছেলে অনিকেত এবং সব ছোটরা একশ টাকা করে পেয়েছে। এমন কি টোড়িমাসিও। সেও তো কারও ছোট। কী একটা যে অস্বস্তিকর পরিস্থিতি!\r\nএদিকে আমার বড় মামার নাতি ছয় বছরের টুবলু খুব এনজয় করেছে। ওরা কানাডা থেকে এসেছে। ফেরার পথে মাইক্রোবাসের পেছনের সিটে ও বসেছে। ও ভেবেছে এটা একটা খেলা। যেই পেছনের সিটে একটু ঝাঁকুনি হয়, ও বলে থ্যাঙ্ক ইউ। আমরা সবাই হাসতে হাসতে মরি।\r\nআমরা আমাদের গ্রামের বাড়ি পুড্ডা থেকে ফিরে এসেছি।

খেলা এখনও বিশ্বাস করতে পারছে না যে ওর এনসেসট্রাল ভিলেজে প্রায় শ দেড়েক মানুষ আমাদের দেখতে এসেছিল। এবং এদের সবার সঙ্গে কোনো না কোনোভাবে ওর রক্তের সম্পর্ক! এত আর আমেরিকা নয়! এ বাংলাদেশের সুবিখ্যাত জনসংখ্যা বিস্ফোরণ।\r\nআমি কথাচ্ছলে খেলাকে বলছিলাম, আমি জীবনের শেষ আটাশ বছর ধরে আমেরিকার ম্যাডিসনে আছি।\r\nকিন্তু তার আগের বারো বছর কাটিয়েছি ইন্ডিয়াতে। \r\nআমি বাংলাদেশে জীবনের প্রথম আঠারো বছর কাটিয়েছি। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতাম। হেঁটেই স্কুলে যেতাম। স্কুলের নামে ছিল এক্সপেরিমেন্টাল শব্দটা। একদিন এক্সপেরিমেন্টাল নামটা ঝরে পড়ল। আমরা কোনো রকম এক্সপেরিমেন্ট ছাড়াই বড় হলাম।\r\nআমি ওকে দেখিয়েছি আমার ছেলেবেলার স্কুলের ছবি।

কিন্তু কখনোই দেখাইনি যে সেই স্কুলের দেওয়ালে কখন যেন শ্যাওলা জমে গেছে। আমার কাছে এখনো স্কুলের দেওয়ালের শ্যাওলা এক সবুজ, কালো, সাদা রঙে আঁকা ছেলেবেলার তেল রঙ ছবি! আর সেই যে ক্যাম্পাসের বাড়ি। সে বাড়িটুকুকে আমার অস্তিত্বের অংশ বলেই মনে হতো। বারান্দা থেকে দেখতে পেতাম তাল গাছ। মনে পড়ত শিশু ভোলানাথের সেই\r\n তালগাছ এক পায়ে দাঁড়িয়ে\r\nসব গাছ ছাড়িয়ে\r\nউঁকি মারে আকাশে। \r\nজীবনের মানচিত্রে সব গাছ ছাড়িয়ে উঠবার এক বেদনা আছে। আকাশ হতে গিয়ে সে মানুষের চোখ মেঘ ছুঁয়ে যায়।

মেঘ তো আসলে চোখের জলের বন্যায় যে সমুদ্র হয় তার থেকে বাষ্পীভূত নৈঃশব্দ!\r\nআমাদের খেলা-ও দেখছে সব গাছ ছাড়িয়ে যে মানুষগুলো দেশান্তরে গেছে তারা কী ফেলে গেছে আর তার বদলে কী পেয়েছে।\r\nজীবনের বছরগুলোর ভাগে আমার সবচেয়ে বেশি সময় কেটেছে ম্যাডিসনেই। \r\nখেলা তখন বাংলাদেশের চারপাশে তাকিয়ে বলল, ইয়েট দিস ইস হোম। \r\nআমি ম্যাডিসনের তিন ফুট বরফের মাঝে পরার আমার কালো চামড়ার গ্ল্যাভসগুলো আলমারির সবচেয়ে উঁচু তাকে তুলে রাখলাম!\r\nআবার শীত পড়ে গেছে। লেপ বের হয়েছে। তবে আশ্চর্য কা-। টোড়িমাসির সাঁতার কাটতে যাওয়ার আগে বা মা র রমনায় স্বাস্থ্য উদ্ধারের আগে কেউ আমার মশারি খুলে দেয়নি। গায়ের ওপর থেকে লেপ টেনে নিয়ে ভাঁজ করেও রেখে দেয়নি। মা র আজকের সোয়েটারের হাতায় ঝিলমিলে রুপালি পাথর বসানো ছিল।

শুনতে পেলাম কবির দল হাগ দিতে আসেনি। মনে হয় ঝিলমিলে পাথরের জন্য সৌম, শান্ত পদ থেকে মা র পদচ্যুতি ঘটেছে।\r\nএদিকে শেফালি জানিয়ে গেল আমি শুধু মোজা পরে বাড়ির ভেতর হেঁটে মহা অন্যায় করে ফেলেছি। একটা স্যান্ডেল পরা উচিত ছিল। আমার মোজা পরিষ্কার করতে করতে ও কাহিল হয়ে গেছে। আমি বললাম ভালোই তো পরিষ্কার হয়েছে। শেফালি বলে কি, ঘোড়ার ডিমের পরিষ্কার হইছে। \r\nআমার উইস্কনসিনে এখন মাইনাস দশ ডিগ্রি ফারেনহাইট মানে মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস। আটাশ বছর উইস্কনসিনে কাটিয়ে এখন আমি ঢাকার শীতে কাঁপছি। সোয়েটার পরেছি, কোট পরেছি, মোজা পরেছি—লজ্জার ব্যাপার। স্যুট-কোট পরে আমাকে এখন প্রায় কামালভাইয়ের মতো দেখাচ্ছে।\r\nকাল শর্মি আপারা দেখা করতে এসেছিলেন। আমেরিকা থেকে ঢাকায় ছুটি কাটাতে এসেছেন ওঁনারা। শেফালি আর কামাল ভাইকে নিয়ে আমার লেখালেখিতে শর্মি আপা দু জনকেই ভালোভাবে চিনে ফেলেছেন। কামাল ভাইয়ের জন্য একটা ভারি সুন্দর নীল রঙের টাই নিয়ে এসেছেন। শেফালির জন্যও স্পেশাল গিফট। টোড়িমাসি, মা, মেসো, আমি-আমরা সকলেই চমৎকার সব উপহার পেয়েছি। শেফালি আর কামাল ভাই বলেছেন- থ্যাঙ্ক ইউ । বহু বছর পর শর্মি আপার সঙ্গে দেখা হলো।\r\nসকাল থেকে বাড়ির গেস্ট রুমের অংশে আলো নেই। বাড়ির অন্যান্য অংশে দিব্যি আলো আছে। জেনারেটর দিয়ে চলছে। কী বুদ্ধি বাড়ির নির্মাতাদের। আমি আজ ¯œœান করব না বলে ঘোষণা দিয়েছি। খুব ঠা-া লাগছে। এ ধরনের ঘোষণা এ বাড়িতে দিতে হলে বুকের পাটা লাগে। সবাই মিলে আমাকে জ্ঞান দিতে শুরু করল। ¯œœান করলে নাকি ঠা-া কম লাগে। মা তো গীজারই চালিয়ে রাখল আমাকে লোভ দেখাতে। কিন্তু আজ আমি নিজের কথায় অনড় থাকব বলেই প্রতিজ্ঞা নিয়েছি।\r\nএদিকে শেফালি বলে গেল, নিজের পা দুইখান কাঁধের ওপর তুইলা রাইখেন। আমি ঘর মুছতাছি। \r\n(ধারাবাহিক)